ইদানীং সারাদেশে সড়ক দুর্ঘটনা ভয়ঙ্কর আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এসব দুর্ঘটনায় সড়কগুলো যেন দিনকে দিন শিশুদের জন্য মৃত্যুফাঁদে পরিণত হচ্ছে, বাড়ছে শিশু মৃত্যুর হার। জন-অসচেতনতা, আইন অমান্য, যাতায়াত ব্যবস্থার দায়সারা ভাব, অনিরাপদ সড়ক পরিবহন, অনিবন্ধিত চালকসহ বিভিন্ন কারণে প্রতিবছর হাজার হাজার মানুষ মারা যায়। আকালে ঝরে যায় অসংখ্য কোমলমতি শিশুদের সম্ভাবনাময় মূল্যবান জীবন। গতবছর হাজারের বেশি শিশুর প্রাণ কেড়ে নিয়েছে সড়ক দুর্ঘটনা। শিশুদের অনিরাপদ জীবনের জন্য সড়ক দুর্ঘটনা আতঙ্কের বিষয় হয়ে দাঁড়িয়েছে। শিশুদের নিরাপত্তায় সড়ক বিভাগ, সংশ্লিষ্ট বিভাগ এবং অভিভাবকদের সচেতনতার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

\r\nদুর্ঘটনার কারণ হিসেবে স্কুলের সামনে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকা, ফুটপাত দখল, ভাঙাচোরা চলাচলের অযোগ্য রাস্তা, অতিরিক্ত গতি, বেপরোয়া গাড়ি চালানো, শিশুদের জন্য আলাদা সড়ক নিরাপত্তা পরিকল্পনার অভাবে শিশুরা সবচেয়ে বেশি দুর্ঘটনা ঝুঁকিতে পড়ছে। রাস্তা পারাপারের সময় সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটে থাকে এবং শিশুদের সড়ক দুর্ঘটনার একটি বড় অংশ ঘটে স্কুলে যাওয়া-আসার সময়টাতে। যত্রতত্র পার্কিং থাকা অধিকাংশ স্কুলের সামনে স্পিড ব্রেকার নেই, ট্রাফিক পুলিশ, জেব্রা ক্রসিং বা সতর্কতামূলক সাইনবোর্ডও নেই। এসব কারণে প্রতিনিয়তই দুর্ঘটনায় আক্রান্ত হচ্ছে কোমল প্রাণ শিশুরা। শিশুরা তো আইন জানে না, ঝুঁকি বোঝে না; তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের।

বেপরোয়া যানবাহন চলাচল নিয়ন্ত্রণে সড়ক সংশ্লিষ্টদের উদ্যোগী হওয়া জরুরি। এসব বিষয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করা হলে সড়ক দুর্ঘটনায় শিশু মৃত্যুর হার কমে আসবে বলে আশা করা যায়।\r\n রোড সেফটি ফাউন্ডেশনের মতে, শিশুদের সড়ক দুর্ঘটনায় হতাহতের পেছনে কয়েকটি কারণের মধ্যে শিশু-অবান্ধব সড়ক ও সড়ক পরিবহন, শিশুদের সচেতনতার অভাব, শিক্ষা প্রতিষ্ঠানে পরামর্শ ও প্রশিক্ষণ না থাকা, অদক্ষ চালক দিয়ে যানবাহন চালনা ইত্যাদি। দুর্ঘটনায় আহত হওয়ার পর অনেক শিশুই চিকিৎসার সুযোগ পায় না যার ফলে বেশিরভাগ ক্ষেত্রে মৃত্যু ও পঙ্গুত্ব বরণ করতে হয় এসব দুর্ঘটনায় আহতদের। দ্রুত চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করার বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা উচিত। শিশুরাই জাতির ভবিষ্যৎ। কিন্তু যে জাতি তার শিশুদের রক্ষা করতে পারে না, তার ভবিষ্যৎ কোথায় গিয়ে দাঁড়ায় ? একটি শিশুর প্রাণ হারানো মানে শুধু একটি দুর্ঘটনা নয়, এটি রাষ্ট্রের ব্যর্থতার দায়ভার। সড়ক নিরাপত্তাকে আর শুধু সচেতনতামূলক স্লোগানে সীমাবদ্ধ রাখলেই চলবে না। শিশু নিরাপত্তায় চাই কঠোর আইন প্রয়োগ, চালকদের যথাযথ প্রশিক্ষণ, যানবাহনের ফিটনেস নিশ্চিতকরণ এবং সবচেয়ে জরুরি পথচারী, যাত্রী, চালকদের মানসিকতার পরিবর্তন।\r\nআর কোনো শিশুর রক্তে যেন সড়ক রঞ্জিত না হয়। আজই যদি আমরা সচেতনতামূলক উদ্যোগী না হই, কালকের শিরোনামেও হয়ত থাকবে আরেকটি শিশুর নাম, নিথর, নীরব, নিঃশব্দ দেহ। কোমলমতি শিশু তো আইন জানে না, ঝুঁকি বোঝে না; তার নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্র ও সমাজের। তাই সড়কে শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারি উদ্যোগের পাশাপাশি অভিভাবক ও সামাজিকভাবে আরও সচেতন হতে হবে। \r\nভালুকা, ময়মনসিংহ থেকে