আজ ২৫ নভেম্বর নারীর প্রতি সহিংসতা বিলোপের আন্তর্জাতিক দিবস। এদিন শুরু হয় নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ১৬ দিনের আন্তর্জাতিক প্রচারাভিযান, যার সমাপ্তি ঘটে ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবসে। প্রতি বছর এ সময়ে বিশ্বজুড়ে নানা কর্মসূচি, আলোচনা ও সচেতনতামূলক প্রচারণা চলে। কিন্তু একটি প্রশ্ন থেকেই যায়—এত আলোচনা, এত আইন ও এত অঙ্গীকারের পরও নারীর প্রতি সহিংসতা কেন থামছে না?
২০২৬ সালের আন্তর্জাতিক প্রচারাভিযানের প্রতিপাদ্য—‘ইউনাইট টু অ্যান্ড ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস: এনশিওর জাস্টিস, প্রটেক্ট সারভাইভারস, অ্যান্ড ইমপিউনিটি’। অর্থাৎ সহিংসতা বন্ধে ঐক্যবদ্ধ হন, ন্যায়বিচার নিশ্চিত করুন, নির্যাতনের শিকার ব্যক্তির সুরক্ষা দিন এবং অপরাধীর দায়মুক্তির অবসান ঘটান। এ আহ্বান বাংলাদেশের জন্যও অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
নারীর শিক্ষা, কর্মসংস্থান, অর্থনৈতিক অংশগ্রহণ ও নেতৃত্বে বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। কিন্তু এ অগ্রগতির পাশাপাশি নারীর নিরাপত্তার বাস্তবতা এখনো উদ্বেগজনক। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও জাতিসংঘ জনসংখ্যা তহবিল (ইউএনএফপি) যৌথভাবে পরিচালিত ২০২৪ সালের নারী নির্যাতন জরিপের ফলাফল অনুযায়ী, বর্তমান বা অতীতে বিবাহিত নারীদের প্রায় ৭৬ শতাংশ জীবনের কোনো না কোনো সময় স্বামী বা সঙ্গীর মাধ্যমে অন্তত এক ধরনের সহিংসতার শিকার হয়েছেন। জরিপের আগের ১২ মাসে এ ধরনের সহিংসতার অভিজ্ঞতা হয়েছে ৪৯ শতাংশ নারীর। আরো উদ্বেগজনক হলো নির্যাতনের শিকার ৬২ শতাংশ নারী তাদের অভিজ্ঞতার কথা কাউকে জানাননি। অন্যদিকে বাংলাদেশ এমআইসিএস ২০২৫ অনুযায়ী, ২০-২৪ বছর বয়সী নারীদের ৪৭ দশমিক ২ শতাংশের বিয়ে হয়েছে ১৮ বছর পূর্ণ হওয়ার আগেই।
এ পরিসংখ্যান শুধু কিছু সংখ্যা নয়; এর পেছনে রয়েছে অসংখ্য নারীর নীরব কান্না, ভয়, অনিশ্চয়তা ও ন্যায়বিচার পাওয়ার দীর্ঘ সংগ্রাম। ঘরে, কর্মক্ষেত্রে, শিক্ষাপ্রতিষ্ঠানে, রাস্তায় কিংবা অনলাইনে—সহিংসতার ধরন বদলাচ্ছে, কিন্তু নারীর নিরাপত্তাহীনতা দূর হচ্ছে না।
সবচেয়ে উদ্বেগের বিষয় হলো, অনেক ক্ষেত্রে নির্যাতনের শিকার নারীকে সহিংসতার পাশাপাশি সামাজিক অপমান ও দোষারোপেরও মুখোমুখি হতে হয়। তাকে প্রশ্ন করা হয়—তিনি কোথায় ছিলেন, কী পোশাক পরেছিলেন, কেন প্রতিবাদ করেননি কিংবা কেন এতদিন পরে অভিযোগ করছেন। অথচ প্রশ্ন হওয়া উচিত সহিংসতা ঘটল কেন? অপরাধীর জবাবদিহি কোথায়? তার নিরাপত্তা ও ন্যায়বিচার নিশ্চিত করা হচ্ছে কি?
আমাদের মনে রাখতে হবে, আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ, কিন্তু আইনের কার্যকর বাস্তবায়ন আরো গুরুত্বপূর্ণ। একজন নারী নির্যাতনের শিকার হলে তার যেন সহজে অভিযোগ জানানোর, চিকিৎসা ও মানসিক সহায়তা পাওয়ার এবং আইনি সুরক্ষা লাভের সুযোগ থাকে। অভিযোগ জানাতে গিয়ে তাকে যেন নতুন করে হয়রানি, অপমান কিংবা ভয়ের মুখে পড়তে না হয়। বিচারপ্রক্রিয়ায় তার মর্যাদা, গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। একই সঙ্গে অপরাধীর জবাবদিহি নিশ্চিত করতে হবে।
এ দায়িত্ব শুধু সরকার বা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নয়। পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, কর্মক্ষেত্র, গণমাধ্যম, নাগরিক সমাজ এবং প্রতিটি মানুষেরই এখানে ভূমিকা রয়েছে। পরিবার থেকে শুরু করে সমাজের সর্বস্তরে নারীকে সম্মান করা, তার মতামত ও স্বাধীনতাকে স্বীকৃতি দেয়া এবং বৈষম্যমূলক দৃষ্টিভঙ্গি পরিহার করার সংস্কৃতি গড়ে তুলতে হবে। পুরুষ ও কিশোরদেরও এ পরিবর্তনের সক্রিয় অংশীদার হতে হবে। তরুণ সমাজকে অন্যায়, হয়রানি ও অনলাইন সহিংসতার বিরুদ্ধে সোচ্চার হতে হবে।
আমাদের আরো একটি বিষয় উপলব্ধি করা জরুরি—নারীকে সুরক্ষা দেয়ার অর্থ তার চলাফেরা, স্বাধীনতা বা সিদ্ধান্ত গ্রহণের অধিকার সীমিত করা নয়। প্রকৃত সুরক্ষা হলো এমন একটি পরিবেশ নিশ্চিত করা; যেখানে একজন নারী ভয় ছাড়াই নিজের জীবন পরিচালনা করতে, নিজের মতপ্রকাশ করতে ও অন্যায়ের শিকার হলে নির্ভয়ে ন্যায়বিচার চাইতে পারবেন।
১৬ দিনের এ আন্তর্জাতিক প্রচারাভিযান তাই কেবল আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ থাকা উচিত নয়। এর অঙ্গীকার ছড়িয়ে পড়ুক বছরের প্রতিটি দিনে, প্রতিটি পরিবারে, প্রতিটি প্রতিষ্ঠানে এবং সমাজের প্রতিটি স্তরে। সরকারের কাছে আমাদের প্রত্যাশা কার্যকর আইন প্রয়োগ ও জবাবদিহি; প্রতিষ্ঠানের কাছে প্রত্যাশা নিরাপদ পরিবেশ ও সংবেদনশীল সেবা; আর সমাজের কাছে প্রত্যাশা নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়ানো, তাকে দোষারোপ না করা এবং অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়া।
একটি সভ্য ও মানবিক সমাজের পরিচয় শুধু তার অর্থনৈতিক উন্নয়ন বা অবকাঠামোগত অগ্রগতিতে নয়; বরং সেই সমাজে নারী ও কন্যাশিশু কতটা নিরাপদ, সম্মানিত ও স্বাধীনভাবে বাঁচতে পারছে তার মধ্যেই নিহিত।
এবারের ১৬ দিনের প্রচারাভিযানে আমরা শুধু সচেতনতার কথা না বলে বাস্তব পরিবর্তনের অঙ্গীকার করা প্রয়োজন। প্রয়োজন নীরবতা ভাঙার, অন্যায়ের প্রতিবাদ করার ও নির্যাতনের শিকার মানুষের পাশে দাঁড়ানোর।
কোনো নারী বা কন্যাশিশুকে যেন নিরাপদে বাঁচার অধিকার আর ন্যায়বিচার পাওয়ার অধিকারের মধ্যে একটিকে বেছে নিতে না হয়। সহিংসতার কোনো অপরাধী যেন দায়মুক্তি না পায়।
নীরবতা নয়, চাই ন্যায়বিচার। ভয় নয়, চাই নিরাপত্তা। প্রতিশ্রুতি নয়, চাই কার্যকর পরিবর্তন।
ড. নূর মোহাম্মদ : নির্বাহী পরিচালক, পপুলেশন সার্ভিসেস অ্যান্ড ট্রেনিং সেন্টার (পিএসটিসি)
