সারাদেশে সড়ক দুর্ঘটনার জন্য সবচেয়ে বেশি দায়ী বাইক, ব্যাটারিচালিত রিক্সা এবং ইজিবাইক। দিন দিন এসবের সংখ্যা যেমন বাড়ছে দুর্ঘটনার সংখ্যাও তত বাড়ছে। দেশের অন্যান্য জায়গার মতো খুলনাতেও একই দৃশ্য বিরাজমান। খুলনায় বেড়ে গেছে ইজিবাইকের সংখ্যা। খুলনা কেসিসির তথ্য মোতাবেক জানা যায় নিবন্ধিত ইজিবাইক ৮ হাজারের মতো। কিন্তু খুলনাতে ২০ হাজারেরও বেশি ইজিবাইক সড়কপথে চলাচল করে। ইজিবাইকের সংখ্যা এত বেশি যে খুলনা এখন ইজিবাইকের নগরী হিসেবে সবার কাছে পরিচিত। শিববাড়ি মোড়, সোনাডাঙ্গা, বয়রা, গল্লামারি এসব জায়গায় সরেজমিনে দেখা যায় ইজিবাইকের ভিড় এবং যেখান সেখান থেকে তারা যাত্রী তোলে এবং নামায়। ফলে দুর্ঘটনার কবলেও পড়েছে অসংখ্য মানুষ। সেদিনও খুলনা-মোংলা সড়কে ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিয়ত হয়।

ফিটনেসবিহীন ইজিবাইকও দেখা যায় খুলনার সড়কপথে। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ নিয়ে পূর্বে আন্দোলনও করছে কিন্তু তাতে কোনো সুরাহা হয়নি। বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, চাকরির পরীক্ষার সময় দূর থেকে আসা শিক্ষার্থীদের চরম ভোগান্তিতে পড়তে হয়। কারণ ইজিবাইকের লম্বা সারি রাস্তায় জ্যাম তৈরি করে তখন যথা সময়ে শিক্ষার্থীরা হলে গিয়ে পৌঁছাতে পারে না। গত ১৮ এপ্রিল খুবিতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী সাদিয়া জানান ভোর ৮টায় দৌলতপুর থেকে রওনা দিয়েও ১০টার মধ্যে পরীক্ষা কেন্দ্রে গিয়ে পৌঁছাতে পারেননি। যে রাস্তা পার হতে ১০ মিনিট লাগত সেখানে দেড় ঘণ্টার মতো আটকে থাকতে হয়েছে জ্যামের কবলে পড়ে। এক পর্যায়ে গাড়ি থেকে নেমে হেঁটে পরীক্ষার কেন্দ্রে যান। এমন অনেকেরই অভিযোগ আমরা প্রতিনিয়ত শুনতে পাই। পুলিশ মাঝেমধ্যে অনিবন্ধিত গাড়িগুলো পেলে কিছুক্ষণ আটকে রেখে আবারও ছেড়ে দেয়া হয়। আইনের দুর্বলতাও দায়ী এই ইজিবাইকের আধিপত্যের জন্য। খুলনা নগরীর শব্দদূষণের মাত্রাও ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে এসব যান চলাচলের কারণে। খুলনা মেডিক্যাল থেকে শুরু করে বিভিন্ন হাসপাতালগুলোর সামনেও এর প্রভাব দৃশ্যমান। হাসপাতালের সামনের রাস্তা আটকে থাকে ইজিবাইকগুলো ফলে রোগীকে যথাসময়ে প্রবেশ বা বাহির করতে সমস্যার সম্মুখীন হতে হয়। অবৈধ ইজিবাইক উচ্ছেদ অভিযান মাঝেমধ্যে টের পেলেও যথাযথ কোনো পদক্ষেপ আমরা দেখতে পাইনি। বিএল কলেজের শিক্ষার্থী বৃষ্টি জানান, কলেজ গেটের রাস্তা পার হয়ে কলেজে ঢুকতে বা প্রবেশ করতেও বিপত্তি বাধে কারণ সারাক্ষণ সেখানে ইজিবাইকের চলাচল।