বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) ও ইউনিসেফের নতুন প্রকাশিত মাল্টিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে প্রতিবেদনে যেসব তথ্য উঠে এসেছে তা উদ্বেগজনক। প্রতিবেদনে বলা হয়েছে- দেশে প্রতি দুজন মেয়ের মধ্যে একজন মেয়ে শিকার হচ্ছে বাল্যবিয়ের। ২০১৯ সালের তুলনায় এ হার ৪ শতাংশ কমলেও বাল্যবিয়ে পরিস্থিতি এখনো উচ্চপর্যায়ে। দেশে এখন স্বাস্থ্য সেবাকেন্দ্র বা হাসপাতালে প্রসব অর্থাৎ প্রাতিষ্ঠানিক প্রসব বেড়েছে। তবে সেই সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে অস্ত্রোপচারের মাধ্যমে (সিজারিয়ান) শিশু জন্মের হার। নবজাতক থেকে শুরু করে পাঁচ বছরের কম বয়সী শিশুর মৃত্যুর হার কমেছে। শিশুশ্রম ও স্কুলের বাইরে থাকা শিশুর হার বেড়েছে। জরিপ প্রতিবেদনে বাল্যবিবাহের দুটি উপাত্ত দেওয়া হয়েছে।

একটি তথ্যে বলা হয়েছে, ২০-২৪ বছর বয়সী নারীদের মধ্যে ১৮ বছর বয়স হওয়ার আগে বাল্যবিয়ে হয়েছে ৪৭ শতাংশের। ২০১৯ সালের প্রতিবেদনে এ হার ছিল ৫১ শতাংশ। অপরদিকে দেশজুড়ে ১৮ বছরের কম বয়সী মেয়েদের বাল্যবিয়ের হার দাঁড়িয়েছে ৫৬ শতাংশে, যেটা আগে ছিল ৬০ শতাংশ।\r\nবাল্যবিয়ের কুফল সম্পর্কে সমাজ আগের তুলনায় অনেক বেশি সচেতন। এমনকি এখন বাল্যবিয়ের ঝুঁকির ভেতর রয়েছে এমন অল্পবয়সী মেয়ে নিজের বিয়ে ঠেকিয়ে দিচ্ছে সমাজে, এমন দৃষ্টান্তও তৈরি হয়েছে। তারপরও দেশ থেকে এই ব্যাধি পুরোপুরি নির্মুল করা সম্ভব হচ্ছে না। পরিতাপের বিষয় হচ্ছে বাল্যবিয়ে যাঁদের ঠেকানোর কথা, বহু এলাকায় তাঁরাই এর মদদদাতা হিসেবে ভূমিকা রাখছেন। তাদের ভেতর যেমন আছেন জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, তেমনি রয়েছেন কাজি ও আইনজীবী।

বাংলাদেশের সব ধর্ম ও সম্প্রদায়ের জন্য বিয়ের আইনি বয়স মেয়েদের ক্ষেত্রে ১৮ আর ছেলেদের ক্ষেত্রে ২১ বছর। ১৮ ও ২১ বছর বয়সের নিচে কোনো মেয়ে ও ছেলেশিশুর মধ্যে বিয়ে হলে তা বাল্যবিয়ে হিসেবে পরিগণিত হবে। \r\nবিভিন্ন সময় গবেষণায় দেখা গেছে, বাল্যবিয়ের শিকার মেয়েদের বেশিরভাগই স্কুলে ফিরে আসে না। ফলে একদিকে তাদের সম্ভাবনা নষ্ট হয়, অপর দিকে অল্প বয়সে মা হওয়ার কারণে তাদের স্বাস্থ্যঝুঁকি দেখা দেয়। জন্ম নেয় অপুষ্ট সন্তান। ইউনিসেফ বলছে, বাল্যবিয়ের কারণে দেশের উৎপাদনশীলতা ও মানবসম্পদের সম্ভাবনায় বছরে ৭০০-৮০০ কোটি ডলারের (৮৫ হাজার কোটি থেকে ৯৭ হাজার কোটি টাকা) ক্ষতি হয়। বর্তমান গতিতে চললে বাল্যবিয়ে নিরসনে ৬৪ বছরের বেশি সময় লাগবে।\r\nসমাজবিজ্ঞানীর গভীর পর্যবেক্ষণ থেকে বলা যায়, বাল্যবিয়ে কোনো পৃথক সমস্যা নয়। একে দেখতে হবে সামগ্রিকভাবে অন্য সব সামাজিক সমস্যার অংশ হিসাবে। দারিদ্র্য, নিরাপত্তাহীনতা, মিডিয়ার দ্বারা নারীকে পণ্য হিসাবে উপস্থাপন, পুঁজিবাদের বিকাশের সঙ্গে সঙ্গে সৃষ্ট সামাজিক ব্যাধি, নারী পাচার, মাদক ব্যবসা, সামাজিক মূল্যবোধের অবক্ষয়- এসবকিছুই দায়ী বাল্যবিয়ের জন্য। এসব সমস্যার স্থায়ী সমাধান না করে শুধু বাল্যবিয়ে বন্ধ করা এক অসম্ভব ব্যাপার বলেই মনে হয়। বরং গ্রামবাংলায় মেয়েদের নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হলে বাল্যবিয়ের হার কমে আসবে বলে ধারণা করা যায়। এজন্য সামাজিক জাগরণ জরুরি।