এবার জাতীয় নির্বাচনে তরুণ ভোটাররা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে ধারণা করা হচ্ছে। সে কারণে প্রতিটি রাজনৈতিক দল তরুণ ভোটারদের ব্যাপারে বেশ সচেতন। রাজধানী ঢাকার বাইরে যে রাজনৈতিক দলের কার্যত তেমন কোনো দলীয় কর্মকাণ্ড নেই, সেই রাজনৈতিক দলও গলা ফাটিয়ে বলছে– তরুণ ভোটাররাই তাদের আশা-ভরসা। বড় রাজনৈতিক দলগুলোকে গলা ফাটাতে হচ্ছে না। বরং তরুণরাই স্বতঃস্ফূর্তভাবে বড় রাজনৈতিক দলগুলোর সভা-সমাবেশ ও মিছিলে অংশ নিচ্ছে। বলতে গেলে প্রতিটি রাজনৈতিক দলের সভা-সমাবেশ ও মিছিলের শক্তি হয়ে উঠেছে তরুণরাই। এখন প্রশ্ন হলো– এই যে রাজনৈতিক দলের সভা-সমাবেশ, মিছিলে তরুণরা হ্যামিলনের বাঁশির সুর শুনে পাগলের মতো দৌড়াচ্ছে– তাদের ভবিষ্যৎ কী?

জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছে তরুণরাই। জীবন দিয়েছে তারাই। মহান স্বাধীনতা আন্দোলনে নব্বইয়ের ছাত্র গণঅভ্যুত্থানে ছাত্র তরুণদেরই অংশগ্রহণ ছিল বেশি। অথচ কোনো কালেই তরুণদের ভবিষ্যৎ ভাবনা তেমন গুরুত্ব পায়নি। তার মানে এই নয় যে, তরুণরা অর্থবিত্তের মালিক হয়নি। ব্যবসা-বাণিজ্য বাগিয়ে নেয়নি। কিন্তু তাদের সংখ্যা হাতেগোনা। দলবাজিতে যোগ্য যারা, পেশিশক্তিতে আগুয়ান যারা, তারাই কালে কালে সম্মান, মর্যাদা, অর্থবিত্ত, প্রভাব-প্রতিপত্তি বাগিয়ে নিয়েছে। যারা মেধাবী, দলবাজিতে অভ্যস্ত না তাদের ভাগ্যে জুটেছে বৈষম্য আর অনিশ্চয়তার চোরাবালি।

আমাদের দেশের রাজনৈতিক পরিবেশটাই এমন, যদি তুমি কিছু করতে চাও তাহলে তোমাকে দলবাজি করতেই হবে। সে কারণে সরকারি দলে ভিড়ে যাওয়ার প্রবণতা দেখা যায় সুযোগসন্ধানী তরুণ-তরুণীদের মধ্যে। বিগত সরকারের আমলে পরিবেশ পরিস্থিতি এমন দাঁড়িয়েছিল, সরকারি দলের সমর্থক অথবা কর্মী না হলে চাকরি পাওয়া অথবা ব্যবসা-বাণিজ্য করা মোটেই সহজ হতো না। আমরা কথায় কথায় ‘মেধা’ শব্দটিকে বেশ গুরুত্ব দিই। বিগত সরকারের আমলে সরকারকে সমর্থন করাই ছিল মেধা ও যোগ্যতা। বিপরীত মতাদর্শের মানুষজনকে মানুষ বলে গণ্য করা হতো না। বর্তমান সময়ে এই বৈষম্যের অবসান ঘটেছে এমনটা জোর দিয়ে বলা যাবে না। বরং কোনো কোনো ক্ষেত্রে বৈষম্য আরও বেড়েছে। বৈষম্যের চোরাবালিতে পড়ে দেশের সম্ভাবনাময় তারুণ্য অনেকটাই হতাশ।

ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে কি হবে না– এই নিয়ে অস্থিরতা আছে এখনও। তবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর জাতীয় নির্বাচনের ব্যাপারে বিদ্যমান হতাশা, অনিশ্চয়তা অনেকটাই দূর হয়েছে, কিন্তু আসন্ন জাতীয় নির্বাচন প্রকৃত অর্থে তরুণদের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারবে কি? এই প্রশ্ন এখন অনেক গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

তরুণ প্রজন্মের আকাঙ্ক্ষাটা আসলে কী? মোটা দাগে বলা যায়, তারা সব ধরনের বৈষম্যের অবসান চায়। স্বৈরতন্ত্র, আধিপত্যবাদ তাদের পছন্দ নয়। দলীয় দৃষ্টিকোণ থেকে নয়, মেধার ভিত্তিতে কর্মসংস্থানের সুযোগ চায়। বিভাজন নয়, সামষ্টিক ঐক্য তাদের পছন্দ। অন্যায়, অনাচার, দুর্নীতি, আধিপত্যবাদ, স্বৈরতন্ত্র ও স্বজনপ্রীতির বিরুদ্ধেই তারা ২৪-এর গণঅভ্যুত্থানের ডাক দিয়েছিল। দেশের সর্বস্তরের মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছিল। গণঅভ্যুত্থানে বিগত সরকারের পতন ঘটেছে। সবাই আশা করেছিল– সব ধরনের বৈষম্য, অন্যায়, দুর্নীতির অবসান ঘটবে। কার্যত দেশে সেই পরিবেশ তৈরি হয়নি। ২৪-এর ঐক্যবদ্ধ তরুণরাও এখন বিভেদের চোরাবালিতে নিমজ্জিত। মহান মুক্তিযুদ্ধ এই দেশের অস্তিত্ব। এই দেশের শেকড়। অথচ যারা একসময় দেশের স্বাধীনতার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরই পতাকাতলে দাঁড়িয়ে জাতীয় নির্বাচন করার উদ্যোগে শামিল হওয়ার ইঙ্গিত দিয়েছেন জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধারা। যদিও এ ক্ষেত্রে প্রতিবাদ উঠেছে। বিদ্রোহ দানা বেঁধেছে। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোথার গিয়ে দাঁড়ায় সেটাই এখন দেখার বিষয়।

পরিসংখ্যান বলে, এবারের জাতীয় নির্বাচনে প্রায় চার কোটি তরুণ ভোটার প্রথমবারের মতো ভোট দেবেন। কাজেই নানাভাবে, নানা প্রতিশ্রুতি দিয়ে তরুণদের নিজেদের দলে টানার উদ্যোগ ইতোমধ্যে শুরু হয়েছে। এটাই বাস্তবতা। জাতীয় নির্বাচনে এমনটাই হয়। তবে এবার তরুণ ভোটারদের নানাভাবে বিভ্রান্ত ও অস্থির করে তোলার প্রক্রিয়া বেশ উদ্বেগজনক। একদল তরুণকে দেখা যাচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে বেশ বিভ্রান্ত। আরেক দল তরুণ দেশের হাজার বছরের সংস্কৃতিকে গুরুত্ব দিতে নারাজ। ফলে একদল তরুণ অন্য আরেক দল তরুণকে দেখে নেওয়ার হুমকি দিচ্ছে। পেছন থেকে কলকাঠি নাড়ছে তাদের সুযোগসন্ধানী অভিভাবকরা। আসন্ন জাতীয় নির্বাচনের ক্ষেত্রে তারুণ্যের এমন বিরোধপূর্ণ অবস্থান মোটেই কাম্য নয়।

সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশের শিক্ষাঙ্গন এবং দেশের শিক্ষাব্যবস্থা। করোনাকালে দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো বন্ধ রাখতে হয়েছিল। ফলে দেশের চলমান শিক্ষা কার্যক্রম অনেকটাই ব্যাহত হয়। পরে গণঅভ্যুত্থানের এক পর্যায়ে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানই বন্ধ হয়ে যায়। গণঅভ্যুত্থান সফল হয়েছে কিন্তু শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় গতি ফেরাতে এখনও বেশ বেগ পেতে হচ্ছে। এর পেছনেও একটি সুযোগসন্ধানী মহল গভীর ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে বলে অনেকের ধারণা। কারণ শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে অস্থির রাখতে পারলে তরুণ প্রজন্মকে বিভ্রান্ত করা সহজ হবে।

আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রতিটি রাজনৈতিক দলের কাছ থেকে তরুণদের ভবিষ্যৎ নির্মাণের অঙ্গীকার চাই আমরা। কথা নয়, কাজে যেন অঙ্গীকারগুলো গুরুত্ব পায়– এই প্রত্যাশা সবার।

রেজানুর রহমান: সাংবাদিক ও নাট্যকার