প্রকৃতিতে কুয়াশা চাদর গায়ে দিয়ে শীতঋতু দিচ্ছে হাতছানি। উত্তরে মৃদু বাতাসের সঙ্গে বয়ে আসছে শীতের ঘ্রাণ। গ্রামে-গঞ্জে বাড়িতে বাড়িতে পাল্লা দিয়ে তৈরি হচ্ছে শীতের পিঠাপুলি। শহরের আঙিনাগুলোতে বসতে শুরু করেছে পিঠার দোকান। কেউ পিঠা বিক্রি করে দু-পয়সা রোজগার করছে আর কেউ ধোঁয়া ওঠা পিঠা খেয়ে তুলছে তৃপ্তির ঢেকুর। শীতের ভেতর তৈরির অন্যতম উপাদান হচ্ছে খেজুর গুড়। খেজুরের রস থেকে তৈরি হওয়া খেজুর গুড় পিঠায় বাড়তি স্বাদ ও ঘ্রাণ এনে দেয়। পিঠাপুলির এই বাংলায় খেজুরগুড় বাংলার সংস্কৃতি ও ঐতিহ্য বটে।\r\nবিগত দশকগুলোতে দেশে খেজুর গাছের সংখ্যা উল্লেখযোগ্য হারে কমেছে। কিন্তু খেজুর গুড়ের চাহিদা বেড়েছে ব্যাপক। তাহলে প্রশ্ন থেকে যাচ্ছে বাড়তি এই খেজুরগুড়ের চাহিদা মিটছে কোথা থেকে।

মূলত দেশের বিভিন্ন অঞ্চলের লোকচক্ষুর আড়ালে ভেজাল দ্রব্য ও কেমিক্যাল মিশিয়ে তৈরি হচ্ছে খেজুর গুড়। স্বাদে ঘ্রাণে খেজুর গুড় হলেও আদতে এগুলো মানবদেহের জন্য সাক্ষাৎ বিষ। এসব খেজুর গুড়ে ব্যবহৃত ভেজাল ও কেমিক্যালের মধ্যে অন্যতম হলো কলের চিনি, কৃত্রিম রং, ময়দা বা আটা, চিটাগুড়, থিকনার, সেকারিন ও বিভিন্ন ফ্লেভার, ইউরিয়া ও ক্ষতিকর লবণ ইত্যাদি। এমনও দেখা যাচ্ছে খেজুর গুড়ের মধ্যে খেজুর রসের অস্তিত্ব পর্যন্ত নেই। এ ধরনের খেজুর গুড় বাড়াচ্ছে স্বাস্থ্যঝুঁকি। এসব অখাদ্য ভক্ষণের ফলে কিডনি, লিভার, হৃদরোগসহ ক্যান্সারের ঝুঁকি বাড়ছে। এছাড়া বিভিন্ন নিয়মিত রোগ যেমন পেটের পিড়া, বমি ইত্যাদি তো রয়েছেই।\r\nখেজুর গুড় বাংলার মানুষের মধ্য একটি ঐতিহ্য ও সংস্কৃতির অংশ হয়ে গেছে। তবে এই ভেজাল গুড়ের ছড়াছড়ির জন্য সচেতন মহলে খেজুর গুড়ের প্রতি অনীহাও বেড়েছে। আশঙ্কাহীনভাবে সন্ধ্যায় শহরের রাস্তার মোড়ে কিংবা গ্রামের মানুষেরা খেজুর গুড়ের পিঠা খেয়ে যেন তৃপ্তির ঢেকুর তুলতে পারে, সে ব্যাপারে প্রশাসনের উদ্যোগী হতে হবে। ভেজাল গুড় উৎপাদন যে কোনো মূল্যে বন্ধ করতে হবে এবং বাজার থেকে ভেজাল গুড় অপসারণ করতে হবে। ভেজাল গুড়ের উৎপাদন ও অপসারণের মাধ্যমে সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়ানোর নিশ্চয়তা দিতে হবে। খেজুর গুড়ের ঐতিহ্য ও সংস্কৃতি সংরক্ষণ নিশ্চিত করতে হবে। খেজুর গুড়ের উৎপাদন সম্প্রসারণ ও বাণিজ্যিকীকরণে উদ্যোগী হতে হবে। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাজ দৃশ্যমান হতে হবে।