অর্থনীতির প্রচলিত পাঠ্যসূচিতে শেখানো হয় উন্নয়নকে গাণিতিক ছকে বিচার করতে। আমরা যখন কোনো দেশের সমৃদ্ধি বা সংকট পরিমাপ করি, তখন আমাদের দৃষ্টি নিবদ্ধ থাকে মূলত জিডিপি প্রবৃদ্ধির হার, মুদ্রাস্ফীতি কিংবা বৈদেশিক মুদ্রার রিজার্ভের ওঠানামার মতো কিছু শীতল পরিসংখ্যানের ওপর। কিন্তু অর্থনীতির এই কারিগরি দৃষ্টিভঙ্গি প্রায়শই আমাদের সত্যের একটি বড় অংশ থেকে বঞ্চিত রাখে। একজন রাজনৈতিক অর্থনীতির গবেষক হিসেবে যখন আমি ডগলাস নর্থ (১৯৯০) কিংবা এসেমগলু ও রবিনসন (২০১২)-এর তাত্ত্বিক লেন্সে বাংলাদেশের বর্তমান পরিস্থিতির দিকে তাকাই, তখন এক উদ্বেগজনক চিত্র ফুটে ওঠে। যেখানে প্রতিষ্ঠানগুলো জনস্বার্থের ‘খেলার নিয়ম’ হওয়ার পরিবর্তে লুণ্ঠনকারী গোষ্ঠীর ‘নিষ্কাশনমূলক হাতিয়ারে’ পরিণত হয়েছে।

ঠিক এখানেই আমার প্রস্তাবিত অলিগার্কির ‘সময়-জ্ঞান-তথ্য’ লুণ্ঠনের প্যারাডাইমটি প্রাসঙ্গিক হয়ে ওঠে। এই প্যারাডাইমটি গ্যারি বেকারের ‘সময়ের বণ্টন’ (১৯৬৫), পল পিয়ারসনের ‘পথ-নির্ভরতা’ (২০০০) এবং জোসেফ স্টিগলিটজের ‘তথ্যের অসামঞ্জস্যতা’ (১৯৮১) তত্ত্বগুলোকে সময়কে কেন্দ্র করে একটি নতুন কাঠামোয় পুনর্গঠন করে। অলিগার্কির এই কাঠামো কেবল অর্থ লুণ্ঠন করে না, বরং মানুষের সময় চুরি করে তাদের টিকে থাকার লড়াইয়ে এতটাই ব্যস্ত রাখে যে উদ্ভাবনী চিন্তার অবকাশ থাকে না। তথ্যের বিকৃতি ও জ্ঞানের প্রবাহ রুদ্ধ করে তারা এক ধরণের ‘প্রাতিষ্ঠানিক পক্ষাঘাত’ তৈরি করে।

এই বৈশ্বিক তাত্ত্বিক প্রেক্ষাপটে দাঁড়িয়ে আইএমএফ কর্মসূচি ‘ভালো না খারাপ’, এমন সরলীকৃত ও বালখিল্য তর্কের কোনো অবকাশ নেই। প্রকৃত প্রশ্নটি হলো: আইএমএফ-নির্ধারিত নীতিগুলো ঠিক কোন ধরণের রাজনৈতিক বন্দোবস্তের ছাঁকুনি দিয়ে নিচে নামছে? এই ২০২৬ সালে দাঁড়িয়ে গত তিন বছরের অভিজ্ঞতায় আমরা দেখি এক বিভ্রান্তিকর বিভ্রম। সামষ্টিক অর্থনীতির যে তথাকথিত স্থিতিশীলতা আমাদের দেখানো হচ্ছে, তা আসলে এক গভীর কাঠামোগত অবক্ষয়কে চিলতে পর্দার মতো ঢেকে রেখেছে। সাধারণত আইএমএফ-এর সংস্কার নীতিগুলো জনকল্যাণের পরিবর্তে লুণ্ঠনকারী গোষ্ঠীর আন্তর্জাতিক বৈধতা রক্ষার ঢাল হিসেবে ব্যবহৃত হয়। রাজস্ব বাড়ানোর নামে সাধারণ মানুষের ওপর ভ্যাটের বোঝা কিংবা ভর্তুকি কমানোর দোহাই দিয়ে জ্বালানির দাম বাড়ানো হলেও মেগা-প্রকল্পের নামে সম্পদ নিষ্কাশন বা বড় ঋণখেলাপিদের বিচারহীনতা বহাল থাকে। সবচেয়ে বিস্ময়কর হলো, আইএমএফ-এর অর্থনীতিবিদরা এই অলিগার্কিক চরিত্র সম্পর্কে অজ্ঞাত নন। তবুও তাদের কারিগরি সমাধানগুলো রাজনৈতিক বাস্তবতাকে এড়িয়ে শাসকগোষ্ঠীকে একটি নীতিগত বৈধতার সিলমোহর প্রদান করে। ফলে আইএমএফ কর্মসূচি অভ্যন্তরীণ লুণ্ঠনমূলক ব্যবস্থাকে একটি বৈশ্বিক লাইফ-সাপোর্ট সিস্টেম হিসেবে জারি রাখে। যতক্ষণ না এই কাঠামো ভেঙে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক ও অর্থনৈতিক বিপ্লব ঘটানো যাচ্ছে, ততক্ষণ ঋণের এই অক্সিজেন কেবল লুণ্ঠনতন্ত্রকেই দীর্ঘায়িত করবে।

আধুনিক রাষ্ট্রতত্ত্বের জনক ম্যাক্স ওয়েবার (১৯১৯) রাষ্ট্রকে সংজ্ঞায়িত করেছিলেন বৈধ কর্তৃত্ব, পেশাদার আমলাতন্ত্র এবং সবার জন্য সমভাবে প্রযোজ্য আইন-প্রয়োগক্ষমতার এক সমন্বিত কাঠামো হিসেবে। একটি নিয়মভিত্তিক রাষ্ট্রে নীতি প্রণয়ন ও তা বাস্তবায়নের মধ্যে একটি ন্যূনতম সামঞ্জস্য থাকে, যেখানে আইনের চোখে নাগরিকের রাজনৈতিক পরিচয় নয়, বরং আইনি পরিচয়ই মুখ্য হয়ে ওঠে। আইএমএফ যখন বাংলাদেশের জন্য ২০২৩ সালে প্রাথমিকভাবে ৪.৭ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি অনুমোদন করে, যা পরে ইসিএফ, ইএফএফ ও আরএসএফ-এর আওতায় অগমেন্ট হয়ে প্রায় ৫.৫ বিলিয়ন ডলারে উন্নীত হয়, তখন তাদের গাণিতিক মডেলগুলো পরোক্ষভাবে ধরে নেয় যে, বাংলাদেশও একটি ওয়েবারিয়ান রাষ্ট্র। অর্থাৎ, এখানে আমলাতন্ত্র নিরপেক্ষভাবে কাজ করবে এবং প্রণীত নীতিমালা কোনো বৈষম্য ছাড়াই সবার ওপর সমানভাবে প্রয়োগ হবে।

আইএমএফ চুক্তিতে কর-জিডিপি অনুপাত দ্রুত বাড়ানো, ভ্যাটভিত্তিক রাজস্ব কাঠামো জোরদার এবং জ্বালানিতে ভর্তুকি কমিয়ে ফর্মুলা-ভিত্তিক মূল্য নির্ধারণের শর্ত রাখা হয়েছে। এগুলো কাগজে নিখুঁত দেখালেও আংশিক রাষ্ট্রের সিলেক্টিভ প্রয়োগে মূলত বড় করফাঁকিবাজদের ছাড় দিয়ে সাধারণ ভোক্তার ওপর মুদ্রাস্ফীতির চাপ বাড়ায়। একে ডগলাস নর্থ ও সহ-গবেষকদের (২০০৯) ভাষায় বলা হয় ‘লিমিটেড এক্সেস অর্ডার’ বা ‘সীমিত প্রবেশাধিকারের ব্যবস্থা’। এই ব্যবস্থায় নীতিনির্ধারকরা যখন সংস্কারের নামে কর বাড়ায় বা ভর্তুকি কমায়, তখন সে তার মিত্র অলিগার্কদের স্বার্থে আঘাত না করে সাধারণ নাগরিকের ওপর সেই বোঝার দায়ভার চাপিয়ে দেয়। ফলে আইএমএফ-এর টেকনিক্যাল সংস্কারগুলো এই কাঠামোর ভেতরে এসে জনগণের সম্পদ নিষ্কাশনের একটি নতুন বৈধ হাতিয়ারে পরিণত হয়।

বাংলাদেশের রূঢ় বাস্তবতা এক ভিন্ন চিত্র তুলে ধরে। এই রাষ্ট্রে সামষ্টিক অর্থনীতির সূচকে সাময়িক স্থিতিশীলতা আনা হলেও প্রাতিষ্ঠানিক ভাঙন চলতেই থাকে। এই রাষ্ট্রের নীতি-নির্ধারণী সক্ষমতা কাগজে-কলমে অত্যন্ত আধুনিক ও দৃষ্টিনন্দন হলেও এটি আসলে একটি সক্ষমতার বিভ্রম মাত্র। আইএমএফ-এর শর্ত মানতে গিয়ে যখন জ্বালানি ও বিদ্যুতের ভর্তুকি কমিয়ে সাধারণ মানুষের ব্যয় বাড়ানো হয়, তখন রাষ্ট্র কঠোর সংস্কারকের মুখোশ পরে। কিন্তু একই রাষ্ট্রযন্ত্র যখন মেগা-প্রকল্পের রেন্ট-সিকিং বন্ধ, বড় ঋণখেলাপিদের পাকড়াও কিংবা প্রভাবশালী করফাঁকিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার মুখোমুখি হয়, তখন তা রহস্যজনকভাবে পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে। এই সুপরিকল্পিত বৈপরীত্যই অলিগার্কিক ব্যবস্থায় আইএমএফ-এর প্রকৃত ভূমিকা স্পষ্ট করে দেয়। আইএমএফ-এর ঝানু অর্থনীতিবিদরা রাজনৈতিক অর্থনীতির এই গভীর বাস্তবতাকে পাশ কাটিয়ে কেবল কারিগরি সমাধানের ভেতর নিজেদের সীমাবদ্ধ রাখেন। যখন তারা কঠিন প্রেক্ষাপটেও সংস্কার সন্তোষজনক বলে সনদ দেয়, তখন সেই স্বীকৃতি শাসক অলিগার্কির জন্য এক ধরণের আন্তর্জাতিক নীতিগত বৈধতার সিলমোহরে পরিণত হয়।

এর একটি প্রকট উদাহরণ দেখা যায় সাম্প্রতিক ঘটনাবলীতে। ২০২৫ সালের জুনে আইএমএফ তৃতীয় ও চতুর্থ পর্যালোচনা একত্রে সম্পন্ন করে প্রায় ১.৩৩ বিলিয়ন ডলারের কিস্তি অনুমোদন করে। বোর্ড বিবৃতিতে একদিকে ‘কঠিন প্রেক্ষাপটে সন্তোষজনক অগ্রগতির’ কথা বলা হয়, অন্যদিকে ব্যাংকিং ও গভর্ন্যান্স ঝুঁকিকে ‘এলিভেটেড’ বলা হয়। এই দ্বৈত ভাষা আসলে আইএমএফ-এর সেই ক্ল্যাসিকাল পলিটিক্যাল ইকোনমি দ্বন্দ্বেরই প্রতিফলন। সে সাম্য ও স্থিতিশীলতার বুলি আউড়ালেও দিনশেষে তার কর্মসূচি লুণ্ঠনতন্ত্রের একটি বৈশ্বিক লাইফ-সাপোর্ট সিস্টেম হিসেবেই জারি থাকে।

এই সমগ্র প্রাতিষ্ঠানিক বিভ্রমের সবচেয়ে বড় শিকার হলো সাধারণ মানুষের সময়। নিয়ম যখন সবার জন্য সমান থাকে না, তখন ক্ষুদ্র উদ্যোক্তা ও সাধারণ নাগরিকদের বৈষম্যমূলক আমলাতান্ত্রিক জটিলতার সঙ্গে লড়াই করতে গিয়ে তাদের জীবনের অমূল্য সম্পদ সময় বিসর্জন দিতে হয়। রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলো যখন নিয়ম প্রয়োগের সার্বজনীন সক্ষমতা হারিয়ে কেবল একটি ক্ষুদ্র গোষ্ঠীর স্বার্থরক্ষার যন্ত্রে পরিণত হয়, তখন প্রবৃদ্ধির পরিসংখ্যান আর টেকসই উন্নয়নে রূপ নেয় না। ডগলাস নর্থের ভাষায়, রাষ্ট্র তখন এমন এক খেলার নিয়ম তৈরি করে, যা উদ্ভাবনকে নিরুৎসাহিত করে এবং রেন্ট-সিকিংকে পুরস্কৃত করে।

বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির মানচিত্রে সবচেয়ে গভীর এবং বিষাক্ত ক্ষতটির নাম ব্যাংকিং খাত। বাংলাদেশের বর্তমান ব্যাংকিং ব্যবস্থা এক আদর্শ নিষ্কাশনমূলক প্রতিষ্ঠান, যার প্রকৃত কাজ হলো সাধারণ আমানতকারী ও রাষ্ট্রের সম্পদকে সুকৌশলে একটি ক্ষুদ্র অলিগার্কিক গোষ্ঠীর হাতে স্থানান্তর করা। এখানে ঝুঁকির জাতীয়করণ করা হয়, আর মুনাফার ব্যক্তিকরণ করা হয়। পরিসংখ্যান এই পদ্ধতিগত লুণ্ঠনতন্ত্রকে নগ্ন করে দেয়। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ হিসাব ও স্বাধীন গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে ব্যাংকিং খাতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ৬.৪৪ লক্ষ কোটি টাকা। সরকারি হিসাবে শ্রেণীকৃত ঋণের অনুপাত ২৬ শতাংশ ধরা হলেও, আপডেটেড আন্তর্জাতিক পদ্ধতিতে তা বকেয়া ঋণের প্রায় ৩৫-৩৬ শতাংশের কাছাকাছি, যা বিশ্বে সর্বোচ্চের কাতারে। ব্যাংক বহির্ভুত আর্থিক প্রতিষ্ঠানে খেলাপি ঋণের হার ৩৭ শতাংশ ছাড়িয়েছে। একে নিছক ব্যবস্থাপনাগত ব্যর্থতা বলা ভুল হবে; বরং এটি পরিকল্পিতভাবে তৈরি করা এক প্রাতিষ্ঠানিকীকরণকৃত নৈতিক ঝুঁকি। রাষ্ট্রের নিয়ন্ত্রক সংস্থাগুলো যখন বারবার ইচ্ছাকৃত খেলাপিদের পুনঃতফসিল সুবিধা দেয়, তখন লুণ্ঠনকারীরা স্পষ্ট বার্তা পায় যে, অপরাধ করলে শাস্তি নয়, বরং পুরস্কার মেলে। এই বেপরোয়া মানসিকতার ফলেই ব্যাংকিং খাতের সম্মিলিত মূলধন ঘাটতি এখন প্রায় ১৫.৫ বিলিয়ন ডলারে (প্রায় ১.৮০ লক্ষ কোটি টাকা) দাঁড়িয়েছে, যা জনগণের কর ও ভবিষ্যৎ আয়ের ওপর এক গোপন বন্ধক।

রাজনৈতিক অর্থনীতির একটি ধ্রুপদী সত্য হলো, যেকোনো সার্বভৌম রাষ্ট্রের অস্তিত্ব ও সক্ষমতার প্রাথমিক পরীক্ষা নির্ধারিত হয় তার কর আদায়ের ক্ষমতার মাধ্যমে। রাষ্ট্রের সাথে নাগরিকের যে সামাজিক চুক্তি, তার প্রধান শর্তই হলো নাগরিক রাষ্ট্রকে কর দেবে এবং রাষ্ট্র তার বিনিময়ে নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করবে। কিন্তু বাংলাদেশের কর-জিডিপি অনুপাত যখন দীর্ঘ সময় ধরে বিশ্বের অন্যতম সর্বনি¤œ (৯ শতাংশের নিচে) থাকে, তখন বুঝতে হবে সেই সামাজিক চুক্তিটি আদতে ভেঙে পড়েছে। আমি একে কেবল কোনো কারিগরি বা প্রশাসনিক ব্যর্থতা হিসেবে দেখি না; বরং এটি একটি বিশুদ্ধ রাজনৈতিক সিদ্ধান্ত এবং অলিগার্কিক শক্তির সচেতন বিজয়।

বাংলাদেশের করব্যবস্থা বর্তমানে দাঁড়িয়ে আছে একটি অনৈতিক রাজস্ব-লুটেরা সমঝোতার ওপর। লুটেরা ব্যবসায়ী গোষ্ঠী, যারা জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) কার্যত ‘রেগুলেটরি ক্যাপচার’ বা নিজেদের কবজায় নিয়ে নিয়েছে। সংবিধিবদ্ধ রেগুলেটরি আদেশ বা এসআরও-এর মাধ্যমে বিশেষ বিশেষ শিল্পগোষ্ঠীকে প্রতি বছর যে হাজার হাজার কোটি টাকার করছাড় দেওয়া হয়, তা মূলত রাষ্ট্রের সম্পদ লুণ্ঠনের একটি আইনি বৈধতা মাত্র। বিভিন্ন গবেষণা ও পরিসংখ্যানের চুলচেরা বিশ্লেষণ বলছে, কর ফাঁকি ও অর্থ পাচারের কারণে বাংলাদেশ বছরে প্রায় ২৭ বিলিয়ন ডলার হারায়, যা বছরে প্রায় ২ লক্ষ ২৬ হাজার কোটি টাকারও বেশি। এই অংকটি আইএমএফ-এর মোট ঋণের আকারের চেয়েও প্রায় পাঁচ থেকে ছয় গুণ বেশি। অর্থাৎ, রাষ্ট্র যদি কেবল লুণ্ঠন বন্ধ করতে পারত, তবে আইএমএফ-এর দ্বারে দ্বারে ঘোরার কোনো প্রয়োজনই পড়ত না।

কিন্তু বিড়ম্বনা হলো, যখনই আইএমএফ-এর শর্তে রাজস্ব বাড়ানোর চাপ আসে, সরকার তখন অলিগার্কদের গায়ে হাত না দিয়ে ‘সহজ লক্ষ্যবস্তু’ হিসেবে সাধারণ মানুষের ওপর পরোক্ষ কর বা ভ্যাটের বোঝা চাপিয়ে দেয়। জোসেফ স্টিগলিটজ (২০০২) তাঁর ‘গ্লোবালাইজেশন অ্যান্ড ইটস ডিসকনটেন্টস’ গ্রন্থে ঠিক এই ট্র্যাজেডির কথাই বলেছিলেন; আইএমএফ-এর কৃচ্ছসাধন নীতি সব সময় গরিবের ওপর খড়গ হিসেবে নেমে আসে, যখন প্রভাবশালী ধনীরা ধরাছোঁয়ার বাইরে থেকে লুণ্ঠন অব্যাহত রাখে। এখানেই আমার সময়-জ্ঞান-তথ্য প্যারাডাইমের সবচেয়ে নিষ্ঠুর প্রয়োগটি দৃশ্যমান হয়। বর্তমানে বাংলাদেশের রাজস্ব ব্যবস্থার একটি বিশাল অংশ উন্নয়ন কাজে ব্যয় না হয়ে অপব্যয়িত হচ্ছে অতীতের লুণ্ঠনমূলক বৈদেশিক ঋণের চড়া সুদ পরিশোধে। ২০২৫-২৬ সালের প্রক্ষেপণ অনুযায়ী, কেবল সুদ পরিশোধেই প্রায় ১.২২ লাখ কোটি টাকা ব্যয় হবে, যা সরকারের রাজস্ব আয়ের প্রায় ২২ শতাংশ এবং মোট বাজেট ব্যয়ের প্রায় এক-পঞ্চমাংশের কাছাকাছি নিঃশেষ করে দেবে। এটি একটি জাতির জন্য ভবিষ্যৎ চুরির শামিল। বর্তমান প্রজন্ম তাদের উদ্ভাবন ও সমৃদ্ধির জন্য প্রয়োজনীয় সময় বিসর্জন দিচ্ছে সেই ঋণের বোঝা টানতে, যার অর্থের প্রকৃত সুবিধাভোগী ছিল একটি নির্দিষ্ট লুটেরা গোষ্ঠী। যখন রাষ্ট্র তার আয়ের সিংহভাগ ঋণের সুদে ব্যয় করে, তখন শিক্ষা, স্বাস্থ্য ও গবেষণার মতো মানবপুঁজি তৈরির ক্ষেত্রগুলো অবহেলিত ও অর্থহীন হয়ে পড়ে। এটি এক ভয়াবহ ‘অলিগার্কিক প্যারালাইসিস’ তৈরি করে, যেখানে রাষ্ট্র উদ্ভাবনী অর্থনীতির দিকে না গিয়ে কেবল টিকে থাকার সংগ্রামে লিপ্ত থাকে।

আন্তর্জাতিক অর্থনীতিতে একটি অত্যন্ত শক্তিশালী তত্ত্ব হলো ১৯৬০-দশকের মান্ডেল ও ফ্লেমিং প্রণীত ‘অসম্ভব ত্রয়ী’ (ইম্পসিবল ট্রিনিটি)। এই তত্ত্ব অনুযায়ী, একটি দেশ একই সঙ্গে স্বাধীন মুদ্রানীতি, স্থির বিনিময় হার এবং মুক্ত মূলধন প্রবাহ; এই তিনটির সমন্বয় করতে পারে না। বাংলাদেশ গত দশকে এই তাত্ত্বিক মাধ্যাকর্ষণকে অস্বীকার করার এক বিপজ্জনক চেষ্টা চালিয়েছে। কৃত্রিমভাবে টাকা-ডলারের বিনিময় হার ধরে রেখে রাষ্ট্র যে স্থিরতার বিভ্রম তৈরি করেছিল, তার চূড়ান্ত মাশুল এখন দিচ্ছে সাধারণ মানুষ। আইএমএফ-এর চাপের প্রেক্ষিতে গত কয়েক বছরে ধাপে ধাপে টাকার প্রায় ২৮-৩০ শতাংশ অবমূল্যায়ন হয়েছে। মুদ্রার এই অবমূল্যায়ন রপ্তানিকারক ও বড় শিল্পগোষ্ঠীকে সাময়িকভাবে লাভবান করলেও, আমদানিনির্ভর এই দেশের সাধারণ ভোক্তা এবং ছোট ও মাঝারি উদ্যোক্তাদের জন্য তা এক অস্তিত্ব সংকটের নামান্তর। মুদ্রাস্ফীতি যখন টানা কয়েক বছর ধরে দ্বি-অঙ্কের কাছাকাছি উচ্চস্তরে আটকে থাকে (সাম্প্রতিক সময়ে প্রায় ১০ শতাংশের ঘরে ঘোরাফেরা করছে), তখন তা কেবল একটি গাণিতিক সংখ্যা থাকে না।

সময় হলো মানুষের জীবনের একমাত্র দুর্লভ এবং অ-নবায়নযোগ্য মৌলিক সম্পদ। যখন চাল, ডাল বা ওষুধের দাম আকাশচুম্বী হয়, তখন একজন সাধারণ মানুষকে তার জীবনযাত্রার নূন্যতম মান ধরে রাখতে বাড়তি আয়ের সন্ধানে অতিরিক্ত পরিশ্রম করতে হয়। এই যে বাড়তি কয়েক ঘণ্টা তাকে ব্যয় করতে হচ্ছে, তা আদতে তার ব্যক্তিগত উন্নয়ন, উদ্ভাবনী চিন্তা এবং জ্ঞান আহরণের সময় থেকে চুরি করা। অলিগার্কিক কাঠামো পরিকল্পিতভাবে মুদ্রাস্ফীতিকে একটি হাতিয়ার হিসেবে ব্যবহার করে সাধারণ মানুষের এই অমূল্য সম্পদ ‘সময়’ কে কেড়ে নিচ্ছে। যখন একজন নাগরিকের দিনের ১৬ ঘণ্টাই ব্যয় হয় কেবল বেঁচে থাকার রসদ জোগাড় করতে, তখন তার পক্ষে আর রাজনৈতিক সচেতন হওয়া বা ক্ষমতার অপব্যবহারের বিরুদ্ধে প্রতিবাদ করা সম্ভব হয় না। এটিই হলো ‘অলিগার্কিক পক্ষাঘাত’ তৈরির চূড়ান্ত মেকানিজম। লুণ্ঠনমূলক ব্যবস্থাটি সাধারণ মানুষকে একটি ‘সারভাইভাল লুপ’ বা টিকে থাকার চক্রে আটকে ফেলে তাদের জ্ঞানতাত্ত্বিক মুক্তিকে রুদ্ধ করে দেয়। আইএমএফ সুদের হার বাড়ানোর কথা বললেও, বাংলাদেশের প্রাতিষ্ঠানিক বাস্তবতায় এই উচ্চ সুদের হার ছোট উদ্যোক্তাদের বাজার থেকে ছিটকে দিচ্ছে, যখন বড় অলিগার্করা ঋণের বিশেষ সুবিধা ভোগ করছে। এই টেম্পোরাল লুণ্ঠন বা সময়ের ডাকাতি বন্ধ না হলে, বাংলাদেশ কখনোই একটি উদ্ভাবনী অর্থনীতি হিসেবে দাঁড়াতে পারবে না।

লেখক: বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডার কর্মকর্তা, অর্থনীতির শিক্ষক ও গবেষক। Email: hhafij@yahoo.com