নিকট অতীতের সর্বোচ্চ প্রবল ঝাঁকুনি সম্পন্ন ভূমিকম্প হওয়ার পর এক সপ্তাহ কেটে গেলেও মানুষের ভেতর অনেকটাই আতঙ্ক বা দুশ্চিন্তা বিরাজ করছে। বিশেষ করে বহু নারী ও শিশু মানসিক ট্রমার শিকার হয়েছেন। ভূমিকম্প-ভীতি তাদের জীবনে নেতিবাচক প্রভাব ফেলছে এবং অনেকেই ঠিকমতো ঘুমোতে পারছেন না। এটি মোটেই অস্বাভাবিক নয়, তবে অবশ্যই এ অবস্থা থেকে বের হয়ে আসা চাই। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পে বেঁচে যাওয়া মানুষেরা প্রায়ই ট্রমা, ভয় এবং ঘটনা অস্বীকার করার মতো পরিস্থিতির মধ্য দিয়ে যান। বাংলাদেশের মানুষ বন্যা বা ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যতটা পরিচিত, ভূমিকম্পের সঙ্গে ততটা পরিচিত নয়। তাই বন্যা ও ঘূর্ণিঝড়ের সঙ্গে আমরা মানিয়ে নিতে শিখেছি, কিন্তু ভূমিকম্পের ক্ষেত্রে তা পারিনি।

এ অপরিচিত বিষয়টি আমাদের মনের উদ্বেগ আরও বাড়িয়ে দিয়েছে।\r\nএকটি জাতীয় দৈনিকের প্রতিবেদনে উঠে এসেছে ঢাকার চতুর্থ শ্রেণি পড়ুয়া এক মেয়ের ভীতির কথা। মেয়েটি শুধু বলছে, এত কম বয়সে মরে যেতে হবে? সে হয় বিদেশে, নয়তো গ্রামের বাড়ি চলে যাবে। সে কোনোভাবেই ঢাকায় থাকবে না। মেয়েকে স্কুলে পাঠানো যায়নি। সে বলছে, পড়ায় মনোযোগ দিতে পারছে না। রাতে ঘরের লাইট পর্যন্ত জ্বালিয়ে রাখতে হচ্ছে। মেয়েটির মতো ঢাকার বহু শিশু এমন মানসিক সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে।\r\nমানসিক ট্রমা মোকাবিলায় বিশেষজ্ঞদের পরামর্শ আমলে নেয়া চাই। শিশুদের ভয় দূর করতে তাদের বাইরে খেলাধুলায় উৎসাহিত করা যেতে পারে। পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমের প্রভাব সম্পর্কেও সতর্ক করা চাই।

সেখানে ছড়িয়ে পড়া এ সংশ্লিষ্ট ভিডিও বা কনটেন্ট মানুষের মধ্যে সেকেন্ডারি ট্রমা তৈরি করতে পারে। তাই ভয় বা অনিশ্চয়তা বাড়ায়- এমন কনটেন্ট প্রচার নিয়ন্ত্রণে নীতিমালা থাকা প্রয়োজন।\r\nভূমিকম্পের মতো আকস্মিক প্রাকৃতিক দুর্যোগ শিশুদের মনে গভীর ভয়, উদ্বেগ ও অনিশ্চয়তা তৈরি করতে পারে। অনেক সময় তারা বোঝাতে না পারলেও মনের মধ্যে আতঙ্ক জমে থাকে। তাই এমন পরিস্থিতিতে অভিভাবকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সঠিকভাবে কথা বলা, মনোযোগ দিয়ে শোনা, সান্ত্বনা দেওয়া এবং দৈনন্দিন রুটিনে ফিরিয়ে আনা সবকিছু শিশুর মানসিক স্থিতি ফিরিয়ে আনতে সহায়তা করে। ভূমিকম্পের পর শিশুর মানসিক স্থিতি ফেরানো সময়সাপেক্ষ, তবে ভালোবাসা, ধৈর্য, মনোযোগ, সঠিক নির্দেশনা ও যত্ন- এ পাঁচটি জিনিস তাদের দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে সাহায্য করে। \r\nভূমিকম্পজনিত মানসিক ট্রমাকে উপেক্ষা করার কিছু নেই। চীন বা জাপানের মতো ভূমিকম্পপ্রবণ দেশগুলোয় মানুষের মানসিক ধাক্কা সামাল নিতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়। সেসব দেশে রয়েছে এ-সংক্রান্ত জাতীয় নীতিমালা। সে অনুযায়ী মানসিক স্বাস্থ্য উন্নয়নে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমাদের দেশে এ মুহূর্তে হয়তো জাতীয় নীতিমালা প্রণয়নের প্রয়োজন নেই। তবে জরুরি ভিত্তিতে এ বিষয়ে স্বাস্থ্যসেবা প্রদানের জন্য সরকারের পক্ষ থেকে হটলাইন চালু করা যায়। বিশেষ করে ঢাকায় বসবাসকারী নাগরিকদের মানসিক ট্রমা কাটাতে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ ও চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল টিম গঠন সময়ের দাবি।