ইসলাম শান্তির ধর্ম। এই শান্তি শুধু ইবাদত ও ব্যক্তিজীবনের পরিসরে সীমাবদ্ধ নয়, বরং পরিবার, সমাজ ও রাষ্ট্রীয় জীবনের প্রতিটি স্তরে বিস্তৃত। ইসলাম চায় মানুষ যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল হয়, ন্যায়বিচার প্রতিষ্ঠা করে, অন্যের জানমাল নিরাপদ রাখে এবং সমাজে শান্তি ও শৃঙ্খলা বজায় রাখে। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেছেন, ‘নিশ্চয়ই আল্লাহ ন্যায়বিচার, সৎকাজ এবং আত্মীয়স্বজনকে দান করার আদেশ দেন এবং অশ্লীলতা, মন্দ কাজ ও সীমালঙ্ঘন থেকে নিষেধ করেন।’ (সুরা নাহল ৯০) এই আয়াত মানবসমাজের ভারসাম্য রক্ষার এক অনন্য দিকনির্দেশনা। কিন্তু দুর্ভাগ্যের বিষয় হলো, আজ আমরা সেই নির্দেশনা থেকে দূরে সরে যাচ্ছি। সমাজে ন্যায়বোধ হারিয়ে যাচ্ছে, শিষ্টাচার ও সহনশীলতা বিলুপ্ত হচ্ছে। রাজনৈতিক প্রতিযোগিতা অনেক সময় ধ্বংসাত্মক রূপ নিচ্ছে। নির্বাচন সামনে রেখে দেশে প্রতিদিনই ঘটছে ভয়াবহ ঘটনা। পরিবহনে অগ্নিসংযোগ, ভাঙচুর, হামলা, হত্যাকাণ্ড ও ভয়ভীতি প্রদর্শন ইত্যাদি। এসব ধ্বংসাত্মক কর্মকাণ্ড শুধু আইনশৃঙ্খলার জন্য নয়, গোটা রাষ্ট্রের স্থিতিশীলতার জন্যও হুমকি। আর এসবের শেষ পরিণতি খুবই ভয়ংকর। এ জন্য দুনিয়াতেও শাস্তি পেতে হবে এবং পরকালেও যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে।

কোরআনে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি কোনো ব্যক্তিকে হত্যা করে অন্য প্রাণের বিনিময় ব্যতীত কিংবা তার দ্বারা ভূপৃষ্ঠে কোনো ফেতনা-ফ্যাসাদ বিস্তার ব্যতীত, তাহলে সে যেন পুরো মানবজাতিকে হত্যা করল। আর যে ব্যক্তি কোনো ব্যক্তিকে রক্ষা করল, তাহলে সে যেন পুরো মানবজাতিকে রক্ষা করল।’ (সুরা মায়েদা ৩২) এই আয়াতের আলোকে বোঝা যায়, একজন নিরীহ মানুষকে হত্যা করা মানবতার বিরুদ্ধে যুদ্ধের শামিল। ইসলাম অপরাধ দমনে ভারসাম্যপূর্ণ পদ্ধতি প্রস্তাব করেছে। শুধু কঠোর শাস্তি নয়, অপরাধের কারণ অনুসন্ধানও জরুরি। ইসলাম চায় না কেউ অপরাধী হোক। ইসলাম চায়, সমাজ এমন হোক যেখানে অপরাধ জন্ম নেবে না। কিন্তু যদি কেউ সীমালঙ্ঘন করে, অন্যের জান-মাল ধ্বংস করে, তখন ইসলাম কঠোর হতে বলে। কোরআনে বর্ণিত হয়েছে, ‘যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করে এবং পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে তাদের শাস্তি হলো এই যে, তাদের হত্যা করা হবে অথবা ক্রুশবিদ্ধ করা হবে অথবা তাদের হাত-পা বিপরীত দিক থেকে কেটে ফেলা হবে অথবা তাদের দেশ থেকে নির্বাসিত করা হবে। এ হলো তাদের জন্য দুনিয়ার লাঞ্ছনা। আর তাদের জন্য আখেরাতে রয়েছে মহাশাস্তি।’ (সুরা মায়েদা ৩৩)

দুনিয়ার আদালতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হতে পারে, অপরাধী কখনো রক্ষাও পেতে পারে। কিন্তু আখেরাতের আদালতে কোনো অন্যায় আড়াল থাকবে না। মহান আল্লাহ বলেন, ‘যে কেউ অণু পরিমাণ সৎকর্ম করবে, সে তা দেখতে পারবে। আর যে কেউ অণু পরিমাণ অসৎকর্ম করবে, সে তাও দেখতে পারবে।’ (সুরা জিলজাল ৭-৮) তাই যারা আজ আগুন জ¦ালায়, যারা মানুষের সম্পদ ও জীবন ধ্বংস করে, তারা হয়তো দুনিয়ার চোখে পার পেয়ে যাচ্ছে, কিন্তু আল্লাহর ন্যায়বিচারের আদালতে তারা কোনো ছাড় পাবে না। এখন প্রশ্ন হলো, আমরা কবে বুঝব রাজনীতি মানে ধ্বংস নয়, বরং নিজের আদর্শ ও কর্মদক্ষতার মাধ্যমে মানুষের আস্থা অর্জন করা। মতবিরোধ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। নির্বাচনী সময়কে ঘিরে যারা ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালায়, তারা নিজেরাই নিজেদের আদর্শকে কলুষিত করে। এমন কাজের মাধ্যমে জনসমর্থন নয়, কেবল ভয় সৃষ্টি হয়, যার পরিণতি খুবই ভয়াবহ। রাষ্ট্রেরও এখানে বড় দায়িত্ব আছে। অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। কিন্তু তা যেন ন্যায়বিচারের ভিত্তিতে হয়। প্রশাসন ও আইন প্রয়োগকারী সংস্থার নিরপেক্ষতা জনগণের আস্থা ফিরিয়ে আনতে পারে। বিচারব্যবস্থাকে হতে হবে স্বচ্ছ ও দ্রুত। বিচার বিলম্বিত হলে অপরাধীরা সাহস পায়, ভুক্তভোগীরা হাতাশায় ভোগে।

আর শুধু শাস্তি নয়, প্রয়োজন প্রতিরোধমূলক উদ্যোগ। সমাজের নৈতিক ভিত্তি দুর্বল হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একা কিছুই করতে পারে না। যুবসমাজ যদি হতাশায় ডুবে থাকে এবং বেকারত্বে জর্জরিত হয়, যদি তাদের সামনে ইতিবাচক বিকল্প না থাকে, তবে তারা সহজেই উগ্রতার দিকে ঝুঁকে পড়ে। এক্ষেত্রে অর্থনৈতিক স্থিতি ও শিক্ষার উন্নয়ন অপরাধ দমনের অন্যতম উপায়। তরুণ প্রজন্মকে কর্মমুখী শিক্ষা, সংস্কৃতিমূলক কার্যক্রম ও সামাজিক নেতৃত্বে যুক্ত করা জরুরি। পরিবারের ভূমিকা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। পরিবার হলো সমাজের প্রথম বিদ্যালয়। সন্তান যদি সেখানে নৈতিকতা, সহনশীলতা ও দায়িত্ববোধের শিক্ষা না পায়, তবে সে সমাজের শান্তি রক্ষা করতে পারবে না। পিতা-মাতা যদি নিজেরা নিয়মনীতি মানে না, মিথ্যা বলে, অন্যের ক্ষতি করে, সন্তানও সেই ধারা অনুসরণ করবে। ধর্মীয় প্রতিষ্ঠানগুলোকেও দায়িত্ব নিতে হবে। মসজিদ, মাদ্রাসা ও ধর্মীয় নেতারা যদি ইসলামের প্রকৃত শান্তির বার্তা প্রচার করেন, মানুষকে সহমর্মিতা ও মানবিকতার পথে আহ্বান করেন, তাহলে সমাজের অনেকে অপরাধ থেকে ফিরে আসবে।

যে সমাজে ধ্বংসাত্মক কাজ হয় সেখানে বিশ্বাস হারিয়ে যায়, ভ্রাতৃত্ববোধ বিলুপ্ত হয়, উন্নয়ন থেমে যায়। যারা মনে করে সহিংসতা তাদের রাজনৈতিক লক্ষ্য অর্জনের উপায়, তারা ভুল করছে। ইতিহাস সাক্ষী, সহিংসতার রাজনীতি কখনো টেকে না। যেসব দেশ শান্তি ও ন্যায়ের পথে অটল থেকেছে, তারাই টিকে আছে, এগিয়েছে। যেকোনো মতবিরোধ, যেকোনো রাজনৈতিক বিরোধ হোক, তা যেন কখনোই আগুন, রক্তপাত বা ভাঙচুরে রূপ না নেয়। প্রত্যেক নাগরিকের দায়িত্ব শান্তি রক্ষা করা, আইন মেনে চলা এবং অন্যের অধিকারে হস্তক্ষেপ না করা। আখেরাতের কথা ভুলে গেলে মানুষ দুনিয়ার সীমা ভুলে যায়। অথচ মৃত্যুর পর প্রত্যেকেই আল্লাহর সামনে হাজির হবে। সেই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে। এখন প্রয়োজন আত্মসমালোচনার। আমাদের সমাজ কোন পথে যাচ্ছে, রাজনীতি কতটা মানবিক, শিক্ষা কতটা নৈতিক এসব প্রশ্ন নিয়ে ভাবতে হবে। আইন প্রয়োগে কঠোরতা যেমন দরকার, তেমনি নৈতিকতা ও আধ্যাত্মিকতার বিকাশও অপরিহার্য।

লেখক : ইসলামবিষয়ক গবেষক

muftimahbub503@gmail.com