লেবু ফল, নাকি সবজি– এ প্রশ্ন পুরোনো। বৈজ্ঞানিক মীমাংসা হলো, এটি ফল। যদিও ব্যবহারের কারণে লেবুকে অনেকে সবজি হিসেবে ভুল করেন। তবে লেবু নতুন করে আলোচনায় এসেছে দামের কারণে। রমজান এলে প্রতিবছর জিনিসপত্রের দাম বাড়ে। কোনো কোনো পণ্যের দাম বাড়ে অস্বাভাবিক হারে। এবার সেই পণ্যটি হলো লেবু। আগে যেখানে এক হালি লেবু পাওয়া যেত ২০ টাকায়, এবার রমজানের শুরুতে একেকটি লেবুর দামই হয়েছে ২৫-৩০ টাকা। ফলে সামাজিক মাধ্যমে ভাইরাল এক ভিডিওতে একজন বলেছেন, লেবু তো লেবু না, লেবু এখন ফল। লেবু যে আসলেই ফল– এবার দামের মাধ্যমে এটি তা চেনাতে সক্ষম হয়েছে।
রোববার প্রকাশিত সমকালের প্রতিবেদন অবশ্য বলছে, লেবুর দাম ধীরে ধীরে কমছে। তবে হঠাৎ লেবুর দাম এতটা বাড়ার কারণ কী? যুতসই তেমন জবাব পাওয়া যায়নি। তবে ব্যবসায়ীরা বলেছেন, এখন লেবুর মৌসুম নয়। মৌসুম না থাকলে সামান্য কিছু দাম বাড়তে পারে। ২০ টাকার হালি সর্বোচ্চ ৪০ টাকা হতে পারে। কিন্তু এতটা বাড়ছে কেন? প্রতিবেদন সূত্রে আরেকটা বিষয় জানা গেল, হঠাৎ চাহিদা বেশি হওয়ার কারণে দাম বেড়েছে। দাম কয়েক গুণ হওয়ার কারণ হিসেবে এটাও কি বিশ্বাসযোগ্য? এসব কারণের পাশাপাশি আরও কিছু বিষয় কাজ করতে পারে। বাজারের নিয়ম অনুসারে সরবরাহ সংকট তো আছেই, একই সঙ্গে মধ্যস্বত্বভোগীর হস্তক্ষেপ ও গুজব আতঙ্কও কাজ করতে পারে। সময়টাও এখানে গুরুত্বপূর্ণ। রমজানের ইফতারে শরবত হিসেবে লেবুর কদর রয়েছে।
বাড়তি চাহিদার কারণে কোনো কিছুর দাম বাড়া স্বাভাবিক প্রবণতা। কিন্তু অস্বাভাবিক হারে বাড়ার বিষয়টি অগ্রহণযোগ্য। অস্বাভাবিকভাবে বাড়লেও কোনো ধরনের হস্তক্ষেপ দেখা যায় না। অর্থাৎ এখানে ব্যবসায়ীদেরই একচেটিয়া আধিপত্য। বেশ কয়েক বছর আগে পেঁয়াজের ক্ষেত্রে এমন পরিস্থিতি আমরা দেখেছি। ২০১৯ সালে কেজিপ্রতি পেঁয়াজের দাম ৩০০ টাকা পর্যন্ত উঠেছিল। তখন অবশ্য একটা কারণ ছিল– ভারত থেকে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে দেওয়া। এরপর আমরা দেখেছি, ভারত ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গেই ব্যবসায়ীরা এখানে দাম বাড়িয়ে দিতেন। ঘোষণা কার্যকর হতে কিংবা বাজারে সরবরাহ অনুসারে দাম বাড়ালে না হয় বিষয়টা মানা যায়। কিন্তু ব্যবসায়ীরা সুযোগ পেয়ে নিজেরাই বাজারে সর্বেসর্বা বনে যান।
অনেকেই বলেছেন, বিশ্বব্যাপী ধর্মীয় উৎসব কিংবা বিভিন্ন উপলক্ষে যখন ব্যবসায়ীদের মধ্যে ছাড় দেওয়ার প্রবণতা থাকে, বাংলাদেশে দেখা যায় উল্টো চিত্র। অনেক ব্যবসায়ীই রমজানকে তাদের সর্বোচ্চ মুনাফা অর্জনের সুযোগ হিসেবে গ্রহণ করেন। যত ইচ্ছা তারা দাম বাড়িয়ে থাকেন। মাছ, মাংস, চিনি, বেগুন, শসা ইত্যাদির দাম এবার স্বাভাবিকের তুলনায় বেড়েছে। আর লেবুর দাম বেড়েছে অস্বাভাবিক হারে। দাম বাড়লেও এখানকার ভোক্তাদের আচরণে তেমন পরিবর্তন দেখা যায় না। দাম যতই হোক, কেনার প্রবণতা থাকে। অনেকে দাম বাড়তে দেখলে আরও বেশি পরিমাণে কিনে থাকেন। ভাবেন, দাম বুঝি আরও বাড়বে। এমন হুজুগেপনার কারণেই বাজারে সংকট তৈরি হয়।
এই সুযোগে লেবু এবার তার জাত চিনিয়েছে ভালোভাবেই। মানুষ ফল হিসেবে এতদিন না চিনলেও অধিক দামের কারণে বলতে বাধ্য হচ্ছে– এটা ফল। আপেল, কমলার মতো ফল একেকটা ৩০/৪০ টাকা কিংবা আরও বেশি হলেও ‘ফল’ পরিচয়ের কারণে আমরা মেনে নিই। লেবুও তাই পিছিয়ে থাকবে কেন! ব্যবসায়ীরা দাম বাড়িয়ে প্রমাণ করেছেন– লেবু সবজি নয়; ফল। লেবু নিজের জাত চেনাতে গিয়ে ভোক্তাকে ফেলেছে উভয় সংকটে। এবারে রমজানের ঊর্ধ্বমুখীর বাজারে লেবু এসেছে মড়ার উপর খাঁড়ার ঘা হিসেবে। রমজানের বাজার ঘিরে সরকারের পূর্ব পরিকল্পনা না থাকলে ভবিষ্যতে এ ধারা চলতেই থাকবে। রমজানে আমরা দ্রব্যমূল্য কমার স্বপ্ন দেখি না। অন্তত স্বাভাবিক থাকুক– এ প্রত্যাশা তো করা যেতেই পারে।
মাহফুজুর রহমান মানিক: জ্যেষ্ঠ সহসম্পাদক, সমকাল mahfuz.manik@gmail.com
