(পূর্ব প্রকাশিতের পর) বুয়েট বিশেষজ্ঞদের মতে, বাংলাদেশে যে ভূমিকম্পের ঝুঁকি আছে সেটা বোঝা যাবে গত কয়েক বছর ছোট ও মাঝারি মানের ভূমিকম্প বহুবার হয়েছে। এটা বড় ভূমিকম্পের আলামত। ভূমিকম্পের যে রিটার্ন পিরিয়ড একশত বা দেড়শত বছর, আমরা কিন্তু তার কাছাকাছি অবস্থানে আছি। ঢাকার পাশাপাশি চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহে ভূমিকম্পের ঝুঁকি অনেক বেশি। ঢাকায় ঝুঁকি আরও অনেক বেশি। নিম্নবিত্তরা এক্ষেত্রে বেশি ঝুঁকিতে বসবাস করছে। বিত্তবানরা যেসব ভবনে বসবাস করে সেগুলো হয়তো কিছুটা হলেও বিল্ডিং কোড মেনে তৈরি করা হয়েছে। সেগুলোতে ঝুঁকি কম। কিন্তু মধ্যবিত্ত ও নিম্নবিত্ত মানুষ যেসব ভবনে বসবাস করে সেগুলোতে ঝুঁকি অনেক বেশি। কারণ অনেক ভবন জলাশয় ভরাট করে তৈরি করা হয়েছে। এই ভবনগুলো এমনিতেই ঝুঁকিপূর্ণ। আর কোনো কারণে ভূমিকম্প আঘাত হানলে রাস্তাগুলো এত ছোট যে সেখানে উদ্ধারকারী যানবাহনগুলোই যেতে পারবে না। ফলে আমাদের ঝুঁকি তুলনামূলক অনেক বেশি।

সম্প্রতি ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স অধিদপ্তর বাংলাদেশেও মিয়ানমারের মতো একই মাত্রার ভূমিকম্প হওয়ার সমূহ আশঙ্কার কথা জানিয়েছে। বিশেষত ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ অঞ্চল উচ্চ ঝুঁকির মধ্যে রয়েছে। এমন পরিস্থিতিতে ভূমিকম্প মোকাবিলার জন্য সকল পর্যায়ে পূর্বপ্রস্তুতি গ্রহণ ও সচেতনতা তৈরির প্রয়োজন। ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের পরামর্শ হচ্ছে, ভূমিকম্প মোকাবেলায় বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড-২০২০ অনুযায়ী ভূমিকম্প প্রতিরোধী ভবন নির্মাণ করতে হবে, ঝুঁকিপূর্ণ ও পুরোনো ভবনগুলোর সংস্কার ও শক্তিশালী করার প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। সকল বহুতল ও বাণিজ্যিক ভবনে অগ্নি প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। জরুরি পরিষেবাসমূহ যথা গ্যাস, পানি ও বিদ্যুতের লাইনের সঠিকতা নিশ্চিত করতে হবে। ভূমিকম্প চলাকালে ব্যক্তি, প্রতিষ্ঠান ইত্যাদি পর্যায়ে বিভিন্ন করণীয় সম্পর্কে নিয়মিত মহড়া অনুশীলন ও প্রচারের ব্যবস্থা করতে হবে। জরুরি টেলিফোন নম্বর যেমন ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্স, পুলিশ, হাসাপাতাল ও অন্যান্য জরুরি নাম্বারসমূহ ব্যক্তিগত পর্যায়ের পাশাপাশি সকল ভবন বা স্থাপনায় সংরক্ষণ করা এবং তা দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে। সেচ্ছাসেবক প্রশিক্ষণ গ্রহণ করে দুর্যোগকালে কার্যকর ভূমিকা রাখা। জরুরি প্রয়োজনীয় ব্যবহার্য সরঞ্জামাদি যেমন- টর্চলাইট, রেডিও (অতিরিক্ত ব্যাটারিসহ), বাঁশি, হ্যামার, হেলমেট/কুশন, শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ঔষধ সামগ্রী, ফার্স্টএইড বক্স, শিশু যতেœর সামগ্রী ইত্যাদি বাসা-বাড়িতে নির্ধারিত স্থানে সংরক্ষণ করা, যাতে ভূমিকম্প পরবর্তীতে আটকা পড়লে তা ব্যবহার করে বেঁচে থাকার চেষ্টা করা যায়। সকল পর্যায়ে তদারকি সংস্থার কার্যক্রমে সহযোগিতা করা।

ভূমিকম্প বেশিক্ষণ স্থায়ী হয় না। যতটুকু সময় স্থায়ী হয় ততক্ষণে আতঙ্কিত হয়ে ভুল কোনো সিদ্ধান্ত নেয়া যাবে না। বরং নিজেদের শান্ত রাখতে হবে এবং পরিবারের সবাইকে বারবার সতর্ক করে দিতে হবে। ভূমিকম্প হলে সম্ভাব্য ক্ষতি কমাতে কী ধরনের ব্যবস্থা নেয়া যেতে পারে, তা বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে বেশকিছু বিষয় উল্লেখ করা হয়েছে।

১. ভূকম্পন অনুভূত হলে আতঙ্কিত না হয়ে শান্ত থাকুন। ২. ভূমিকম্পের সময় বিছানায় থাকলে বালিশ দিয়ে মাথা ঢেকে নিন। অতঃপর টেবিল, ডেস্ক বা শক্ত কোনো আসবাবের নিচে আশ্রয় নিন এবং তা এমনভাবে ধরে থাকুন যেন মাথার ওপর থেকে সরে না যায়। এ ছাড়া শক্ত দরজার চৌকাঠের নিচে, বিম, কলাম ও পিলার ঘেঁষে আশ্রয় নিন। ৩. যদি ভবনের নিচ তলায় থাকেন, তাহলে দ্রুত বাইরে খোলা জায়গায় বেরিয়ে আসুন। আর যদি ভবনের উপর তলায় থাকেন তাহলে কক্ষের নিরাপদ স্থানে আশ্রয় নিন। ৪. উঁচু বাড়ির জানালা, বারান্দা বা ছাদ থেকে লাফ দেবেন না। ৫. ভূমিকম্পের প্রথম ঝাঁকুনির পর ফের ঝাঁকুনি হতে পারে। সুতরাং একবার বাইরে বেরিয়ে এলে নিরাপদ অবস্থা ফিরে না আসা পর্যন্ত ভবনে প্রবেশ করবেন না। ৬.

শিক্ষা প্রতিষ্ঠানে অবস্থানকালে স্কুল ব্যাগ মাথায় দিয়ে শক্ত বেঞ্চ অথবা শক্ত টেবিলের নিচে আশ্রয় নিন। ৭. রান্নাঘরে থাকলে যত দ্রুত সম্ভব বের হয়ে আসুন। সম্ভব হলে বাড়ির বিদ্যুৎ ও গ্যাসের মেইন সুইচ বন্ধ করুন। মোবাইল বা ফোন ব্যবহারের সুযোগ থাকলে উদ্ধারকারীদের আপনার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য দিয়ে সহযোগিতা করুন। ৮. গার্মেন্টস ফ্যাক্টরি, হাসপাতাল, মার্কেট/শপিংমল ও সিনেমা হলে থাকলে বের হওয়ার জন্য দরজার সামনে ভিড় কিংবা ধাক্কাধাক্কি না করে দু’হাতে মাথা ঢেকে বসে পড়–ন। দুর্ঘটনার সময় লিফট ব্যবহার করবেন না। ৯.

যদি কোনো বিধ্বস্ত ভবনে আটকা পড়েন এবং আপনার ডাক উদ্ধারকারীরা শুনতে না পায়, তাহলে বাঁশি বাজিয়ে অথবা হাতুড়ি বা শক্ত কোনো কিছু দিয়ে দেয়ালে বা ফ্লোরে জোরে জোরে আঘাত করে উদ্ধারকারীদের মনোযোগ আকর্ষণের চেষ্টা করুন। ১০. ঘরের বাইরে থাকলে গাছ, উঁচু বাড়ি, বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলাস্থানে আশ্রয় নিন। ১১. গাড়িতে থাকলে ওভারব্রিজ, ফ্লাইওভার, গাছ ও বিদ্যুতের খুঁটি থেকে দূরে গাড়ি থামান। ভূকম্পন না থামা পর্যন্ত গাড়ির ভেতরেই অবস্থান করুন। ১২. ভাঙা দেয়ালের নিচে চাপা পড়লে বেশি নড়াচড়ার চেষ্টা করবেন না। কাপড় দিয়ে মুখ ঢেকে রাখুন যাতে ধুলাবালি শ্বাস নালিতে না ঢুকে এবং উদ্ধারকারীদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করুন। ১৩. একবার কম্পন হওয়ার পর আবারও কম্পন হতে পারে। তাই সুযোগ বুঝে বের হয়ে খালি জায়গায় আশ্রয় নিন। ১৪. উপর তলায় থাকলে কম্পন বা ঝাঁকুনি না থামা পর্যন্ত অপেক্ষা করতে হবে; তাড়াহুড়ো করে লাফ দিয়ে বা লিফট ব্যবহার করে নামা থেকে বিরত থাকুন। ১৫. কম্পন বা ঝাঁকুনি থামলে সিঁড়ি দিয়ে দ্রুত বেরিয়ে পড়–ন এবং খোলা আকাশের নিচে অবস্থান নিন। ১৬. ব্যাটারিচালিত রেডিও, টর্চলাইট, পানি এবং প্রাথমিক চিকিৎসার সরঞ্জাম বাড়িতে রাখুন। ১৭. বিল্ডিং কোড মেনে ভবন নির্মাণ করুন।

ভূমিকম্প শেষ হয়ে গেলেও কিছু করার থাকে। এসব বিষয়েও সতর্কতা জরুরি। সেসব বিষয় এখানে দেওয়া হল: ১. উচ্চ মাত্রার ভূমিকম্পের পরেও পরবর্তী সময়ে মৃদু ভূমিকম্প (আফটারশক) হতে পারে। তাই ভূমিকম্প শেষ হলেও আরো কম্পনের জন্য প্রস্তুত থাকুন। কম্পন থেমে গেলেও কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর বের হোন। ২. উপর থেকে ঝুলন্ত জিনিসপত্র কিছুক্ষণ পরও নিচে পড়তে পারে। বিশেষত নির্মাণাধীন ভবনের সামনে কোনোভাবেই আশ্রয় নেবেন না। ৩. বিদ্যুৎ, গ্যাস, ও পানি চেক করুন, কোনো লিকআউট বা ক্ষতিগ্রস্ত হয়েছে কিনা ভালোভাবে দেখুন। গ্যাসের সামান্যতম গন্ধ পেলে জানালা খুলে দ্রুত বের হয়ে যান এবং তাৎক্ষণিক মেরামতের ব্যবস্থা করুন। ভূমিকম্প পরবর্তী সময়ে তাৎক্ষণিক বৈদ্যুতিক পাখা ব্যবহার করা থেকে বিরত থাকুন। ৪. কোথাও বৈদ্যুতিক স্পার্ক চোখে পড়লে মেইন সুইচ বা ফিউজ বন্ধ করে দিন। ক্ষতিগ্রস্ত স্থাপনা থেকে সাবধান থাকুন। ৫. রেডিও বা মোবাইল ফোনে যোগাযোগ করে তথ্য শুনুন, সরকারি নির্দেশনা ও সতর্কতা অনুসরণ করুন। ৬. আপনি বা পরিবারের কেউ আহত হলে দ্রুত চিকিৎসার ব্যবস্থা করুন এবং সম্ভব হলে অন্যান্য আহতদের সহায়তা করুন। ৭. ফোন ও জ্বালানি সংরক্ষণ করুন, জরুরি প্রয়োজনে ব্যবহারের জন্য ফোন ও বিদ্যুৎ সংরক্ষণ করুন। (সমাপ্ত)

লেখক: কবি, গবেষক, প্রাবন্ধিক ও শিক্ষাবিদ।