বাংলাদেশে টেলিযোগাযোগ খাতের নতুন লাইসেন্সিং নীতিমালা নিয়ে কিছুটা বিতর্ক সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্টরা বলছেন, নতুন নীতিমালায় অযৌক্তিক রাজস্ব ভাগাভাগি, উচ্চ লাইসেন্স ফি এবং মোবাইল অপারেটরদের অতিরিক্ত সুবিধা দেওয়ার কারণে দেশীয় উদ্যোক্তারা ক্ষতির মুখে পড়বেন। সার্বিকভাবে বলা যায়, দেশের প্রযুক্তি খাতের ইথারিকরণের অগ্রযাত্রায় এটি চরম অন্তরায়। ইন্টারনেট আজ শুধু ব্যক্তিগত যোগাযোগ বা বিনোদন মাধ্যম নয়; এটি ডিজিটাল অর্থনৈতিক উৎপাদনশীলতা, অনলাইন ব্যবসা, ফ্রিল্যান্সিং, ব্যাংকিং, টেলিমেডিসিন ও ই-লার্নিংয়ের অন্যতম মেরুদণ্ড।
ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) জানিয়েছে, প্রস্তাবিত গাইডলাইন বাস্তবায়িত হলে সাধারণ গ্রাহকের ইন্টারনেট বিল গড়ে ২০ শতাংশ এবং ব্যবসায়ী পর্যায়ে ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। নতুন গাইডলাইনে ঢাকায় ১১ শতাংশ এবং মফস্বলে ১৮ দশমিক ৪০ শতাংশ পর্যন্ত ইন্টারনেটের দাম বাড়বে। দেশের আইএসপিগুলো প্রায় ১০ লাখ কর্মসংস্থান তৈরি করেছে বিগত সময়ে। এই খাতকে দুর্বল করা মানে ডিজিটাল বাংলাদেশ গড়ার শেকড়ে আঘাত হানা। এই নীতিমালার ফলে যদি ইন্টারনেটের মূল্য বেড়ে যায়, তবে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে ইন্টারনেট সেবা প্রদানকারী ক্ষুদ্র উদ্যোক্তাদের একটি বড় অংশ ব্যবসা গুটিয়ে নিতে বাধ্য হবে। আমরা জানতে চাই, দেশের অযুত সম্ভাবনাময় এ খাতে এমন নীতি কাদের স্বার্থে?
নতুন নীতিমালায় আমরা দেখতে পাই, বাংলাদেশে কার্যক্রম চালানো, বিদেশি মালিকানাধীন তিনটি মোবাইল অপারেটরকে আরও বেশি সুবিধা দেওয়া হচ্ছে তাদের ফিক্সড ওয়্যারলেস অ্যাকসেস ও ফাইবার কানেক্টিভিটি সম্প্রসারণের মাধ্যমে। একদিকে দেশীয় আইএসপিদের লাইসেন্স ফি, রেভিনিউ শেয়ার ও সোশ্যাল অবলিগেশন ফান্ড (এসওএফ) বাড়িয়ে দেওয়া হচ্ছে আড়াই থেকে সাড়ে তিনগুণ পর্যন্ত। অন্যদিকে একই খাতের বিদেশি কোম্পানিগুলোর লাইসেন্স ফি তুলনামূলক কম রাখা হয়েছেÑ একই খাতে এমন বৈষম্য প্রত্যাশিত নয়। দেশে ডিজিটাল অর্থনীতি এখনো বিকাশমান। বৈশ্বিক বাস্তবতার এই কঠিন সময়ে দেশীয় উদ্যোক্তাদের ধারাবাহিকতা ও স্থিতি নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। সরকারের নতুন গাইডলাইন যদি বাস্তব পরিস্থিতি, বাজার কাঠামো ও সামাজিক বাস্তবতার আলোকে পুনর্বিবেচনা করা না হয়, তবে দেশের ইন্টারনেট খাত ধীরে ধীরে বহুজাতিক কোম্পানির হাতে কেন্দ্রীভূত হয়ে যাবে। ফলে ক্ষতিগ্রস্ত হবে দেশের অর্থনৈতিক স্বাধীনতা ও ভবিষ্যৎ প্রযুক্তি নিরাপত্তা। সরকারি পক্ষ থেকে যুক্তি দেখানো হতে পারে, নতুন টেলিকম নীতিমালা এ সেক্টরকে আধুনিক ও প্রতিযোগিতামূলক করবে।
আমরা মনে করি, যে কোনো খাতে, সত্যিকার প্রতিযোগিতা তখনই হয়, যখন বাজারে বিরাজমান সব পক্ষ সমান সুযোগ-সুবিধা পাবে। এক পক্ষকে সুবিধা দিয়ে আরেক পক্ষকে চাপে ফেললে প্রতিযোগিতা নয়, জন্ম নেয় মাফিয়াতন্ত্র। এর ফলে নি¤œমানের সেবায় ক্ষতিগ্রস্ত হবে গ্রাহক সমাজ। আমরা মনে করি, দেশীয় প্রতিষ্ঠানগুলোর অগ্রযাত্রায় সরকারকে সদয় ভূমিকা নিতে হবে, যেন এ শিল্পের আরো বিকাশ ঘটে।
