ভোট মানেই উৎসব, আর এই উৎসব যখন জাতি, ধর্ম, বর্ণ, ধনী-গরীব নির্বিশেষে সার্বজনীন হয়ে থাকে তখন সেই নির্বাচন বা ভোট দেবার অধিকারটা আনন্দ মুখর উৎসবে পরিণত হয়। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ভোট দেবার অধিকার নাগরিকের শ্রেষ্ঠ অধিকার। সচেতন ও সজাগ নাগরিক দেশের শক্তিশালী সরকার ব্যবস্থা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বর্তমানে দেশের পরিস্থিতিতে নির্বাচন নিয়ে নানান শঙ্কা থাকলেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবার জন্য জোরেসোরে প্রস্তুতি চলছে। তাই সংসদ নির্বাচন তথা ভোট প্রদানের অধিকার ফিরে পাওয়ার সুযোগের পরিবেশ সৃষ্টি হওয়ায় সারাদেশে ভোট উৎসবের আমেজ বিরাজ করছে। \r\nসুষ্ঠ, অবাধ ও সকলের কাছে একটি গ্রহণযোগ্য নির্বাচন কেবলমাত্র সর্বোস্তরের জনগণের অংশগ্রহণেই সম্ভব।
সত্যি কথা বলতে কি আমরা দীর্ঘদিন এই অধিকার থেকে বঞ্চিত ছিলাম। গণতান্ত্রিক সরকার ব্যবস্থা তখুনি সফল হবে যখন স্বতঃস্ফুর্তভাবে নাগরিকরা অংশগ্রহণ করবে। তাই যেদিন থেকে নির্বাচনের তারিখ ঘোষণা হয়েছে সেদিন থেকে প্রার্থী মনোনয়ন, প্রচার-প্রচারণা নিয়ে নারী-পুরুষ, যুবক-বৃদ্ধ নানা শ্রেণির মানুষের মধ্যে ভোট উৎসব শুরু হয়ে গেছে। সাধারণ মানুষ দীর্ঘদিন পরে ভোটাধিকার ফিরে পাবার আনন্দে উৎসবে মেতে উঠেছে। প্রকৃতপক্ষে ভোট উৎসব বা নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী ও স্থিতিশীল করে তোলে।\r\nএকমাত্র ভোটের মাধ্যমে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচন করে। যাদের মাধ্যমে জনগণের আশা-আকাংখা প্রতিফলিত হয়।
তাদের অধিকার সুরক্ষিত থাকে এবং মতামত প্রকাশের মাধ্যমে রাষ্ট্রীয় কর্মকান্ডে নিজেদের অংশীদার মনে করে, যা গণতন্ত্রকে প্রসারিত ও বিকশিত করে। জনগণের দ্বারা সরাসরি নির্বাচিত হয় বলে প্রতিনিধিরা জনগণের কাছে দায়বদ্ধ থাকে। ভোট উৎসবের আরেকটি বড় বিষয় হলো- এর মাধ্যমে রাজনৈতিক সচেতনতা বৃদ্ধি। ভোটকে কেন্দ্র করে প্রচার-প্রচারণা, সভা-সমাবেশ,বক্তৃতার দ্বারা জনগণের বিভিন্ন মতাদর্শ সম্পর্কে জানার সুযোগ ঘটে এবং তাদের রাজনৈতিকভাবে সচেতনতা বৃদ্ধি পায়। নাগরিক সচেতনতা গণতান্ত্রিক শাসনব্যবস্থার প্রাণ। ভোট উৎসবের মাধ্যমে নাগরিক সচেতনতা বৃদ্ধি করে গণতন্ত্রকে আরো শক্তিশালী ও প্রসারিত করে। গত তিনটি মেয়াদে আমরা সত্যিকারার্থে নাগরিক অধিকার যথাযথভাবে প্রয়োগ করতে পারিনি। পারিনি ভোট উৎসবে শামিল হতে।\r\nনির্বাচন তথা ভোট উৎসবকে কেন্দ্র করে নানাধরণের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয়। সহিংসতা, কালো টাকা, অনিয়মের সংস্কৃতি, ষড়যন্ত্র ভোট উৎসবকে ম্লান করে দিতে পারে। তাই এসব দমনের ক্ষেত্রে নির্বাচন কমিশনার, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার পাশপাশি নাগরিকদের সচেতনতা গুরুত্বপূর্ণ ভূমিকা খুব প্রয়োজন। বাধা আসবে তবে অধিকার সংরক্ষণে ও ভোট উৎসবকে সক্রিয় করতে প্রয়োজন সম্মিলিত প্রচেষ্টা। নির্বাচন তথা ভোট উৎসব হচ্ছে গণতন্ত্রের প্রাণ। পাঁচ বছরের জন্য জনগণ বেছে নিবে তাদের প্রতিনিধিকে। যারা তাদের আশা-আকাংখা পূরণ করবে, রাষ্ট্রকে করবে স্থিতিশীল।
