স্বাধীন বাংলাদেশে বিচার বিভাগের স্বাধীনতা অর্ধশতাব্দীকাল ধরে বহুল চর্চিত। বিচার বিভাগের স্বাধীনতা মানে, দেশের সর্বস্তরের বিচারকরা যেন তাদের বিবেক-বুদ্ধি, মেধা, প্রজ্ঞা দিয়ে আইন ও সংবিধানের আলোকে, কারো দ্বারা প্রভাবিত না হয়ে নিজেই সিদ্ধান্ত নিতে পারেন কোনো ধরনের রাজনৈতিক চাপ, নির্বাহী প্রভাব বা বাহ্যিক কিংবা অভ্যন্তরীণ প্রলোভনে নতি স্বীকার না করে। মামলার শুনানি, রায় প্রদান ও পুন:মূল্যায়নে আইনের ব্যাখ্যায় পূর্ণ স্বাধীন মতপ্রকাশ করতে পারেন। সকল বিচারক যেন নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করা। স্বাধীনতা বলতে বোঝায় প্রাতিষ্ঠানিক বিচারিক স্বাধীনতা। নিয়োগ, বদলি, পদোন্নতি, শৃঙ্খলা ও বাজেট পরিচালনায় নির্বাহী বিভাগ থেকে সম্পূর্ণ মুক্ত থাকা।

বিচার বিভাগের নিজস্ব বাজেট ও আর্থিক স্বশাসন থাকা।\r\nনাগরিক অধিকার প্রতিষ্ঠায় স্বাধীন বিচার বিভাগ কোনো বিলাসিতা নয়; এটি একটি মৌলিক পূর্বশর্ত। বিচার বিভাগের স্বাধীনতার ইতিহাসে আমরা জানতে পারি, ভারতবর্ষে ব্রিটিশ শাসনামলে ১৮৮৫ সালে ভারতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরপরই বিচার বিভাগের স্বাধীনতা এ অঞ্চলের মানুষের মুখে প্রথম উচ্চারিত হয়। প্রায় দেড়শ বছরের পুরানো এ দাবি পরিণত হয় গণদাবিতে। প্রথম বাঙালি ব্যারিস্টার মনমোহন দত্ত এই দাবির অন্যতম প্রবক্তা। তিনি বিষয়টি নিয়ে নানা কর্মসূচি পালন ও লেখালেখি করে জনমত তৈরি করেন।

শিবনাথ শাস্ত্রী তাঁর শতাব্দীপ্রাচীন আকরগ্রন্থ রামতনু লাহিড়ী ও তৎকালীন বঙ্গসমাজ গ্রন্থে লিখেছেন, ...ইন্ডিয়ান কংগ্রেস স্থাপিত হইলে তিনি (ব্যারিস্টার দত্ত) উৎসাহের সহিত রাজনীতির আন্দোলনে সাহায্য করিতে লাগিলেন। কংগ্রেসের অবলম্বিত আলোচ্য বিষয় সকলের মধ্যে তিনি সর্বপ্রথমে অবতারণা করেন এবং দৃঢ়তার সহিত প্রচার করেন। তাহা বিচার ও শাসন বিভাগকে স্বতন্ত্র করা। \r\nঅন্যদিকে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে পৃথক করার রাজনৈতিক অঙ্গীকারও শত বছরের পুরানো। ১৯২১ সালে অবিভক্ত বাংলার বিধানসভায় এ বিষয়ে প্রস্তাব গৃহীত হয়। পাকিস্তান আমলে ১৯৫৪ সালের যুক্তফ্রন্টের ২১ দফা, ১৯৭০ সালে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার এবং ১৯৭২ সালের সংবিধানে বিচার বিভাগের পৃথক্করণের অঙ্গীকার করা হয়।

কিন্তু দীর্ঘ পথ-পরিক্রমায় তা আলোর মুখ দেখেনি কখনো। আমরা দেখতে পাই, আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে বিচার বিভাগকে সবসময় জাতীয় নীতির অংশীদার হিসেবে দেখা হয়েছে, স্বাধীন প্রাতিষ্ঠানিক শক্তি হিসেবে নয়। ১৯৯০ সালের গণ-অভ্যুত্থানের পরও তিন জোটের রূপরেখায় এর নিশ্চয়তা দেওয়া হয়। সর্বশেষ ২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর প্রধান উপদেষ্টা হিসেবে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের প্রথম ভাষণ এবং বাংলাদেশের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের রোডম্যাপেও বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কারের দৃঢ় অঙ্গীকার ও প্রত্যয় ব্যক্ত হয়।\r\n১৯৭২ সালের সংবিধান প্রণয়নকালে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বাধীন আওয়ামী লীগ বিচার বিভাগের স্বাধীনতা কে রাষ্ট্রীয় নীতির অন্যতম স্তম্ভ হিসেবে ঘোষণা করে।

কিন্তু স্বাধীনতার পর পাঁচ দশক পার হয়ে আজও প্রশ্নটি অমীমাংসিত। বিচার বিভাগ কি সত্যিকার অর্থে স্বাধীন, নাকি প্রশাসনিকভাবে নিয়ন্ত্রিত? বিচার বিভাগ একটি গণতান্ত্রিক রাষ্ট্রের পযবপশ ধহফ নধষধহপব ব্যবস্থা বজায় রাখে। কিন্তু যখন নির্বাহী বিভাগ বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেয়, তখন রাষ্ট্র কার্যত একদলীয় হয়ে ওঠে। আওয়ামী লীগের রাজনৈতিক ইতিহাসে দেখা যায়, ১৯৭৫ সালের বাকশাল কাঠামোতে বিচার বিভাগ রাষ্ট্রীয় প্রশাসনের অধীন ছিল। ২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর ধীরে ধীরে আবার প্রশাসনিক নিয়ন্ত্রণের দিকেই ফিরে যায়। ২০১৪ সালে আওয়ামী লীগ সরকার সংবিধানের ১৬তম সংশোধনী পাস করে, যাতে সংসদকে বিচারপতি অপসারণের ক্ষমতা দেওয়া হয়। এটিকে মূলত অভিযোগের মাধ্যমে বিচারপতিদের নিয়ন্ত্রণে রাখার রাজনৈতিক প্রক্রিয়া হিসেবে দেখা হয়।

২০১৭ সালে সুপ্রিম কোর্ট এই সংশোধনী বাতিল করে দেয় এবং রায়ে উল্লেখ করে সংসদের মাধ্যমে বিচারপতি অপসারণের ক্ষমতা দেওয়া হলে বিচার বিভাগ স্বাধীন থাকবে না। প্রধান বিচারপতি এস কে সিনহা তার রায়ে মন্তব্য করেন, এই সংশোধনী বিচার বিভাগের স্বাধীনতাকে ধ্বংস করেছে; এটি একদলীয় কর্তৃত্ববাদী শাসনের দিকে অগ্রযাত্রা। রায় ঘোষণার পর সরকার বিচারপতির সমালোচনায় নামে। পরবর্তীতে এস কে সিনহার ওপর খড়গ নেমে আসে এবং দেশত্যাগে বাধ্য হন তিনি। বাংলাদেশের এই ঘটনাটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বিচার বিভাগের ওপর নির্বাহী নিয়ন্ত্রণের প্রতীক হয়ে ওঠে।

এই বাস্তবতা সংবিধানের মৌলিক কাঠামো তত্ত্বের পরিপন্থি, যেখানে বিচার বিভাগের স্বাধীনতা ইধংরপ ঝঃৎঁপঃঁৎব উড়পঃৎরহব -এর অংশ হিসেবে বিবেচিত।\r\nদেশ স্বাধীনের পর বিগত সময়ে, যখনই আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় ছিল তখন তাদের বক্তব্য ছিল- আমরা বিচার বিভাগের স্বাধীনতা সংবিধানে নিশ্চিত করেছি। কিন্তু বাস্তব চিত্রে দেখা যায়, বিচার বিভাগের ওপর নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণ ক্রমেই শক্তিশালী করেছে বিভিন্ন সময়ে নানা ফন্দিফিকিরে। এই দ্বৈত অবস্থানই বাংলাদেশের বিচারব্যবস্থাকে এক সাংবিধানিক দ্বন্দ্বের মুখে ঠেলে দিয়েছে বারবার। সংবিধানে বিচার বিভাগের স্বাধীনতা তিনটি গুরুত্বপূর্ণ অনুচ্ছেদে প্রতিফলিত। অনুচ্ছেদ ২২: রাষ্ট্রের নির্বাহী ও বিচার বিভাগের কার‌্যাবলী পৃথক করণ নিশ্চিত করিবে।

অনুচ্ছেদ ৯৪(৪): বিচারকগণ বিচারকার্যে স্বাধীন থাকিবেন। অনুচ্ছেদ ১১৬এ: বিচারকগণ তাদের বিচারকার্যে স্বাধীন হইবেন। ১৯৭২ সালের সংবিধানে এই অনুচ্ছেদগুলো ছিল নির্বাহী নিয়ন্ত্রণমুক্ত বিচারব্যবস্থা গঠনের প্রতিশ্রুতি। কিন্তু ১৯৭৫ সালে সংবিধান সংশোধনের মাধ্যমে বিচার বিভাগকে কার্যত নির্বাহী বিভাগের অধীন আনা হয়। রাষ্ট্রপতির হাতে নিম্ন আদালতের নিয়ন্ত্রণ ও বিচারপতি নিয়োগের ক্ষমতা অর্পণ করে। ১৯৭২ সালের পর ২২ বছর অতিক্রান্ত হলেও এ নিয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ১৯৯৪ সালে দেশের অধস্তন আদালতের বিচারকদের বেতন গ্রেড নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়। প্রশাসনের অধীনে কর্মরত জেলা ও মহানগর বিচারকগণ (তখনকার ম্যাজিস্ট্রেটরা) ক্রমবর্ধমান নির্বাহী হস্তক্ষেপে অসন্তুষ্ট ছিলেন।

তারা মনে করতেন, বিচারক হয়ে প্রশাসনের নিয়ন্ত্রণে থাকা সংবিধানের পরিপন্থি। এই প্রেক্ষাপটে ১৯৯৫ সালে নিম্ন আদালতের বিচারক মাসদার হোসেনসহ ৪৩ জন বিচারক রায় পিটিশন (নং ২৪২৪/১৯৯৫) করেন। মোট ৪৪১ বিচারকের পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করেন। এই রিটের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট ১৯৯৭ জুডিশিয়াল সার্ভিসকে স্বতন্ত্র সার্ভিস করার আদেশ দেন। রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ আপিল দায়ের করেন। সেই আপিলের শুনানি শেষে ১৯৯৯ সালের ২ ডিসেম্বর আপিল বিভাগ চূড়ান্ত রায় দেন। \r\nএ মামলার পক্ষসমূহ অর্থ মন্ত্রণালয়ের সচিবসহ বাংলাদেশ সরকার বনাম মাসদার হোসেন। তাদের দাবি ছিল, নিম্ন আদালতের বিচারকদের নির্বাহী বিভাগের নিয়ন্ত্রণমুক্ত রাখা।

বিচারকগণকে সিভিল সার্ভিসের অন্তর্ভুক্ত রাখা সংবিধানের পরিপন্থি, যা সংবিধানের ২২ অনুচ্ছেদের লঙ্ঘন।\r\nনির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে সম্পূর্ণ স্বাধীন করতে একটি স্বতন্ত্র, স্বাধীন বিচার বিভাগীয় সার্ভিস গঠন করা। ১৯৯৯ সালের মাসদার হোসেন মামলার চূড়ান্ত রায় ছিল সেই সংবিধানিক প্রতিশ্রুতিকে বাস্তবে রূপ দেওয়ার এক ঐতিহাসিক মুহূর্ত। এটি শুধু একটি রায় নয় এটি ছিল বাংলাদেশের বিচার বিভাগের আত্মমর্যাদা ও প্রাতিষ্ঠানিক স্বাধীনতার জন্য এক প্রাতিষ্ঠানিক বিপ্লবের আইনি ভিত্তি। তবে প্রায় তিন দশক পেরিয়ে আজও আমাদের মনে প্রশ্ন জাগে বিচার বিভাগ কি সত্যিই স্বাধীন হয়েছে, নাকি রায়ের কাগুজে রূপ কল্পনায় দৃশ্যমান?

২০০৭ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে বিচার বিভাগ আলাদা করা হলেও, প্রশাসনিক সিদ্ধান্ত যেমন- বদলি, পদোন্নতি ও শৃঙ্খলাবিধিসহ কিছু বিষয় আইন মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণে থেকে যায়।\r\nসংবিধান বিচার বিভাগের স্বাধীনতাকে রাষ্ট্রীয় মৌলনীতি হিসেবে স্বীকৃতি দিয়েছে। আওয়ামী লীগ, বিশেষত ১৯৭২ সালের সংবিধান প্রণয়নের সময় এই আদর্শকে নিজেদের রাজনৈতিক ঐতিহ্যের অংশ হিসেবে প্রচার করেছিল। ২০০৮ সালের নির্বাচনী ইশতেহারেও দলটি বিচার বিভাগের স্বাধীনতা সংরক্ষণ ও আইনের শাসন প্রতিষ্ঠা র অঙ্গীকার করে। তবে এই অঙ্গীকার বাস্তবায়নে আওয়ামী লীগ সরকারের কার্যক্রম প্রায়ই বিচার বিভাগীয় স্বাধীনতা বনাম নির্বাহী বিভাগের দ্বন্দ্বে পরিণত হয়।

২০০৮ সালে বাংলাদেশের ৯ম জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে (যা অনুষ্ঠিত হয়-২৯ ডিসেম্বর ২০০৮) আওয়ামী লীগ নির্বাচনী ইশতেহারে প্রতিশ্রুতি দেয়, বিচার বিভাগের স্বাধীনতা রক্ষা ও বিচার প্রক্রিয়ার সংস্কার করা হবে। কিন্তু ২০০৯ সালের পর সাড়ে পনেরো বছরে তাদের শাসনকালে দেখা যায়, সংবিধানিক ঘোষণার বাস্তব প্রয়োগে প্রশাসনিক নিয়ন্ত্রণই প্রাধান্য পেয়েছে বারবার। \r\nএভাবে বিচারপতি নিয়োগে যোগ্যতা ও অভিজ্ঞতার চেয়ে রাজনৈতিক আনুগত্য প্রাধান্য পেয়েছে বিগত সব রাজনৈতিক সরকারের আমলে, এমন কী সামরিক সরকারের আমলেও এ ধারা অব্যাহত ছিল।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বিচারপতি নিয়োগের বিশ্লেষণে দেখা যায়, অধিকাংশ নিয়োগই এমন আইনজীবীদের দেওয়া হয়েছে, যারা ক্ষমতাসীন দলের রাজনৈতিক মতাদর্শে ঘনিষ্ঠ এবং ভিন্ন মতের প্রতি রুষ্ট ও সংক্ষুব্ধ। বিভিন্ন সময়ে তাদের বিতর্কিত রায়েও তা প্রতিফলিত হয়েছে। উদাহরণস্বরূপ- ২০১৩ সালের পর ৫০টিরও বেশি নিয়োগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভেতর রাজনৈতিক বিভাজন স্পষ্ট হয়। যারা হাইকোর্ট ও সুপ্রিম কোর্টে বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন, তাদের অধিকাংশই আওয়ামীপন্থি আইনজীবী সংগঠন সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ -এর সদস্য। নিয়োগপ্রাপ্তদের চেয়ে যোগ্যতাসম্পন্ন হওয়া সত্ত্বেও ভিন্ন মতাদর্শের কারণে অনেকে নিয়োগ পাননি। যা বিচার বিভাগের রাজনৈতিক নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ করেছে।

২০১৭ সালে সরকার বিচার বিভাগীয় সার্ভিস (শর্তাবলি) বিধিমালা প্রণয়ন করে। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই বিধিমালা নিয়ে ২০১৭ সালে মন্তব্য করে বিচার বিভাগীয় স্বাধীনতা এই বিধিমালায় সম্পূর্ণরূপে প্রতিফলিত হয়নি। কিন্তু সেখানে দেখা যায়- বদলি, ভাতা, শৃঙ্খলাজনিত ব্যবস্থা ইত্যাদি বিষয়ে চূড়ান্ত ক্ষমতা আইন মন্ত্রণালয়ের হাতেই থেকে যায়। ফলে, বাংলাদেশের নিম্ন আদালতের বিচারকরা আজও আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক নিয়ন্ত্রণাধীন।\r\nসংবিধানের ৯৫(১) অনুযায়ী, সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের ক্ষমতা রাষ্ট্রপতির হাতে। কিন্তু সংবিধানের ৭০ অনুচ্ছেদের দলীয় শৃঙ্খলার বিধানের আলোকে, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর পরামর্শ ছাড়া কোনো সিদ্ধান্ত নিতে পারেন না।

বিধায় বিচারপতি নিয়োগের ক্ষেত্রে রাজনৈতিক আনুগত্য বা প্রশাসনিক ঘনিষ্ঠতা প্রাধান্য পায় এমন অভিযোগ বিগত সময়ে উঠেছে বারবার। বাংলাদেশের সংবিধান রাষ্ট্রক্ষমতার তিনটি অঙ্গ-সংসদ, নির্বাহী ও বিচার বিভাগ-এর পারস্পরিক ভারসাম্য ও স্বাধীনতা নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। এর মধ্যে বিচার বিভাগের স্বাধীনতা (অৎঃরপষব-২২) শুধু প্রশাসনিক কাঠামোর বিষয় নয়; এটি গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের মূলভিত্তি। কিন্তু বাস্তবতা দীর্ঘদিন ধরে ভিন্ন ছিল। এমন পরিস্থিতিতে, মাসদার হোসেন মামলা-১৯৯৯ বাংলাদেশের বিচার বিভাগের স্বাধীনতা ও সংবিধান বাস্তবায়নের ইতিহাসে একটি যুগান্তকারী মাইলফলক।

এ মামলার প্রেক্ষাপট, রায়, তাৎপর্য ও বাস্তবায়নের অগ্রগতি ও অসঙ্গতি আলোকপাত করে আমরা দেখতে পাই, স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান রচিত হয় ১৯৭২ সালে। এ সংবিধানে ২২ অনুচ্ছেদে বলা হয়েছে, রাষ্ট্র নির্বাহী অঙ্গ থেকে বিচার বিভাগকে পৃথক রাখিবেন। তবে স্বাধীনতার পর থেকেই বিচারক নিয়োগ, বদলি, পদোন্নতি ও শৃঙ্খলা সংক্রান্ত ক্ষমতা নির্বাহী বিভাগের হাতে ছিল। এর ফলে বিচার বিভাগের ওপর নির্বাহী নিয়ন্ত্রণ ক্রমে বেড়ে যায়, যা ন্যায়বিচার ও আইনের শাসনের পরিপন্থি হয়ে ওঠে।\r\nহাইকোর্ট বিভাগ ১৯৯৭ সালে একটি ঐতিহাসিক রায় দেন। যেখানে বলা হয়- বিচার বিভাগ নির্বাহী বিভাগ থেকে পৃথক, বিচারকদের জন্য পৃথক সার্ভিস কমিশন গঠন করতে হবে। বিচারকদের নিয়োগ, পদোন্নতি, বদলি ও শৃঙ্খলা সংক্রান্ত ক্ষমতা নির্বাহী বিভাগের পরিবর্তে একটি স্বতন্ত্র কমিশনের মাধ্যমে পরিচালিত হবে। যার জন্য প্রয়োজন হবে একটি পৃথক সচিবালয়। সংবিধানের ৯৫(২), ১১৫, ১১৬, ১১৬(এ) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতির নামমাত্র নিয়োগ থাকলেও বাস্তব কর্তৃত্ব থাকবে বিচার বিভাগের নিজস্ব ব্যবস্থায়। সরকার এই রায়ের বিরুদ্ধে আপিল করে। \r\n(আগামী সংখ্যায় সমাপ্য)\r\nলেখক :সাংবাদিক