দীর্ঘ আলোচনার পর চট্টগ্রামের পতেঙ্গায় লালদিয়ার কনটেইনার টার্মিনাল নির্মাণ ও পরিচালনার জন্য ডেনমার্কের প্রতিষ্ঠান এপিএম টার্মিনালসের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে সরকার। এপিএম টার্মিনালস একটি বৈশ্বিক বন্দর ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠান, যা বিশ্বের শীর্ষস্থানীয় ডেনিশ শিপিং কোম্পানি ম্যারস্ক গ্রুপের একটি অংশ।
লালদিয়া কনটেইনার টার্মিনালটি পতেঙ্গার চট্টগ্রাম বোট ক্লাব–সংলগ্ন কর্ণফুলী নদী তীরের পাশে খোলা ময়দানে টার্মিনাল নির্মাণ করবে। তারপর তারা পুরোটা পরিচালনা করবে। এখানে মালিকানা পুরোটাই থাকছে চট্টগ্রাম বন্দরের হাতে। ৩০ বছর মেয়াদি চুক্তি শেষ হবার পরে এটার এক মেয়াদ বর্ধিত করার সুযোগ আছে, যদি তারা কেপিআই সঠিকভাবে ব্যবস্থাপনা করে তাহলে সময় বাড়ানো হবে। না হলে পুরোটা চট্টগ্রাম বন্দরের কাছে হস্তান্তর করে দেবে। এই প্রকল্পে ডেনমার্কের প্রতিষ্ঠাটির প্রায় ৫৫০ মিলিয়ন ডলারের মতো খরচ করবে, যা ৬ হাজার ৭০০ কোটি টাকা প্রায়। বাংলাদেশ সরকারের কোনও খরচ হবে না। এছাড়াও টার্মিনাল নির্মাণে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে সাইনিং মানি হিসেবে দেওয়া হবে ২৫০ কোটি টাকা। সুতরাং এই পুরো অর্থ আগামী তিন বছরে বাংলাদেশে প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ হিসেবে বিবেচিত হবে। সবচেয়ে বড় বিষয় হচ্ছে ইউরোপের কোনও দেশ থেকে প্রত্যক্ষ বড় বিনিয়োগ এই প্রথম , এরকম আগে কখনো আসেনি।
শুধু ইউরোপ নয় এশিয়ার বিভিন্ন দেশ যেমন চীন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, মালয়েশিয়া ইত্যাদি দেশে তাদের বন্দর পরিচালনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এই প্রকল্প বাংলাদেশে বিশ্বমানের প্রযুক্তি, দক্ষতা ও কার্যকারিতা নিয়ে আসবে। প্রতিষ্ঠানটি বর্তমানে ৩৩টি দেশে ৬০টির বেশি টার্মিনাল পরিচালনা করছে এবং বিশ্বের শীর্ষ ২০টি বন্দরের মধ্যে ১০টি বন্দর পরিচালনা করে আসছে। আগামী ডিসেম্বর বা জানুয়ারিতে লালদিয়া কনটেইনার টার্মিনাল প্রকল্পের নির্মাণকাজ শুরু হতে পারে। তিন বছরের মধ্যে নির্মাণ শেষ করে ২০২৯ সালে টার্মিনালটি চালু করার লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। এরপর ৩০ বছর টার্মিনালটি পরিচালনা করবে এপিএম টার্মিনালস। পরে উভয় পক্ষ চাইলে আরও ১৫ বছর চুক্তির মেয়াদ বাড়াতে পারে। আশা করা যায় লালদিয়া টার্মিনাল আমাদের বিশ্বমানের সেবা দিতে পারবে। চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল থেকে এখানে দ্বিগুণ সংখ্যায় জাহাজ ভিড়তে পারবে এবং ড্রাফট বেশি হওয়ায় লাইটার জাহাজে করে পণ্য টারমিনালে আনা এড়াতে যাবে। আরেকটা বড় বিষয় হচ্ছে এই টার্মিনাল সপ্তাহে সাত দিন ২৪ ঘণ্টা নাইট ন্যাভিগেশন সুবিধাসহ পূর্ণমাত্রায় পরিচালিত হবে। এতে করে কনটেইনারের যে ব্যাকলগ তৈরি হয় সেটা কমে যাবে। এই প্রকল্পের মাধ্যমে বাংলাদেশ সরাসরি বৈশ্বিক শিপিং সংযোগ পাবে এবং রফতানিকারক ও আমদানিকারকদের জন্য পরিবহন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমবে।
টার্মিনাল চালু হলে বন্দরটির কনটেইনার হ্যান্ডলিং সক্ষমতা ৮ লাখেরও বেশি টিইইউ প্রতি বছর বৃদ্ধি পাবে, যা বর্তমান সক্ষমতার তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। প্রকল্পটি রাজস্ব ভাগাভাগি ভিত্তিতে পরিচালিত হবে, যার মাধ্যমে সিপিএ প্রতি কনটেইনারে নির্দিষ্ট ডলার-নির্ভর রাজস্ব পাবে। একইসঙ্গে কর, শুল্ক এবং সামুদ্রিক আনুষঙ্গিক সেবার মাধ্যমে সরকারের আয়ও বাড়বে। এই প্রকল্পের নির্মাণ ও পরিচালনা পর্যায়ে ৫০০-৭০০ জন সরাসরি কর্মসংস্থান এবং ট্রাকিং, স্টোরেজ, লজিস্টিকস ও স্থানীয় এসএমই খাতে কয়েক হাজার পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হবে।
ক্যাপ্টেন রেদওয়ান সিকদার: ষ্টেট কাউন্সিলর, সাউথ এশিয়ান স্ট্রাটেজিক কংগ্রেস
