যেকোনো দেশের সরকার টিকে থাকে সে দেশের অর্থনৈতিক স্থিতিশীলতার উপর। সরকার টিকে থাকার এটাই অন্যতম মূলমন্ত্র। যে সরকার মানুষের জীবনযাপন সচ্ছন্দ ও সচ্ছল রাখতে পারে, মানুষকে সুখে রাখতে পারে, সে সরকারের জনপ্রিয়তার ভিত্তি দৃঢ় হয়। এর ব্যতিক্রম হলেই সরকারের ভিত্তি নড়বড়ে হয়ে যায়। সরকার দেশ চালাতে পারছে না, এমন ধারণা জনমনে বদ্ধমূল হয়। মানুষ ক্ষুব্ধ-বিক্ষুব্ধ হয়ে উঠে। মানুষের এই ক্ষোভ একসময় সরকার পতনের আন্দোলনে রূপ লাভ করে। সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের বেশ কয়েকটি নজির রয়েছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব, ২০২২ সালে শ্রীলঙ্কা ও ২০২৫ সালে নেপালে যেভাবে সরকার পরিবর্তন হয়েছে, তার মূল কারণ, দেশ দুটির অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি। দেশ দুটির সরকার জনগণের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে না পারায় তারা বিক্ষুব্ধ হয়ে সরকার পতনের আন্দোলন করে। তাতে সরকারের পতন হয়। অন্যদিকে, ২০২৪ সালে জুলাই অভ্যুত্থানে ফ্যাসিস্ট শেখ হাসিনার যে পতন হয়েছে, তার অন্যতম কারণ ছিল, অর্থনৈতিক শোচনীয় পরিস্থিতি। দেখা যাচ্ছে, যেকোনো দেশের সরকারের স্থায়িত্ব নির্ভর করে সে জনগণের অর্থনৈতিক উন্নতি কতটা করতে পেরেছে, তার উপর। এর ব্যত্যয় ঘটলেই সরকারের পতন অনিবার্য হয়ে পড়ে, কিংবা পরবর্তী সময়ে ক্ষমতায় আসা তার পক্ষে সম্ভব হয় না।
দুই. গণঅভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনার যখন পতন হয়, তখন দেখা যায়, দেশের অর্থনীতি বলতে কিছু নেই। তার দেড় দশকের শাসনামলে লুটপাট ও অর্থপাচারের কারণে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়। এ সময়ে ২৮ লাখ কোটি টাকার বেশি পাচার করা হয়েছে। এই বিপুল অর্থ গড়ে দেশের প্রায় তিনটি বাজেটের সমান। দেশের মোট অর্থনীতির আকারের (প্রায় ৬০ লাখ ৮০ হাজার কোটি) প্রায় অর্ধেক। একটি দেশের তিনটি বাজেট বা অর্থনীতির অর্ধেকই যদি ‘নাই’ হয়ে যায়, তাহলে সে দেশের উন্নতি হওয়ার কারণ নেই। হাসিনা বড় বড় সেতু ও স্থাপনা দেখিয়ে উন্নয়নের ফানুস উড়ালেও তা দরিদ্র হয়ে যাওয়া মানুষকে সন্তুষ্ট করতে পারেনি। তার সরকারের লুটপাট, দুর্নীতি, নিপীড়ন-নির্যাতনে সবশ্রেণীর মানুষ অতিষ্ঠ হয়ে জুলাই অভ্যুত্থানে রাস্তায় নেমে তার পতন ঘটিয়েছিল।
তার এই পতনের সাথে দুঃশাসন এবং মানুষের উপর জুলুম-নির্যাতন জড়িয়ে থাকা তো ছিলই, ছিল তাদের অর্থনৈতিক শোচনীয়তার বিষয়টিও। তার পতনের পর ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার হাসিনার রেখে যাওয়া তলাবিহীন ঝুড়ি নিয়ে যাত্রা শুরু করে। এই সরকার নিয়ে জনগণের মধ্যে বিপুল আশার সঞ্চারিত হয়। তারা আশায় বুক বাঁধে, এই সরকার বিশেষ করে ড. ইউনূসই পারবেন দেশের শূন্য হয়ে যাওয়া অর্থনীতিকে পূর্ণ করে তাদের জীবনমানকে উন্নত করতে পারবেন। সেই অশাও দেখা দেয়। তিনি ক্ষমতায় আসীন হওয়ার সাথে সাথে যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশ ও আন্তর্জাতিক আর্থিক সংস্থাগুলো অর্থনীতি পুনর্গঠনে বিলিয়ন বিলিয়ন ডলার সহায়তার আশ্বাস দেয়। তবে সে আশ্বাসকে ইউনূস সরকার বাস্তবে পরিণত করতে পারেনি। একটি টাকাও আনতে পারেনি।
উল্টো বিনিয়োগ-বাণিজ্য স্থবির হয়ে পড়ে। অর্থনীতি পুনর্গঠন দূরে থাক, যা ছিল, তাও তলানিতে গিয়ে ঠেকে। বলা হয়ে থাকে, অন্তর্বর্তী সরকার যদি দেশের অর্থনীতিকে স্বাভাবিক অবস্থায় আনতে পারত, তাহলে সে ক্ষমতা থেকে সহজে যেত না। পাঁচ, দশ কিংবা আরও বেশি সময় ধরে ক্ষমতায় থাকত। ড. ইউনূসসহ অন্য উপদেষ্টার মুখেও এমন কথা শোনা গিয়েছিল। তাহলে, অন্তর্বর্তী সরকার কেন থাকতে পারল না? এর সরল উত্তর হচ্ছে, দেশের অর্থনীতিকে এ সরকার কোনোভাবেই সামাল দিতে পারছিল না। দেশি-বিদেশি বিনিয়োগসহ ব্যবসা-বাণিজ্য স্থবির হয়ে পড়েছিল। শত শত শিল্পকারখানা বন্ধ হওয়াসহ হাজার হাজার কর্মজীবী বেকার হয়ে যায়। মানুষের আয় কমে যাওয়া এবং মূল্যস্ফীতি সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে। দেশের অর্থনীতির এমন শোচনীয় পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের ‘ছেড়ে দে মা কেঁদে বাঁচি’ অবস্থা দাঁড়ায়। সে বাধ্য হয় নির্বাচন দিতে। দেখা যাচ্ছে, নির্বাচিত ও অনির্বাচিত যেকোনো সরকারের টিকে থাকা নির্ভর করে, তারা দেশের অর্থনীতিকে কতটা সবল করতে পারছে এবং মানুষের জীবনযাপনকে কতটা উন্নত করতে পারছে, তার উপর। উন্নত দেশগুলোতেও যে সরকারের সময় অর্থনীতিতে একটু মন্দাবস্থা দেখা দেয়, জনগণ তার উপর থেকে আস্থা সরিয়ে নেয়। মূল কথা হচ্ছে, দেশের মানুষের কাছে অর্থ ও অর্থনৈতিক উন্নতির বিকল্প নেই। এই উন্নতি সরকারকেই করতে হয়। যে করতে পারবে, সে জনগণের ভালবাসা পাবে এবং টিকে থাকবে।
তিন. এ বছরের ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসন নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। এ সরকার এমন এক সময় দায়িত্ব লাভ করে যখন দেশের অর্থনীতি অত্যন্ত শোচনীয়। তাকে একদিকে দেশের ভঙ্গুর অর্থনীতি, আরেকদিকে ইরানযুদ্ধে টালমাটাল বিশ^অর্থনৈতিক মন্দাবস্থার এক কঠিন পথে যাত্রা শুরু করতে হয়েছে। শুরুতেই ইরানযুদ্ধের কারণে দেশে তীব্র জ¦ালানি সংকট দেখা দেয়। জনজীবনসহ উৎপাদন খাত প্রায় স্থবির হয়ে পড়ে। ধীরে ধীরে তা স্বাভাবিক হলেও গত মাসের শেষের দিকে তীব্র গ্যাস সংকট দেখা দেয়। এখন পর্যন্ত তা পুরোপুরি স্বাভাবিক অবস্থায় আসেনি। বলা বাহুল্য, জ¦ালানি তেল ও গ্যাস এমনই এক উপকরণ, যা ছাড়া জনজীবন ও অর্থনীতি অচল হয়ে পড়ে।
গ্যাসের অভাবে চুলা জ¦লে না, রান্নাবান্না হয় না, গ্যাসচালিত যানবাহন চলে না, শিল্পকারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন কমে যায়, অর্থনৈতিক কর্মকা- স্থবির হয়ে পড়াসহ শিক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত ঘটে। গত সপ্তাহে একজন পরিচিত গার্মেন্ট ব্যবসায়ীর সাথে কথা হয়। গ্যাস সংকটে যে গার্মেন্ট খাত বিপর্যস্ত হয়ে পড়েছে, তা তার কথা থেকে বোঝা যায়। তিনি বলেন, গার্মেন্ট খাতের হাব বা মূল অঞ্চলগুলো হচ্ছে, সাভার, আশুলিয়া, গাজীপুর, নারায়ণগঞ্জ। গ্যাস সংকটে এসব অঞ্চলের বহু কারখানা বন্ধ হয়ে রয়েছে। উৎপাদনশীল একটি কারখানা যদি একদিন বন্ধ থাকে, তাহলে তা বড় ধরনের লস। আর দিনের পর দিন বন্ধ থাকলে, সে কারখানার টিকে থাকা কঠিন। গ্যাস সংকটের বিষয়টি সংশ্লিষ্ট মন্ত্রণালয় শুরুতে খুব একটা গুরুত্ব দেয়নি বলে মনে হয়েছে।
ঢিলেমি ছিল। এই ঢিলেমিই সংকটকে তীব্র করে তুলেছে। মন্ত্রণালয়ের উচিৎ ছিল, দুই মাস আগেই এ ব্যাপারে সিরিয়াস হওয়া। কেন হলো না, সেটা এক রহস্য। সংশ্লিষ্ট মন্ত্রী ও মন্ত্রণালয় একধরনের উসিলা দিলেও, প্রকৃত অর্থে এখানে তাদের দূরদির্শতার অভাব ও গাফিলতি ছিল। এখন সিরিয়াস হলেও, এর মধ্যে যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। এ পরিস্থিতি স্বাভাবিক হতে, আরও কিছুদিন লাগবে। এটা নতুন সরকারের জন্য খুবই বিব্রতকর পরিস্থিতি। সরকারের উচিৎ, এক্ষেত্রে মন্ত্রী বা মন্ত্রণালয়ের কোনো গাফিলতি রয়েছে কিনা, তা খতিয়ে দেখা। গ্যাস-বিদ্যুৎ খাত অত্যন্ত স্পর্শকাতর। এর ডিসরাপশান, সরকারের জন্য বড় ধরনের ক্ষতি। বলা বাহুল্য, গত কয়েকদিনের পত্রপত্রিকার প্রতিবেদনেও গ্যাস সংকটে গার্মেন্ট ও অন্যান্য শিল্পের অনেক কারখানা বন্ধ এবং হাজার হাজার কর্মজীবীর বেকার হয়ে যাওয়ার কথা তুলে ধরা হয়েছে। এমনিতেই বৈশি^ক মন্দার কারণে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে ক্রেতাদের মধ্যে গার্মেন্টের চাহিদা কমেছে, তবে আগামী বড়দিন উপলক্ষে চাহিদা রয়েছে। সেই চাহিদা মেটানোর জন্য জুন-জুলাই হচ্ছে, গার্মেন্ট খাতের সবচেয়ে ব্যস্ততম সময়। ঠিক এ সময়েই গ্যাস-বিদ্যুতের সংকট হওয়ার অর্থ হচ্ছে, গার্মেন্ট খাতে বড় ধরনের বিপর্যয় নেমে আসা। শুধু গার্মেন্ট খাতই নয়, শিল্পোৎপাদনসহ ব্যবসা-বাণিজ্য ও পরিবহনখাতও বিপর্যস্ত হয়ে পড়েছে। যদিও প্রধানমন্ত্রী তারেক রহমান এই সংকটের কথা স্বীকার করে জনগণের উদ্দেশ্যে বলেছেন, সরকার এ সংকট সমাধানের চেষ্টা করছে। এজন্য তাদের ধৈর্য্য ধারণ করার জন্য অনুরোধ করেছেন। টেকসই জ¦ালানি খাত গড়ে তোলার জন্য আগামী দশ বছরের একটি পরিকল্পনা নেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।
চার. যেকোনো নতুন সরকারের প্রতি জনগণের সিমপ্যাথি থাকে। সমস্যার মধ্যে থাকলেও সরকারকে তারা সময় দেয়, ধৈর্য্য ধরে। তবে সরকার যদি সমস্যা ও সংকট উত্তরণে কার্যকর উদ্যোগ এবং দৃশ্যমান সমাধান দ্রুত করতে না পারে, তাহলে জনগণের ধৈর্যের বাঁধ ভেঙে যায়। তাদের মধ্যে ক্ষোভ-বিক্ষোভ বাস্পায়িত হতে থাকে। তাদের এই ক্ষোভকে উসকে দেয়ার মানুষের অভাব নেই। বিরোধীদল তো উসকাবেই, সরকারের ভেতরে ঘাপটি মেরে থাকা পতিত ফ্যাসিস্ট সরকারের লোকজন সংকট বাড়িয়ে আরও উসকে দেবে। একদিকে দেশর অর্থনৈতিক পরিস্থিতি খুবই খারাপ, আরেকদিকে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র শুরু হয়েছে। সরকার রয়েছে উভয় সংকটে। এই সংকটকে শুধু সরকারের সংকট হিসেবে দেখলে হবে না। পুরো দেশের সংকট হিসেবে দেখতে হবে।
ধরে নেয়া যাক, এই সরকার পড়ে গেল, তাহলে দেশের কী পরিস্থিতি তৈরি হবে, সচেতন মানুষ চিন্তা করলেই শিউরে উঠবে। পরিস্থিতি এমন হবে, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বই বিপন্ন হয়ে পড়বে। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ভারত তো প্রতিনিয়ত প্রতিশোধ নেয়ার জন্য বসে আছে। বর্তমান সরকারের কিছু হলে, তারা দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব নিয়ে ছিনিমিনি খেলবে। এ ধরনের পরিস্থিতি অনুমান করা কষ্টকর নয়। কাজেই দেশের জন্যই এ সরকারের টিকে থাকা জরুরি। বিএনপি সরকারকে মনে রাখা দরকার, ৭৫-এর রাজনৈতিক পটপরিবর্তনের কারণ সরকারের দুঃশাসনের পাশাপাশি দেশের অর্থনীতির করুণ দশা। চুয়াত্তরের দুর্ভিক্ষ এবং সে সময় আওয়ামী লীগারদের লুটপাটে দেশ তলাবিহীন ঝুড়িতে পরিণত হওয়ার কারণেই শেখ মুজিবের পতন হয়েছিল।
পরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তখন তিনি এক বিধ্বস্ত ও তলাবিহীন অর্থনীতির দেশ নিয়েই যাত্রা শুরু করেন। শুরুতেই তিনি দেশের অর্থনীতি পুনরুদ্ধারে মনোযোগ দেন। কারণ, তিনি ভালো করেই জানতেন, দেশের মানুষের অভাব ও অস্বচ্ছলতা দূর করতে না পারলে, কোনো রাজনীতিই কাজে লাগবে না। ফলে তিনি তার সরকারে দেশের মেধাবী রাজনীতিবিদ ও অর্থনীতিবিদদের খুঁজে খুঁজে বের করে যুক্ত করেছিলেন। তাদের মেধা কাজে লাগিয়ে অল্পদিনের মধ্যেই দেশকে স্বনির্ভরতার পথে নিয়ে যান। এটা ভাবা যায় না, মাত্র চার বছরের শাসনামলে তলানিতে থাকা দেশের অর্থনীতিকে তিনি সমৃদ্ধির পথে তুলে দিয়েছিলেন। এখন সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পুত্র তারেক রহমানও পিতার মতোই শেখ মুজিবের বংশধর হাসিনার লুটপাট করা তলাবিহীন ঝুড়ি নিয়ে যাত্রা শুরু করেছেন। এক্ষেত্রে, দেশের অর্থনীতি পুনর্গঠনে তার পিতার অর্থনৈতিক ও রাজনৈতিক দর্শন কি ছিল, তা অনুসরণ করা এবং তা বাস্তবায়নে যোগ্য লোকদের কাজে লাগানোর পথ অবলম্বন করা উচিৎ। সবার আগে অর্থনৈতিক উন্নতির দর্শন কাজে লাগিয়ে জনগণকে স্বচ্ছল ও স্বস্তিতে রাখতে হবে।
ফধৎঢ়ধহ.লড়ঁৎহধষরংঃ@মসধরষ.পড়স
