সরকারের প্রস্তুতির কথা শুনে এবার ঈদযাত্রা শুধু নিরাপদ নয়, আরামদায়কও হবে বলে অনেকে মনে করেছিলেন। কিন্তু বাস্তবে তা উল্টো হতে চলেছে। ঢাকা থেকে যাওয়ার সময় গত ১৮ মার্চ বুধবার ঘটে এক মর্মান্তিক নৌ-দুর্ঘটনা। সপ্তাহ না ঘুরতেই আজ আরেক বুধবার ফিরতি পথে ঘটল আরও ভয়ংকর দুর্ঘটনা। দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে অন্তত চল্লিশজন নিখোঁজ রয়েছে।

১৮ মার্চ বিকেলে রাজধানীর সদরঘাটে এমভি জাকির সম্রাট-৩ ও আসা-যাওয়া ৫ লঞ্চের মাঝে দুমড়ে-মুচড়ে যায় ঝুঁকি নিয়ে চলা এক ট্রলার। পিষ্ট হয় বাবা-ছেলে। আহত হন পরিবারের অন্তঃসত্ত্বা স্ত্রী। আর আজ রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকায় এক যাত্রীবাহী বাস পন্টুনে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেলে বহু হতাহতের ঘটনা ঘটে। সমকাল অনলাইনের খবর, আহত অবস্থায় সাতজনকে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় কতজনের প্রাণীহানি ঘটবে এখনও বলা যায় না। তবে পরিস্থিতি যে ভয়াবহ, তা বলাই যায়।

বেসরকারি সংস্থা রোড সেফটি ফাউন্ডেশনের বরাত দিয়ে বুধবার সমকালেরই আরেক প্রতিবেদন বলেছে, গত সাত দিনে ঈদুল ফিতরের ছুটিতে দেশে ২৬৮টি সড়ক দুর্ঘটনায় ২০৪ জন নিহত হয়েছেন। আরও উদ্বেগজনক হলো, সংস্থাটির নির্বাহী পরিচালক সমকালকে বলেছেন, ঈদের ছুটিতে এখনও সব অফিস না খোলায় পুরো চিত্র পাওয়া যায়নি। তাই তাঁর আশঙ্কা এবার ঈদযাত্রায় মৃত্যুর রেকর্ড ঘটতে পারে!

সরকার এবার নির্বাহী আদেশে ছুটি বাড়িয়ে দিয়েছিল, যেন সবাই ইচ্ছেমতো দিনে প্রিয়জনের সঙ্গে ঈদ করতে যেতে পারেন, আগের মতো সবাইকে যেন এক-দুদিনে হুড়োহুড়ি করতে না হয়। পাশাপাশি লঞ্চে ওঠানামা সহজ করতে ঢাকার সদরঘাট ছাড়াও বসিলায় পুরোনো বুড়িগঙ্গায়ও অস্থায়ী টার্মিনাল তৈরি করেছিল। কিন্তু কিছুতেই যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা গেল না।

আসলে যাবে কীভাবে? প্রতিটা দুর্ঘটনা বিশ্লেষণ করলে দেখা যাবে, সরকারের সংশ্লিষ্ট লোকেরা আদেশ বা একটা ব্যবস্থা করে দিয়েই দায়িত্ব সেরেছেন; তা বাস্তবায়িত হচ্ছে কিনা ঠিকমতো দেখার প্রয়োজন মনে করেননি। না হলে সদরঘাটে দুই লঞ্চের মাঝখানে যাত্রী নিয়ে ট্রলার ঢুকে কীভাবে? রাজবাড়ীর বাসটিই বা সড়কে চলাচলের উপযুক্ত ছিল কি? থাকলে ব্রেক ফেল করে কেন? আর যে কোনো ফেরিতে ওঠার সময় নিয়ম হলো যাত্রীশূন্য করে তা করতে হবে, যাত্রীরা হেঁটে ফেরিতে উঠবেন। সারাজীবনই এ নিয়ম দেখেছি। ঈদের সময় তাড়াহুড়া থাকে বলে তা আরও ভালোভাবে কার্যকর থাকার কথা। কিন্তু সে নজরদারি থাকলে এতগুলো মানুষের প্রাণ হারানোর শঙ্কা জাগত না।

এমন নয় যে, দেশে এ ধরনের ভয়াবহ সড়ক বা নৌ-দুর্ঘটনা আগে ঘটেনি। আগেও বহু বড় দুর্ঘটনা ঘটেছে। মঙ্গলবারই তো কুমিল্লার রেলক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ঘটনাস্থলেই ১২ জন যাত্রী নিহত হন এবং আহত হন আরও বেশ কয়েকজন। এটাও সরকারি লোকদের দায়িত্বহীনতার ফসল।

দুর্ভাগ্যজনক হলো, এত কিছুর পরও সরকার সতর্ক হয়নি। ফলে উৎসব পালন করতে গিয়ে বা উৎসব শেষে ঘরে ফিরতে গিয়ে নিরীহ মানুষকে এমনকি সপরিবার বেঘোরে মৃত্যুবরণ করতে হচ্ছে।

ইতোমধ্যে সড়ক, নৌ ও রেল (সাত দিন আগে বগুড়ার সান্তাহার জংশনের অদূরে বাগবাড়ি এলাকায় নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হওয়ার পর লাইন ক্লিয়ার করতে কর্তৃপক্ষের গলদ্ঘর্ম অবস্থা স্মরণীয়)– তিন বিভাগেরই মন্ত্রী-প্রতিমন্ত্রী প্রাথমিক পরীক্ষায় ফেল করেছেন। তারা কথা যত বলেন, কাজ করছেন তার চেয়ে অনেক কম; অথচ দায়িত্ব নেওয়ার সময় বলেছিলেন উল্টোটা করবেন।

যাত্রীরা কিন্তু তাদের পাস নম্বর দিচ্ছে না। আমজনতাও এসব ব্যাপারে বিরক্ত হয়ে উঠছেন। তারা কিন্তু ইতোমধ্যেই সতর্ক সংকেত দিতে শুরু করেছেন। সরকার তা শুনছে কি? এখনই সরকার সাবধান না হলে শুধু যাত্রী নিরাপত্তাই আরও বিপন্ন হবে না, সরকারের ভাগ্যও নির্ধারিত হয়ে যেতে পারে।

সাইফুর রহমান তপন: সহকারী সম্পাদক, সমকাল