নতুন বছরের শুরুতেই রাজধানীসহ দেশের বিভিন্ন শহরে ভাড়াটিয়াদের মনে অদৃশ্য আতঙ্ক নেমে আসে, বাড়িভাড়া বাড়ানোর নোটিস। কোনো লিখিত চুক্তি না থাকা বা চুক্তি থাকলেও নিয়মিত নবায়ন না করায় অনেক ভাড়াটিয়া অসহায় হয়ে পড়েন। বাড়িওয়ালাদের একতরফা সিদ্ধান্তে নতুন বছরে ভাড়া বেড়ে যায় ১০-২০ শতাংশ পর্যন্ত, অথচ অধিকাংশ ভাড়াটিয়ার আয় বাড়ে না।\r\nএকটি জরিপে দেখা যায়, ঢাকা শহরের গড় মাসিক আয় ২৫-৩০ হাজার টাকা, যেখানে গড় বাড়িভাড়া ১০-১২ হাজার টাকা। মধ্যবিত্ত ও নিম্ন-মধ্যবিত্ত পরিবারের জন্য এটি ভারসাম্যহীন। এতে বিদ্যুৎ, গ্যাস, পানি, ইন্টারনেট, স্কুল ফি ও চিকিৎসা খরচ যুক্ত হলে পরিবারের অর্থনৈতিক চাপ আরও বেড়ে যায়।

মূল্যস্ফীতির কারণে নিত্যপণ্যের দাম বাড়লেও বেতন বৃদ্ধি প্রায় অনুপস্থিত, ফলে মাসের শেষে ভাড়া পরিশোধ মানেই এক কঠিন চ্যালঞ্জে।\r\nবাংলাদেশ ব্যাংক ও বিবিএসের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের শেষ প্রান্তিকে দেশের সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশ ছাড়িয়ে যায়, খাদ্যস্ফীতি ছিল প্রায় ১২ শতাংশ। একই সময়ে গড় বেতন বৃদ্ধি ছিল মাত্র ৫ শতাংশের কম। অর্থাৎ মানুষের আয় কম, ব্যয় ক্রমেই বাড়ছে।\r\nবাড়িভাড়া বৃদ্ধিতে সাধারণত কোনো নীতিমালা মানা হয় না। ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা অনুযায়ী, ভাড়া বাড়ানোর জন্য উভয় পক্ষের লিখিত সম্মতি প্রয়োজন। হাউস রেন্ট কন্ট্রোল অ্যাক্ট, ১৯৯১ অনুযায়ী, বাড়িওয়ালা একতরফাভাবে ভাড়া বাড়াতে পারেন না, নির্ধারিত প্রক্রিয়ার মাধ্যমে রেন্ট কন্ট্রোলার বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি প্রয়োজন।

কিন্তু বাস্তবে আইন কার্যকর হয় না, কাগজে-কলমে সীমাবদ্ধ থাকে। ভাড়াটিয়াদের জন্য কার্যকর কোনো অভিযোগ ব্যবস্থা নেই। স্থানীয় থানা বা সিটি করপোরেশনে অভিযোগ জানালে খুব কম ক্ষেত্রেই প্রতিকার পাওয়া যায়। ভাড়া বাড়ে, আয় বাড়ে না এই নগরজীবনের নির্মম বাস্তবতা প্রকাশ করে। এটি কেবল অর্থনৈতিক বৈষম্যই নয়, সামাজিক নিরাপত্তাহীনতার চিত্রও ফুটিয়ে তোলে।\r\nএই সংকট মোকাবেলায় সরকারকে কার্যকর নীতিমালা বাস্তবায়ন করতে হবে। ভাড়াটিয়া ও বাড়িওয়ালার মধ্যে ন্যায্য ও লিখিত চুক্তি বাধ্যতামূলক করা, অনলাইন রেজিস্ট্রেশন চালু করা, সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের মাধ্যমে ভাড়ার হার মনিটরিং করা এবং স্বল্পআয়ের মানুষের জন্য ভর্তুকিমূলক আবাসন প্রকল্প বাস্তবায়ন করা সময়ের দাবি। ভবিষ্যৎ প্রজন্মের জন্য সহনশীল, মানবিক ও সুশৃঙ্খল নগর পরিবেশ গড়ে তুলতে হলে ভাড়াটিয়াদের নিরাপত্তা নিশ্চিত করাই সবচেয়ে জরুরি। মানুষ যেন বছরের শুরুতে শুধু নতুন ক্যালেন্ডারের হিসাবেই আটকে না থাকে, বরং জীবনের গতি সচল রাখতে পারে এমন বাসযোগ্য শহর নিশ্চিত করাই হোক রাষ্ট্র ও সমাজের সম্মিলিত অঙ্গীকার।\r\n কুষ্টিয়া থেকে