দেশ আজ জুলাই গণঅভ্যুত্থান-উত্তর ইতিহাসের সবচেয়ে সংকটময় ও স্পর্শকাতর সময় অতিক্রম করছে। একের পর এক ঘটে চলা ঘটনাপ্রবাহ আমাদের রাজনৈতিক সংস্কৃতি, নিরাপত্তা কাঠামো এবং সামষ্টিক জাতীয় চেতনাকে উন্মোচিত করে দিয়েছে। এমন এক সময়ে, যখন সংযম, দূরদর্শিতা ও জাতীয় ঐক্য সর্বাধিক প্রয়োজন, ঠিক তখনই জাতি আক্রান্ত হয়েছে শোক, আতঙ্ক ও গভীর হতাশায়।

বেগম খালেদা জিয়া আজ আর কেবল একটি রাজনৈতিক দলের প্রধান নন; তিনি জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রীয় স্থিতিশীলতার এক প্রতীক। গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালের শয্যায় শুয়ে থাকা এই নেত্রীকে ঘিরে গোটা জাতির সর্বস্তরের মানুষের ভালোবাসা, শ্রদ্ধা ও প্রার্থনার ঢল নেমেছে। দল-মত নির্বিশেষে এই স্বতঃস্ফূর্ত প্রতিক্রিয়া একটি গভীর সত্য তুলে ধরেছে: জাতীয় সংকটের মুহূর্তে মানুষ দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে সেই নেতার দিকে তাকায়, যিনি সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন এবং যাঁর নেতৃত্ব রাষ্ট্রীয় সার্বভৌমত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। তাঁর অসুস্থতা আমাদের স্মরণ করিয়ে দিয়েছে, নেতৃত্ব কেবল ক্ষমতার প্রশ্ন নয়, এটি নৈতিক কর্তৃত্বেরও বিষয়, যা দীর্ঘ ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে অর্জিত হয়।

এরই মধ্যে জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারির অন্যতম নেতা ওসমান হাদির ওপর হামলা গোটা দেশকে নাড়িয়ে দিয়েছে। একজন ঘাতকের গুলিতে আহত হয়ে তিনি সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় ১৮ ডিসেম্বর রাতে শহীদি কাফেলায় শরিক হয়েছেন। আল্লাহ তাঁকে জান্নাতে উঁচু মর্যাদায় আসীন করুন। এই ঘটনা কোনো বিচ্ছিন্ন অপরাধ নয়, কিংবা হঠাৎ ঘটে যাওয়া সহিংসতাও নয়। এটি একটি সুস্পষ্ট সতর্কবার্তা, যা পরিকল্পিত, উদ্দেশ্যপ্রণোদিত এবং গভীরভাবে উদ্বেগজনক। আমাদের স্বীকার করতেই হবে, রাজনৈতিক সহিংসতা আবারও একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে মাথাচাড়া দিয়ে উঠছে। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার কণ্ঠগুলোকে দমিয়ে রাখা বা স্তব্ধ করে দেয়ার জন্য বিশেষ মহল তাদের অপচেষ্টা চালিয়ে যাবে, কিন্তু আমাদের সকলকে সতর্ক থাকতে হবে। এ লড়াই কখনো থামবে না, যতদিন আমাদের দেশ ভারতীয় আধিপত্য থেকে মুক্ত না হবে।

এই জাতীয় উৎকণ্ঠার আবহেই নির্বাচন কমিশন নির্বাচনের তফশিল ঘোষণা করেছে। কিন্তু এই ঐতিহাসিক মুহূর্তে দায়িত্বশীলতার পরিচয় দেওয়ার বদলে রাজনৈতিক দলগুলো যেন পুরোনো অভ্যাসেই আটকে আছে। নীতি ও সংস্কারের ভিত্তিতে নয়, বরং স্বার্থের সমীকরণে জোট গঠিত হচ্ছে। ব্যক্তিগত আক্রমণ, চরিত্রহনন ও কুৎসা রটনা আবারও রাজনীতির প্রধান অস্ত্রে পরিণত হয়েছে। নির্বাচনী আচরণবিধির প্রকাশ্য লঙ্ঘন-অবৈধ পোস্টারিং, কালো টাকার অবাধ ব্যবহার, প্রতিপক্ষের ওপর হামলা: চোখে পড়ার মতোভাবে বাড়ছে। ভাষা, আচরণ ও কৌশলে বারবার ফিরে আসছে সেই একই পুরোনো বয়ান, যা গত সাড়ে পনেরো বছরের ফ্যাসিবাদী শাসনামলে জাতি প্রত্যক্ষ করেছে। নির্বাচন কমিশনের এ ব্যাপারে কঠোর পদক্ষেপ নেয়া দরকার।

সাধারণ মানুষ চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ। জুলাই গণঅভ্যুত্থানের রক্ত, আত্মত্যাগ ও গণআকাক্সক্ষার পর জনগণ আশা করেছিল, একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি, যেখানে থাকবে বিনয়, জবাবদিহি এবং জাতীয় স্বার্থকে সর্বাগ্রে রাখার মানসিকতা। কিন্তু বাস্তবে তারা দেখছে, রাজনৈতিক দলগুলোর মাঝে যেকোনো মূল্যে ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতা। এই সংকটময় সময়ে জাতীয় ঐক্যের অনুপস্থিতি কেবল রাজনৈতিক ব্যর্থতা নয়; এটি সরাসরি জাতীয় নিরাপত্তার জন্য এক মারাত্মক হুমকি।

আজ দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে শুধু বাইরের চাপের কারণে নয়, বরং অভ্যন্তরীণ বিভাজনের ফলেও। রাজনৈতিক দলগুলো যখন সংকীর্ণ দলীয় স্বার্থকে জাতীয় স্বার্থের ঊর্ধ্বে স্থান দেয়, তখনই তারা হস্তক্ষেপ ও ষড়যন্ত্রের দরজা খুলে দেয়। স্পষ্ট লক্ষণ পাওয়া যাচ্ছে: কিছু স্বার্থান্বেষী মহল ইচ্ছাকৃতভাবে সহিংসতা, আতঙ্ক ও অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যার লক্ষ্য নির্বাচন বিলম্বিত বা ভ-ুল করা। তাদের চূড়ান্ত উদ্দেশ্য হলো, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রত্যাখ্যাত ফ্যাসিবাদী রাজনৈতিক শক্তিকে পুনর্বাসনের সুযোগ করে দেওয়া।

ওসমান হাদির ওপর হামলাকে তাই কোনো বিচ্ছিন্ন বা আকস্মিক ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। এটি একটি সুপরিকল্পিত ধারাবাহিকতার অংশ, যার লক্ষ্য রাষ্ট্রকে ধীরে ধীরে অস্থিতিশীলতার গভীর খাদে ঠেলে দেওয়া। ইতিহাস বলে, যখন একটি জাতি রাজনৈতিক রূপান্তরের সন্ধিক্ষণে পৌঁছে, তখনই অদৃশ্য শক্তিগুলো সক্রিয় হয়: ভয় সৃষ্টি করে, নেতৃত্বকে লক্ষ্যবস্তু বানায় এবং জনগণের মধ্যে অনিশ্চয়তা ছড়িয়ে দেয়। আজ বাংলাদেশ ঠিক সেই বিপজ্জনক মোড়েই দাঁড়িয়ে আছে। যদি এখনই কঠোর, সমন্বিত ও দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ না করা হয়, তবে সামনে যে সময় অপেক্ষা করছে তা হবে আরও ভয়াবহ। লক্ষ্যভিত্তিক হত্যাকা-, পরিকল্পিত গুম, প্রকাশ্য শারীরিক হামলা এবং আতঙ্ক সৃষ্টির মাধ্যমে সমাজকে পঙ্গু করে দেওয়ার অপচেষ্টা বাড়বে। শুধু ব্যক্তি নয়, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অবকাঠামো, কৌশলগত প্রতিষ্ঠান ও জাতীয় সক্ষমতার কেন্দ্রবিন্দুগুলোও নাশকতার লক্ষ্যবস্তুতে পরিণত হতে পারে। এর মাধ্যমে দেশকে এমন এক পরিবেশে ঠেলে দেওয়া হবে, যেখানে স্বাভাবিক প্রশাসন, নির্বাচন কিংবা গণতান্ত্রিক রূপান্তর কার্যত অসম্ভব হয়ে উঠবে।

একই সঙ্গে পুরোনো বিভাজনের ইস্যুগুলোকে সচেতনভাবে আবার পুনরুজ্জীবিত করা হবে। সংখ্যালঘু ইস্যুকে অতিরঞ্জিত ও বিকৃতভাবে উপস্থাপন করে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টির চেষ্টা করা হবে। পার্বত্য চট্টগ্রাম সমস্যাকে নতুন করে জটিল করে তুলে জাতীয় সংহতিতে আঘাত হানার অপচেষ্টা স্পষ্ট। সামাজিক সম্প্রীতি ভাঙার জন্য গুজব, অপপ্রচার ও উসকানিমূলক বয়ান ছড়িয়ে দেওয়া হচ্ছে পরিকল্পিতভাবে। এগুলো কোনো নতুন বা স্বতঃস্ফূর্ত ঘটনা নয়। এগুলো পরিচিত অস্থিতিশীলতার নীলনকশা, যা অতীতে বহু দেশে প্রয়োগ করা হয়েছে রাষ্ট্রকে দুর্বল করতে, নির্বাচনী প্রক্রিয়াকে প্রশ্নবিদ্ধ করতে এবং জনগণের আস্থা ভেঙে দিতে। আজকের বাংলাদেশে সেই নীলনকশারই পুনরাবৃত্তি ঘটছে, আর ওসমান হাদির ওপর হামলা তার নির্মম প্রথম ঘোষণা।

সরকারি আশ্বাস সত্ত্বেও বাস্তবতা হলো, আইনশৃঙ্খলা পরিস্থিতি এখনো অবাধ, নিরাপদ ও সুষ্ঠু নির্বাচনের জন্য অনুকূল নয়। সরকারের অবিরাম অস্বীকার জনমনে আস্থার সংকট আরও গভীর করছে। কঠিন সত্য হলো, গণঅভ্যুত্থান পরবর্তী অস্থিরতার সময় পুলিশ স্টেশন থেকে লুট হওয়া বিপুল পরিমাণ অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি। এসব অস্ত্র ফ্যাসিবাদী অপরাধীচক্র ও পেশাদার সন্ত্রাসীদের হাতে রয়েছে। একই সঙ্গে পূর্ববর্তী শাসনামলে সরকারের পৃষ্ঠপোষকতায় সজ্জিত ছাত্রলীগের সশস্ত্র ক্যাডাররা এখনো মাঠে সক্রিয়। অপরাধী চক্রগুলোও নতুন করে শক্তি সঞ্চয় করেছে। অস্থিরতার সুযোগে কারাগার থেকে পালিয়ে যাওয়া কিংবা বিতর্কিত জামিনে মুক্ত হওয়া অপরাধীরা আবার রাজনৈতিক সহিংসতার বাজারে ফিরে এসেছে। তারা ভাড়াটে শক্তি হিসেবে ব্যবহৃত হচ্ছে, রাজনৈতিক প্রতিপক্ষ, ফ্যাসিবাদী অবশিষ্ট শক্তি এবং বিদেশি গোয়েন্দা সংস্থার স্বার্থে। অপরাধী, রাজনৈতিক সুযোগসন্ধানী এবং বহিরাগত স্বার্থের এই ভয়ংকর মেলবন্ধন স্বাধীনতার পর অন্যতম গুরুতর হুমকি হিসেবে আবির্ভূত হয়েছে।

এই পরিস্থিতিতে করণীয় স্পষ্ট, যদিও কঠিন। জাতীয় ঐক্য ও সর্বদলীয় ঐকমত্য এখন আর বিলাসিতা নয়, এটি সময়ের অপরিহার্য দাবি। ঐক্য ছাড়া স্থিতিশীলতা নেই, স্থিতিশীলতা ছাড়া বিশ্বাসযোগ্য নির্বাচন সম্ভব নয়, আর বিশ্বাসযোগ্য নির্বাচন ছাড়া গণতান্ত্রিক রূপান্তর টেকসই হবে না। রাজনৈতিক দলগুলোর উচিত বিদেশি এজেন্ডা ও স্বল্পমেয়াদি স্বার্থ পরিহার করে রাষ্ট্রের সার্বভৌমত্ব রক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া। সরকারের ওপর দায়িত্ব সবচেয়ে ভারী। আইনশৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠায় জরুরি ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অবৈধ অস্ত্র উদ্ধারে সমন্বিত নিরাপত্তা ও গোয়েন্দা অভিযান চালাতে হবে। রাজনৈতিক বিবেচনা ছাড়াই অপরাধী নেটওয়ার্ক ভেঙে দিতে হবে। নির্বাচন আচরণবিধি কঠোর ও নিরপেক্ষভাবে প্রয়োগ করতে হবে।

অস্বীকারের সংস্কৃতি পরিহার করে জবাবদিহি নিশ্চিত করতে হবে। বিদেশি হস্তক্ষেপ: প্রকাশ্য হোক বা গোপন: দৃঢ়ভাবে প্রতিহত করতে হবে। যে জাতি স্বাধীনতার জন্য লড়াই করেছে, সে জাতি তার রাজনৈতিক ভবিষ্যৎ কোনোভাবেই অন্যের হাতে তুলে দিতে পারে না। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া প্রচারণা, উসকানি ও মনস্তাত্ত্বিক যুদ্ধ মোকাবিলায় তাৎক্ষণিক ব্যবস্থা প্রয়োজন। মতপ্রকাশের স্বাধীনতা বজায় রেখেই আইনানুগ নিয়ন্ত্রণ ও জনসচেতনতা বাড়াতে হবে। শেষ পর্যন্ত দায়িত্ব শুধু রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর নয়। জনগণকেও হতে হবে সজাগ, ঐক্যবদ্ধ ও সচেতন। জুলাই গণঅভ্যুত্থান কোনো একদিনের ঘটনা নয়; এটি একটি অঙ্গীকার। সেই অঙ্গীকার রক্ষা পাবে তখনই, যখন প্রতিহিংসার বদলে সংযম, বিভাজনের বদলে ঐক্য এবং দলীয় স্বার্থের বদলে জাতীয় স্বার্থকে আমরা বেছে নেব। ইতিহাস আরেকটি ব্যর্থতা ক্ষমা করবে না। এখনই একসঙ্গে পদক্ষেপ নেওয়ার সময়। কোন উস্কানিতে আমরা যেন কোন বিশৃঙ্খলা ও সহিংসতায় জড়িয়ে না পড়ি সে বিষয়ে খেয়াল রাখতে হবে। হাদির শাহাদতকে আমাদের শক্তিতে পরিণত করতে হবে। লেখক: নিরাপত্তা বিশ্লেষক। hrmrokan@hotmail.com