ব্রিটিশ আমলে প্রথমে অ্যাডভোকেট, এরপর স্বল্পকালীন মুন্সেফের চাকরি এবং পরে নিজ যোগ্যতা ও প্রজ্ঞার মাধ্যমে সফল রাজনীতিবিদ, দূরদর্শী শিল্পপতি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নের অন্যতম রূপকার হিসেবে যিনি কিংবদন্তিতে পরিণত হয়েছিলেন; তিনি হলেন আবুল কাসেম খান, যিনি আমাদের সবার কাছে এ. কে. খান হিসেবে সমধিক পরিচিত। গত ৩১ মার্চ তার মৃত্যুবার্ষিকী নীরবে অতিক্রান্ত হলো। গেল ৫ এপ্রিল ছিল তার জন্মবার্ষিকী।

আবুল কাসেম খান ১৯০৫ সালের ৫ এপ্রিল চট্টগ্রাম শহরের চান্দগাঁও থানার ৫ নং মোহরা ওয়ার্ডে জন্মগ্রহণ করেন। এই সময়টিতে তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা আমাদের নৈতিক দায়িত্ব বলে মনে করি। চট্টগ্রামের এই কৃতি সন্তানকে আমরা তৎকালীন পূর্ব পাকিস্তান এবং স্বাধীন বাংলাদেশের আধুনিক শিল্পায়নের অন্যতম জনক হিসেবে বিবেচনা করি। অনেকেই হয়তো জানেন না, তার কর্মজীবনের শুরুটা হয়েছিল একজন অ্যাডভোকেট ও বিচারক হিসেবে। বিচারকের জীবনে তিনি ন্যায়পরায়ণতা, সততা ও বিচক্ষণতার যে দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজও অনুকরণীয়।

এ. কে. খান ঐতিহ্যবাহী ও সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ষোড়শ শতাব্দীতে গৌড়ের মন্ত্রী শমশের খানের পুত্র হামজা খানের ভাই শেরবাজ খানের উত্তরপুরুষ হলেন এ. কে. খান। পারিবারিক ঐতিহ্য, শিক্ষা ও নৈতিক মূল্যবোধ তার ব্যক্তিত্বকে শৈশব থেকেই দৃঢ় ভিত্তি দেয়। তার পিতা আলহাজ আব্দুল লতিফ খান ছিলেন ফতেয়াবাদের সাব-রেজিস্টার ও একজন শিক্ষিত, মার্জিত ও ধর্মপ্রাণ ব্যক্তি। মাতা ওয়াহাবুন্নিসা চৌধুরাণী ছিলেন স্নেহশীলা ও আদর্শ নারী। শিক্ষাজীবনে তার মেধার স্বাক্ষর ছিল অসাধারণ। ফতেয়াবাদ হাইস্কুল থেকে প্রথম বিভাগে ম্যাট্রিকুলেশন, চট্টগ্রাম কলেজ থেকে আই.এ.-তে বিভাগে প্রথম স্থান অর্জন এবং মহসিন বৃত্তি লাভ করেন।

পরে ১৯২৭ সালে প্রেসিডেন্সি কলেজ থেকে বি.এ. (অনার্স), ১৯৩১ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.এল. পরীক্ষায় প্রথম শ্রেণিতে দ্বিতীয় স্থান এবং ইংরেজিতে এম.এ.-তেও প্রথম শ্রেণি অর্জন তার শিক্ষাগত যোগ্যতাকে অনন্য উচ্চতায় নিয়ে যায়। ১৯৩৪ সালে অ্যাডভোকেট হিসেবে কলকাতা হাইকোর্টে কর্মজীবন শুরু করলেও তিনি শেরে বাংলা এ. কে. ফজলুল হকের জুনিয়র হিসেবে শিক্ষানবিশী করেন। তিনি বেঙ্গল সিভিল সার্ভিস (বিসিএস) পরীক্ষায় বাঙালি মুসলমান পরীক্ষার্থীদের মধ্যে প্রথম স্থান অর্জন করেন। পরে ১৯৩৫ সালে মুন্সেফ হিসেবে যোগদান করেন। বিচারক থাকাকালে বরিশালে এক মামলায় একজন উচ্চপদস্থ শ্বেতাঙ্গ পুলিশ কর্মকর্তাকে শাস্তি প্রদান করে তিনি ন্যায়বিচারের সাহসী দৃষ্টান্ত স্থাপন করেন।

১৯৩৫ সালে বার্মায় অবস্থানকারী প্রতিপত্তিশালী বাঙ্গালী ব্যবসায়ী ও তৎকালীন বিখ্যাত বেঙ্গল বার্মা স্টিম নেভিগেশন কোম্পানির মালিক আব্দুল বারী চৌধুরীর কন্যা শামসুন্নাহার বেগমের সাথে তাঁর বিবাহ সম্পন্ন হয়। উক্ত দম্পতির সংসারে ৫ পুত্র যথাক্রমে আবু মোহাম্মদ জহির উদ্দিন খান, এ কে সামশুদ্দিন খান, সালাউদ্দিন কাসেম খান, সদর উদ্দিন খান, জিয়া উদ্দিন খান এবং ৪ কন্যা যথাক্রমে লতিফা খানম, জেবুন্নিসা খানম, শামীমা খানম, ইয়াসমিন বেগম জন্মগ্রহণ করেন।

প্রখ্যাত ইতিহাসবিদ তপন রায় চৌধুরীর বাবা কংগ্রেস নেতা অমিয় রায় চৌধুরীর বিরুদ্ধে ব্রিটিশ সরকার ফৌজদারি মামলা দায়ের করলে বিচারক মামলাটি আইনসম্মত হয়নি বলে নাকচ করে দেন। তপন রায় চৌধুরী তার বিখ্যাত গ্রন্থ ‘বাঙ্গালনামায়’ এ ঘটনার উপসংহারে বলেন ‘যে দুঃসাহসী বিচারক সরকারের আনা অভিযোগ নাকচ করেন, তার নাম আবুল কাসেম খান’।

অপর ঘটনায় এ. কে. খান কোট্টম নামে একজন ব্রিটিশ পুলিশ অফিসারকে এক ভারতীয় রাজনীতিবিদকে প্রহার করার অভিযোগে শাস্তি প্রদান করেন। সেই আমলে শ্বেতাঙ্গ আসামির ন্যায্যবিচার করে শাস্তি বিধান করা দেশি বিচারকের কাছে সহজ কাজ ছিল না। এই দুরূহ কাজ সম্পন্ন করে এ. কে. খান নির্ভীক ন্যায়বিচারক হিসেবে নিজের উন্নত, বলিষ্ঠ চরিত্রের পরিচয় দান করেন। এসব ঘটনায় ব্রিটিশ সরকার তাকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ময়মনসিংহের নি¤œ আদালতে ‘পানিশমেন্ট পোস্টে’ বদলি করে। সেখানে তাকে প্রতিকূল অবস্থার মুখোমুখি হতে হয়। এ. কে. খান উপলব্ধি করেন যে, ব্রিটিশ সরকারের আমলে ন্যায়বিচার করা তার জন্য ক্রমশ কঠিন হয়ে দাঁড়াবে। তাই ১৯৪৪ সালে তিনি চাকরিতে ইস্তফা দেন।

এই সিদ্ধান্তই ছিল তাঁর জীবনের সবচেয়ে সাহসী মোড়। দেশের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক মুক্তির স্বপ্ন তাঁকে ব্যবসায় নামতে উদ্বুদ্ধ করে। শ্বশুর বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল বারী চৌধুরীর প্রেরণাও এতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তার বড় সন্তান জহির উদ্দিন খান শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সরকারের আমলে জাতীয় সংসদ সদস্য ও মন্ত্রী ছিলেন।

১৯৪৫ সালে তিনি এ. কে. খান অ্যান্ড কোম্পানি প্রতিষ্ঠা করেন এবং অতি দ্রুত সাফল্যের সর্বোচ্চ শিখরে আরোহণ করেন। পাট, বস্ত্র, শিপিং ইত্যাদি বিভিন্ন খাতে শিল্পপ্রতিষ্ঠান স্থাপন করে হাজার হাজার লোকের কর্মসংস্থান করেন। শুরুতে নির্মাণ ঠিকাদারির ব্যবসা করতেন। ভারত ভাগের পরে চট্টগ্রামে স্থায়ী হয়ে আবুল কাশেম খান ১৯৫২ সালে প্রায় সাড়ে চার লাখ টাকায় চট্টগ্রামের কালুরঘাট অঞ্চলে একটি দেশলাই কারখানা এবং আড়াই লাখ টাকায় একটি প্লাইউডের কারখানা নির্মাণ করেন। তবে তাঁর তৈরি সবচেয়ে বড় কারখানা ছিল পাঁচ কোটি টাকা মূলধনের চিটাগাং টেক্সটাইল মিলস। এ. কে. খান এ দেশে প্রথম অগ্রণী বাঙালি শিল্পপতি।

সেই সময় মুসলমানদের জন্য ভারী শিল্পে প্রবেশ ছিল অত্যন্ত কঠিন। কিন্তু তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন। ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত ‘এ. কে. খান জুট মিল’ এ অঞ্চলের শিল্পইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক হয়ে ওঠে। টেক্সটাইল, ম্যাচ ফ্যাক্টরি, শিপিং, ডকিং ও চা-শিল্প প্রতিটি ক্ষেত্রেই তাঁর সাফল্য বিস্ময়কর। তিনি চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন এবং পাকিস্তান আমলে কেন্দ্রীয় শিল্পমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত তাঁর মন্ত্রিত্বকাল পূর্ব পাকিস্তানে শিল্পায়নের ভিত্তি নির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এ বিষয়ে তাঁর দূরদর্শিতা ইতিহাসে বিশেষভাবে স্মরণীয় হয়ে থাকবে। শিক্ষা ও সমাজকল্যাণ ছিল তাঁর জীবনের অন্যতম অঙ্গীকার। চট্টগ্রামে অসংখ্য শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য সংস্থা প্রতিষ্ঠায় তাঁর অবদান অনস্বীকার্য। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ ভবন এ. কে. খান ফাউন্ডেশনের উদার পৃষ্ঠপোষকতায় নির্মিত, যা একজন আইনের ছাত্র হিসেবে আমার কাছে বিশেষভাবে গৌরবের বিষয়। তার তৃতীয় পুত্র আলহাজ্ব সালাহউদ্দীন কাশেম খান উক্ত ফাউন্ডেশনের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। তিনি তুরস্কের অনারারি কন্সালের দায়িত্ব পালন করেন। এ. কে. খান ১৯৪৬ সালে মুসলিম লীগের প্রার্থী হিসেবে ভারতীয় আইনসভার সদস্য নির্বাচিত হলেও কায়েদে আজমের নির্দেশে তাতে যোগদান থেকে বিরত থাকেন। ১৯৪৭ সালে পাকিস্তান গণপরিষদের সদস্য হন। ১৯৫৮ সালে পাক প্রেসিডেন্ট আইয়ুব খানের মন্ত্রিসভায় যোগদান এবং তিনি ১৯৫৮ থেকে ১৯৬২ সাল পর্যন্ত পাকিস্তান কেন্দ্রীয় সরকারের শিল্প, পূর্ত, সেচ, বিদ্যুৎ ও খনিজ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৬২ সালের সংবিধান রচনা ও মূল্যায়নেও তাঁর অবদান রয়েছে।

১৯৬২ সাল থেকে ১৯৬৪ সাল পর্যন্ত পাকিস্তান জাতীয় পরিষদের বিরোধী দলীয় সদস্য হন। বিদ্যুৎ মন্ত্রী হিসেবে তাঁর সময়ে পাক-ভারতের মধ্যে সিন্ধু পানি বণ্টন চুক্তি সম্পাদন হয়। শিল্পমন্ত্রী হিসেবে তৎকালীন পূর্ব পাকিস্তানে বস্ত্র ও পাটশিল্পের দ্রুত প্রসারে উদ্যোগ গ্রহণ এবং দেশের দু’অংশের মধ্যে বৈষম্য দূরীকরণের প্রয়াস চালান। এখানে চট্টগ্রাম ইস্পাত কারখানা, কর্ণফুলী রেয়নমিল স্থাপন করেন। তৎকালীন সরকারের বৈষম্যনীতির বিরুদ্ধে সোচ্চার ছিলেন। তিনি ঢাকায় পাকিস্তানের দ্বিতীয় রাজধানী স্থাপনের প্রস্তাব করেন, যাতে জাতীয় পরিষদের অধিবেশন এখানে বসতে পারে এবং অধিবেশনকালে কেন্দ্রীয় সরকারের কাজ এখানে চলতে পারে।

এ প্রস্তাবের প্রেক্ষিতে ঢাকায় শেরে বাংলা নগর স্থাপন হয়। ১৯৪৮ সালেই গণপরিষদে তিনি চট্টগ্রাম বন্দরকে উন্নত করার জন্য বক্তব্য রাখেন। তার মতে, চট্টগ্রাম বন্দরের উন্নতি ছাড়া পূর্ব বাংলার অর্থনৈতিক উন্নতি হবে না। ১৯৫১ সালের বাজেট আলোচনায় বিস্তারিত পরিসংখ্যান দিয়ে তিনি পূর্ব বাংলাকে কীভাবে বঞ্চিত করা হচ্ছে তা তুলে ধরে বলেন, ‘আগামী ছয় বছরের পরিকল্পনায় পূর্ব বাংলায় যেখানে ৫৬ শতাংশ জনগণ বাস করে, সেখানে আমাদের ভাগ্যে জুটেছে শতকরা ২৩ ভাগ বরাদ্দ।’

তার মন্ত্রী থাকাকালে পূর্ব পাকিস্তান শিল্প গবেষণা ও উন্নয়ন সংস্থা, বনশিল্প উন্নয়ন কর্পোরেশন ও পাকিস্তান শিল্প উন্নয়ন ব্যাংক স্থাপিত হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যকার সঙ্কট নিরসনে রাজনৈতিক সমাধানের আশায় এয়ার মার্শাল আসগর খানের তেহরিকে ইশতেকলাল পার্টিতে যোগদান করেন। ১৯৭১ সালে পাক বাহিনীর অত্যাচারের প্রতিবাদ করেন এবং মুক্তিযুদ্ধে সমর্থন দান করেন।

ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়ে এ. কে. খানের অবদান আমাদের গভীরভাবে আলোড়িত করে। ১৯৭১ সালে মেজর জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার ইংরেজি খসড়া প্রস্তুত করেন তিনি। (তথ্যসূত্র:- বাংলাদেশ সরকার কর্তৃক প্রকাশিত স্বাধীনতা যুদ্ধের দলিল তথা বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র : পঞ্চদশ খ-, পৃষ্ঠা -১৯১)। দেশের সংকটময় সময়ে তার দেশপ্রেম ও দায়িত্ববোধ ছিল অসাধারণ।

জীবনের শেষ প্রান্তে এসে মৃত্যুর মাত্র একদিন পূর্বে নিজ ব্যবসা প্রতিষ্ঠানের লভ্যাংশের ৩০% শিক্ষা, স্বাস্থ্য, ধর্ম ও জনকল্যাণে দান করার জন্য উইল করে যাওয়া তার মানবিক মহত্ম্যের সর্বোচ্চ উদাহরণ। এখানেই তিনি অন্যদের থেকে আলাদা এবং অনন্যসাধারণ। তিনি ব্যক্তির জন্য নয়; বরং জাতির জন্য জীবন উৎসর্গ করেছিলেন। ৫৬ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়ে তার সহধর্মিণী শামসুন নাহার খানম ২৮ জানুয়ারি, ১৯৯১ সালে মৃত্যুবরণ করেন। তিনি স্ত্রীর অনুপস্থিতি বেশিদিন সহ্য করতে পারেন নাই। ১৯৯১ সালের ৩১ মার্চ এই মহান কর্মবীর ইন্তেকাল করেন। পরদিন চট্টগ্রামের ঐতিহাসিক লালদিঘীর ময়দানে তার বিশাল জানাজা অনুষ্ঠিত হয়। লেখক : আইনবিদ, কলামিস্ট, সুশাসন ও মানবাধিকার সংগঠক।