মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সেপ্টেম্বরে এইচ১বি ভিসা নিয়ে একটি নির্বাহী আদেশ জারি করেন। ওই আদেশ অনুযায়ী এই ভিসায় বিদেশ থেকে দক্ষ কর্মী যুক্তরাষ্ট্রে এলে বছরে এক লাখ ডলার ‘ভিসা ফি’ দিতে হবে। এই ভিসা নিয়ে বাংলাদেশসহ বিশ্বের বেশির ভাগ দেশের খুব একটা মাথাব্যথা ছিল না। কিন্তু ওই আদেশ নিয়ে আমাদের প্রতিবেশী দেশ ভারতে ব্যাপক শোরগোল শুরু হয়ে যায়। এক হিসাবে জানা যায়, ২০২৩ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুক্তরাষ্ট্রের অর্থবছরে সারাবিশ্ব থেকে প্রায় দুই লাখ ৬৫ হাজার ৭০০ এইচ১বি ভিসা দেওয়া হয়েছিল। এর মধ্যে ৭০ থেকে ৭১ শতাংশই গিয়েছে ভারত থেকে। ফলে দেখা যাচ্ছে, ভারতের জনশক্তির বড় একটি অংশ এই ভিসা নিয়ে কাজ করতে যুক্তরাষ্ট্রে যায়। সে দেশে প্রযুক্তি খাতে কাজ করতে যায় তারা। সুতরাং নিঃসন্দেহে বলা যায়, ভারতীয়রাই যুক্তরাষ্ট্রের এই ভিসার সবচেয়ে বড় সুবিধাভোগী।

অথচ ভারতের প্রতিবেশী দেশ হিসেবে আমরা তথ্য ও প্রযুক্তি খাতে অনেক পিছিয়ে আছি। ভারতের অনুগত শেখ হাসিনা এ দেশে প্রযুক্তি খাতকে কখনও মাথা তুলে দাঁড়াতে দেননি। ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের ১৬ বছরে এমন নয় যে, তথ্য ও প্রযুক্তিতে অর্থ ব্যয় করা হয়নি। তাদের ১৬ বছরে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ে উল্লেখযোগ্য আর্থিক বিনিয়োগ বরাদ্দ দেওয়া হয়েছিল। অথচ পরিকল্পিতভাবে এবং সঠিক উপায়ে এই অর্থ ব্যয় করা হলে আমাদের প্রযুক্তি খাত আজ অন্য উচ্চতায় থাকত। কারণ আমাদের রয়েছে মানবসম্পদ, যাদের বিরাট একটা অংশ তরুণ। মেধা-মননে এই তরুণ সমাজকে হেলাফেলা করার সুযোগ নেই। আমাদের দরকার শুধু তাদের মেধার যথাযথ পরিচর্যা করা। তাদের জন্য অবারিত সুযোগ তৈরি করে দেওয়া।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তরুণদের কথা মাথায় রেখে এই বছরের জুন মাসে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছিল। যেমন ৩১ দফার ২২ নম্বরে বলা হয়েছে, ‘যুবসমাজের ভিশন, চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করে আধুনিক ও যুগোপযোগী যুব-উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হবে।’ ২৪ নম্বর দফায় বলা হয়েছে, দক্ষ মানবসম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা, প্রযুক্তি, প্রশিক্ষণসহ সংশ্লিষ্ট সব খাতকে ঢেলে সাজানো হবে। শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদন খাতে গবেষণা ও উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে। ৩০ নম্বর দফায় বলা হয়েছে, তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতকে বৈশ্বিক মানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হবে।

সুতরাং বোঝাই যাচ্ছে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল বিএনপি তরুণদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে তোলার লক্ষ্য সামনে রেখে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জন্য নতুন পথনকশা (রোডম্যাপ) তৈরি করেছে। এর নাম দেওয়া হয়েছে ‘নবজাগরিত বাংলাদেশ: আগামীর প্রযুক্তি দশক’। প্রযুক্তির মাধ্যমে সাধারণ মানুষ, ব্যবসায়ী সমাজ ও সরকারকে ক্ষমতায়িত করে বাংলাদেশের সমৃদ্ধ ভবিষ্যৎ গড়ে তুলতে চায় বিএনপি।

বিএনপি ২০৩৬ সালের মধ্যে বাংলাদেশকে একটি প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায়। এই পথনকশার (রোডম্যাপ) কেন্দ্রবিন্দু হচ্ছে ‘সবার জন্য সংযোগ’। এর মাধ্যমে সব অঞ্চলের মানুষ শক্তিশালী হবে এবং তৃণমূল স্তর থেকে উদ্ভাবনকে উৎসাহিত করা হবে। এ লক্ষ্য পূরণের জন্য কিছু গুরুত্বপূর্ণ কাজ করা হবে। দেশের সব মানুষ যাতে উচ্চগতির ইন্টারনেট ব্যবহার করতে পারে এবং সবাই প্রযুক্তিনির্ভর অর্থনীতিতে অংশ নিতে পারে, সেই উদ্যোগ নেওয়া হবে। উদ্ভাবন, নতুন পরিষেবা এবং রপ্তানির মাধ্যমে ২০৩৬ সালের মধ্যে দেশের মোট জিডিপি আইসিটি খাতের অংশ ৫ থেকে ১০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি করা। তরুণ, নারী এবং গ্রামের মানুষদের প্রশিক্ষণ দিয়ে পাঁচ লাখের বেশি প্রযুক্তিনির্ভর নতুন কর্মসংস্থান তৈরি করা।

বিদেশ থেকে বিনিয়োগ আনা, নতুন উদ্যোগ (স্টার্টআপ) শুরু করতে সাহায্য করা এবং ডিজিটাল পণ্য রপ্তানিতে বাংলাদেশকে একটি প্রতিদ্বন্দ্বী দেশ হিসেবে প্রতিষ্ঠা করা। সরকারি সেবাকে ডিজিটাল করে আরও দ্রুত, স্বচ্ছ এবং মানুষের জন্য সুবিধাজনক করে তোলা। দেশের গুরুত্বপূর্ণ ব্যবস্থাগুলো রক্ষার জন্য শক্তিশালী সাইবার নিরাপত্তা এবং ডেটা সুরক্ষা ব্যবস্থা তৈরি করা।

এসব প্রযুক্তি ও অবকাঠামো বাস্তবায়নের মাধ্যমে মূলত তিনটি দারুণ ফল পাওয়া যাবে। সেগুলো হচ্ছে– ১. জ্ঞান, টাকা ও বাজারে সহজে পৌঁছানোর সুযোগ পাওয়ায় নাগরিক ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে। ২. ডিজিটাল ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে সরকার আরও দক্ষ হবে, দ্রুত জনগণের প্রয়োজনে সাড়া দিতে পারবে। ৩. একটি উন্নত সমাজ তৈরি হবে, যেখানে উদ্ভাবন, নিরাপত্তা এবং সবার জন্য সমান সুযোগ থাকবে।

আসলে বিএনপির মূল লক্ষ্য হচ্ছে পোশাক ও প্রবাসী আয়ের (রেমিট্যান্স) ওপর নির্ভরতা কমিয়ে তরুণদের মেধা কাজে লাগিয়ে একটি শক্তিশালী, জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর অর্থনীতি প্রতিষ্ঠা করা। বিএনপির এ প্রযুক্তির রোডম্যাপে গতানুগতিক পরিকল্পনার বাইরে গিয়ে বেশ কিছু মৌলিক পরিবর্তন আনার অঙ্গীকার করা হয়েছে। এই ভিশন ‘ফলাফলমুখী’ এবং ‘বাস্তবায়ন-কেন্দ্রিক’। কথার ফুলঝুরি না ছড়িয়ে এতে সুনির্দিষ্ট সময়সীমা ঠিক করে দেওয়া হয়েছে। যেমন– ১৮০ দিন, এক বছর, পাঁচ বছর ও ১০ বছর সময়ের মধ্যে এই রোডম্যাপ বাস্তবায়ন করা হবে। এ পরিকল্পনার বেশ কিছু আকর্ষণীয় দিক রয়েছে। ‘কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, ইউনিফাইড ন্যাশনাল হেলথ কেয়ার সলিউশন (ইউএনএইচএস) এবং সংযুক্ত স্কুল’– এসব উদ্যোগ সরাসরি সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নত করবে। বিনামূল্যে ইন্টারনেট এবং এআই-নির্ভর স্বাস্থ্য ও শিক্ষাব্যবস্থা সবার জন্য সুযোগের সমতা তৈরি করবে।

এ ছাড়া পেপ্যাল চালু করার উদ্যোগ, সামাজিক মাধ্যম, কনটেন্ট ক্রিয়েটরদের ডিজিটাল অর্থনীতিতে অন্তর্ভুক্ত করা এবং একটি ‘ক্যাশ-লাইট’ অর্থনীতি গড়ে তোলার জন্য ন্যাশনাল ই-ওয়ালেট চালুর পরিকল্পনা রয়েছে। এ ধরনের পরিকবল্পনা দেশের অর্থনৈতিক প্রবাহকে আরও গতিশীল ও আধুনিক করবে। প্রযুক্তির রোডম্যাপ বাস্তবায়নের জন্য সুনির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করা হয়েছে এবং কিছু লক্ষ্য ঠিক করা হয়েছে। ১৮০ দিনের জরুরি পরিকল্পনার মেয়াদ। এ সময়ে পরিস্থিতি অনুধাবন ও দ্রুত পুনর্গঠন শুরুর ওপর অগ্রাধিকার দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সাইবার প্রযুক্তি আইন প্রণয়নের প্রক্রিয়া শুরু, পাঁচটি বিশেষায়িত টাস্কফোর্স (যেমন: সাইবার সিকিউরিটি, এআই, সেমিকন্ডাক্টর) গঠন এবং জরুরি ভিত্তিতে জাতীয় সম্পদের নিরীক্ষণ করা।

এক বছরের মেয়াদ। এ সময়ের মধ্যে সাইবার প্রযুক্তি আইন কার্যকর করা, ন্যাশনাল সাইবার জরুরি প্রতিক্রিয়া দল প্রতিষ্ঠা করা ইত্যাদি। পাঁচ বছর মেয়াদের মধ্যে (২০৩১ সাল) উচ্চগতির সংযোগের মাধ্যমে ৯৫ শতাংশ জনসংখ্যা কভারেজ এবং জিডিপিতে ২-৫ শতাংশ আইসিটি অংশীদারিত্ব নিশ্চিত করা। আর ১০ বছরের (২০৩৬ সাল পর্যন্ত) দীর্ঘমেয়াদি লক্ষ্য হলো জিডিপিতে ৫ থেকে ১০ শতাংশ আইসিটি অংশীদারিত্বসহ বাংলাদেশকে একটি আঞ্চলিক প্রযুক্তি হাবে পরিণত করা, আইসিটি খাতে তিন লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টি করা ইত্যাদি। আগামীর প্রযুক্তি দশক ভিশন নিঃসন্দেহে সাহসী রোডম্যাপ। অতীতের অস্পষ্ট প্রতিশ্রুতি থেকে সরে এসে এতে ফলাফলভিত্তিক এবং বাস্তবায়নযোগ্য পদক্ষেপের ওপর জোর দেওয়া হয়েছে। এই পরিকল্পনা শুধু একটি উন্নত দেশের স্বপ্ন দেখায় না, বরং একটি পুনর্গঠিত এবং স্বচ্ছ প্রশাসনের স্বপ্ন দেখায়, যেখানে প্রযুক্তিই হবে প্রবৃদ্ধি ও জবাবদিহির প্রধান চালিকাশক্তি।

এ পরিকল্পনা সম্পূর্ণরূপে বাস্তবায়িত হলে ২০৩৬ সালের মধ্যে বাংলাদেশ শুধু একটি ডিজিটাল দেশ নয়, বরং একটি বিশ্বস্ত প্রযুক্তি অর্থনীতি হিসেবে বৈশ্বিক মঞ্চে নিজেদের প্রতিষ্ঠিত করতে পারবে। তবে এটা ঠিক, এই ভিশনের সাফল্য নির্ভর করছে সময়মতো ও স্বচ্ছভাবে প্রতিটি ধাপ বাস্তবায়নের ওপর। আমাদের সন্তানদের জন্য যোগ্য ও আধুনিক বাংলাদেশ গড়ে তুলতে এই ভিশন বাস্তবায়নের বিকল্প নেই।

একেএম ওয়াহিদুজ্জামান: বিএনপির তথ্যপ্রযুক্তিবিষয়ক সম্পাদক