প্রযুক্তির ব্যবহার আমাদের জীবনকে যেমন পাল্টে দিয়েছে, তেমনি ডিজিটাল বার্নআউটের মতো কিছু মানসিক সমস্যাও সৃষ্টি করেছে। অতিরিক্ত সোশ্যাল মিডিয়ায় আসক্ত হওয়ায় তরুণদের মধ্যে সমস্যাটি লক্ষ করা যাচ্ছে। বিশেষ করে তরুণরা অনলাইন ক্লাস, ফেসবুক পোস্ট, টিকটক এবং ডিজিটাল প্রত্যাশার কারণে ধীরে ধীরে আক্রান্ত হচ্ছে মানসিক অবসাদে। সরাসরি বাহ্যিক কোনো লক্ষণ দেখা যায় না। তাই এই সমস্যাকে কেউ গুরুত্ব দেয় না। প্রতিনিয়ত তরুণ সমাজ সোশ্যাল মিডিয়ায় অন্যদের সাফল্য, ভ্রমণ, খাদ্যাভাস, জীবনযাপন ও বিলাসিতা দেখে নিজেকে হতাশায় ডোবাচ্ছে। এর ফলে তাদের মধ্যে এমন ধরনের চাপ সৃষ্টি হচ্ছে যেটা কাউকে বলতে পারছে না। অল্প সময়ের জন্য বিনোদন নিতে ফেসবুক, টিকটক ও ইনস্টাগ্রাম ব্যবহার করছে। যা বাস্তব জীবনে ভয়ানক প্রভাব ফেলছে। যেমন- পর্যাপ্ত ঘুমাতে পারছে না, পড়াশোনায় পিছিয়ে যাচ্ছে এবং দৈনন্দিন জীবনে সবকিছুর প্রতি মনোযোগ কমে যাচ্ছে। ডিজিটাল বার্নআউটের অন্যতম একটি দিক হলো সবসময় অ্যাক্টিভ থাকার চেষ্টা। ফেসবুকে নিয়মিত পোস্ট, দ্রুত কমেন্ট করা, মেসেজের রিপ্লাই দেওয়া এবং সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠার জন্য অনেক সময় নষ্ট করছে। সচরাচর পরিবার, সমাজ বা বন্ধুরা এটি বুঝতে পারে না। তাই সমস্যাটি নীরবে একটি জীবনকে শেষ করে দেয়। প্রকৃতপক্ষে সমস্যাটি মানসিক হওয়ায় আমাদের দেশে চিকিৎসা বা কাউন্সেলিংয়ের ব্যবস্থা নেই। এটি মোকাবিলার জন্য আমাদের অধিক পরিমাণে সচেতন হতে হবে। আমাদের বোঝা উচিত, অনলাইন সমস্যাটিও বাস্তব সমস্যার মতোই ক্ষতিকর। তাই ডিজিটাল বার্নআউটকে উপেক্ষা না করে সচেতন ভাবে প্রতিরোধ করায় উত্তম।