দেশের সাম্প্রতিক পরিস্থিতি মানুষকে যে গভীর উদ্বেগে ঠেলে দিয়েছে, তা আর লুকোনোর কিছু নেই। রাস্তা-ঘাটে, বাজারে, কর্মস্থলে- সর্বত্র এক ধরনের অনিশ্চয়তার ছায়া। মানুষের মুখে এখন সবচেয়ে বেশি শোনা যায় একটাই শব্দ: ভয়। এই ভয় হঠাৎ করে জন্মায়নি। দীর্ঘদিনের অব্যবস্থাপনা, দুর্বল প্রশাসনিক নজরদারি, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে ব্যর্থতা এবং সমাজে অপরাধ বৃদ্ধির ধারাবাহিকতা মিলেই আজকের এই আতঙ্ক তৈরি হয়েছে। তার সঙ্গে যোগ হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমের লাগামহীন গুজব।\r\nজনমনে এই আতঙ্ক ও গুজবের সবচেয়ে বড় কারণ তথ্যের স্বচ্ছতার অভাব। সামাজিক যোগাযোগমাধ্যমে যাচাইহীন খবরের স্রোত মানুষকে বিভ্রান্ত করছে, বাস্তব ও গুজবের পার্থক্য মুছে দিচ্ছে। এতে ভয় বাড়ছে, আস্থা কমছে- যা রাষ্ট্র ও সমাজ উভয়ের জন্যই ক্ষতিকর।\r\nযখন মানুষ জানে না সামনে কী ঘটতে পারে, তখনই আতঙ্ক জন্ম নেয়। আর এই অনিশ্চয়তার জন্য দায় দায়িত্বশীল পক্ষ এড়াতে পারে না। জনগণের আস্থা ফিরিয়ে আনতে হলে প্রথমেই প্রয়োজন সঠিক তথ্য সরবরাহ, দৃশ্যমান পদক্ষেপ এবং আইনশৃঙ্খলা বাহিনীর কার্যকর উপস্থিতি। এখন সময় কাগুজে আশ্বাসের নয় সময়ের দাবি বাস্তবায়নে দৃশ্যমান পদক্ষেপ। প্রশাসনকে কঠোর হতে হবে, নেতাদের হতে হবে দায়িত্বশীল, আর নাগরিকদের হতে হবে সচেতন। সত্যকে প্রকাশ করতে হবে, গুজবকে থামাতে হবে এবং নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হবে।\r\nজাতি আতঙ্ক নয় স্থিতিশীলতা ও স্বস্তি চায়। এই স্বস্তি ফেরানোই আজ রাষ্ট্র ও সমাজের সবচেয়ে বড় পরীক্ষা।\r\nসিলেট থেকে