বিশ্ববিদ্যালয়ে ভর্তির একটি পরীক্ষা অনেক শিক্ষার্থীর জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। কিন্তু সেই পরীক্ষা যদি কারো উচ্চশিক্ষার স্বপ্নপূরণের একমাত্র সুযোগ হয়ে দাঁড়ায়, তাহলে প্রশ্ন ওঠে—আমাদের ভর্তিব্যবস্থা কি সত্যিই মেধার যথাযথ মূল্যায়ন করছে, নাকি একটি নির্দিষ্ট দিনে পরীক্ষার ফলের ওপর শিক্ষার্থীর ভবিষ্যৎ নির্ভরশীল করে তুলছে? উচ্চশিক্ষায় প্রবেশাধিকার নিশ্চিত করার ক্ষেত্রে শুধু আসনসংখ্যা বা ভর্তি পরীক্ষার পদ্ধতি নয়; প্রয়োজন সমতা, একাধিক সুযোগ, ন্যায্য মূল্যায়ন এবং ভবিষ্যতের জনশক্তির চাহিদা বিবেচনায় একটি সমন্বিত নীতিকাঠামো।

বাংলাদেশে উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষা শেষ করে প্রতিবছর বিপুলসংখ্যক শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নেয়। সীমিত আসনের বিপরীতে প্রতিযোগিতা তীব্র। অনেক শিক্ষার্থী ভালো প্রস্তুতি থাকা সত্ত্বেও অসুস্থতা, মানসিক চাপ, পারিবারিক পরিস্থিতি কিংবা পরীক্ষার দিনের অনাকাঙ্ক্ষিত কারণে কাঙ্ক্ষিত ফল করতে পারে না। আবার কেউ কেউ প্রথমবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে পরবর্তী সময়ে আরো ভালো করতে সক্ষম হয়। অথচ প্রচলিত ভর্তি ব্যবস্থায় অনেক ক্ষেত্রে দ্বিতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ সীমিত বা অনুপস্থিত। ফলে একটি পরীক্ষার ফলই কারো উচ্চশিক্ষার পথ সংকুচিত করে দিতে পারে। প্রশ্ন হলো, একটি পরীক্ষায় ব্যর্থতা কি একজন শিক্ষার্থীর মেধা ও সম্ভাবনার চূড়ান্ত পরিমাপক হতে পারে?

ভর্তির একাধিক সুযোগ নিশ্চিত করা

বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয়বার পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ থাকা উচিত। একজন শিক্ষার্থী উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর পরবর্তী দুটি শিক্ষাবর্ষে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করতে পারবে—এমন একটি নীতিগত কাঠামো বিবেচনা করা যেতে পারে।

এ ধরনের সুযোগ মানে প্রতিযোগিতার মান কমিয়ে দেওয়া নয়; বরং এটি শিক্ষার্থীর সম্ভাবনা যাচাইয়ের জন্য একাধিক সুযোগ তৈরি করা। তবে আসনসংখ্যা, পরীক্ষার স্বচ্ছতা এবং আবেদনকারীর যোগ্যতার শর্ত বজায় রাখতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির নিশ্চয়তা এক বিষয় নয়; যোগ্যতা ও মেধার ভিত্তিতেই চূড়ান্ত নির্বাচন হতে হবে।

বয়সসীমা নিয়ে নতুন করে ভাবতে হবে

দ্বিতীয় ও তৃতীয়বার ভর্তি পরীক্ষার সুযোগের পাশাপাশি সাধারণ উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে অযৌক্তিক সর্বোচ্চ বয়সসীমা প্রত্যাহারের বিষয়টিও বিবেচনা করা প্রয়োজন। এই দুটি বিষয় এক নয়। একাধিকবার পরীক্ষার সুযোগ মূলত সদ্য উচ্চমাধ্যমিক উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য; অন্যদিকে বয়সসীমা প্রত্যাহার উচ্চশিক্ষায় প্রবেশের ক্ষেত্রে জীবনব্যাপী শিক্ষার (লাইফলং লার্নিং) ধারণাকে স্বীকৃতি দেয়।

কেউ পারিবারিক দায়িত্ব, আর্থিক সংকট, কর্মসংস্থান, অসুস্থতা কিংবা অন্য কোনো কারণে নির্ধারিত সময়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারেনি। পরবর্তী সময়ে পরিস্থিতির উন্নতি হলে সে আবার পড়াশোনা শুরু করতে চাইতে পারে। আবার কর্মজীবনে প্রবেশের পর কেউ নতুন বিষয়ে উচ্চশিক্ষা অর্জন করতে আগ্রহী হতে পারে। বয়সের কারণে তাদের সুযোগ বন্ধ করে দেওয়া কতটা যুক্তিসংগত? অবশ্যই নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা, বিষয়ভিত্তিক পূর্বশর্ত এবং প্রযোজ্য অন্যান্য শর্ত পূরণ করতে হবে। কিন্তু কেবল বয়সকে উচ্চশিক্ষায় প্রবেশের বাধা হিসেবে বিবেচনা করা উচিত নয়। উচ্চশিক্ষা শুধু তরুণদের জন্য নয়; এটি সব বয়সের যোগ্য ও আগ্রহী মানুষের জন্য উন্মুক্ত থাকা প্রয়োজন।

ভর্তি পরীক্ষায় সমতা ও ন্যায্য মূল্যায়ন

বাংলাদেশে জাতীয় শিক্ষাক্রম, ইংরেজি মাধ্যম, মাদরাসা এবং কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাধারার শিক্ষার্থীরা উচ্চশিক্ষায় প্রবেশের প্রতিযোগিতায় অংশ নেয়। তাদের শিক্ষাক্রম, পাঠ্যবিষয়, পাঠদানের ভাষা এবং শেখার অভিজ্ঞতায় পার্থক্য রয়েছে। ফলে একই প্রশ্নপত্র সবার জন্য সমানভাবে ন্যায্য কি না, তা পর্যালোচনা করা প্রয়োজন।

এ ক্ষেত্রে শিক্ষাধারা অনুযায়ী, পৃথক প্রশ্নপত্রের সম্ভাবনা বিবেচনা করা যেতে পারে। তবে পৃথক প্রশ্নপত্র মানেই ভিন্ন মানদণ্ড বা সহজ-কঠিন পরীক্ষার ব্যবস্থা নয়। সব প্রশ্নপত্রে সমমানের দক্ষতা, জ্ঞান ও বিশ্লেষণী সক্ষমতা যাচাই করতে হবে। প্রশ্নের কঠিনতার মাত্রা, নম্বর বণ্টন এবং মূল্যায়ন পদ্ধতিতে তুলনাযোগ্যতা নিশ্চিত করতে হবে। প্রয়োজনে অভিন্ন শিক্ষাগত মানদণ্ডের ভিত্তিতে প্রশ্নপত্র প্রণয়ন ও ফল সমন্বয়ের পদ্ধতি (ইকুয়েটিং) অনুসরণ করা যেতে পারে। উদ্দেশ্য হবে শিক্ষার্থীর শিক্ষাধারা বা মাধ্যম নয়, তার প্রকৃত যোগ্যতা ও সম্ভাবনার মূল্যায়ন।

একই সঙ্গে ভর্তি পরীক্ষার প্রশ্নের ধরনেও পরিবর্তন প্রয়োজন। কেবল মুখস্থনির্ভর বহুনির্বাচনি প্রশ্ন দিয়ে একজন শিক্ষার্থীর সামগ্রিক সক্ষমতা যাচাই করা সম্ভব নয়। বিশ্লেষণী চিন্তা, যুক্তি প্রয়োগ, সমস্যা সমাধান, ভাষাগত দক্ষতা এবং বিষয়ভিত্তিক ধারণা মূল্যায়নের সুযোগ রাখতে হবে। বিভাগ ও বিষয় অনুযায়ী লিখিত পরীক্ষা, সংক্ষিপ্ত উত্তর, ব্যবহারিক মূল্যায়ন কিংবা অন্যান্য উপযুক্ত পদ্ধতি যুক্ত করা যেতে পারে। ভর্তি পরীক্ষা এমন হওয়া উচিত, যা শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় পর্যায়ের পড়াশোনার প্রস্তুতি ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব ধারণা দেয়।

ভর্তি পরীক্ষার তারিখে সমন্বয় প্রয়োজন

বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণেও জাতীয় পর্যায়ে সমন্বয় জরুরি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা একই সময়ে বা কাছাকাছি সময়ে অনুষ্ঠিত হলে শিক্ষার্থীদের যাতায়াত, প্রস্তুতি ও অংশগ্রহণে সমস্যা হয়। বিশেষ করে আর্থিকভাবে অসচ্ছল পরিবার বড় ধরনের সমস্যায় পড়ে। তাই একটি জাতীয় ভর্তি পরীক্ষার ক্যালেন্ডার (ন্যাশনাল অ্যাডমিশন ক্যালেন্ডার) প্রণয়ন করা যেতে পারে। বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব ভর্তি প্রক্রিয়া ও স্বায়ত্তশাসন বজায় রেখেও পরীক্ষার তারিখ, আবেদনকাল এবং ফল প্রকাশের সময়সূচি সমন্বয় করতে পারে। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের অনিশ্চয়তা কমবে, প্রস্তুতির জন্য পর্যাপ্ত সময় পাওয়া যাবে এবং ভর্তি-সংক্রান্ত অপ্রয়োজনীয় ব্যয়ও হ্রাস পাবে।

ভর্তি নীতির সঙ্গে জনশক্তি পরিকল্পনার সংযোগ

তবে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সংস্কার শুধু পরীক্ষার নিয়ম পরিবর্তনের মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না। উচ্চশিক্ষায় কত শিক্ষার্থী ভর্তি হবে, কোন বিষয়ে কত আসন থাকবে এবং ভবিষ্যতে কোন ধরনের দক্ষ জনশক্তির প্রয়োজন হবে—এসব প্রশ্নের উত্তরও জাতীয় পরিকল্পনার অংশ হতে হবে।

বাংলাদেশের অর্থনীতি, শিল্প, কৃষি, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি, পরিবেশ ও সেবা খাত দ্রুত পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিকস, নবায়নযোগ্য জ্বালানি, জৈবপ্রযুক্তি, তথ্যপ্রযুক্তি, উন্নত উৎপাদন এবং জলবায়ু অভিযোজনের মতো ক্ষেত্রগুলোতে নতুন দক্ষতার চাহিদা তৈরি হচ্ছে। অন্যদিকে শিক্ষক, চিকিৎসক, প্রকৌশলী, গবেষক, কৃষিবিদ, সমাজবিজ্ঞানী, আইনজ্ঞ এবং মানবিক ও সামাজিক বিজ্ঞানের দক্ষ স্নাতকদের প্রয়োজনও রয়েছে। তাই বিশ্ববিদ্যালয়ের আসনসংখ্যা নির্ধারণে শুধু বর্তমান চাহিদা বা শিক্ষার্থীদের তাৎক্ষণিক পছন্দ বিবেচনা করলে হবে না; ভবিষ্যতের কর্মসংস্থান ও জাতীয় উন্নয়নকৌশলও বিবেচনায় নিতে হবে।

এ জন্য পাঁচ, ১০ ও ১৫ বছর মেয়াদি জনশক্তি পরিকল্পনা (ম্যানপাওয়ার প্ল্যানিং) প্রণয়ন করা যেতে পারে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন, শিক্ষা মন্ত্রণালয়, পরিকল্পনা কমিশন, সংশ্লিষ্ট সরকারি সংস্থা, শিল্প ও ব্যবসায়িক প্রতিষ্ঠান, পেশাজীবী সংগঠন এবং বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের অংশগ্রহণে এ পরিকল্পনা তৈরি হওয়া উচিত। কোন খাতে কত দক্ষ জনশক্তি প্রয়োজন, কোন বিষয়ে অতিরিক্ত স্নাতক তৈরি হচ্ছে, কোথায় ঘাটতি রয়েছে এবং নতুন কোন বিষয়ে শিক্ষার্থী তৈরি করা দরকার—এসব বিষয়ে নিয়মিত শ্রমবাজার বিশ্লেষণ (লেবার মার্কেট অ্যানালাইসিস) ও গবেষণা প্রয়োজন।

তবে জনশক্তি পরিকল্পনার নামে মানবিক, সামাজিক বিজ্ঞান, মৌলিক বিজ্ঞান ও চারুকলার মতো বিষয়কে অবহেলা করা যাবে না। বিশ্ববিদ্যালয়ের কাজ শুধু চাকরির বাজারের জন্য জনশক্তি তৈরি করা নয়; জ্ঞান সৃষ্টি, সমালোচনামূলক চিন্তা, গণতান্ত্রিক মূল্যবোধ, সংস্কৃতি, নৈতিকতা ও মানবিক সমাজ গঠনেও এর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তাই কর্মসংস্থানের চাহিদা এবং জ্ঞানচর্চার ভারসাম্য রক্ষা করতে হবে।

আসনসংখ্যা বাড়ানোর আগে সক্ষমতা নিশ্চিত করা

বিশ্ববিদ্যালয়ে আসন বাড়ানোর সিদ্ধান্ত নেওয়ার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের সক্ষমতা যাচাই করা জরুরি। পর্যাপ্ত শিক্ষক, শ্রেণিকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার, আবাসন, প্রযুক্তিগত সুবিধা এবং শিক্ষার্থীদের সহায়তাব্যবস্থা ছাড়া আসন বাড়ালে শিক্ষার মান ক্ষতিগ্রস্ত হতে পারে। প্রতিটি বিশ্ববিদ্যালয়ের জন্য বিষয়ভিত্তিক সক্ষমতা মূল্যায়ন (ইনস্টিটিউশনাল ক্যাপাসিটি অ্যাসেসমেন্ট), নিয়মিত মাননিশ্চয়তা (কোয়ালিটি অ্যাসুরেন্স) এবং স্নাতকদের কর্মসংস্থান পরিস্থিতি পর্যবেক্ষণের ব্যবস্থা থাকতে হবে। স্নাতক হওয়ার পর শিক্ষার্থীরা কোথায় কাজ করছে, তাদের অর্জিত দক্ষতা কর্মক্ষেত্রে কতটা কার্যকর এবং কোন বিষয়ে ঘাটতি রয়েছে—এসব তথ্য ভর্তি ও পাঠ্যক্রম পরিকল্পনায় ব্যবহার করা প্রয়োজন।

এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের স্বায়ত্তশাসনও গুরুত্বপূর্ণ। জাতীয় নীতিগত নির্দেশনা ও জনশক্তি পরিকল্পনার সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব একাডেমিক সক্ষমতা, গবেষণার অগ্রাধিকার এবং বিষয়ভিত্তিক চাহিদা অনুযায়ী ভর্তি নীতি প্রণয়নের সুযোগ দিতে হবে। কেন্দ্রীয় সমন্বয় ও প্রাতিষ্ঠানিক স্বায়ত্তশাসনের মধ্যে ভারসাম্য প্রতিষ্ঠা করাই হবে কার্যকর সংস্কারের ভিত্তি।

বাংলাদেশের তরুণ জনগোষ্ঠী আমাদের বড় সম্পদ। কিন্তু এই সম্পদকে জনমিতিক লভ্যাংশে (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) রূপান্তর করতে হলে উচ্চশিক্ষায় প্রবেশাধিকারকে ন্যায্য, অন্তর্ভুক্তিমূলক ও ভবিষ্যৎমুখী করতে হবে। একটি ভর্তি পরীক্ষা যেন কোনো শিক্ষার্থীর উচ্চশিক্ষার ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র সুযোগ না হয়। একই সঙ্গে ভর্তি প্রক্রিয়া যেন কেবল আসন পূরণের প্রতিযোগিতা না হয়ে জাতীয় উন্নয়নের উপযোগী জ্ঞান, দক্ষতা ও মানবসম্পদ তৈরির প্রবেশদ্বার হয়ে ওঠে। সময় এসেছে বিশ্ববিদ্যালয়ে ভর্তি নীতিকে বিচ্ছিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত হিসেবে না দেখে একটি দীর্ঘমেয়াদি জাতীয় উচ্চশিক্ষা ও জনশক্তি উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে বিবেচনা করার।

লেখক: অধ্যাপক, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, ঢাকা বিশ্ববিদ্যালয়