‘বটবৃক্ষ’ শব্দটি এই গল্পে খুবই তাৎপর্যবাহী এবং তুলনামূলক বিচারে অতি প্রাসঙ্গিক। সাধারণত, বটবৃক্ষ বলতে উদ্ভিদের মধ্যে এক বিশালাকার উদ্ভিদ বোঝায়, যা আপনা-আপনি যত্রতত্র উৎপন্ন হয় এবং আপন গতিতে দীর্ঘদিন বেঁচে থাকে। এটি যখন তার শাখা-প্রশাখা মেলে পূর্ণাঙ্গ রূপ ধারণ করে, তখন থেকেই পরোপকারে নিজেকে শর্তহীনভাবে সমর্পণ করে। কেবল মানব জাতি নয়, পশুপক্ষী, কীটপতঙ্গ, এমনকি ক্ষতিকর প্রাণীর কাছে বটবৃক্ষ এক নিরাপদ আশ্রয়স্থল। প্রখর রোদে যাতায়াতকারী মনুষ্যশ্রেণী এই সুবিশাল বৃক্ষের নিচে বসে সূর্যের প্রখর রোদ থেকে নিজেকে বাঁচিয়ে রেখে বিশ্রাম নেয়। আবার, কোনো কোনো ধর্মাবলম্বী এই বৃক্ষকে পূজা করে। তাছাড়া বিভিন্ন প্রজাতির বটবৃক্ষ আছে, এদের কোনো কোনো ধর্মাবলম্বীর পুজোয়ও অপরিহার্য অঙ্গরূপে ক্রিয়া করে।
এ রকম আরও অনেকভাবে বটবৃক্ষ মানব কল্যাণে নিজেকে সমর্পণ করে। পশুপক্ষীরাও বটবৃক্ষকেই তাদের বাসস্থানের আশ্রয় মনে করে। বিশেষত বিভিন্ন রঙের কাঠবিড়ালির মতো ছোট্ট প্রাণিগুলো মনের আনন্দে বটবৃক্ষের এখানে-ওখানে যখন ঘুরে বেড়ায়, তখন তাদের মন আনন্দে ভরে যায়। কোনও কোনও পশুপক্ষী এই বৃক্ষের কা-, শাখা-প্রশাখায় বাসা বানিয়ে মনের আনন্দে নিজস্ব ভাষায় বাক্যালাপে এই বৃক্ষ সংলগ্ন এলাকা মাতিয়ে তোলে। বটবৃক্ষ আবার ফলদায়ীও, যা খেয়ে পশুপক্ষী, কীটপতঙ্গরা জীবন-যাপনও করে থাকে। পশুপক্ষী ছাড়া সর্পকূল এই বটবৃক্ষে নিরাপদে অবস্থান করে। সর্বোপরি, প্রকৃতির ভারসাম্য বজায় রাখতে বটবৃক্ষের প্রয়োজনীয়তা অপরিহার্য। এক কথায়, বটবৃক্ষ প্রাণী হিতে সর্বদাই নিজেকে নিয়োজিত রাখে। কিন্তু ওই পরোপকারী উদ্ভিদকে বাঁচিয়ে রাখার প্রয়াস এখন ক্ষীণ। কিন্তু সম্পূর্ণ প্রকৃতিনির্ভর বটবৃক্ষকে এখন আর আগের মতো আদর যতœ করে বড় হতে দেখা যায় না। এটা দুর্ভাগ্যের বিষয়।
মানব-পরিবারের ক্ষেত্রে এই বটবৃক্ষ কথাটি খাটে। এটি খুবই প্রাসঙ্গিক। পরিবারের বয়োজ্যেষ্ঠ কর্তা-কত্রী হলেন পরিবারের বটবৃক্ষ, যাদের ছত্রছায়ায় লালিত-পালিত হয় নতুন প্রজন্ম, এমনকি পরবর্তী প্রজন্মও। এই বটবৃক্ষরূপী কর্তা-কত্রী পরিবারের শাখা হিসাবে সন্তান এবং প্রশাখা হিসাবে এর পরের প্রজন্মের উন্নতি সাধনে নিঃস্বার্থ ও নিরাপদ পথ প্রদর্শকের ভূমিকা পালন করে থাকেন। পরিবারের কর্তা-কত্রী অর্থাৎ পিতামাতা তাদের লালন-পালন করে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করেন। এদের গায়ে কোনো আঁচড়-লাগতে দেন না, নিজেদের দিকে লক্ষ না রেখে কেবল সন্তানের কল্যাণে করণীয় কার্যাদিতে নিজেদের সদা নিয়োজিত রাখেন। ক্রমে সন্তানরা বয়ঃপ্রাপ্ত হলে পরিবারে আবার নতুন প্রজন্মের আবির্ভাব ঘটে। তখন মূল কর্তা-কত্রী যারা পরিবারে বটবৃক্ষ, তারা বার্ধক্যে পৌঁছান তখনও একই ছত্রছায়ায় সবাইকে আবদ্ধ করে রাখার প্রচেষ্টা অব্যাহত রাখেন, বিশেষত আমাদের দেশে প্রসঙ্গত, পরিবারের শাখা অর্থাৎ সন্তানরা প্রাপ্ত বয়স্ক হওয়ার পর আগের মতো কর্তা-কত্রী এদের পাশে থাকেন না বটে, কিন্তু আগের মতোই নিরলস চেষ্টা করে যান, যাতে সন্তান বা পরবর্তী প্রশাখাসমূহ প্রজন্ম লক্ষ্যভ্রষ্ট না হয়, ঠিক বটবৃক্ষের মতো সবাইকে আগলে রাখার চেষ্টা করেন।
একটা বিষয় লক্ষণীয়, উদ্ভিদ-বটবৃক্ষের সঙ্গে পরিবারের বটবৃক্ষসম পিতামাতার ত্যাগজনিত বিষয়ে অনেক মিল আছে কিন্তু দু’য়ের মধ্যে অস্তিত্ব রক্ষায় কিছু অমিলও পরিলক্ষিত হয়। উদ্ভিদ-বটবৃক্ষের ক্ষেত্রে তার অস্তিত্ব রক্ষায় প্রকৃতি অকৃপণ হস্তে শুরু থেকে শেষ পর্যন্ত বিরাজমান। কিন্তু পরিবারের বটবৃক্ষসম কর্তা-কর্ত্রী বার্ধক্যে অস্তিত্ব রক্ষায় নিজেরা যখন অক্ষম হয়ে পড়েন, তখন সেই দায় তাদের শাখাসম সন্তানের ওপর স্বাভাবিকভাবেই ন্যস্ত হয়। এ প্রসঙ্গে একটি কথা অবশ্য স্বীকার্য যে পানি যেমন ব্যাতিক্রমহীনভাবে নিম্নগামী, সেরূপ শাখাসম সন্তানরা যখন নিজেরাই পিতামাতা হয়, তখন তাদের মন দ্বিখ-িত হয়ে যায় পরিবারের সবার অস্তিত্ব ও উন্নতি অব্যাহত রাখতে। মনের এই দুই খ-ের বৃহদাংশ নিম্নগামী মানে প্রশাখাসম তাদের সন্তান নিয়েই ব্যস্ত থাকে এবং ক্ষুদ্র অংশটি থাকে পরিবারের মূল বটবৃক্ষসম বার্ধক্যে উপনীত কর্তা-কর্ত্রীর জন্য, যখন আগের মতো অস্তিত্ব রক্ষায় নিজেরা সমর্থ নন। কিন্তু তখন পরিবারের প্রশাখার উত্থানে শাখার মন খ-িত-বার্ধক্যে উপনীত মূল কর্তা-কর্ত্রীর বরাদ্দ শাখার আংশিক মন। তাই বার্ধক্যে পরিবারের বটবৃক্ষের অস্তিত্ব অধিকাংশ ক্ষেত্রেই সঙ্কটের মুখে পড়তে দেখা যায়।
এ অবস্থায় আজ যারা পরিবারের বটবৃক্ষসম কর্তা-কর্ত্রী, যাদের ছত্রছায়ায় পরিবারের শাখাসম সন্তানের উত্থান ঘটে, কালক্রমে এই কর্তা-কর্ত্রী বার্ধক্যে পরিবারের অন্য সদস্যদের কাছে সম্পূর্ণ বোঝা না হলেও অন্তত আংশিক বোঝা হয়ে দাঁড়ান। ফলস্বরূপ সৃষ্টি হয় পরিবারে ভুল বোঝাবুঝির। শুরু হয়ে যায় এক সময়ের বটবৃক্ষসম পরিবারের কর্তা-কর্ত্রীর মানসিক দ্বন্দ্ব, ভবিষ্যৎ অনিশ্চয়তা। অধিকাংশ ক্ষেত্রে জীবনের শেষ প্রান্তে তাদের জীবন অতিবাহিত করতে হয় পরিবারের আর শাখা-প্রশাখার নির্দেশে, কখনও বা কর্তা এক সন্তানের কাছে আর কর্ত্রী অন্য সন্তানের কাছে, কখনও বা বৃদ্ধাশ্রমে, আবার কখনও বা নিজস্বতাকে সম্পূর্ণ বিসর্জন দিয়ে কর্তা-কর্ত্রীকে একসঙ্গে অবস্থান করতে হয়। অবশ্য ব্যতিক্রম যে নেই তা নয়।
তবে এই ব্যতিক্রমী পরিবারের সংখ্যা এ সময়ে অতি নগণ্য। প্রসঙ্গত, নগণ্য হলেও আমাদের দেশে বটবৃক্ষসম পিতামাতাকে বার্ধক্যে দেখাশোনার মতো পরিবার এখনও আছে, কিন্তু পাশ্চাত্য দেশগুলোর অবস্থা শোচনীয়। বাংলাদেশের ক্ষেত্রে এ ব্যাপারে একটা বিষয় নজর কাড়ে। আগে এ দেশে যৌথ পরিবারের প্রাধান্য থাকায় বার্ধক্যে পিতামাতার রক্ষণাবেক্ষণের দায় পরিবারের সব সদস্যের ছিল। কিন্তু ক্রমে সামাজিক ও অর্থনৈতিক বিবর্তনের ফলে যৌথ পরিবার প্রথা ভেঙে পড়ে এবং এর ফলে বার্ধক্যে পরিবারের বটবৃক্ষসম পিতামাতার তত্ত্বাবধান প্রায় প্রশ্নচিহ্নের মুখে। অতএব, উদ্ভিদ-বটবৃক্ষ তার অস্তিত্ব রক্ষায় শুরু থেকে শেষ পর্যন্ত ব্যতিক্রমহীনভাবে প্রকৃতি নির্ভর। কিন্তু বার্ধক্যে পরিবারের বটবৃক্ষরূপ কর্তা-কর্ত্রী তাদের শাখা-প্রশাখা নির্ভর হওয়ায় অন্তিমে তাদের অধিকাংশকেই অশান্তি, অনিশ্চয়তা ও মনোকষ্টে দিন যাপন করে পৃথিবী থেকে বিদায় নিতে হয় আর যারা পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নেন, তারাই তুলনামূলকভাবে শান্তিতে দিন কাটিয়ে পৃথিবীর মায়া ত্যাগ করেন। কাজেই বার্ধক্যে মানসিক অশান্তি করা- না করা ব্যক্তির ব্যক্তিত্বনির্ভর।
লেখক: বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট। সহ-সভাপতি প্রবীণ হিতৈষী ও জরা বিজ্ঞান প্রতিষ্ঠান, সিলেট।
