একটি বিষয় আমার মাথায় আসে না, সেটি হলো, কারো সাথে দেখা হলে প্রশ্ন করেন, নির্বাচন কী হবে? আমি এই প্রশ্নের তাৎপর্য ঠিক বুঝতে পারি না। কিন্তু ১০ জনের সাথে দেখা হলে তাদের মধ্যে ৮ জনেরই একই প্রশ্ন: নিবার্চন কি হবে? গত শুক্রবার গল্ফ্ ক্লাব কনভেনশন সেন্টারে এক বিয়েতে গিয়েছিলাম। সেখানেও অনেক মানুষ সেই একই প্রশ্ন করলেন। আমি সকলকেই একই কথা বলি। নির্বাচন হবে না, তেমন কোনো আলামত আপনারা কী দেখলেন? ড. ইউনূস সেই শুরু থেকেই বলে আসছেন, তিনি ক্ষমতায় আসতেও ইচ্ছুক ছিলেন না, থাকতেও ইচ্ছুক নন। তবে তিনি চান একটি ভালো নির্বাচন দেশবাসীকে উপহার দিতে, যে রকম নির্বাচন দেশবাসী বিগত ১৫ বছরে পায়নি। তার উপদেষ্টা পরিষদে একমাত্র আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া ছাড়া আর কেউ রাজনীতিও করবেন না, ইলেকশনও করবেন না। সুতরাং ইলেকশন না হওয়ার কী কারণ থাকতে পারে? সম্ভবত গত ৮ নভেম্বর প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম খুব জোর দিয়ে বললেন যে, পৃথিবীর এমন কোনো শক্তি নাই, যে শক্তি বাংলাদেশে ফেব্রুয়ারির নির্বাচন ঠেকাতে পারে। কিন্তু তার পরেও কেনো এই শঙ্কা?
এই মুহূর্তে দেশে যে রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে সেটি নিঃসন্দেহে খুব বড় এবং জটিল। কিন্তু সেই সঙ্কট যেভাবেই হোক, কাটিয়ে উঠে দিন শেষে নির্বাচন হবে বলে এখনো আমার ধারণা। কিন্তু ঐ সঙ্কট যদি কাটিয়ে ওঠা সম্ভব না হয় তাহলে? এটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। আর আমার মতে, এই সঙ্কট সৃষ্টির মূলে রয়েছেন স্বয়ং ড. মুহাম্মদ ইউনূস।
অতীতে আওয়ামী লীগ বিএনপির দ্বিপাক্ষিক সংলাপ হয়েছে। কিন্তু সেই সংলাপ সফল হয় নাই। এমনকি বিএনপি আওয়ামী লীগের মতদ্বৈধতা নিরসনের জন্য অস্ট্রেলিয়ার সাবেক গভর্নর জেনারেল এবং কমনওয়েলথের তৎকালীন মহাসচিব স্যার নিনিয়ান স্টিফেনকেও মধ্যস্থতা করার জন্য আনা হয়েছিলো। কিন্তু সেই সংলাপও ভেস্তে যায়। এই দুই দলের মধ্যে দূরত্ব কমিয়ে আনার জন্য জাতিসংঘের সহকারী মহাসচিব ফার্নান্দেজ তারানকোকেও আনা হয়েছিলো। তিনিও ব্যর্থ হয়ে ফিরে গেছেন।
দেশের ২টি বড় দল অর্থাৎ আওয়ামী লীগ ও বিএনপির মধ্যেই যেখানে কোনো দিন নিম্নতম ইস্যুতে ঐকমত্য প্রতিষ্ঠিত করা যায়নি সেখানে ৩৩টি রাজনৈতিক দলকে ডেকে তাদের মধ্যে ঐকমত্য প্রতিষ্ঠা করা যাবে, এমন ধারণা কীভাবে প্রধান উপদেষ্টা করতে পারলেন? সংবিধান সংস্কার কমিশনের প্রধান করা হয়েছিলো প্রথমে বিশিষ্ট আইনজীবী শাহদীন মালিককে। তারপর অজ্ঞাত কারণে তার স্থলাভিষিক্ত হন ড. আলী রিয়াজ। ড. আলী রিয়াজ আমেরিকার ইলিনয় বিশ^বিদ্যালয়ের ডিস্টিংগুইসড প্রফেসর হলেও তার একটি রাজনৈতিক ব্যাকগ্রাউন্ড রয়েছে। ছাত্রজীবনে তিনি জাসদ ছাত্রলীগ করতেন। পরবর্তীতে তিনি জাসদ করেন। সুতরাং ড. ইউনূস নন পলিটিক্যাল হলেও ড. আলী রিয়াজ নন পলিটিক্যাল নন। এখন হয়তো পেশাগত কারণে তাকে নন পলিটিক্যাল থাকতে হচ্ছে। কিন্তু তিনি মনে প্রাণে একটি বিশেষ রাজনৈতিক আদর্শ পোষণ করেন।
ঐকমত্য কমিশনে আরেকজন সহকারী ছিলেন, তিনি হলেন মনির হায়দার। তিনি আওয়ামী জামানার প্রথম দিকে দৈনিক ইত্তেফাকের রিপোর্টার ছিলেন। আওয়ামী লীগ বিরোধী হওয়ার কারণে তিনি দেশত্যাগ করে আমেরিকায় যাওয়াকেই নিরাপদ মনে করেন। তিনিও একজন রাজনৈতিক ব্যক্তি, মনে প্রাণে তিনিও একটি বিশেষ রাজনৈতিক আদর্শ পোষণ করেন। আমি এই দুই ব্যক্তি সম্পর্কে যে ধারণা দিলাম সেটি আমি দায়িত্ব নিয়েই দিয়েছি।
এদের সম্পর্কে এত কথা বলার উদ্দেশ্য হলো এই যে, তাদের মতো পলিটিক্যাল এলিমেন্ট থাকা সত্ত্বেও ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠক ব্যর্থ হলো কেনো? আমার মনে হয়, কারণগুলোর মধ্যে একটি কারণ হলো, গ্রামের ঐ পুরাতন প্রবাদ। প্রবাদটি হলো, ‘একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র, চারে হাট’। অর্থাৎ চার বাঙালি বা বাংলাদেশি একত্র হলে সেখানে অবশ্যই দুই থেকে চার রকম মতামত পাওয়া যায় এবং অবশেষে মতাধিক্যের কারণে হাট বসে বা হট্টগোল শুরু হয়ে যায়।
॥দুই॥ ফেব্রুয়ারি মাস থেকে অক্টোবর মাস: এই ৯ মাস ধরে ঐকমত্য কমিশন একের পর এক বৈঠক করে। প্রতিটি বৈঠকই হয় ম্যারাথন সেশন। ৯ মাস ধরে বৈঠক করে কী হলো? ঐ যে সেই আরেকটি প্রবাদের মতো, ‘সপ্তকা- রামায়ন পড়ে সীতা হলো রামের মাসি’। ইংরেজিতে একটি ইডিয়ম আছে। সেটি হলো, Back to square one.. অর্থাৎ যেখান থেকে শুরু, অবশেষে সেখানেই প্রত্যাবর্তন। ৯ মাস ধরে বৈঠকের পর সরকার বলল যে, আপনাদেরকে ৭ দিনের সময় দিলাম। এই ৭ দিন আপনারা নিজেরা বৈঠক করুন। নিজেরা বৈঠক করে যে সিদ্ধান্তে আসবেন সেটি আমাদেরকে জানালে আমরা সেটিকে নির্দেশনা হিসেবে গ্রহণ করবো এবং সেই মোতাবেক জুলাই সনদ জারি করবো। প্রধান উপদেষ্টা একথা কী করে ভাবতে পারলেন যে, যেখানে সরকারের মধ্যস্থতায় ৯ মাস বৈঠক করে কোনো ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব হয়নি সেখানে ৩৩টি রাজনৈতিক দল কী করে মাত্র ৭ দিন বৈঠক করে ঐকমতে পৌঁছাতে পারবে?
তাই, যা হবার অবশেষে তাই হলো। জামায়াত নেতা ড. আব্দুল্লাহ মোহাম্মদ তাহের নিজেদের মধ্যে বৈঠক করার জন্য বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ফোন করেছিলেন। এরপর বিএনপি স্ট্যান্ডিং কমিটির বৈঠক হয়। সেই বৈঠকে তারেক রহমান অনলাইনে যুক্ত হন। বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সালাহউদ্দিন আহমেদ জানিয়ে দিয়েছেন যে, সরকার যদি কোনো বৈঠক ডাকে তাহলে আমরা সেখানে যাবো। সেখানে সরকার জামায়াতকে দিয়ে আমাদেরকে বৈঠকে বসতে বলে কেনো?
এই পটভূমিতে রাজনৈতিক দলগুলির মধ্যে যে, বৈঠক হচ্ছে না সেটি মোটামুটি ধরে নেওয়া যায় (অন্তত রবিবার রাতে যখন এই কলামটি লিখছি তখন পর্যন্ত)। সোমবার অর্থাৎ ১০ নভেম্বর সরকার নির্ধারিত ৭ দিন অতিক্রান্ত হয়েছে। এর মধ্যে কি কিছু ঘটলো, নাকি কিছুই ঘটেনি, সেসম্পর্কে জানার সুযোগ হয় নাই। কিন্তু সরকার বলেছিলো যে, ৭ দিনের মধ্যে রাজনৈতিক দলগুলো যদি নিজেদের মধ্যে বৈঠক করে একটি সিদ্ধান্ত জানাতে না পারে তাহলে সরকার নিজেই একটি সিদ্ধান্ত নিয়ে সেটি ঘোষণা করবে। এর মধ্যে দু’ একটি বাংলা দৈনিক রিপোর্ট করেছে যে, আগামী বৃহস্পতিবার অর্থাৎ ১৩ তারিখে উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠক অনুষ্ঠিত হবে। ইতোমধ্যেই ঐকমত্য কমিশনের খসড়ার ওপর মাজা ঘঁষা চলছে। বৃহস্পতিবারের উপদেষ্টা পরিষদের বৈঠকে সেটি চূড়ান্ত হবে এবং সরকার থেকে সেটি ঘোষণা করা হবে।
॥তিন॥ শেষমেষ সরকারকেই যদি সিদ্ধান্ত দিতে হয় তাহলে তো এই ৯ মাস ধরে বৈঠকের কোনো দরকার ছিলো না। ৯ মাস আগেই তো সরকার এরকম বিশেষ আদেশ বা প্রোক্লামেশন দিতে পারত। তাহলে আর সময়ের এই অপব্যয় হতো না।
এখন প্রশ্ন হলো, সরকার যে ঘোষণা দেবে সেটি কি সকলের কাছে গ্রহণযোগ্য হবে? সেটি কারো জানা নাই। কিন্তু যে তিনটি ইস্যু এখন জুলাই সনদ জারি করার সামনে মূর্তিমান বাধা হয়ে দাঁড়িয়েছে সেগুলোকে সরকার কতখানি অ্যাড্রেস করতে পারছে?
বিসমিল্লাহতেই যে জ¦লন্ত প্রশ্ন, সেটি হলো, কে এই বিশেষ আদেশ জারি করবেন? প্রেসিডেন্ট সাহাবুদ্দিন? নাকি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস? এটি তো এখন শুধু প্রধান সমস্যা নয়, একেবারে মৌলিক প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিএনপির তরফ থেকে বলা হচ্ছে যে, ইউনূসের সরকার সংবিধানের ১০৬ অনুচ্ছেদ মোতাবেক সুপ্রীমকোর্টের মতামত ক্রমে গঠিত হয়েছে বলে এটি একটি সাংবিধানিক সরকার। এই সরকার চলবে সংবিধানের অধীনে। সংবিধান মোতাবেক যেখানে প্রধান উপদেষ্টার কোনো ক্ষমতা বা এখতিয়ার নাই, যেখানে তিনি এই ধরনের একটি আদেশ জারি করতে পারেন না। বলা হয়েছে যে, ঐ বিশেষ আদেশে থাকবে একটি সংবিধান সভা গঠন। আসলে সংবিধান সভা বলতে মানুষ বোঝে গণপরিষদ। সেই সংবিধান সভার থাকবে গাঠনিক ক্ষমতা। গাঠনিক ক্ষমতা বলতে আমরা বুঝি কনস্টিউয়েন্ট পাওয়ার। সালাহউদ্দিন আহমদ বলেছেন, সংবিধান সভা এবং গাঠনিক ক্ষমতাসম্পন্ন বিশেষ আদেশ জারি করার কোনো এখতিয়ার বা ক্ষমতা প্রধান উপদেষ্টার নাই। এমনকি প্রেসিডেন্টেরও নাই। প্রেসিডেন্ট অধ্যাদেশ জারি করতে পারেন। কিন্তু বিশেষ আদেশ বা ফরমান জারি করতে পারেন না। ৯ নভেম্বরের দৈনিক সংবাদপত্রের রিপোর্ট মোতাবেক বিএনপির অপর একজন সিনিয়র নেতা আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে, ‘সংবিধানে গণভোট নেই। আগামীতে নির্বাচনে পাস করে সংবিধানে যুক্ত করার পর গণভোট হতে পারে।’ বিএনপি আরো বলেছে, সরকার যদি গণভোট চায়ও তাহলে সেটি বিশেষ আদেশের বলে নয়, প্রজ্ঞাপন বা গেজেট নোটিফিকেশনের মাধ্যমে করতে হবে।
পক্ষান্তরে জামায়াত বলছে যে, এই সরকার সাংবিধানিক সরকার নয়। এই সরকারের ক্ষমতার উৎস হলো জনগণের সার্বভৌম ইচ্ছা যেটি জুলাই বিপ্লবের মাধ্যমে প্রকাশিত হয়েছে। জনগণের সার্বভৌম ইচ্ছা সংবিধানেরও ওপর। তাই এই সরকারের বিশেষ আদেশ জারি করার ক্ষমতা এবং এখতিয়ার রয়েছে।
॥চার॥ আরো দুটি বিরোধীয় ইস্যু বা Bone of Contention রয়েছে। একটি হলো, নির্বাচনের আগে গণভোট? নাকি নির্বাচনের দিন গণভোট? আরেকটি বিরোধীয় ইস্যু হলো, গণভোটে কি নোট অব ডিসেন্ট বা আপত্তি থাকবে? নাকি থাকবে না?
আমরা জানি না, সরকার যে আদেশ জারি করবে সেখানে এসব ইস্যুকে কীভাবে অ্যাড্রেস করা হবে? সরকার সব পক্ষকে খুশি করতে চায়। এটি কোনো দিন সম্ভব হয় না। এক পক্ষ খুশি হলে আরেক পক্ষ বেজার হবে। এই রশি টানাটানিতে শেষমেষ নির্বাচনটাই কি চ্যালেঞ্জের মুখে পড়বে?
বিএনপি তো প্রথম থেকেই নির্বাচন চেয়ে আসছে। নির্ভরযোগ্য মহল বলে যে, বিএনপি যেমন মনে করে, নির্বাচন হলে তারাই ক্ষমতায় যাবে, তেমনি জামায়াতও মনে করে যে, নির্বাচনে গেলে তারাই প্রধান বিরোধী দল হবে। কিন্তু তার পরেও সঙ্কট কাটছে না কেনো? আজ মঙ্গলবার ১১ নভেম্বর রাজধানীতে জামায়াত এবং ৮ দলের অনেক বড় সমাবেশ করার কথা। দাবি আদায় না হলে সেখান থেকে তারা নাকি আরো কঠোর কর্মসূচি দেবে। ঐদিকে বিএনপিও বলেছে যে, ওরা যেমন রাজপথে নেমেছে তেমনি বিএনপিও রাজপথে নামার ক্ষমতা রাখে। তবে বিএনপি যদি রাজপথে নামে তাহলে তো হবে সংঘাত ও সংঘর্ষ। সবচেয়ে বড় দল হিসাবে বিএনপি সংঘাত এড়াতে চায়।
এই কলাম লেখার সময় মির্জা ফখরুলের একটি বক্তব্য শুনলাম। ঠাকুরগাঁয়ে এক নির্বাচনী জনসভায় তিনি এই বক্তব্য দিয়েছেন। বলেছেন, ‘ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের ওপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে।’
সেই চাপিয়ে দেওয়া গণভোট ও সনদ কি বিএনপির নিকট গ্রহণযোগ্য হবে? যদি না হয় তাহলে বিএনপির বিরোধিতার মুখে কি চাপিয়ে দেওয়া সম্ভব হবে?
Email:journalist15@gmail.com
