সুদীর্ঘ ১৭ বছর লন্ডনে নির্বাসিত জীবন শেষে দেশে প্রত্যাবর্তনের মধ্য দিয়ে তারেক রহমানের প্রতি মানুষের আস্থা ও প্রত্যাশা এখন গগণচুম্বী। এই প্রত্যাবর্তন দলের নেতাকর্মীদের কাছে শুধু একটি আগমন নয়; তাদের জন্য এটি ১৭ বছরের নির্বাসিত জীবন থেকে ফিরে আসার গল্প, নতুন রাজনীতি ও নতুন করে পথচলার সংকল্প। তিনবারের প্রধানমন্ত্রী মা বেগম খালেদা জিয়ার অসুস্থতায় কার্যত ছেলেই প্রধান নেতা হিসেবে দিচ্ছেন দলের নেতৃত্ব। আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কার্যত তার নেতৃত্বেই অংশ নিচ্ছে। ফলে নির্বাচনের প্রাক্কালে তারেক রহমানের এই স্বদেশ প্রত্যাবর্তন বিএনপির জন্য একটি অবিস্মরণীয় ঘটনা হিসেবে দেখা হচ্ছে।

দলের নেতাকর্মীদের প্রত্যাশা, তার ফেরার মধ্য দিয়ে সারাদেশে বিএনপির প্রতীক ধানের শীষের পক্ষে নতুন করে সৃষ্টি হবে গনজাগরণ।\r\nতারেক রহমান দেশে ফিরছেন এমন এক সময়ে, যখন রাজনীতি নতুন মোড় নিয়েছে। ভোটের মাঠ তৈরি হচ্ছে, আর বিএনপি প্রস্তুতি নিচ্ছে পুনর্জাগরণের। দলের নেতাকর্মীরা বলছেন, তারেক রহমানের এই প্রত্যাবর্তন শুধু দলীয় রাজনীতির জন্য নয়, সামগ্রিক রাজনৈতিক অঙ্গনেও একটি গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ ঘটনা। তাদের বিশ্বাস, এ প্রত্যাবর্তন বিএনপির রাজনীতিতে এনে দেবে নতুন গতি। নির্বাচন সামনে রেখে তার দেশে ফেরা দলকে আরও দৃঢ়ভাবে দাঁড় করাবে।\r\nআওয়ামী লীগের অবর্তমানে বিএনপির বিপরীতে জামায়াতে ইসলামীর নেতৃত্বে আরেকটি রাজনৈতিক জোট তৈরি হচ্ছে।

রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, যারা উদার গণতান্ত্রিক/মধ্যপন্থি রাজনীতিকেই রাষ্ট্রের জন্য কল্যাণকর বলে মনে করেন, এই মুহূর্তে কিছু সমালোচনার পরও বিএনপিই একমাত্র ভরসা।\r\nদেশের মাটিতে তারেক রহমানের পা রাখার সঙ্গে সঙ্গে দৃশ্যপট পরিবর্তনের ইতিবাচক সূচনা হবে, এমনটাই প্রত্যাশা দেশবাসীর। ৫ আগস্টের অভূতপূর্ব গণ-অভ্যুত্থানের পরে ইতিহাসের বাঁক ফেরার যে স্বপ্ন দেখেছিল মানুষ, তা ক্রমান্বয়ে ধূসর হয়ে উঠেছিল মব-সন্ত্রাসের আধিপাত্য এবং আইনের শাসনের লক্ষযোগ্য অনুপস্থিতির কারণে। মানুষ তারেক রহমানের ভেতর ভবিষ্যতের দেশনেতার অবয়ব প্রত্যক্ষ করছে বলে পর্যবেক্ষকরা মনে করছেন। ফলে চলমান নৈরাজ্য, অরাজকতার অবসানে তারেক রহমানের নেতৃত্বে দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক শক্তি বিএনপি প্রত্যক্ষ ও সক্রিয় ভূমিকা রাখবে বলেই প্রত্যাশা। \r\nসবার ওপরে দেশ। তাই দেশের অগ্রগতি, দেশের মানুষের সার্বিক কল্যাণই একজন রাজনীতিকের অভিপ্রায়, আদর্শ ও লক্ষ্য হওয়া সমীচীন। গণসংবর্ধনায় তারেক রহমান আমরা বাংলাদেশে শান্তি চাই-শান্তি চাই-শান্তি চাই বলে জনগণের সেই আকাক্সক্ষারই জানান দিয়েছেন বলে আমরা বিশ্বাস করি। ১৭ বছর পরে দেশের মানুষ এই নতুন ধরনের পরিশীলিত বিনয়ী দূরদর্শী নেতার কাছে গগণচুম্বী প্রত্যাশা করছে, এটা অস্বাভাবিক নয়। সেই চ্যালেঞ্জ গ্রহণে তারেক রহমান দীক্ষায়, নবায়নকৃত রাজনৈতিক প্রজ্ঞায় সত্যিকারের গণতন্ত্র প্রতিষ্ঠা এবং দেশের কল্যাণে আন্তরিক ও একনিষ্ঠ থাকবেন, এটিই প্রত্যাশা। স্বদেশে সুস্বাগত তারেক রহমান।