এক-এগারো থেকে দেড় যুগের ধারাবাহিক লুন্ঠন ও ফ্যাসিবাদি স্বৈরতন্ত্রের বিরুদ্ধে জুলাইয়ের গণবিদ্রোহে বিতাড়িত হওয়া ভারতীয় পুতুল সরকার দেশের অর্থনীতি, খাদ্য ও জ্বালানি নিরাপত্তা, পররাষ্ট্রনীতি, জনপ্রশাসন ও বিচারব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে গেছে। জুলাই সনদের মূল দাবি হচ্ছে, আর কেউ যেন কখনো দেশে এমন লুণ্ঠন, ধ্বংস ও স্বৈরতন্ত্র কায়েম করতে না পারে। স্বৈরাচার হটিয়ে ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রে উত্তরণের সুযোগ সৃষ্টিকারি সকল রাজনৈতিক শক্তির ঐক্য ও আকাক্সক্ষার প্রতিফলন ঘটেছে গণভোট ও জুলাই সনদে। সংবিধান রক্ষার কথা বলে যারা গণভোটের স্পিরিটকে অগ্রাহ্য করতে চাইছেন, তারা মূলত পতিত স্বৈরাচারের ন্যারেটিভই প্রচার করতে চাইছেন।

সংবিধানে গণভোট ও নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার অন্তর্ভুক্তি ছিল জাতীয় ঐক্য ও জনগণের অভিপ্রায়ের প্রতিফলন। আওয়ামী স্বৈরতন্ত্রকে চিরস্থায়ী করতে সব রাজনৈতিক পক্ষের মতামতকে অগ্রাহ্য করে ২০১১ সালে সংবিধান থেকে তত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা হয়। উল্লেখ্য, সপ্তম জাতীয় নির্বাচনের আগে গণআন্দোলনের মাধ্যমে ১৯৯৬ সালে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে সংযোজন করা হয়েছিল। সংবিধানের পঞ্চম সংশোধনীর মাধ্যমে ১৯৭৯ সালে জিয়াউর রহমান জাতির বিশেষ প্রয়োজনে গণভোটের বিধান চালু করেছিলেন।

এক-এগারো সরকারের অধীনে অনুষ্ঠিত ভারত ও আমেরিকার যোগসাজশে ২০০৮ সালের ডিসেম্বরে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদের পাতানো নির্বাচনে শেখ হাসিনাকে ক্ষমতায় বসানোর পর ২০১১ সালে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোট বাতিল করা হয়। জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জাতীয় নির্বাচনে দেশের শাসনভার জিয়াউর রহমানের প্রতিষ্ঠিত বিএনপির হাতে তুলে দিয়েছে। জুলাই যোদ্ধা ও জুলাই সনদের দাবিগুলো জিয়াউর রহমানের বিএনপির রাজনৈতিক সিদ্ধান্তের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া সত্ত্বেও পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় এসব নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি করে কোনো পক্ষ দেশের স্থিতিশীল রাজনৈতিক পরিবেশকে অস্থিতিশীল ও ঘোলাটে করার চেষ্টা করছে কিনা, তা নিয়ে ভেবে দেখার অবকাশ আছে। অন্ধ হলেই প্রলয় বন্ধ থাকেনা। বিএনপির হাইকমান্ড এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের পাশে থাকা সরকারের সর্বোচ্চ পর্যায়ের কতিপয় ব্যক্তি সম্পর্কে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেসব খবর ও মতামত দেখা যায়, তার পুরোটা হয়তো সত্য নয়। তবে যেটুকুর প্রতিফলন প্রতিদিনের গণমাধ্যমে এবং রাজনৈতিক বাস্তবতায় দেখা যায়, তাতে ফ্যাসিবাদবিরোধী, আধিপত্যবাদবিরোধী ও গণতন্ত্রকামী সাধারণ মানুষের শঙ্কিত ও সংক্ষুব্ধ হওয়ার যথেষ্ট কারণ আছে।

সংসদীয় গণতন্ত্রে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতাসীন সরকারের জন্য একই সঙ্গে বড় ধরণের ঝুঁকি এবং সুযোগ সৃষ্টি করে থাকে। এখানে লর্ড অ্যাকটনের সেই বিখ্যাত উক্তিটি প্রণিধানযোগ্য, তিনি বলেছিলেন, ‘পাওয়ার করাপ্টস, অ্যাবসোলিউট পাওয়ার করাপ্টস অ্যাবসোলিউটলি’। নবম জাতীয় সংসদে ভোটের ব্যবধান ১৫ শতাংশের কম হলেও বিদ্যমান নির্বাচন ব্যবস্থায় দুই প্রধান রাজনৈতিক দল ও জোটের আসন সংখ্যা ছিল ভারসাম্যহীন। সেখানে আওয়ামী লীগ ২৩০ ভোট আসনে জয়লাভ করলেও বিএনপি পেয়েছিল মাত্র ৩০টি আসন। পরবর্তীতে সেই নির্বাচন নিয়ে ভারতীয় এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূ-রাজনৈতিক কৌশলগত বোঝাপড়া ও ষড়যন্ত্রের তথ্য ফাঁস হয়েছিল।

সেই কৃত্রিম অ্যাবসোলিউট মেজরিটির পেছনে থাকা ভারতীয় ডিপস্টেটের প্রেসক্রিপশন হাসিনা সরকারকে দানবীয় শক্তিতে পরিনত করেছিল। শেষ পর্যন্ত তাদের গণঅভ্যুত্থানে পতন ও দেশ ছেড়ে পালাতে বাধ্য করেছে। দেশের প্রধান রাজনৈতিক দলগুলো দেশের রাজনৈতিক উত্থান-পতনের ইতিহাস থেকে শিক্ষা নিতে ব্যর্থ হচ্ছে বলেই পরস্পরবিরোধী রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গিয়ে একই রকমের ভুলের পুনরাবৃত্তি সরকারকে গণবিচ্ছিন্নতা ও গণরোষের লক্ষ্যবস্তুতে পরিনত করেছে। এর নেপথ্যে প্রতিবেশি দেশের আধিপত্যবাদী এজেন্ডায় ডি-স্ট্যাবিলাইজেশন প্রোগ্রামের কার্যকর প্রয়োগ ঘটে থাকতে পারে। অনেক প্রত্যাশিত ও প্রতিক্ষিত ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত সংসদ ও সরকার মাত্র দুই মাস অতিক্রম করেছে।

দীর্ঘ দেড়যুগের স্বৈরাচারি ও লুটপাট শাসনের পর প্রত্যাশিত পরিবর্তন দুই-তিন মাসেই দৃশ্যমান করা সম্ভব নয়। অতীতে বিএনপি সরকারকে একদিনও শান্তিতে থাকতে না দেয়ার সিদ্ধান্ত নিয়ে বছরের পর বছর ধরে দেশকে অশান্ত-অস্থিতিশীল করে রেখেছিল। গণঅভ্যুথানে পরাজিত হয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগের শীর্ষ নেতারা মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত, দলটি আইনগতভাবে নিষিদ্ধ হওয়ায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারকে আগের মত রাজনৈতিক বিরোধিতা ও আন্দোলনের নামে সন্ত্রাস-নৈরাজ্যের সম্মুখীন হওয়ার মত উটকো বিপত্তি না থাকা দেশের জন্য অনেক বড় স্বস্তির বিষয়। দুইমাসের সংসদীয় গণতন্ত্রে জুলাই সনদ ও গনভোট নিয়ে অহেতুক-অযৌক্তিক বিতর্ক-বিভাজন দেখা দিলেও জামায়াত নেতৃত্বাধীন বিরোধীদল সংসদে এবং রাজপথে গঠনমূলক বিরোধিতাসহ সরকারকে সহযোগিতা করার প্রতিশ্রুতি দিয়েছে। বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে গৃহপালিত বিরোধীদলের বাস্তবতার বাইরে সংসদে বিরোধীদলের গঠনমূলক ভূমিকা পালনের নজির নাই। দেশের রাজনৈতিক সংস্কৃতিতে এবার নতুন এক ইতিবাচক বাক বদলের ইতিহাস সৃষ্টি হবে বলে গণতন্ত্রকামি জনগণের প্রত্যাশা। আধিপত্যবাদী শক্তির প্রভাবমুক্ত থেকে অন্তত ১০ বছর দেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও কূটনৈতিক সামর্থ্য, সম্ভাবনা ও উৎপাদনশীলতাকে কাজে লাগাতে পারলে দক্ষিণ এশিয়ার অন্যতম শক্তিশালী ও প্রভাবক রাষ্ট্রে পরিনত হতে পারে বাংলাদেশ।

আঞ্চলিক ও আন্তর্জাতিক সংকটকে নিজের পক্ষে কাজে লাগিয়ে রাষ্ট্রকে শক্ত অবস্থানে নিয়ে যাওয়া রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা ও সামর্থের মানদ- হিসেবে বিবেচিত হয়। সাম্প্রতিক সময়ে পাকিস্তান তার শ্রেষ্ঠ উদাহরণ হয়ে উঠেছে। চীনের সাথে কৌশলগত সুসম্পর্ক কাজে লাগিয়ে ভারতীয় আধিপত্যবাদী ও সামরিক আগ্রাসন প্রতিহত করার মধ্য দিয়ে ভারতের কৌশলগত মিত্র আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আস্থা ও বিশ্বস্ততা অর্জন করতে সক্ষম হয়েছে পাকিস্তানের সরকার ও সামরিক নেতৃত্ব।

ইরান-আমেরিকার মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতাকারী হিসেবে কাতার, সউদি আরব, চীন, রাশিয়া, তুরস্ক ও মিশরের মত দেশের চেয়ে পাকিস্তানের গ্রহণযোগ্য হয়ে ওঠার পেছনে ভারতের অপারেশন সিন্দুরে ভারতের উপর সামরিক শ্রেষ্ঠত্বের ভূমিকাকেই হয়তো বড় করে দেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একইভাবে বিশ্বের একনম্বর সামরিক-অর্থনৈতিক পরাশক্তি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের অজেয় ভাবমূর্তি ও আগ্রাসন রুখে দিয়ে ইরান এখন মধ্যপ্রাচ্য তথা বিশ্বের অন্যতম সামরিক পরাশক্তি হিসেবে আর্বিভূত হতে চলেছে। সামরিক-বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালির নৌপথ বন্ধ হয়ে যাওয়ার পর ইরানের পক্ষ থেকে বাংলাদেশসহ ৬টি দেশের জাহাজকে অবাধে চলাচলের সুযোগ দেয়ার ঘোষণা করা হয়েছিল। বাকি ৫টি দেশ হচ্ছে; ইরাক, চীন, রাশিয়া, পাকিস্তান ও ভারত।

হরমুজ প্রণালিতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত হওয়ার পরও বাংলাদেশের জ্বালানিবাহি জাহাজগুলো অবাধে দেশের বন্দরে এসে ভিড়েছে। সংগত কারণেই বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা অতটা সংকটের মুখোমুখি হওয়ার কথা নয়। বর্তমান সরকারের পররাষ্ট্রমন্ত্রণালয় আঞ্চলিক-আন্তর্জাতিক বাস্তবতা ও জ্বালানি নিরাপত্তার মত ইস্যুকে সামনে রেখে ইরান, মধ্যপ্রাচ্য, চীন ও আমেরিকার সাথে ভারসাম্যপূর্ণ ভূমিকা পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে। যেখানে ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটোভুক্ত দেশগুলোও চিরায়ত গাঁটছড়া ভেঙ্গে ইরানে ইসরাইল ও মার্কিন যুক্তরাষ্ট্রের আগ্রাসনের নিন্দা জানিয়েছে। বিশেষত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেয়িসহ শীর্ষ নেতাদের হত্যা এবং মিনাবে স্কুলে বোমা মেরে দেড়শতাধিক শিশু হত্যার নিন্দা জানাতে কোনো রাজনৈতিক পক্ষপাতের প্রসঙ্গ আসে না।

এসব বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে অবস্থান পরিষ্কার করতে এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে ইরানের প্রতি সমবেদনা ও নৈতিক সমর্থন প্রত্যাশা করে প্রকাশ্যই আহ্বান জানিয়েছিল ইরান। বাংলাদেশের সরকার ও পররাষ্ট্রমন্ত্রণালয় তা করতে ব্যর্থ হয়েছে। পাকিস্তান সরকার ইরানে সামরিক আগ্রাসন ও বেসামরিক মানুষ হত্যার নিন্দা জানানোর পরও যদি যুদ্ধের মধ্যস্থতাকারি হিসেবে নিজের অবস্থান অক্ষুন্ন রাখতে পারে, সংখ্যাগরিষ্ঠ মানুষের ধর্মীয় আবেগ, রাজনৈতিক অবস্থান, জ্বালানি নিরাপত্তা ও আঞ্চলিক বাস্তবতায় কূটনৈতিক ভাষায়, দায়সারাভাবে হলেও ইরানে সামরিক আগ্রাসনের বিরুদ্ধে নিন্দা না জানানো সরকারের অনেক বড় অক্ষমতা ও ভুল হিসেবেই চিহ্নিত হবে। এর প্রতিত্তোরে যদি ইরানের আইআরজিসি বাংলাদেশের জাহাজগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করতো, তাহলে বাংলাদেশ হয়তো ইতিমধ্যে অন্ধকারে তলিয়ে যেতো। তবে ইরান সরকার যুদ্ধে ইরানের প্রতি বাংলাদেশের জনগণের সমর্থনকে মূল্য দিলেও সরকারের অস্বাভাবিক নিরবতা নিয়ে ক্ষোভ প্রকাশের সাথে সাথে তার কিছু প্রতিক্রিয়াও দেখিয়েছে। হরমুজ প্রণালিতে বাংলাদেশের সুবিশাল তেলবাহী ট্যাংকার বাংলার জয়যাত্রাসহ কয়েকটি জাহাজ আটকে দেয়ার পেছনে তারই ইঙ্গিত বহন করছে।

দক্ষিণ এশিয়ার জনবহুল মুসলিম দেশ হিসেবে মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানি, জ্বালানি আমদানি ও বিনিয়োগ সম্ভাবনায় বাংলাদেশ অগ্রগণ্য হওয়ার যথেষ্ট সুযোগ ছিল। প্রেসিডেন্ট জিয়াউর রহমানই প্রথম এ সুযোগ কাজে লাগিয়ে মধ্যপ্রাচ্যে জনশক্তি রফতানিসহ উন্নয়ন অংশীদারিত্বের নতুন দিগন্ত খুলে দিতে সক্ষম হন। এখন ইরান-আমেরিকার যুদ্ধে পাকিস্তান যেভাবে মধ্যস্থতাকারির ভূমিকা নিয়ে বিশ্বে নতুন মর্যাদায় অভিসিক্ত হচ্ছে, সাড়ে চার দশক আগে ইরান-ইরাক যুদ্ধ বন্ধে মধ্যস্থতাকারি হিসেবে বাংলাদেশের প্রেসিডেন্ট জিয়াউর রহমানের উজ্জ্বল ও শক্তিশালী ভূমিকা সদ্য স্বাধীন বাংলাদেশকে এক অনন্য মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছিল। ধারাবাহিকভাবে নেতৃত্বের ব্যর্থতার কারণে আঞ্চলিক রাজনীতিতে চারদশকে বাংলাদেশের অবস্থানের অবনমন ঘটেছে।

আধিপত্যবাদী নীতির কারণে প্রতিবেশি দেশগুলোর আস্থা হারানোর কারণে পারমানবিক পরাশক্তি হওয়া সত্ত্বেও এক সময় জোট নিরপেক্ষ আন্দোলনের নেতৃত্ব দানকারি রাষ্ট্র হিসেবে ভারত আঞ্চলিক নেতৃত্বের ভূমিকা হারিয়েছে। যেকোনো দেশের আঞ্চলিক-আর্ন্তজাতিক নেতৃত্বের আসন ও মর্যাদা লাভের প্রথম ও প্রধান নিয়ামক শক্তি হচ্ছে রাষ্ট্রের আভ্যন্তরীন ঐক্য ও সংহতিকে প্রতিবেশি দেশ ও আঞ্চলিক বাস্তবতার নিরীখে ধারণ ও বিকশিত করা। প্রতিবেশি ভারতের আধিপত্যবাদী আগ্রাসনের বিরুদ্ধে পাকিস্তানের আপসহীন অবস্থানই পাকিস্তানকে আঞ্চলিক নেতৃত্বের আসন নিশ্চিত করছে।

একইভাবে মধ্যপ্রাচ্যের পশ্চিমা বশংবদ জিসিসিভুক্ত আরব দেশ ও ইসরাইল-আমেরিকার আগ্রাসনের বিরুদ্ধে ইরানের নিজস্ব ভূ-রাজনৈতিক অবস্থান, প্রজ্ঞা, ঐতিহ্য ও রণকৌশলের কাছে তাদের সম্মিলিত শক্তির পতনের মধ্য দিয়ে ইরান বিশ্বের অন্যতম পরাশক্তির মর্যাদায় অভিসিক্ত হতে চলেছে। ভারতীয় আধিপত্যবাদের সাথে আপস করার মধ্য দিয়ে বিপুল সম্ভাবনাময় বাংলাদেশ আঞ্চলিক ভূ-রাজনীতিতে তার অনন্য সম্ভাবনাময় অবস্থান হারাতে বসেছে। জুলাই অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক সরকারের কাছে জনগণের প্রত্যাশা হচ্ছে, ভারতীয় আধিপত্যবাদের প্রভাবমুক্ত রাজনৈতিক-অর্থনৈতিক ব্যবস্থা কায়েম করা। মাত্র দুই মাসেই সরকারের পারঙ্গমতার সঠিক মূল্যায়ন করা সঙ্গত না হলেও ইরান যুদ্ধের নতুন বাস্তবতায় জ্বালানি নিরাপত্তা, বাজার ব্যবস্থাপনা ও কূটনৈতিক সাফল্য-ব্যর্থতার আলোকে সরকারের সাফল্যের রূপরেখা নিয়ে যথেষ্ট আশঙ্কা দেখা যাচ্ছে। যুদ্ধের শুরু থেকেই সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, দেশে জ্বালানির পর্যাপ্ত মজুদ রয়েছে। সে কারণে দাম বাড়ানোর কোনো সিদ্ধান্ত না নিয়ে সরকার প্রশংসিত হয়েছে। এর মধ্যে ইসলামাবাদের আলোচনায় যুদ্ধবিরতিসহ লেবাননের সাথে ইসরাইলের যুদ্ধবিরতি হওয়ার পর ঊর্ধমুখী তেলের মূল্য অন্তত ১৫ ভাগ কমে গেছে। ঠিক এসময়ে বাংলাদেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হয়েছে। শুধু তাই নয়, সরকার জ্বালানি নিরাপত্তায় স্থায়ী সমাধানের পথে না গিয়ে প্রায় শতভাগ আমদানি নির্ভর ভারতের কাছ থেকে উচ্চমূল্যে জ্বালানি কেনার পথে পা বাড়িয়েছে। একই সময়ে চীনের কাছ থেকে জ্বালানি সহায়তার প্রস্তাব পাওয়ার পরও তা অগ্রাহ্য করার মধ্য দিয়ে বাংলাদেশ সরকার আঞ্চলিক সম্পর্কের ক্ষেত্রে যে বার্তা দিচ্ছে, তা বিগত ফ্যাসিস্ট সরকারের নীতিরই পুনরাবৃত্তি হিসেবে গণ্য হচ্ছে।

খাদ্য ও জ্বালানি নিরাপত্তার মত ইস্যুকে আধিপত্যবাদী আগ্রাসি প্রতিবেশির উপর নির্ভরশীল হওয়া এক ভয়ঙ্কর আত্মঘাতী সিদ্ধান্ত। দেশের একমাত্র সরকারি রিফাইনারি প্রতিষ্ঠান ইষ্টার্ন রিফাইনারি ১৯৬৩ সালে চালু হওয়ার পর প্রথমবারের মত বন্ধ হয়ে গেছে। অথচ এ সময়ে এর অপারেশনাল তৎপরতা আরো বৃদ্ধি পাওয়ার কথা। কারণে, যে ৬টি দেশ হরমুজ প্রণালি দিয়ে অবাধে তেল আমদানির সুযোগ পাচ্ছে তার মধ্যে বাংলাদেশ রয়েছে। দেশের রিফাইনারি বন্ধ করে দিয়ে ভারত থেকে পরিশোধিত জ্বালানি আমদানির সিদ্ধান্তের পেছনে সরকার বাংলাদেশের জ্বালানি শিল্পকে ভারতের মুখাপেক্ষি করে রাখার ষড়যন্ত্রের ফাঁদে পা দিচ্ছে নাতো! বলা হচ্ছে, রাশিয়া বা ভেনিজুয়েলার ক্রুড অয়েল পরিশোধনের সক্ষমতা নাকি আমাদের ইস্টার্ন রিফাইনারির নেই।

গত ৬৫ বছরে, বিশেষত একাত্তর সালের পর বাংলাদেশের জনসংখ্যা, নগরায়ন, বিদ্যুতায়ন, শিল্পায়ন, গণপরিবহন বহুগুণ বাড়ার সাথে সাথে জ্বালানি চাহিদা ও আমদানি বাড়লেও পুরনো রিফাইনারির সক্ষমতা বৃদ্ধি ও এবং নতুন রিফাইনারি প্রতিষ্ঠার উদ্যোগ না নেয়ার পেছনে কি কারণ থাকতে পারে! সউদী আরব, চীন, ভারতসহ বিভিন্ন দেশ ও বহুজাতিক কোম্পানি বাংলাদেশে নতুন রিফাইনারি প্রতিষ্ঠা এবং ইস্টার্ণ রিফাইনারি সম্প্রসারণের মাধ্যমে জ্বালানি তেল পরিশোধন সক্ষমতা বৃদ্ধির প্রস্তাবগুলো কেন গ্রহণ করা হয়নি তা পরিষ্কার হওয়া জরুরি। আমাদের কৃষকরা বাম্পার ধান উৎপাদন করে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পর ভরা মওসুমে ভারত থেকে নি¤œমানের চাল আমদানির অনুমোদন দিয়ে বাজারে ধস নামিয়ে কৃষকদের চরম ক্ষতির মুখে ঠেলে দেয়ার নজির আছে।

দক্ষিণ এশিয়ার জনবহুল মুসলমান সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে মধ্যপ্রাচ্যের যেকোনো দেশ থেকে তেল আমদানির ক্ষেত্রে ভারতের চেয়ে বেশি সুবিধাজনক অবস্থানে থাকার কথা। এই সুবিধা কাজে লাগিয়ে দেশে নতুন নতুন রিফাইনারি প্রতিষ্ঠা করে বাংলাদেশই বরং জ্বালানি রফতানিকারক দেশে পরিনত হতে পারে। সে সুযোগ ও সম্ভাবনা কাজে না লাগিয়ে ভারত থেকে জ্বালানি ও বিদ্যুৎ আমদানি করে দেশের জ্বালানি নিরাপত্তা ভারতের হাতে ছেড়ে দেয়ার মত অপরিনামদর্শি সিদ্ধান্ত থেকে বেরিয়ে আসতে হবে। ইস্টার্ন রিফাইনারিতে ক্রুড অয়েল পরিশোধনের মাধ্যমে ডিজেল, পেট্টোল, কেরোসিন, অকটেন, ফার্নেস অয়েল, লুব্রিকেন্ট, বিটুমিন, নেপথালিন সহ ১৬ প্রকারের পেট্টোলিয়াম উপজাত দ্রব্য উৎপাদন ও দেশীয় চাহিদার বেশিরভাগ পুরণ করা হয়। পরিশোধিত জ্বালানি আমদানির মাধ্যমে দেশের চাহিদা পুরণ করা হলে এসব গুরুত্বপূর্ণ উপজাত সামগ্রীও আমদানি নির্ভর হওয়া ছাড়া উপায় থাকবে না। ডিজেল সংকটের কারণে বেশ কয়েকটি বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন বন্ধ হয়ে গেছে। কথিত গ্যাস সংকটের কারনে দেশের বেশ কয়েকটি ইউরিয়া কারখানার ইউনিট ও দেশের একমাত্র ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার কারখানা বন্ধ হয়ে যাওয়ার খবর বেরিয়েছে। অর্থাৎ দেশের জ্বালানি সংকট শিল্পোৎপাদন, কৃষি, খাদ্য নিরাপত্তা ও রফতানি বাণিজ্যে বড় ধরণের নেতিবাচক প্রভাব সৃষ্টি করতে চলেছে। অহেতুক রাজনৈতিক বিতর্ক ও ব্লেইম গেম এড়িয়ে জ্বালানি নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও মূল্যস্ফীতির মত বিষয়গুলো নিয়ন্ত্রণে সরকার ও বিরোধিদলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।

bari_zamal@yahoo.com