১৬ ডিসেম্বর বাংলাদেশের জাতীয় ইতিহাসে এক অনন্য গৌরবের দিন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের পর এই দিনেই বাঙালি জাতি পেয়েছিল তার বহু কাক্সিক্ষত বিজয়। বিজয় দিবস আমাদের কাছে শুধু একটি রাষ্ট্রীয় দিবস নয়; এটি একটি জাতির আত্মপরিচয়, আত্মমর্যাদা ও অস্তিত্বের ঘোষণাপত্র। বিশেষ করে তরুণ সমাজের কাছে এই দিনের তাৎপর্য বহুমাত্রিক। কারণ স্বাধীন বাংলাদেশের বর্তমান ও ভবিষ্যৎ বহন করছে তারাই।
আজকের তরুণ প্রজন্ম এমন এক বাস্তবতায় জন্ম নিয়েছে, যেখানে স্বাধীনতা তাদের কাছে প্রাপ্ত সত্য, লড়াই করে অর্জিত অভিজ্ঞতা নয়। যুদ্ধের বিভীষিকা, শোষণের যন্ত্রণা কিংবা পরাধীনতার অপমান তারা প্রত্যক্ষ করেনি। ফলে অনেক সময় বিজয় দিবস তাদের কাছে আনুষ্ঠানিকতা, উৎসব কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে সীমাবদ্ধ স্মৃতিতে পরিণত হয়। পতাকা উত্তোলন, র্যালি, বিজয় মিছিল কিংবা লাল-সবুজ প্রোফাইল ছবির মধ্যেই অনেকের বিজয়চর্চা শেষ হয়ে যায়। কিন্তু বিজয় দিবসের প্রকৃত তাৎপর্য সেখানে সীমাবদ্ধ নয়। ১৯৭১ সালে যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছিলেন, যারা ঘরবাড়ি ছেড়ে শরণার্থী হয়েছিলেন, যারা মা-বোনের সম্ভ্রম ও নিজের প্রাণ বিসর্জন দিয়েছিলেন তাদের একটি বড় অংশ ছিলেন তরুণ। তাদের কাছে স্বাধীনতা ছিল কেবল একটি রাজনৈতিক দাবি নয়, বরং বাঁচা-মরার প্রশ্ন। সেই তরুণদের আত্মত্যাগের বিনিময়েই আজকের প্রজন্ম স্বাধীনভাবে কথা বলতে পারে, মতপ্রকাশ করতে পারে এবং নিজের ভবিষ্যৎ নিয়ে স্বপ্ন দেখতে পারে। তাই বিজয় দিবস তরুণ সমাজের জন্য কেবল স্মৃতিচারণের দিন নয়, এটি দায়িত্ববোধেরও দিন। বর্তমান তরুণ সমাজের সংগ্রামের ধরন বদলেছে। আজ আর যুদ্ধক্ষেত্রে অস্ত্র হাতে লড়াই নেই। কিন্তু লড়াই আছে অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে। সামাজিক অবক্ষয়, সহিংসতা, অসহিষ্ণুতা, নৈতিক মূল্যবোধের অবক্ষয়, বাক স্বাধীনতার অভাব, গণতন্ত্রহীনতা- এসবই মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থি। তরুণ সমাজ যদি এসব বিষয়ে নিরব থাকে, তবে বিজয়ের আদর্শ ধীরে ধীরে নিষ্প্রভ হয়ে পড়বে। দুঃখজনক হলেও সত্য, একাংশ তরুণ মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে পর্যাপ্তভাবে অবগত নয়। পাঠ্যবইয়ের গ-ির বাইরে গিয়ে ইতিহাস জানার আগ্রহ কমে যাচ্ছে।
বিকৃত ইতিহাস, ভুল তথ্য ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার তরুণদের বিভ্রান্ত করছে। বিজয় দিবস তাই তরুণদের জন্য আত্মজিজ্ঞাসার উপলক্ষ আমি কি আমার ইতিহাস জানি? আমি কি সত্য ও মিথ্যার পার্থক্য করতে পারি? ইতিহাস জানা মানে শুধু তারিখ ও নাম মুখস্থ করা নয়। ইতিহাস জানা মানে আত্মপরিচয়কে জানা। বর্তমান তরুণ প্রজন্ম প্রযুক্তিনির্ভর। ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম তাদের চিন্তাজগৎকে প্রভাবিত করছে গভীরভাবে। এই মাধ্যম যেমন জ্ঞান অর্জনের সুযোগ তৈরি করেছে, তেমনি ভুল তথ্য ও ঘৃণার রাজনীতির ক্ষেত্রও তৈরি করেছে। বিজয় দিবস তরুণদের শেখায় প্রযুক্তি যেন মানবিকতা ও সত্যের পক্ষে ব্যবহৃত হয়। দায়িত্বশীল ডিজিটাল আচরণ আজকের সময়ের অন্যতম দেশপ্রেম। বিজয় দিবস আমাদের শেখায় ঐক্যের শক্তি। ১৯৭১ সালে ভাষা, ধর্ম, শ্রেণি কিংবা রাজনৈতিক মতভেদ ভুলে পুরো জাতি এক কাতারে দাঁড়িয়েছিল। আজকের সমাজে যখন বিভাজনের রাজনীতি, বিদ্বেষমূলক বক্তব্য ও সামাজিক মেরুকরণ বেড়ে চলেছে, তখন মুক্তিযুদ্ধের এই ঐক্যের শিক্ষা সবচেয়ে বেশি প্রাসঙ্গিক। তরুণ সমাজ যদি পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও মানবিকতাকে ধারণ করে, তবে সমাজ আরও শক্তিশালী হবে। বিজয় দিবসের চেতনা কেবল অতীতনির্ভর নয়; এটি ভবিষ্যৎমুখী।
একজন তরুণ যদি সৎভাবে পড়াশোনা করে, একজন পেশাজীবী যদি নৈতিকতা বজায় রেখে কাজ করে, একজন উদ্যোক্তা যদি কর্মসংস্থান সৃষ্টি করে, একজন নাগরিক যদি আইন মেনে চলে তবে সেটিই হবে মুক্তিযুদ্ধের চূড়ান্ত সাফল্য। দেশপ্রেম মানে শুধু আবেগী স্লোগান নয়, বরং দৈনন্দিন জীবনে দায়িত্বশীল আচরণ। বিশ্বায়নের এই যুগে তরুণ সমাজ আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছে। প্রবাসে পড়াশোনা, কর্মক্ষেত্র কিংবা অনলাইন প্ল্যাটফর্ম সবখানেই তরুণদের আচরণ ও চিন্তাধারার মধ্য দিয়েই দেশের পরিচয় ফুটে ওঠে। বিজয় দিবস তরুণদের মনে করিয়ে দেয় আধুনিক হওয়া মানেই শিকড় ভুলে যাওয়া নয়। বরং ইতিহাস ও সংস্কৃতিকে ধারণ করেই বিশ্বমুখী হওয়াই টেকসই উন্নয়নের পথ। একটি জাতির উন্নয়ন কেবল অবকাঠামো কিংবা অর্থনৈতিক সূচকে সীমাবদ্ধ নয়।
এটি নির্ভর করে নাগরিকদের নৈতিক মান ও মানবিক চেতনার ওপর। বিজয় দিবস তরুণদের সেই মানবিক চেতনায় উদ্বুদ্ধ করে। মুক্তিযুদ্ধ আমাদের শিখিয়েছে মানুষের মর্যাদা সবার আগে। তাই নারী অধিকার, সংখ্যালঘুদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচারের প্রশ্নে তরুণ সমাজকে সচেতন ও সক্রিয় হতে হবে। বিজয় দিবস তরুণ সমাজের জন্য একটি অঙ্গীকারের দিন। এই অঙ্গীকার দেশকে ভালোবাসার, ইতিহাসকে সম্মান করার, সত্যের পক্ষে দাঁড়ানোর। স্বাধীনতা একদিনে অর্জিত হলেও তাকে টিকিয়ে রাখতে হয় প্রতিদিন, প্রতিটি সিদ্ধান্তে, প্রতিটি কাজে। যদি তরুণ সমাজ বিজয়ের চেতনাকে হৃদয়ে ধারণ করে মানবিক, নৈতিক ও দায়িত্বশীল নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে পারে, তবেই বিজয় দিবসের প্রকৃত অর্থ সার্থক হবে। তখন বিজয় শুধু অতীতের স্মৃতি নয়, ভবিষ্যৎ নির্মাণের শক্তিতে পরিণত হবে। লেখক : শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়
