গত সপ্তাহে ইয়েরেভানে এক জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে কনভেনশন অব বায়োলজিক্যাল ডাইভারসিটির (কপ১৭) ১৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই প্রথম কোনো সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এই শীর্ষ সম্মেলনের আয়োজন করল। আর্মেনীয় সরকার পরিবেশ সুরক্ষায় নিজেদের অগ্রণী রাষ্ট্র হিসেবে তুলে ধরার সুযোগ হিসেবে এ উপলক্ষ উদযাপন করেছে। কিন্তু আর্মেনিয়ার নিজস্ব পরিবেশগত রেকর্ড দেশটির এই ভূমিকার যথার্থতা নিয়ে গুরুতর প্রশ্ন তুলেছে।

২০২৪ সালে যখন ইয়েরেভান কপ১৭ আয়োজনের অধিকার পায়, তখন আর্মেনীয় কর্তৃপক্ষ এটিকে দেশটির পরিবেশগত উচ্চাকাঙ্ক্ষার স্বীকৃতি হিসেবে স্বাগত জানায়। অথচ আর্মেনিয়া গত কয়েক দশকেও কার্যকর সংরক্ষণ নীতি গড়ে তুলতে ব্যর্থ হয়েছে এবং গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি ক্ষেত্রে তাদের পরিবেশগত রেকর্ড এখনও বেশ হতাশাজনক। ইয়েল ইউনিভার্সিটির ২০২৬ সালের পরিবেশগত কর্মক্ষমতা সূচকে ১৭৭টি দেশের মধ্যে আর্মেনিয়ার অবস্থান ৭৫তম, যেখানে অন্য এক সাবেক সোভিয়েত প্রজাতন্ত্র এস্তোনিয়া প্রথম স্থান অধিকার করেছে।

বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে দেশটির অবস্থান খুবই শোচনীয়, যেখানে তারা ১৬৪তম এবং বর্জ্য পানি পরিশোধনে ১৬৫তম স্থানে রয়েছে। এসব পরিসংখ্যান মৌলিক পরিবেশ সুরক্ষায় দেশটির গুরুতর ঘাটতিগুলোরই ইঙ্গিতবহ। এই বৈপরীত্য একটি স্পষ্ট প্রশ্ন সামনে নিয়ে আসে যে, গুরুতর পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হওয়া এমন একটি দেশকে কেন বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জীববৈচিত্র্য সম্মেলনের আয়োজক হিসেবে বেছে নেওয়া হলো? এই নির্বাচন হয়তো পরিস্থিতির পরিবর্তনের সুযোগ করে দিতে পারত। কিন্তু আর্মেনীয় কর্তৃপক্ষ যে দেশটির দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে এই উপলক্ষকে কাজে লাগিয়েছে– এমন কোনো লক্ষণ নেই।

এর একটি প্রধান বাধা হলো আর্মেনিয়ার অর্থনৈতিক কাঠামো। দেশটির অর্থনীতিতে খনি শিল্পের একটি বড় ভূমিকা রয়েছে। পাশাপাশি রয়েছে পুরোনো শিল্পকারখানা এবং অপর্যাপ্ত পরিবেশগত নীতিমালা। দেশের বৃহত্তম খনি প্রকল্পগুলো– জাঙ্গেজুর, আগারাক এবং তেঘুতের তামা-মোলিবডেনাম খনি খোলামুখ বা ওপেন-পিট পদ্ধতিতে আকরিক উত্তোলন করে, যা প্রচুর বর্জ্য তৈরি করে এবং গুরুতর দূষণের কারণ।

বিশ্বব্যাংক আর্মেনিয়ায় পরিবেশ দূষণের একটি উল্লেখযোগ্য উৎস হিসেবে খনি শিল্পকে চিহ্নিত করেছে। দেশটির মেঘ্রাসারেও উন্মুক্ত স্বর্ণ উত্তোলনের অনুমতি দেওয়া হয়েছে, যা মূলত শুরুতে আরেভিক জাতীয় উদ্যানের সীমানার ভেতরে ছিল। পরে ২০১৫ সালে সরকার ওই উদ্যানের সীমানা সংকুচিত করে নেয়। এ ছাড়া আর্টসভানিক টেলিংস জলাধার, যেখানে লাখ লাখ টন খনির বর্জ্য জমা থাকে, সেটিও আশপাশের জলপথে ভারী ধাতুদূষণের জন্য দায়ী বলে চিহ্নিত। আর্মেনিয়ার পরিবেশগত সমস্যা শুধু খনি খাতে সীমাবদ্ধ নয়। দেশটির মাত্র ১১.১ শতাংশ এলাকাজুড়ে বনভূমি রয়েছে, আর রাজধানী ইয়েরেভানে ক্ষতিকর অতি সূক্ষ্ম বায়ুদূষণের মাত্রা বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার প্রায় পাঁচ গুণ।

দেশের প্রধান শিল্প খাতগুলোর বেশ কয়েকটি রাশিয়ার সঙ্গে সম্পর্কিত ব্যবসায়ীদের নিয়ন্ত্রণে। আর্মেনিয়ার এ নির্ভরতা পরিবেশগত নিয়মকানুন জোরদার করার প্রচেষ্টাকে আরও জটিল করে তুলেছে। এসব কোম্পানি শুধু প্রধান বিনিয়োগকারী এবং নিয়োগকর্তাই নয়; বরং রাষ্ট্রীয় বাজেটেরও একটি গুরুত্বপূর্ণ জোগানদাতা। ফলে তাদের কার্যক্রম সুরক্ষা দেওয়ার ক্ষেত্রে সরকারের জোরালো অর্থনৈতিক তাগিদ রয়েছে। জাঙ্গেজুর তামা-মোলিবডেনাম কমপ্লেক্সের একটি নিয়ন্ত্রণমূলক অংশীদারিত্ব রয়েছে রুশ-সংযুক্ত বিনিয়োগকারীদের হাতে, যা ২০২৬ সালের প্রথমার্ধে আর্মেনিয়ার বৃহত্তম করদাতা ছিল। অর্থনৈতিক স্বার্থ এবং পরিবেশ সুরক্ষার এই দ্বন্দ্ব কপ১৭ শুরুর ঠিক কয়েক দিন আগেই প্রকাশ্যে এসেছিল, যখন আর্মেনিয়া বিতর্কিত আমুলসার স্বর্ণ খনির উদ্বোধন করে। গ্লোবাল ফরেস্ট কোয়ালিশন এবং আর্মেনীয় সুশীল সমাজ নিয়ন্ত্রিত সংস্থাসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠন এই পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়েছে। তাদের যুক্তি, এটি দীর্ঘদিনের পরিবেশগত উদ্বেগকে এবং বার্ন কনভেনশনের সুপারিশগুলোকে সম্পূর্ণ উপেক্ষা করেছে।

মানবাধিকার সংস্থাগুলো আমুলসার খনির বিরুদ্ধে আন্দোলনরত কর্মীদের ভয়ভীতি প্রদর্শন এবং মামলার মুখে পড়ার নথিপত্র প্রকাশ করেছে। তবে আর্মেনিয়ার অর্থমন্ত্রী প্রকল্পটির পক্ষে সাফাই গেয়ে বলেছেন, এটি দেশের জিডিপির ১.৫ থেকে ২ শতাংশ অবদান রাখতে পারে এবং রাষ্ট্রীয় বাজেটে কর ও অন্যান্য বাবদ বার্ষিক প্রায় ১৩০ মিলিয়ন ডলার যোগ করার সুযোগ রয়েছে। খনি সম্প্রসারণে সরকারের এই অনড় অবস্থান এবং জীববৈচিত্র্য সুরক্ষায় আন্তর্জাতিক নেতা হিসেবে নিজেদের জাহির করার উচ্চাকাঙ্ক্ষার মধ্যকার দ্বন্দ্বটি এই প্রাক্কলিত রাজস্ব আয় থেকেই স্পষ্ট হয়ে ওঠে। কপ১৭-এর আয়োজক হিসেবে আর্মেনিয়ার উচিত বিষয়টি জোরালোভাবে নিশ্চিত করা যে, ইয়েরেভানে আলোচিত প্রতিশ্রুতিগুলো তাদের নিজস্ব খনি শিল্প, পরিবেশগত নিয়মকানুন এবং সংরক্ষণকর্মীদের সঙ্গে আচরণের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য। সম্মেলনে অংশগ্রহণকারী সরকারগুলোর উচিত আর্মেনীয় কর্তৃপক্ষকে পরিবেশগত সুরক্ষা জোরদার; দূষণ নিয়ন্ত্রণ কার্যকর, বিশ্বাসযোগ্য পরিবেশগত প্রভাব মূল্যায়ন নিশ্চিত এবং আমুলসারের মতো প্রকল্পগুলো নিয়ে সুশীল সমাজের উত্থাপিত উদ্বেগগুলো নিরসনে চাপ সৃষ্টি করা।

ভ্লাদিস্লাভ ইনাজেমতসেভ: রুশ অর্থনীতিবিদ ও সমাজবিজ্ঞানী; আলজাজিরা থেকে সংক্ষেপিত ভাষান্তর ইফতেখারুল ইসলাম