ডিজিটাল যুগে ইন্টারনেট আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশে পরিণত হয়েছে। তথ্য, শিক্ষা, কর্মসংস্থান কিংবা বিনোদন- সবকিছুই এখন অনলাইনে সহজলভ্য। কিন্তু এই সুবিধার মধ্যেই লুকিয়ে আছে এক ভয়ংকর বাস্তবতা, বিশেষ করে নারীদের অনলাইনে হয়রানি বা সাইবার বুলিং। প্রতিদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য নারী হেনস্তার শিকার। কেউ কেউ ভুয়া অ্যাকাউন্টে ছবি ছড়ানো কিংবা অশ্লীল মন্তব্যের মতো অপরাধের মুখোমুখি হচ্ছেন। অনলাইন জগতে এই নিপীড়ন শুধু মানসিক যন্ত্রণা সৃষ্টি করে না, অনেক সময় তা নারীর সামাজিক মর্যাদা ও নিরাপত্তাকেও করে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত।\r\nসম্প্রতি ডেন্টাল সার্জন এক তরুণীর ছবি ও নাম ব্যবহার করে ফেসবুক ও ইনস্টাগ্রামে খোলা হয়েছে ভুয়া আইডি।
ঐ তরুণীর পরিচিতদের কাছে এসব আইডির মেসেঞ্জার থেকে দেওয়া হয়েছে খুদে বার্তা এবং বিকৃত ভিডিও। মিরপুরের মার্কস মেডিকেল কলেজ থেকে পাস করা চার ডেন্টাল সার্জনও জানিয়েছেন একই অভিজ্ঞতার কথা। এ ধরনের ঘটনার শিকার হয়েছে অন্তত সাতজন। অবাক করা বিষয় হলো, এসবের নেপথ্যে রয়েছে ভুক্তভোগীরই সহপাঠী ফাইজুর রহমান রূপক। এমন নোংরা কাজ যারা করে তারা অবশ্যই মানসিক বিকারগ্রস্ত। যথার্থ শাস্তি না পেলে এরকম অপরাধ বেড়েই চলবে। একই ঘটনার শিকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সহকারী প্রক্টর শেহরীন আমিন ভূঁইয়া (মোনামি)।
ছবি বিকৃত করে ফেসবুকে পোস্ট এবং অশালীন মন্তব্য করার অভিযোগে শাহবাগ থানায় সাইবার সুরক্ষা আইনে মামলা করেছেন ৩ নভেম্বর।\r\nবাংলাদেশে সাইবার ক্রাইম দমন ও তদন্তের জন্য পুলিশের বিশেষ শাখা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট এবং সাইবার ইউনিট সক্রিয়ভাবে কাজ করছে এসব। অনলাইন প্রতারণা, ব্যক্তিগত তথ্য ফাঁস কিংবা হয়রানির অভিযোগ পেলে তারা আইসিটি আইনের আওতায় ব্যবস্থা গ্রহণ করছে। সাম্প্রতিক বছরগুলোতে শত শত মামলা দায়ের হয়েছে, অনেক অপরাধী ধরাও পড়েছে। তবে বাস্তবতা হলো- এ বিষয়ে অপরাধের সংখ্যা এখনো কমছে না। কারণ অনেক ভুক্তভোগী লজ্জা, ভয় কিংবা সামাজিক চাপের কারণে অভিযোগ করতে পিছিয়ে থাকেন। এজন্য দরকার সচেতনতা এবং আস্থার পরিবেশ সৃষ্টি করা। অনলাইনে হয়রানির শিকার হলে নারীদের দ্রুত আইনি সহায়তা নেওয়া উচিত। সাইবার ক্রাইম বিভাগে অভিযোগ জানানো এখন আগের চেয়ে অনেক সহজ- ফেসবুক পেজ, হটলাইন বা অনলাইন পোর্টালের মাধ্যমে সরাসরি অভিযোগ করা যায়। পাশাপাশি পরিবার ও সমাজকেও ভুক্তভোগীদের পাশে দাঁড়াতে হবে, দোষারোপ নয় বরং সহায়তা করতে হবে। এ সমস্যার স্থায়ী সমাধানের জন্য ইন্টারনেট ব্যবহারকারীদের অনলাইনে গোপনীয়তা, নিরাপত্তা ও নৈতিক ব্যবহারের বিষয়ে আরও সচেতন হতে হবে। কঠোর আইন প্রয়োগের পাশাপাশি অপরাধীরা যেন দ্রুত বিচার ও শাস্তির মুখোমুখি হয়- সে ব্যবস্থা জোরদার করা একান্ত প্রয়োজন। প্রশাসন, পরিবার ও সমাজ-সবার সম্মিলিত উদ্যোগে নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরি করা সম্ভব।
