ফারাক্কা লংমার্চ প্রতিবেশী রাষ্ট্র ভারতের পানি আগ্রাসনের বিরুদ্ধে প্রথম প্রতিবাদ। নদীমাতৃক দেশ বাংলাদেশ। পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, তিস্তা, বরাকসহ অসংখ্য ছোট-বড় নদ-নদী বাংলাদেশকে জালের মতো ছেয়ে রেখেছে। বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত ৫৮টি আন্তর্জাতিক নদীর ৫৪টির উৎপত্তি হিমালয়সহ ভারতের অন্যান্য অংশে। বাংলাদেশের মিঠা পানির মাত্র ৭ ভাগ পাওয়া যায় এখানকার বৃষ্টির পানি থেকে আর ৯৩ ভাগ আসে সীমান্তের ওপার থেকে বৃষ্টি ও বরফ গলার ফলে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো, নদীমাতৃক এই বাংলাদেশ আজ প্রায় মরুভূমিতে পরিণত হয়েছে। ভারতের অব্যাহত পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের অস্তিত্ব¡ টিকে থাকবে কিনা সে প্রশ্ন দেখা দিয়েছে।
পানি শূন্য আজ পদ্মা। এক সময়ের প্রমত্তা পদ্মার অধিকাংশ এলাকা আজ ধু-ধু বালুচর। এর কারণই হচ্ছে ফারাক্কা বাঁধ। হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপন্ন গঙ্গা। বাংলাদেশের রাজশাহী সীমান্তে এসে গঙ্গা পদ্মা নাম ধারণ করে বাংলাদেশের ভেতর দিয়ে প্রবাহিত হয়েছে। ভারত গঙ্গার পানি উত্তর প্রদেশ এবং বিহার প্রদেশে সেচ কাজের জন্য ক্রমবর্ধমান হারে প্রত্যাহার করায় পশ্চিমবঙ্গে ভাগীরথী-হুগলি নদীর পানি প্রবাহ কমে আসে। সেজন্য ভারত পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা বন্দরের নাব্য বাড়ানোর জন্য বাংলাদেশের সীমানার ১০ কিলোমিটার উজানে মুর্শিদাবাদ জেলার ফারাক্কা নামক স্থানে বাঁধ দিয়েছে। এই বাঁধের প্রথম পরিকল্পনা করা হয়েছিল ১৯৫১ সালে। সে বছর অক্টোবর মাসে ভারতীয় পত্রপত্রিকায় খবরটি প্রকাশিত হলে পাকিস্তান সরকার পত্রপত্রিকার রিপোর্টকেই ভিত্তি করে এই বাঁধ নির্মাণ পরিকল্পনার বিরুদ্ধে কঠোর ও তীব্র প্রতিবাদ জানায়। পরবর্তী ১০ বছর ধরে দুই দেশ কূটনৈতিক পর্যায়ে দেনদরবারের মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা করে। যদিও ১৯৬১ সালের পর জানা যায় যে, ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ কাজ শুরু করেছে। এ পর্যায়ে তৎকালীন পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খান ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর কাছে কড়া ভাষায় প্রতিবাদ জানান। ফলে বাঁধ নির্মাণ ধীরগতিতে চলতে থাকে। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৭৪ সালের মধ্যে ভারত ফারাক্কা বাঁধ নির্মাণ সমাপ্ত করে।
১৯৭৪ সালের মে মাসে নতুন দিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান ও ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর মধ্যে দ্বীপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকেই সর্বপ্রথম বলা হয় যে, কলকাতা বন্দরের চাহিদা ও বাংলাদেশের চাহিদা মেটানোর জন্য পর্যাপ্ত পানি গঙ্গায় না থাকায় চাহিদা মেটানোর জন্য পানির প্রবাহ বাড়াতে ফারাক্কা বাঁধ নির্মাণ করছে ভারত। ১৯৭৫ সালের গোড়ার দিকে ফারাক্কা ফিডার ক্যানেলটির কার্যকারিতা যাচাই করার জন্য পরীক্ষামূলকভাবে চালু করতে ভারত বাংলাদেশকে প্রস্তাব দেয়। পরীক্ষামূলক সময়টি হবে ১৯৭৫ সালের ২১ এপ্রিল থেকে ৩১ মে এই ৪১ দিন। বাংলাদেশের তৎকালীন সরকারের সঙ্গে চুক্তি সম্পাদন করে। তারপর আর সেই ৪১ দিন শেষ হয়নি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের সময় ১৯৭৭ সালে একটি চুক্তি হয়েছিল। ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের সময় আরো একটি চুক্তি সম্পাদিত হয়।
ভারত-বাংলাদেশের সঙ্গে দ্বীপাক্ষিক চুক্তির মাধ্যমে ৪১ দিনের জন্য ফারাক্কা বাঁধ চালু করলেও সেই সময় মনে হয় আজও অতিবাহিত হয়নি। শুরু হয় বাংলাদেশের দুর্দশা। পানির অভাবে ধীরে ধীরে প্রমত্তা পদ্মা হয়ে উঠেছে ধু-ধু বালুচর। ক্ষতিগ্রস্থ হয়েছে কোটি কোটি মানুষ। বাংলাদেশের উত্তরাঞ্চল ক্রমান্বয়ে মরুভূমিতে পরিণত হচ্ছে। বাঁধ চালুর আগে বাংলাদেশের হার্ডিঞ্জ ব্রিজের কাছে শুষ্ক মৌসুমে পদ্মার পানির প্রবাহ থাকত প্রায় ৭৪ হাজার কিউসেক। বাঁধের পর প্রথমদিকে পদ্মায় গড়ে বছরে প্রায় ৩০-৩৫ হাজার কিউসেক পানি প্রবাহ থাকতো।
এখন তাও কমেছে। জাতিসংঘের সাবেক পানি বিশেষজ্ঞ ড. এস আই খানের মতে, ফারাক্কা বাঁধের আগে গঙ্গা হয়ে পদ্মায় গড়ে বছরে ৫২৫ বিলিয়ন কিউবিক মিটার পানি প্রবাহিত হতো। ফারাক্কা বাঁধ ও ভারতের বিভিন্ন প্রদেশে পানি সরিয়ে নেয়ার ফলে এখন বাংলাদেশে আসে মাত্র ২০৭ বিলিয়ন কিউবিক মিটার পানি। বলা যেতে পারে, প্রায় ৬০ ভাগেরও বেশি পানি ফারাক্কার মাধ্যমে ভারত সরিয়ে নিচ্ছে। এ কারণে বছরজুড়ে পদ্মা নদী দিয়ে পলি আসে না। আবার বর্ষাকালে যখন পানি একেবারে ছেড়ে দেয় তখন অনেক বেশি পলি পড়ে, সেই পলি সমুদ্র পর্যন্ত যেতে পারে না। এভাবেই পদ্মা ধীরে বিরানভূমি হয়ে যাচ্ছে।
তখন বাংলাদেশের কিছুসংখ্যক বুদ্ধিজীবী ও রাজনীতিবিদ ফারাক্কার ভয়াবহতা সম্পর্কে উপলব্ধি করতে না পেরেই ফারাক্কার পক্ষে ওকালতিতে ব্যাস্ত হয়ে পড়েছিলেন। অথচ, মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানী ঠিকই বুঝতে পেরেছিলেন ফারাক্কা বাঁধ বাংলাদেশের জন্য মরণ ফাঁদ। আর সে কারণেই ফারাক্কা বাঁধের ভয়াবহতা সম্পর্কে বিশ্ববাসীকে অবহিত করতে ১৯৭৬ সালের ১৬ মে ঐতিহাসিক ফারাক্কা লংমার্চের আয়োজন ও নেতৃত্ব দেন।
ভারত উজানের রাষ্ট্র হিসেবে ভাটির দেশ বাংলাদেশের সঙ্গে সৎ প্রতিবেশী হিসেবে আচরণ করতে ব্যর্থ হয়েছে। ফারাক্কা লংমার্চ শেষে কানুপুর ঘাটের জনসভায় ভাসানী বলেন, ‘আজ আমরা এসেছি পদ্মার তীরে, দেশের প্রাণ এ নদীর জন্য। ভারত আমাদের পানি কেড়ে নিচ্ছে, আমাদের কৃষককে মেরে ফেলছে, আমাদের জমিকে শুকিয়ে মরুভূমি বানাচ্ছে।’ সেই কণ্ঠ, সেই ভাষণ শুধুই প্রতিবাদের ছিল না, ছিল আত্মমর্যাদার এক মহামিছিল। ছিল জন্মভূমির প্রতি অঙ্গীকার, ছিল রাষ্ট্রীয় অধিকার রক্ষার এক অগ্নিশপথ। ভাসানীর নেতৃত্বে এই লংমার্চ ছিল পানি ও জীবন রক্ষার জন্য এক পবিত্র সংগ্রাম। তার মুখে যখন উচ্চারিত হয়, ‘আমরা ভিক্ষা চাই না, অধিকার চাই’, তখন তা হয়ে ওঠে এক স্বাধীন জাতির আভিজাত্য ও সাহসের প্রতীক।
ভারতের অব্যাহত পানি আগ্রাসনের বিরুদ্ধে জাতীয় ঐক্য গড়ে তোলার কোনো বিকল্প আছে কি? ভারত মূলত দুটি উদ্দেশ্যে পানি আগ্রাসন অব্যাহত রেখেছে। এর একটি হচ্ছে, রাজনৈতিক কারণে পানিকে ব্যবহার করা আর অপরটি হচ্ছে, রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে ব্যর্থ ও পঙ্গু রাষ্ট্রে পরিণত করা। ভারতের পানি আগ্রাসন রুখতে হলে, পানি অধিকার প্রতিষ্ঠিত করতে হলে দেশের জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। রাজনীতিবিদদেরও জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা করতে হবে। দেশের জনগণের ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকের তরুণ প্রজন্মের জন্য ফারাক্কা লংমার্চ কেবল একটি আন্দোলনের নাম নয়, এটি হলো এক জীবন্ত ইতিহাস, এক অদম্য চেতনা, যা শেখায় কীভাবে একজন মানুষ পুরো জাতিকে পথে নামাতে পারে। কীভাবে সাহস, নেতৃত্ব ও ভালোবাসা দিয়ে বদলে দেওয়া যায় একটি জাতির ভাগ্যের গতিপথ। মওলানা ভাসানী দেখিয়ে দিয়েছেন, প্রকৃত নেতা হতে হলে বয়স নয়, প্রয়োজন হয় সাহসের; প্রয়োজন হয় সত্যের প্রতি অটল বিশ্বাস আর মানুষের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা। এখন সময় এসেছে ভাসানীর মতো করে আবার বলার, ‘আমরা শান্তি চাই, পানি চাই। যদি তা না পাই, আমাদের হিস্যা আমরা বুঝে নেব!’ লেখক: কলাম লেখক ও রাজনৈতিক বিশ্লেষক।
