একসময় ভারতের পশ্চিমবঙ্গের প্রাদেশিক রাজধানী কলকাতার জনগণ যে কী দুঃসহ যানজটে নাকাল ছিল সে খবর আমরা পেতাম। তখন কলকাতার সকলেই বলত এ বাসযোগ্য শহর নয়। এখন সেই কলকাতা কেমন রিকশামুক্ত, যানজটমুক্ত বাসযোগ্য শহরে পরিণত হয়েছে তা নিজে না দেখলে বোঝা যাবে না। কিন্ত যানজটমুক্ত কলকাতা কীভাবে সম্ভব হলো! কলকাতার মাটির তলদেশে মাকড়শার জালের মতো মেট্রোরেলের নেটওয়ার্ক তেরি করা হয়েছে। খুব স্বল্প দূরত্বেই পাওয়া যায় মেট্রোরেলের স্টেশনগুলো। মেট্রোরেলের ভাড়া দরিদ্র মানুষের ক্রয়ক্ষমতাকে বিবেচনা করে নির্ধারণ করা হয়েছে। যতদূর মনে আছে সর্বনিম্ন ভাড়া ৫/- টাকা। মেট্রোরেলের ট্রেনগুলো আধুনিক, ঝকঝকে এবং শীতাতপ নিয়ন্ত্রিত। গতিও দ্রুত। তাই সবাই মেট্রোরেল ব্যবহার করে। তাতে ব্যক্তিগত গাড়ি ব্যবহার করার প্রয়োজন হয় না।

স্বাভাবিকভাবেই তাতে রাস্তার যানজট হয় না। কলকাতায় ভাড়ায় যাওয়া ট্যাক্সির প্রচলন রয়েছে। রাস্তায় যানজট না থাকায় ট্যাক্সিগুলো রাস্তার পাশেই রাখা থাকে। তাতে ট্রাফিক পুলিশও ওদের তাড়ায় না। অলিগলির রাস্তায় হাতে টানা রিকশা দেখা যায়। তা ছাড়া আমাদের সিএনজি অটোরিকশার মতো অটোরিকশাও সেখানে আছে, তবে আমাদের দেশের মতো ছিনতাইকারী দুর্বৃত্তদের হাত থেকে যাত্রীদের বাঁচানোর জন্য লোহার গ্রিলের দরোজা (যার ভিতরের দিকে ডোর হ্যাসবোল্ট লাগানো আছে যাতে ভিতর থেকে চালক দরোজা খুলতে এবং বন্ধ করতে পারে) দিয়ে অটোর প্রবেশপথ আটকানো নাই; সম্পূর্ণ খোলা। তবে কি আমাদের দেশের মানুষদের মধ্যেই দুর্বৃত্ত বেশি, যার অধিকাংশই মুসলমান? ভাবলে কষ্ট হয়। সেগুলো শেয়ারেও চলে। তাতে স্বল্প খরচে অটোতে মানুষ যাতায়াত করতে পারে।

সেখানে নাই কোনো শত শত মোটোরসাইকেলের অত্যাচার। ট্রাফিক সিগন্যাল মানুষ এবং যানবাহন কঠোরভাবে মানে। গভীর রাতে যানবাহন কম বলে কেউ ট্রাফিক সিগন্যাল অমান্য করে না। কারণ তারা জানে তাতে মারাত্মক দুর্ঘটনা ঘটতে পারে। কেবল সেটা জানি না আমরা। আমরা গভীর রাতে ট্রাফিক সিগন্যাল অমান্য করি। অথচ ট্রাফিক সিগন্যাল কোনো সময়ের জন্যই অমান্য করা যায় না। এখন প্রশ্ন- কলকাতা কীভাবে সব কিছু নিয়ন্ত্রণের মধ্যে আনল? উত্তর হলো- পুলিশের দ্বারা নিয়মকে কঠোরভাবে প্রতিপালনের মাধ্যমে সেটা নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছে। জনগণেরও নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হবে। \r\nসেই শ্রদ্ধাবোধ কলকাতার মানুষদের আছে। কিন্তু ঢাকার মানুষদের নেই। প্রয়োজন হলে ঢাকার যানবাহন উল্টো দিকে চলে। কিন্তু কলকাতায় সেটা একদমই না।

উল্টো দিকে যান চলাচল বন্ধে পুলিশকে অত্যন্ত কঠোর হতে হবে। তার আগে বহুবার মাইকিং করে যান চালকদের উল্টো দিকে যান চলাচল না করতে নিষেধ করতে হবে। উল্টো পথে চলা যানের যাত্রীদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। সরকারের উচিত সড়কের প্রতিটি ক্রস-পয়েন্টে গোল সড়ক-দ্বীপ বা ট্রাফিক পুলিশ স্ট্যান্ড তৈরি করে দেওয়া। তাতে ক্রস-পয়েন্টে যান-বিশৃঙ্খলা রোধ হবে। সমস্যাগুলোর সমাধানে আমাদের দ্রুত এগিয়ে আসতে হবে এবং আমাদের সৎ হতে হবে। সমস্যাগুলোর সমাধানে আমাদের নিজেদের বুদ্ধিতে না কুলালে কলাকাতার সংশ্লিষ্টদের পরামর্শ অবশ্যই আমাদের গ্রহণ করতে হবে। \r\nঢাকা শহরের যানজট এবং সড়ক দুর্ঘটনার জন্য ব্যাটারি অটোরিকশাকে দায়ী করে সেগুলিকে তুলে দেওয়ার কথা বলেন অনেকে।

কিন্তু আমাদের গণপরিবহন-ব্যবস্থা যতদিন পর্যন্ত কলকাতার মতো না হবে ততদিন পর্যন্ত ব্যাটারি অটোরিকশাগুলো চলবেই। এ-সব সময়েরই দাবি। এই অটোরিকশাগুলো সাধারণ রিকশার চেয়ে ভালো, কম উঁচু, পা রাখার জায়গা সমান, তাতে উঠতে বয়স্কদের কষ্ট কম হয়। আর যান্ত্রিক হওয়ায় চালকের কষ্ট কম হয়। উষ্ণ আবহাওয়ার দেশে চালকদের যান্ত্রিক বাহনই কাম্য। সাধারণ রিকশার বাহকদের অমানুষিক কষ্ট করতে হয়। এতে পা রাখার জায়গা ঢালু, তাতে উঠতে বয়স্কদের বেশ কষ্ট হয়। তাই আবারও বলছি অটোরিকশাগুলো সময়েরই দাবি। তবে এই অটোরিকশাগুলোর গতি রিকশার স্বাভাবিক গতির সমান গতিতে বেঁধে দিতে হবে। চালকদেরও প্রশিক্ষণ দিয়ে তাদের ড্রাইভিং লাইসেন্স দিতে হবে।

ঢাকার গণপরিবহন ব্যবস্থা কলকাতার মতো হলে ঢাকা শহর থেকে ব্যাটারি অটোরিকশাগুলোর চলাচল এমনিতেই বন্ধ হয়ে যাবে এবং তাতে যানজট কমে যাবে। কলকাতা ভারতের একটি প্রদেশের রাজধানী। অন্যদিকে ঢাকা একটি দেশের রাজধানী। তাই কলকাতার চেয়ে ঢাকার গুরুত্ব অনেক বেশি। অথচ মানুষের সৎ চিন্তার ফলে কিছুটা দেরিতে হলেও কলকাতা তার অসহনীয় যানজট কমাতে পেরেছে। কিন্তু সৎ চিন্তা এবং সময়োপযোগী সিদ্ধান্তের অভাবে ঢাকা এ-ব্যাপারে যে তিমিরে ছিল, সেই তিমিরেই রয়ে গেছে। এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যের। \r\nবাংলাদেশ অত্যন্ত ঘনবসতিপূর্ণ একটি দেশ। শহরের বাইরে সব জায়গাতেই তার গ্রাম। তাই মহাসড়কেও অটোরিকশাগুলোর চাহিদা রয়েছে। এ-জন্য মহাসড়ক থেকে একটু নিচুতে (অন্তত ৬ ইঞ্চি) মহাসড়কের উভয় দিকে দুই আর তিন চাকার যানবাহনের জন্য প্রতিপাশে আপ-ডাউন চলাচলের বাধ্যবাধকতায় প্রতিটি ৬ ফুটের দুই লেন তৈরি করে দিতে হবে। তাতে ফুটপাথও থাকবে। এই অংশে চলাচলকারী যানবাহনগুলো সড়ক অতিক্রম করতে পারবে না। যে মহাসড়কে এমন লেন নাই সেখানে নতুন লেন নির্মাণ করার পূর্ব পর্যন্ত সাময়িক ব্যবস্থা হিসেবে সড়কের উপরে লম্বা হলুদ দাগ দিয়ে লেন চিহ্নিত করে দিতে হবে।