একটি শিশুর পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়া থেকে বেড়ে ওঠা পর্যন্ত তাঁর পরিবারে চলে তাঁর প্রতি নানান দায়িত্ব, শিক্ষাদান, জ্ঞান দান ও রীতিনীতি। বাবা-মা চায় তাঁদের সন্তান শিক্ষিত হোক। বড় বড় ডিগ্রি অর্জন করে বাবা-মায়ের নাম উজ্জ্বল করুক। কিন্তু শিক্ষিত মানেই কি সুশিক্ষা? পরিবার মনে করেন ভালো বিদ্যালয় কিংবা বিশ্ববিদ্যালয় পড়লে ভালো মানুষ হবে। ধারণাটি নিতান্তই ভুল। শিক্ষাপ্রতিষ্ঠান কখনো পরিপূর্ণ জীবন গড়ার কারিগরি হতে পারে না। শিক্ষাপ্রতিষ্ঠান একটি পথ নির্দেশক। যা আমাদের শিক্ষা দেয় কীভাবে পথ অর্থাৎ জীবন গুছাতে হবে। একটি সন্তান ভালো হবে নাকি খারাপ নির্ভর করে তাঁর পরিবারের ওপর। পরিবার থেকে শিখে কোনটা ভালো বা মন্দ। কোন বিষয়টি গ্রহণ করতে হবে এবং কোনটি বর্জন।
সকলে পুঁথিগত বিদ্যা অর্জন করতে পারলেও, মানবিক শিক্ষা সকলে অর্জন করতে পারে না। অনেক ছেলে মেয়ে ভালো ফলাফল, ভালো চাকরি করলেও দেখা যায় নেশাগ্রস্ত, বাবা-মায়ের অবাধ্য, ধর্মীয় শিক্ষা নেই, বায়োজ্যেষ্ঠদের সম্মান করে না ইত্যাদি। কারণ তাঁরা শুধু পঠিত বইয়ের পাতায় চোখ বুলিয়ে গিয়েছে। সামাজিকতা তাঁদের মধ্যে কম। প্রকৃত সুশিক্ষা আসে মূলত পরিবার থেকে। বাবা-মা বা পরিবারের বয়োবৃদ্ধ লোকেরা মানবিক শিক্ষা বৃদ্ধি করতে পারে একটি সন্তানের মধ্যে। কীভাবে সকলকে সম্মান-শ্রদ্ধা করতে হবে, সামাজিকতা তৈরি করতে হবে, ভালো-মন্দের বিচার শিখাতে হবে। সন্তানকে পড়ালেখার পাশাপাশি সহ-পাঠ্যক্রমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে দিতে হবে। পাঠ্যবইয়ের পাশাপাশি গল্পের, কবিতা, ধর্মীয় বইসহ বিভিন্ন বিষয়ের বই পড়তে উৎসাহী করা।
এসব বই আমাদের জ্ঞান বৃদ্ধি করে, জড়তা দূর করে, সামাজিক বিষয়াদি শিক্ষা দেয়, বুঝার ক্ষমতা বৃদ্ধি করে, দায়িত্বশীল হতে শিখায়। এছাড়াও বর্তমানে সন্তানদের সবচেয়ে বেশি বিপর্যয় স্মার্ট ফোন ব্যবহার। আর এটার বিরাট অংশ ঘিরে অবদান অভিভাবকদের। কারণ অভিভাবকরাই আজকাল ফোনের প্রতি আসক্ত বেশি। ছোট বেলা থেকে সন্তান কোনো কিছু নিয়ে মর্জি করলে হাতে ফোন ধরিয়ে দেওয়া, খাবারের সময় হাতে ফোন, কান্না-কাটি করলে ফোন দেখতে দেওয়া যেনো নিত্যদিনের কার্যক্রম হয়ে গিয়েছে। অথচ নব্বই দশকের দিকে তাকালে দেখতে পাই, শিশুরা কতটা প্রাণবন্ত ও উৎসুক ছিল। তাঁদের ছিল না স্মার্ট ফোনের প্রতি আসক্ত। তাঁদের বাবা-মায়েরা সন্তানদের সময় দিত। সন্তানের প্রতি যত্নশীল ছিল। যুগের পরিক্রমায় আমরা এতটাই আধুনিক হয়ে গিয়েছি যে আজ তৃতীয় শ্রেণি পড়ুয়া শিশুদের হাতে অনলাইন ক্লাস নামে মুঠোফোন। যে ফোনে অনলাইন ক্লাসের নামে চলে বিনোদন, কার্টুনসহ অশ্লীলতা। মুঠোফোনে ডুবে থেকে তাঁরা ভোরের সূর্য দেখে না, সকাল হয় মধ্যে দুপুরে। বিকেলের শৈশব কার্টুন ও পাবজি ঘিরে। ঘরে অতিথি এলে, ঘরের এক কোণে ঠাঁই। মানুষের সঙ্গে মেলামেশা যেন ভীতি। তাই সন্তানকে পুঁথিগত বিদ্যা নয়, সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। প্রয়োজন যত্ন, তবেই আজকের সন্তান হবে আগামীর রত্ন এই প্রতিপাদনে সন্তানকে সুশিক্ষা দিন।
