সরকার সম্প্রতি নতুন দুটি অধ্যাদেশ জারি করেছে, ইতিবাচক। বাঘ বা হাতি শিকারের মতো অপরাধ দুবার করলে সর্বোচ্চ ১২ বছরের কারাদণ্ড এবং ১৫ লাখ টাকা অর্থদণ্ডের বিধান রেখে বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) অধ্যাদেশ জারি করেছে সরকার। এছাড়াও কর্তন নিষিদ্ধ বৃক্ষের তালিকাভুক্ত বা বন অধিদপ্তরের বিপদাপন্ন ঘোষিত কোনো গাছ কাটলে সর্বোচ্চ এক লাখ টাকা জরিমানা গুণতে হবে। অতিরিক্ত হিসেবে ক্ষতিপূরণ বনায়নের শাস্তিও পেতে হতে পারে।
এমন বিধান রেখে বন ও বৃক্ষ সংরক্ষণ অধ্যাদেশ, ২০২৬ জারি করেছেন রাষ্ট্রপতি।\r\nনতুন আইনের ৪১ (১) ধারা অনুযায়ী, বাঘ (বেঙ্গল টাইগার) বা হাতি (এসিয়ান এলিফ্যান্ট) শিকারের জন্য সর্বনিম্ন দুই বছর ও সর্বোচ্চ সাত বছর কারাদণ্ড এবং সর্বনিম্ন ১ লাখ থেকে সর্বোচ্চ ১০ লাখ টাকা জরিমানার বিধান রাখা হয়েছে। কেউ একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে তিনি সর্বোচ্চ ১২ বছর কারাদণ্ড এবং সর্বোচ্চ ১৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবেন। ৪১ (২) ধারায় বলা হয়েছে, বাঘ বা হাতির ট্রফি, মাংস বা দেহাংশ অনুমতি ছাড়া সংগ্রহ, পরিবহন বা কেনাবেচা করলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৩ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে।
একই অপরাধের পুনরাবৃত্তি ঘটালে সর্বোচ্চ পাঁচ বছর কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে নতুন আইনে।\r\nঅন্যদিকে বৃক্ষ সংক্রান্ত অধ্যাদেশে বনভূমির জরিপ ও রেকর্ড কীভাবে হবে তা স্পষ্ট করা হয়েছে। এছাড়াও শিল্প কারখানা গড়ার সুবিধার্থে শর্তসাপেক্ষে করা যাবে বনভূমির জমি (এক একরের কম) বিনিময়। বনের জমির বিনিময়ে শিল্প প্রতিষ্ঠানের দেওয়া বন সংলগ্ন দ্বিগুণ নিষ্কণ্টক জমি সংরক্ষিত বনভূমি হিসেবে ঘোষণা করবে সরকার।\r\nবণ্যপ্রাণী সংরক্ষণে দেশে আইন রয়েছে। একইভাবে নির্বিচার বৃক্ষ নিধনেরও আইনি প্রতিকার রয়েছে। বাস্তবতা হলো, আইন রয়েছে প্রয়োগ নেই। কঠোরতা তো দূরের কথা, আইন অমান্য এবং এজন্য ব্যবস্থা গ্রহণের তেমন দৃষ্টান্ত অনুপস্থিত। তবু নতুন দুটি অধ্যাদেশের জন্যে আমরা অন্তর্বর্তী সরকারকে সাধুবাদ দিতে চাই। জনকল্যাণ ভাবনা থেকেই এসব অধ্যাদেশ জারি করা হয়েছে। কিন্তু আইন প্রয়োগে যদি শিথিলতা থাকে, তবে এ অধ্যাদেশ অরণ্যে রোদনতুল্য হয়ে উঠবে। তাই জরুরি হচ্ছে আইন ভঙ্গকারীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ। এতে কোনো রকম গাফিলতি কাম্য নয়। দু-চারটে আইনি ব্যবস্থা নিলেই অপরাধীরা সতর্ক হয়ে যাবে। সেক্ষেত্রে পরিস্থিতির উন্নতি ঘটবে। তবে সাধারণ মানুষও অনেক সময় না জেনে আইন ভঙ্গ করে পরিবেশের ক্ষতিসাধন করে ফেলে। সেক্ষেত্রে তাদের আইন ও অদ্যাদেশ সম্পর্কে অবহিতকরণও আবশ্যক। এক্ষেতে গণমাধ্যমের যেমন দায় রয়েছে, তেমনি দায়িত্ব রয়েছে স্কুল-কলেজ ও বিশ্ববিদ্যালয়েরও।
