বাইরের বাসিন্দাদের কাছে ভয়ংকর এলাকা হিসেবে বহুল আলোচিত চট্টগ্রামের জঙ্গল সলিমপুর। কয়েক দফায় ব্যর্থ অভিযানের পর গত সোমবার যৌথ বাহিনীর তিন হাজারের বেশি সদস্যের ৯ ঘণ্টার অভিযানের পর সেই এলাকা ‘নিয়ন্ত্রণে’ আনার কথা বলা হচ্ছে। প্রশ্ন হচ্ছে, এখন কী হবে?
সন্ত্রাসী নিয়ন্ত্রিত ‘স্বশাসিত অঞ্চল’ হিসেবে প্রতিষ্ঠা পাওয়া এই জনপদের বর্তমান বাসিন্দা এক থেকে দেড় লাখ। তাদের স্বাভাবিক জীবন-জীবিকার কী হবে? সোমবারের অভিযানে কোনো সন্ত্রাসীকে গ্রেপ্তার করা যায়নি। সন্ত্রাসীরা আর কোনোভাবেই এখানে ফিরতে পারবে না– সেটা কি নিশ্চিত করা সম্ভব হবে? এতদিন ধরে নিয়ন্ত্রণকারী সন্ত্রাসীদের গ্রেপ্তারের পদক্ষেপ নেওয়া হবে? জঙ্গল সলিমপুরে ‘সফল’ অভিযানের খবরে স্বস্তির পাশাপাশি এই অস্বস্তিকর প্রশ্নগুলো গুল্ম-লতা হয়ে উঠছে।
নব্বই দশক থেকে গড়ে ওঠা জঙ্গল সলিমপুরে ২০২২ সালে উচ্ছেদ অভিযান শুরু করেও পিছিয়ে আসতে হয়েছিল চট্টগ্রাম জেলা প্রশাসনকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও অভিযান চালাতে গিয়ে বিভিন্ন সময় হামলার মুখোমুখি হতে হয়েছে এখানে। এ বছরের ১৯ জানুয়ারি অভিযানে যাওয়া এক র্যাব সদস্যকে পিটিয়ে হত্যা করেছিল স্থানীয় সন্ত্রাসীরা। র্যাবের আরও দুই সদস্য গুরুতর আহত হয়েছিলেন। নামের সঙ্গে ‘জঙ্গল’ থাকলেও এখানে পাহাড় কেটে বৃক্ষহীন সমতল ভূমি করে তোলা হয়েছে। এলাকাটির ভৌগোলিক অবস্থানের কারণে বাহিনীর উপস্থিতির খবর পেলেই দ্রুত সন্ত্রাসীরা পাহাড়ের ওপর থেকে গুলি, ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে প্রতিরোধ গড়ে তুলতে পারে। ফলে এতদিন এককভাবে অভিযান পরিচালনা করা ঝুঁকিপূর্ণ ছিল। এবার যৌথ বাহিনীর অভিযান সফল হয়েছে। এই সাফল্য কি টেকসই হবে?
২০২২ সালের জুন মাসে তৎকালীন চট্টগ্রাম জেলা প্রশাসক জঙ্গল সলিমপুর এলাকাকে ১১টি ভাগে ভাগ করেছিলেন। সেখানে কেন্দ্রীয় কারাগার, আইকনিক মসজিদ, স্পোর্টস ভিলেজ, ক্রিকেট স্টেডিয়াম, ইকো পার্ক তৈরির পরিকল্পনা ছিল সরকারের। ধারণক্ষমতার তিন গুণ বন্দি থাকায় নতুন কারাগার তৈরির জন্য সলিমপুরে ৫০ একর জায়গা নির্ধারণ করা হয়। এরপর গত বছরের মার্চে চট্টগ্রাম জেলা প্রশাসন জানিয়েছিল, উদ্ধার না হওয়ায় জমিগুলো কারা কর্তৃপক্ষকে দেওয়া যাচ্ছে না।
অন্তত তিন হাজার একরের জঙ্গল সলিমপুরে দলীয় পৃষ্ঠপোষকতায় সন্ত্রাসীরা সাম্রাজ্য গড়ে তুলতে পেরেছিল। এমনকি সেখানে অন্য এলাকার কাউকে প্রবেশ করতে হলে সন্ত্রাসীদের অনুমতি লাগত। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীও অভিযানে গিয়ে হামলার শিকার না হয়ে ফেরেনি। এই অভিযোগও অমূলক হতে পারে না, প্রশাসনের গাফিলতিতেই এখানে গড়ে উঠেছে সন্ত্রাসের অভয়ারণ্য। যতদূর জানা যায়, নব্বই দশকে জনৈক আলী আক্কাস জঙ্গল সলিমপুরে পাহাড় কেটে বসতি শুরু করেন। দখল ধরে রাখতে গড়ে তুলেছিলেন নিজস্ব সন্ত্রাসী বাহিনী। নিম্ন আয়ের লোকজনের কাছেও খাস জায়গা বিক্রি শুরু করেন। প্লট বিক্রির টাকা ও পাহাড় দখল নিয়ে একসময় বাহিনীর মধ্যে শুরু হয় দ্বন্দ্ব। র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মারা যান আক্কাস। এরপর এক আক্কাসের বদলে গড়ে ওঠে অনেক বাহিনী। জঙ্গল সলিমপুরের ‘সন্ত্রাসী এলাকা’ তকমা মুছে স্বাভাবিক জনপদ করতে হলে সরকার সেখানে যে উন্নয়ন পরিকল্পনা নিয়েছে, সেটা বাস্তবায়ন করতে হবে। তবে উন্নয়ন প্রকল্পের ভারে নতুন করে সলিমপুরের পাহাড় ও বন হুমকির মুখে যেন না পড়ে, সেদিকেও সমান গুরুত্ব দিতে হবে।
বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য বলছে, এরই মধ্যে ৪৮টি প্রতিষ্ঠান এখানে স্থাপনা নির্মাণের আবেদন করেছে। অন্যদিকে এখানে থাকা নিম্ন আয়ের মানুষ অধিকাংশই সন্ত্রাসী নয়। উপরন্তু তারা জিম্মি হয়েছিল সন্ত্রাসীদের কাছে। এই পরিবারগুলোর সঠিক স্থানান্তর এবং এ অঞ্চলের প্রাণ-প্রকৃতি রক্ষা করে পরিকল্পনা বাস্তবায়ন হবে এখন বড় চ্যালেঞ্জ।
সাদিয়া মাহ্জাবীন ইমাম: সহকারী সম্পাদক, সমকাল
