সম্প্রতি একটি আন্তর্জাতিক কনফারেন্স উপলক্ষে চীন থেকে আগত ফরেন পার্টিসিপেন্টদের সাথে থাকার দায়িত্ব পড়েছিল। পার্টিসিপেন্টদের মধ্যে চীনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাত-আটজন শিক্ষক ছিলেন। রাজধানীর পল্টন মোড়ে অবস্থিত হোটেল ফার্স-এ ওনাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। কনফারেন্সের দ্বিতীয় দিন হোটেলে ফিরে সন্ধ্যায় চীনাদের অনুরোধে একটু হাঁটতে বের হলাম। পল্টন থেকে বিজয় নগর পানির ট্যাঙ্কির ধাঁর ঘেঁষে কাকরাইল মোড় পর্যন্ত পায়ে হেঁটে পৌঁছালাম। এই হেঁটে চলার মধ্যে তারা মূলত ঢাকা শহরের হাল হকিকত দেখতে চেয়েছিল। কিন্তু অল্প দূরত্ব পেরোতেই তারা মহা বিরক্ত। দীর্ঘ যানজট, উচ্চ মাত্রার গাড়ির হর্ন, অপর্যাপ্ত ফুটপাত, যত্রতত্র হকার, ধুলোবালি সব মিলিয়ে তাদের অভিজ্ঞতা বেশ খারাপই বলা যায়। চীনে ফেরার আগ মুহূর্তে তাদের কাছে বাংলাদেশ কেমন লাগছে সেই প্রশ্নের জবাবে তারা একরকম পরিষ্কার জবাবই দিল যে, ঢাকা শহর নিয়ে তাদের অভিজ্ঞতা বেশ তিক্ত।
ঢাকা শহর একটু বেশি ঘিঞ্জি মনে হয়েছে তাদের কাছে। আমিও তাদের সাথে সহমত পোষণ করলাম। একজন প্রফেসর জিজ্ঞাসা করলেন, তোমাদের রাজধানীতে যে সকল ভবন আছে সেগুলোর কোনটার সাথে কোনটার মিল নেই কেন? অর্থাৎ উনি জানতে চাচ্ছেন, ঢাকা শহরের ভবনগুলোর কোনটা ২, ৩, ৪, ৫ তলা আবার কোনটা ২০ তলা কেন? আবার অধিকাংশ আবাসিক ভবনের নীচ তলায় হোটেল বা অন্যান্য মার্কেট কেন? আমি ওনাকে এভাবে বুঝিয়েছিলাম যে, ঢাকা শহরের অধিকাংশ ভবনই ব্যক্তি মালিকানাধীন। যার যেমন সামর্থ্য সে তেমনভাবে ভবনের ডিজাইন এবং নির্মাণ কাজ শেষ করেছে। এ কারণে কোনোটা ২ তলা আবার কোনোটা ২০ তলা। আমার প্রশ্নের উত্তর শুনে উনি পাল্টা প্রশ্ন করেছিলেন যে, এ সম্পর্কে সরকারের কোনো নীতিমালা বা নিয়ম আছে কিনা।
উত্তরে আমি বলেছিলাম, কোন এলাকায় সর্বোচ্চ কত তলা ভবন করা যাবে, সে সম্পর্কে কিছু বাধ্যবাধকতা আছে কিন্তু সর্বনি¤œ কত তলা করা যাবে সে সম্পর্কে নীতিমালা আছে কিনা আমার জানা নেই। এজন্য ব্যক্তি মালিকানাধীন অনেকেই নিজেদের যেটুকু জমি আছে সেখানেই সামর্থ্য অনুযায়ী ভবন বা টিন শেড বাড়ি নির্মাণ করেছেন। এজন্য ঢাকা শহরের ভবনগুলো কোনো সিস্টেমের মধ্যে দিয়ে তৈরি করা হয়নি। চীনাদের এই প্রশ্ন করার উদ্দেশ্য সম্পর্কে আমি পরিষ্কার ছিলাম। আমার জানা আছে যে, চীনে সাধারণত ব্যক্তিমালিকানাধীন কোনো জমি জমা নেই। কেউ ভবন নির্মাণ কিংবা কৃষিকাজ করতে চাইলে সরকার থেকে নির্দিষ্ট সময়ের জন্য জমি লিজ নিয়ে সেখানে সেটি করতে পারে। তবে আবাসিক ভবন অবশ্যই পরিকল্পিত এবং সরকারের নিয়ম মেনে করতে হবে। চীনের শহরের ভিতর বসবাসের কমিউনিটিগুলো খুবই পরিকল্পিত এবং এক একটা কমিউনিটির ভিতর একই ধরনের ৪০-৫০টি ভবন থাকে। যেগুলোর সবই ২৫-৩০ তলা বিশিষ্ট হয়ে থাকে। এতে সুবিধা হচ্ছে অল্প জায়গার ভিতর অধিক মানুষের আবাসন সুবিধা হয় এবং সবাই মোটামুটি একটি নিয়মের ভিতর চলাচল করে। এজন্য চীন সর্বাধিক জনসংখ্যার দেশ হয়েও তাদের প্রতিটি প্রদেশের শহরগুলোর অবকাঠামো অত্যন্ত সুশৃঙ্খল। প্রকৃতপক্ষে, ঢাকা শহরের এত মানুষের আবাসন সঙ্কট মেটাতে চীনের মতো পদ্ধতি অবলম্বন করা যেত কিনা, সেই বিষয়ে জানার জন্যই ওই প্রফেসর আমাকে প্রশ্নটি করেছিলেন। আমি চীনা প্রফেসরকে বলেছিলাম, আমাদের দেশের নীতি চীনের মতো নয় এবং সেটি ইচ্ছা করলেও এখন আরোপ করাটা বেশ দুঃসাধ্য।
একথা অকপটে স্বীকার করতে হয় যে, গত কয়েক দশকে ঢাকা মহানগরের আয়তন ও মানুষ যেভাবে বেড়েছে, শহরটি সেভাবে বসবাসের উপযুক্ত হয়ে ওঠেনি। শহরটি পুরোপুরি অপরিকল্পিত ও অগোছালো। বিগত সময়ে শহরের জনগণের সার্বিক সুবিধা নিশ্চিত করতে বহু পরিকল্পনা, প্রকল্প, সিটি করপোরেশন বিভক্তসহ বহু পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। পরিচালনা পর্ষদে রদবদল হয়েছে। পালাক্রমে সরকার পরিবর্তন হয়েছে। কিন্তু শহরের কোনো বাহ্যিক উন্নতি সাধিত হয়নি। জনগণের সার্বিক সুবিধাদি বৃদ্ধি তো দূরের কথা দিনকে দিন বিদ্যমান সকল সুবিধাদি লোপ পেয়েছে এবং বর্তমানেও তলানির দিকে এগুচ্ছে। আবাসনে বিন্দুমাত্র পরিকল্পনার ছাপ নেই এই শহরে। যেটা চীনা ওই প্রফেসরদের প্রশ্নে উঠে এসেছে। বিদ্যুৎ, পানি ও গ্যাসের মতো পরিষেবা অতি নি¤œমানের। নেই পানি নিষ্কাশনের সুব্যবস্থা।
অল্প বৃষ্টিতে পানিবদ্ধতা হয়, রাজপথ তলিয়ে যায়। বন্যার ভয়ে থাকে মহানগরের মানুষ। এর ড্রেনেজ ব্যবস্থা ভালো না। বর্জ্য ব্যবস্থাপনাও পরিকল্পিত নয়। ব্যবস্থাপনা মানসম্পন্ন না হওয়ায় নগরময় বর্জ্য ছড়িয়ে থাকে। বছরজুড়ে নির্মাণকাজ চলে, সর্বত্র ধুলা আর ধুলা। শহরটা অনুজ্জ্বল, মলিন। দুর্ভোগ পরিবহনে। গণপরিবহনের সেবা মোটেও সন্তোষজনক নয়। যানজটের কারণে এই শহর মন্থর, শহরের মানুষের গতি কম। শহরে সবুজ পরিসর নেই। সবুজের বিস্তরণে বহুবার বহু প্রকল্প গ্রহণ করা হলেও সেগুলো আলোর মুখ দেখেনি। নেই পরিকল্পিত ফুটপাত। যেটুকু ফুটপাত ছিল তার সবটুকুই হকারের দখলে। আছে শব্দ ও বায়ুদূষণ। প্রায় প্রতিদিন সবচেয়ে বায়ুদূষণের শীর্ষ শহরের যে তথ্য পাওয়া যায়, তাতেও দেখা যায় ঢাকা মহানগরের অবস্থান তালিকার শীর্ষ পর্যায়ে।
সমস্যার তালিকা দীর্ঘ থেকে দীর্ঘতর। মহানগরজুড়ে ব্যবস্থাপনার সঙ্কট। গত বছরের জুলাই মাসে গণমাধ্যম প্রতিষ্ঠান ইকোনমিস্টের গবেষণা শাখা ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিট (ইআইইউ) স্থিতিশীলতা, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি ও পরিবেশ, শিক্ষা ও অবকাঠামোর মতো সূচক নিয়ে বিশ্বের ১৭৩টি শহরের ওপর একটি জরিপ ফলাফল প্রকাশ করে। তাতে দেখা যায়, বিশ্বের বাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান ১৭১ নম্বরে। এককথায়, মহানগরের সার্বিক সুবিধাদির সবগুলোই অপর্যাপ্ত কিন্তু জনসংখ্যা আছে ধারণক্ষমতার ১০ গুণ। ঢাকা এখন নাগরিকদের জন্য অনিরাপদ হয়ে উঠছে মন্তব্য করে বিশেষজ্ঞরা বলছেন, দ্রুত নগরায়ন, দখল, দূষণ, কয়েকগুণ বেশি যানবাহন, নদী, জলাধার, পুকুর দখল, সবুজায়ন উধাও এর কারণ। অপরিকল্পিত উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তন, ভূমিকম্পের শঙ্কা, অগ্নিকা-ের শঙ্কা, এসবের প্রভাবে ঢাকা এখন আতঙ্কের নাগরীতে পরিণত হয়েছে। ঢাকা মহানগর বলতেই চোখের সামনে দানব আকৃতির একটি ঘিঞ্জি শহরের চেহারা ভেসে ওঠে।
অতিমাত্রায় জনসংখ্যার চাপই ঢাকা মহানগরীর সার্বিক সুবিধাকে সংকীর্ণ করে দিচ্ছে। জাতিসংঘ বলছে, ২০৫০ সালে ঢাকার চেয়ে বড় শহর বিশ্বের আর কোনো দেশে থাকবে না। অর্থাৎ ২৪ বছর পর বিশ্বের সবচেয়ে জনবহুল মহানগর হবে ঢাকা। জাতিসংঘের ডিপার্টমেন্ট অব ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যাফেয়ার্স (ইকোসক) প্রকাশিত ‘ওয়ার্ল্ড আরবানাইজেশন প্রসপেক্টস ২০২৫’ প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মহানগর বা মেগাসিটি ঢাকা। এই মহানগরে ৩ কোটি ৬৬ লাখ মানুষ বাস করে। ইকোসক ২০০০, ২০২৫ ও ২০৫০ সালের শীর্ষ ১০টি মেগাসিটি বা মহানগরের তালিকা ও তাদের জনসংখ্যা প্রকাশ করেছে। ২০০০ সালে ঢাকা মহানগরের জনসংখ্যা ছিল ১ কোটি ৭৪ লাখ। তখন ঢাকা ছিল বিশ্বের নবম বৃহত্তম মহানগর। ২৫ বছরে মানুষ বেড়েছে ১ কোটি ৯২ লাখ। অর্থাৎ প্রতিবছরে ৭ লাখ ৬৮ হাজার মানুষ বেড়েছে ঢাকা মহানগরীতে। এর অর্থ প্রতিদিন ঢাকা শহরে গড়ে ২ হাজার ১০৪ জন মানুষ বাড়ছে। ঢাকার জনসংখ্যা বেড়ে যাওয়ার এই প্রবণতা আরও ২৫ বছর বা তারও বেশি সময় ধরে অব্যাহত থাকবে বলে জাতিসংঘ মনে করছে। ২০৫০ সালে ঢাকা হবে বিশ্বের এক নম্বর বৃহত্তম মহানগর। তখন ঢাকার জনসংখ্যা বেড়ে হবে ৫ কোটি ২১ লাখ। ঢাকার এই বিশালত্ব নিয়ে আলোচনা কম হয়। ঢাকার আকার বাড়লেও মান তলানিতে গিয়ে ঠেকছে। এই শহরের অনানুষ্ঠানিক খাতে বহু মানুষ জড়িত, শহরের মানুষের উৎপাদনশীলতা কম। তাই ঢাকা শহর বড় হওয়ার অর্থ হচ্ছে দুর্বল অর্থনৈতিক ভূগোলের বিস্তার। ঢাকা আধুনিক মেট্রোপলিটন শহর হয়ে উঠতে পারেনি।
শহরের প্রায় সব এলাকায় বস্তি চোখে পড়ে। শহরে বস্তির সংখ্যা কত এবং বস্তিতে কত মানুষ বাস করে, তা নিয়ে ভিন্ন ভিন্ন তথ্য পাওয়া যায়। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর সর্বশেষ ২০২২ সালের আরবান এরিয়া প্রতিবেদনে দেখা যায়, ঢাকা দক্ষিণ, ঢাকা উত্তর, গাজীপুর ও নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এলাকায় বস্তির সংখ্যা ৪ হাজার ৭৬১। তবে পুরো ঢাকা মহানগরের এলাকা বিবেচনায় নিলে বস্তির সংখ্যা পাঁচ হাজার ছাড়িয়ে যাবে। তথ্যমতে, ঢাকা শহরে প্রায় ৪০ লাখ মানুষ বস্তিতে বাস করে। বড় বস্তিগুলো খাসজমিতে গড়ে উঠেছে। তবে ৮০ শতাংশ বস্তি ব্যক্তিমালিকানাধীন জমিতে। বস্তির মানুষ অধিকাংশ ভাড়া বাসায় থাকে। ঢাকা মহানগর ঘন বসতিপূর্ণ সেখানে বস্তিগুলো আরও ঘন বসতিপূর্ণ। এর মধ্যে কোনো কোনো বস্তি ব্যতিক্রমীভাবে অতি ঘনবসতিপূর্ণ। সেসব বস্তিতে প্রতি বর্গকিলোমিটার জায়গায় ২ লাখ ২০ হাজারের বেশি মানুষ বাস করে। এসকল বস্তিবাসীর মধ্যে বাল্যবিবাহ বেশি, শিশু অপুষ্টি বেশি, শিক্ষার হার কম, অপরাধ বেশি। দারিদ্র্য, সামাজিক বৈষম্য, স্বাস্থ্যসেবার সংকট এবং দুর্বল প্রশাসন ঢাকাবাসীর নিত্যসঙ্গী। তারপরও মানুষ ঢাকাতেই আসছে, ঢাকাতেই থাকতে চাইছে। এখানে শিক্ষা, স্বাস্থ্য, সাংস্কৃতিক কর্মকা-, শিল্প, ব্যবসা-বাণিজ্য, নির্মাণ, পরিবহন এবং এমনকি অনানুষ্ঠানিক খাতও কেন্দ্রীভূত। ঢাকা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির শক্তিকেন্দ্র। জিডিপিতে ঢাকার অবদান ২০ শতাংশ, আনুষ্ঠানিক কর্মসংস্থানের ৪৪ শতাংশ ঢাকাতেই, রপ্তানিমুখী তৈরি পোশাকশিল্পের ৮০ শতাংশ ঢাকা মহানগর এলাকায়।
ঢাকা শহরকে বাসযোগ্য ও আধুনিক হিসেবে ঢেলে সাজাতে বিকেন্দ্রীকরণ, সমন্বিত ট্রাফিক ব্যবস্থা, নগরায়ণ ব্যবস্থাপনা এবং পরিবেশ সংরক্ষণের পরিকল্পনা অতীব জরুরি। বিকেন্দ্রীকরণ ও জনসংখ্যার চাপ কমানোর জন্য সরকারি অফিস, শিক্ষাপ্রতিষ্ঠান এবং তৈরি পোশাক শিল্পের মতো খাতগুলোকে ঢাকার বাইরের জেলাগুলোতে সরিয়ে নেওয়ার উদ্দ্যোগ গ্রহণ করতে হবে। মূল শহরের ওপর চাপ কমাতে ঢাকার আশপাশে, যেমন: সাভার, গাজীপুর, নারায়ণগঞ্জ আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন পরিকল্পিত স্যাটেলাইট শহর গড়ে তোলার পরিকল্পনা নেওয়া অত্যাবশ্যক। সেইসাথে ছোট ছোট ঘিঞ্জি ভবনগুলোর জায়গায় পরিকল্পিত বহুতল ভবন নির্মাণের উদ্যোগ নেওয়া যেতে পারে।
আন্তঃজেলা বাস টার্মিনালগুলো শহরের বাইরে, যেমন: সাভার, কাঁচপুর স্থানান্তর করা এবং শহরের ভেতরে শুধু সিটি সার্ভিস বাস চালু রাখার পরিকল্পনা করতে হবে। মেট্রো রেল ও বিআরটি নেটওয়ার্কের সম্প্রসারণ করে ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করতে হবে। ঢাকার চারপাশের খাল ও নদীগুলো সংস্কার করে ওয়াটার বাস চালু করা এবং শহরের ভেতরে না ঢুকে যান চলাচলের জন্য রিং রোড ও মিনি রেলপথ স্থাপন করার উদ্যোগ নিতে হবে। রাজউক ও সিটি করপোরেশনের সমন্বয়ে বস্তিসমূহ ও পুরান ঢাকার মতো ঘনবসতিপূর্ণ ও সরু রাস্তার এলাকাগুলোকে নগর পুনঃউন্নয়ন প্রকল্পের আওতায় এনে আধুনিকায়ন করার উদ্যোগ নিতে হবে। পুরান ঢাকা বা আবাসিক এলাকা থেকে ঝুঁকিপূর্ণ কেমিক্যাল ও প্লাস্টিকের কারখানাগুলো দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নিতে হবে। আবাসিক ভবনের নিচে রেস্টুরেন্ট বা কারখানা চালুর উপর নিষেধাজ্ঞা আরোপ করতে হবে। ঢাকার চারপাশের দখল হয়ে যাওয়া নদী এবং শহরের ভেতরের খালগুলো উদ্ধার ও সংস্কার করে পানির প্রবাহ ফিরিয়ে এনে ওয়াকওয়ে নির্মাণ করা এবং বর্জ্য নিষ্কাশনে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। ঢাকা শহরের কংক্রিটের পরিমাণ কমিয়ে পার্ক, খেলার মাঠ এবং উন্মুক্ত সবুজ জায়গার পরিমাণ বাড়ানোর পরিকল্পনা নেওয়া যেতে পারে। ঢাকা শহরকে ঢেলে সাজানো কোনো একক সংস্থার পক্ষে সম্ভব নয়। এর জন্য রাজউক, সিটি করপোরেশন, ঢাকা ওয়াসা এবং ডিএমপিসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে একটি সমন্বিত ছাতার নিচে এসে কাজ করতে হবে। রাজনৈতিক সদিচ্ছা, কঠোর আইন প্রয়োগ এবং নাগরিকদের সচেতনতাই পারে ঢাকাকে একটি অচল মেগাসিটি থেকে প্রাণবন্ত, সবুজ ও বাসযোগ্য নগরীতে রূপান্তর করতে।
লেখক: গবেষক ও কলামিস্ট। ajoymondal325@yahoo.com
