লাইলাতুল মেরাজ ইসলামে এক মহিমান্বিত, অলৌকিক ও তাৎপর্যপূর্ণ রজনী। এই রাতে মহান আল্লাহতায়ালা তাঁর প্রিয় রাসুল হজরত মুহাম্মদ (সা.)-কে বিশেষ সম্মান ও মর্যাদায় ভূষিত করেন। এটি এমন এক ঘটনা, যা মানুষের বুদ্ধি ও কল্পনার সীমা অতিক্রম করে আল্লাহর অসীম ক্ষমতার পরিচয় বহন করে। লাইলাতুল মেরাজ শুধু একটি ঐতিহাসিক ঘটনা নয়; বরং এটি ইমান, আকিদা ও ইবাদতের ক্ষেত্রে এক গভীর শিক্ষার উৎস।
‘ইসরা’ শব্দের অর্থ রাত্রিকালীন সফর এবং ‘মেরাজ’ অর্থ ঊর্ধ্বগমন। হিজরতের আগে মক্কায় নবীজি (সা.) প্রচণ্ড দুঃসময় অতিক্রম করছিলেন। প্রিয়তমা স্ত্রী হজরত খাদিজা (রা.) ও চাচা আবু তালিবের ইন্তেকাল, তায়েফে নির্যাতন–সব মিলিয়ে এটি ছিল দুঃখের বছর। ঠিক এই সময়েই আল্লাহতায়ালা তাঁর প্রিয় হাবিবকে সান্ত্বনা ও সম্মান প্রদানের জন্য লাইলাতুল মেরাজের মাধ্যমে বিশেষ মেহমানদারির ব্যবস্থা করেন।
পবিত্র কোরআনে লাইলাতুল মেরাজের ঘটনা সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। আল্লাহতায়ালা বলেন, ‘পবিত্র ও মহান তিনি, যিনি তাঁর বান্দাকে রাত্রিকালে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নিয়ে গেছেন, যার আশপাশে আমি বরকত দান করেছি, যাতে আমি তাকে আমার নিদর্শনসমূহ দেখাই’ (সুরা আল-ইসরা: ১)।
এই আয়াত থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট হয়। প্রথমত, এই সফর আল্লাহর সরাসরি ইচ্ছা ও ক্ষমতায় সংঘটিত হয়েছে। দ্বিতীয়ত, ‘তাঁর বান্দা’ শব্দটি দ্বারা বোঝানো হয়েছে যে নবীজি (সা.) দেহ ও রুহ উভয় অবস্থাতেই এই সফর সম্পন্ন করেছেন। তৃতীয়ত, এটি কোনো স্বপ্ন বা কল্পনা নয়, বরং বাস্তব ঘটনা। এ ছাড়া সুরা আন-নাজমে নবীজি (সা.)-এর ঊর্ধ্বগমন ও আল্লাহর নিদর্শন দর্শনের বিষয়টি ইঙ্গিতপূর্ণভাবে বর্ণিত হয়েছে।
লাইলাতুল মেরাজের বিস্তারিত বিবরণ সহিহ বুখারি, সহিহ মুসলিমসহ বিভিন্ন হাদিস গ্রন্থে পাওয়া যায়। হাদিস অনুযায়ী, হজরত জিবরাইল (আ.) নবীজি (সা.)-কে বোরাক নামে এক বিশেষ বাহনে করে প্রথমে মক্কা থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান। সেখানে তিনি পূর্ববর্তী নবীদের ইমামতি করেন, যা তাঁর নবুয়তের সর্বজনীনতার প্রমাণ। পরে নবীজি (সা.) সাত আসমান অতিক্রম করেন। প্রতিটি আসমানে তিনি একেকজন নবীর সঙ্গে সাক্ষাৎ করেন। এরপর তিনি সিদরাতুল মুনতাহায় পৌঁছান, যেখানে ফেরেশতাদের জ্ঞানও সীমাবদ্ধ হয়ে যায়।
লাইলাতুল মেরাজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও মূল্যবান দান হলো পাঁচ ওয়াক্ত নামাজ। এই নামাজ অন্য কোনো নবীর মাধ্যমে নয়, সরাসরি আল্লাহর কাছ থেকে ফরজ করা হয়েছে। হাদিসে এসেছে–‘পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করলে ৫০ ওয়াক্ত নামাজের সওয়াব দেওয়া হবে’ (সহিহ বুখারি ও মুসলিম)। এ কারণে নামাজকে মুমিনের মেরাজ বলা হয়। নামাজের মাধ্যমে একজন বান্দা প্রতিদিন আল্লাহর নৈকট্য লাভ
করে। লাইলাতুল মেরাজ থেকে আমরা বহু গুরুত্বপূর্ণ শিক্ষা লাভ করি। এটি প্রমাণ করে যে আল্লাহতায়ালা সর্বশক্তিমান এবং তিনি যা ইচ্ছা তা করতে সক্ষম। রাসুলে পাক (সা.)-এর মর্যাদা ও অবস্থান যে সৃষ্টির মধ্যে সর্বোচ্চ, সেটিও এই ঘটনার মাধ্যমে প্রতীয়মান হয়। পাশাপাশি এটি আমাদের শেখায়–কঠিন সময়ের পর আল্লাহর সাহায্য অবশ্যম্ভাবী। সবচেয়ে বড় শিক্ষা হলো নামাজের গুরুত্ব। যারা নামাজকে অবহেলা করে, তারা মূলত মেরাজের সবচেয়ে বড় শিক্ষাকে অবহেলা করে।
লাইলাতুল মেরাজ মুসলিম উম্মাহর জন্য এক অতুলনীয় নিয়ামত। কোরআন ও হাদিসের আলোকে প্রমাণিত এই মহিমান্বিত রজনী আমাদের ইমানকে মজবুত করে এবং ইবাদতের প্রতি মনোযোগী হতে উদ্বুদ্ধ করে। এই রাত আমাদের স্মরণ করিয়ে দেয়–আল্লাহর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার সর্বশ্রেষ্ঠ মাধ্যম হলো নামাজ। মহান আল্লাহ আমাদের সবাইকে লাইলাতুল মেরাজের প্রকৃত শিক্ষা হৃদয়ে ধারণ করে আমল করার তাওফিক দান করুন।
ড. মো. শাহজাহান কবীর: চেয়ারম্যান, ইসলামিক স্টাডিজ বিভাগ, ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
