পনেরো বছরের জান্নাতুল তাজমিন একা একা পাড়ি দিল কুমিল্লা থেকে ব্রাহ্মণবাড়িয়া; সেখান থেকে কক্সবাজার; আবার ফিরল কুমিল্লায়। এত দীর্ঘ যাত্রাপথে কেউ তার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল না; কেউ জানতে চাইল না– অভিভাবক ছাড়া এই কিশোরী কোথায় যাচ্ছে। শেষ পর্যন্ত গভীর রাতে বাড়ি ফেরার পথে প্রাণ হারাল মেয়েটি। এই মৃত্যুর দায় কি শুধু অভিযুক্তের; নাকি আমাদের নীরব সমাজ ও দায়িত্বহীন রাষ্ট্রেরও? এখনও যদি আমরা এসব প্রশ্নের উত্তর না খুঁজি, তাহলে আরও অনেক অনিরাপত্তা সামনে তৈরি হবে।

এখন ব্যক্তিস্বাধীনতা মানে যেন সব প্রশ্নের ঊর্ধ্বে থাকা। সমাজে ব্যক্তিগত বিষয়ে প্রশ্ন করলে অনেকেই ক্ষুব্ধ হন। শালীনভাবে কারও খোঁজখবর নিতেও মানুষ তাই সংশয়ে থাকেন। কখনও হয়রানির অভিযোগ ওঠার ভয়; কখনও অযথা ঝামেলায় জড়ানোর আশঙ্কা মানুষকে নীরব রাখে। কিন্তু সেই নীরবতার মূল্য যখন একটি শিশুকে জীবন দিয়ে চুকাতে হয়, তখন সামাজিক দায়িত্ব এড়িয়ে যাওয়ার সুযোগ থাকে না। অবশ্য কিশোরীর চলাচল নিয়ন্ত্রণ বা তাকে সন্দেহের চোখে দেখা সমাধান নয়। প্রয়োজন তার নিরাপত্তা নিশ্চিত করা।

গণমাধ্যমের বরাতে জানতে পারছি, তাজরিন নামে এক কিশোরীকে দেখে কক্সবাজার থেকে কুমিল্লাগামী বাসের কাউন্টার মাস্টারের মনে প্রশ্ন জেগেছিল, কিন্তু তিনি প্রশ্ন করেননি। এই কিশোরী কক্সবাজারে হোটেলে গিয়ে অবস্থান করেছে। সেখানে পরিচয় যাচাই না করে থাকতে দেওয়ার কথা না। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে গেলে কর্তৃপক্ষ তরুণের জাতীয় পরিচয়পত্র যাচাই করেছে। কিন্তু মেয়েটির পরিচয় কীভাবে নিশ্চিত হয়েছিল, তা বোঝা দরকার। সমাজ ব্যবস্থার এসব ত্রুটি বড় বড় ফাঁদ তৈরি করে। সামাজিক দায়িত্ব পালনের জায়গা থেকেই যদি সচেতন কেউ এগিয়ে এসে মেয়েটিকে জিজ্ঞেস করতেন– সে কোথায় যাচ্ছে, বাড়ি কোথায় এবং সন্দেহ হলে সেই বাসস্ট্যান্ডে জানানো; কাছাকাছি থানায় খবর দেওয়া বা ওই পরিবহনে থাকা অপর যাত্রীদের সঙ্গে আলোচনা করতেন তাহলে এই মেয়েটির জীবনের এমন পরিণতি নাও ঘটতে পারত।

বাংলাদেশ পুলিশের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত শিশু নিখোঁজের ১৫ হাজার ৭১৭টি ডায়েরি হয়েছে। এর মধ্যে ১৩ হাজার ৬৭৯ জনকে উদ্ধার করা গেলেও দুই হাজার ৩৮ জনের সন্ধান মেলেনি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। আগের তিন বছরে নিখোঁজ শিশুর সংখ্যা ছিল ২০২৩ সালে ১৭ হাজার ৮০৮; ২০২৪ সালে ১৬ হাজার ৪১৪ এবং ২০২৫ সালে ২২ হাজার ৫৫০। এসব পরিসংখ্যান উদ্বেগজনক। নিখোঁজের সব ঘটনা অপহরণ নয়, তবে অভিভাবক পরিচয়ে কেউ শিশুকে নিয়ে যাচ্ছে কিনা, তা যাচাই করাও জরুরি। শিশুর প্রতিক্রিয়ার অপেক্ষায় থাকলে অনেক সময় বিপদ শনাক্ত করতে দেরি হয়ে যেতে পারে।

তাজমিনের মৃত্যু আমাদের মনে করিয়ে দেয় ১৯৯৫ সালের ২৪ আগস্টের ইয়াসমিনের কথা। ঢাকায় গৃহকর্মীর কাজ করা কিশোরী ইয়াসমিন বাড়ি ফেরার পথে দিনাজপুরের দশমাইলে পুলিশের সহায়তা নিতে গিয়ে ধর্ষণ ও হত্যার শিকার হয়। তিন দশকের বেশি সময় পরও কিশোরীদের নিরাপদ চলাচল নিয়ে একই উদ্বেগ রয়ে গেছে। ১৯৯৫ সালে জন্মনিবন্ধন ছিল না; জাতীয় পরিচয়পত্র ছিল না। ইয়াসমিনের বয়স জানতে চাওয়ার কোনো আইনানুগ উপায় না হয় তখনকার বাস কর্তৃপক্ষের কাছে ছিল না। এখন তো দাবি করাই যেতে পারত বয়সের প্রমাণপত্র। সেটা না করে সামাজিকভাবে আমরা সবাই কি প্রকারান্তরে তাজমিন ইস্যুতে দায়িত্বহীনতার পরিচয় দিইনি? সময় বদলেছে, প্রযুক্তি বদলেছে। কিন্তু কিশোরীদের নিরাপত্তা নিশ্চিত করার ঘাটতি কাটেনি।

শিশুদের নিরাপত্তায় পরিচয় শনাক্ত করার কার্যকর ব্যবস্থা প্রয়োজন। এ জন্য জন্মনিবন্ধন সনদকে সহজে বহনযোগ্য কার্ডে রূপান্তর, বয়স অনুযায়ী ছবি হালনাগাদ এবং জরুরি যোগাযোগের তথ্য সংরক্ষণের ব্যবস্থা করা যেতে পারে। শিশুদের মুখাবয়ব ঘন ঘন পরিবর্তিত হয়। তাই শিশুর জন্মের ৪৫ দিনের মধ্যে জন্মনিবন্ধন কার্ডে শিশু ও তার বাবা-মায়ের গ্রুপ ছবি থাকতে হবে। হাসপাতালে জন্ম হলে হাসপাতাল কর্তৃপক্ষ; হাসপাতালে জন্ম না হলে ইপিআই টিকার প্রথম ডোজের আগেই স্বাস্থ্যকর্মী ছবিসহ শিশুর জন্ম তথ্য জন্মনিবন্ধকের কাছে পাঠাবেন। পরে শিশুর ১ ও ৫ বছর বয়সে স্বাস্থ্যকর্মীর মাধ্যমেই শিশুর পরিবর্তিত ছবি প্রতিস্থাপনের জন্য পাঠাতে হবে। ১০ ও ১৫ বছর বয়সে শিক্ষাপ্রতিষ্ঠান এবং শিশু পাঠরত না থাকলে স্বাস্থ্যকর্মীর মাধ্যমে ছবি প্রতিস্থাপনের জন্য পাঠাতে হবে। কোনো শিশু তার ব্যক্তিগত কার্ড ছাড়া কোথায়ও ভ্রমণ করতে পারবে না।

তবে পরিচয়পত্র থাকলেই নিরাপত্তা নিশ্চিত হবে না। তথ্যের গোপনীয়তা, অপব্যবহার রোধ, বাস্তবায়নের সক্ষমতা এবং দরিদ্র ও প্রান্তিক পরিবারের শিশুদের অন্তর্ভুক্তি নিশ্চিত করতে হবে। সবচেয়ে জরুরি হলো, বিপদে পড়া শিশুকে শনাক্ত করা, সন্দেহজনক পরিস্থিতিতে দায়িত্বশীলভাবে এগিয়ে আসা এবং অপরাধের আশঙ্কা থাকলে দ্রুত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানানো। পরিবহনকর্মী, হোটেল কর্তৃপক্ষ, পুলিশ ও সাধারণ নাগরিক– সবারই এ ক্ষেত্রে দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ব যেন হয় শিশুর সুরক্ষায়; তার স্বাধীনতা খর্ব করার জন্য নয়।

শিশুরা আমাদের সম্পদ। তাদের নিরাপত্তা শুধু পরিবারের দায়িত্ব নয়; এটি সমাজ এবং রাষ্ট্রেরও কর্তব্য। জান্নাতুল তাজমিনকে আমরা ফিরিয়ে আনতে পারব না। কিন্তু তার মৃত্যু থেকে শিক্ষা নিয়ে ভবিষ্যতে আর কোনো শিশুর এমন পরিণতি ঠেকাতে পারলে আমাদের দায়ের কিছুটা পালন করা হবে, যা সুরক্ষা দেবে পরবর্তী প্রজন্মকে।

আ ক ম সাইফুল ইসলাম চৌধুরী: কলাম লেখক; অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব