আমন ধান বাংলাদেশের অনেক এলাকার প্রধান ফসল বলা যায়, যার ফলন কার্তিক-অগ্রহায়ণে পাওয়া যায়। এবার সিলেট জেলায় আমন ধানের বাম্পার ফলন হয়েছে। জেলার ১৩টি উপজেলার মাঠজুড়ে এখন সোনালি ধানের শীষে কৃষকদের স্বপ্ন যেন ঝলমল করছে। অনুকূল আবহাওয়া, সময়মতো বৃষ্টিপাত এবং কৃষি বিভাগের সঠিক পরামর্শ পাওয়ায় এ বছর আমন আবাদ অত্যন্ত সফল হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি বিভাগ। সরেজমিন পরিদর্শনে দেখা যায়, জেলার অধিকাংশ এলাকার হাওড়ের জমিতে আমন ধান হলুদ বর্ন ধারণ করেছে। আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে আমন ধান কাটা শুরু হবে। তবে কিছু কিছু এলাকায় আগাম জাতের আমন ধান কাটা শুরু হয়েছে। জেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি মৌসুমে সিলেটে জেলায় ১ লাখ ৪৫ হাজার ৩১০ হেক্টর জমিতে আমন ধানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

আগামী ২ সপ্তাহের মধ্যে সিলেটের বিভিন্ন এলাকায় আমন ধান কাটা পুরোদমে শুরু হবে বলে স্হানীয় সূত্রে জানা গেছে। ভালো ফলন হওয়ায় কৃষকদের মুখে এখন পরিপূর্ণ তৃপ্তির হাসি। দক্ষিণ সুরমার কৃষক আহমদ আলী তার সন্তুষ্টি প্রকাশ করে জানান, এবারের ফসল খুবই ভালো হয়েছে। আগের বছরের তুলনায় ফলন অনেক বেশি। আবহাওয়া ভালো থাকায় কোনো ক্ষতিকর পোকামাকড়ের আক্রমণও হয়নি। কৃষি বিভাগ আরও জানিয়েছে, আমন মৌসুম শেষ হওয়ার পরপরই তারা রবি ফসলের আবাদের প্রস্তুতি শুরু করবে। এবারের এই বাম্পার ফলন স্থানীয় কৃষকদের আর্থিকভাবে স্বস্তি দেবে এবং এর ইতিবাচক প্রভাব স্থানীয় অর্থনীতিতেও পড়বে বলে কৃষি বিভাগ দৃঢ়ভাবে আশাবাদী। ওসমানী নগর উপজেলা কৃষি অফিসার উম্মে তামিমা বলেন, এবারের মৌসুমে আবহাওয়া ছিল সম্পূর্ণ অনুকূল।

পাশাপাশি সময়মতো বৃষ্টিপাত হয়েছে এবং আমাদের কৃষি কর্মকর্তারা নিয়মিত মাঠপর্যায়ে কৃষকদের প্রয়োজনীয় পরামর্শ ও সহযোগিতা দিয়েছেন। ফলে, এবার আমন ধানে আমরা আশানুরূপ ফলন পেয়েছি। উপজেলার প্রায় সব ইউনিয়নেই বিচ্ছিন্নভাবে ধান কাটা শুরু হয়েছে এবং আমরা আশা করছি, উৎপাদনের যে লক্ষ্যমাত্রা ছিল, তা এবার ছাড়িয়ে যাবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সিলেটের উপ-পরিচালক মো. শামসুজ্জামান বলেন, সিলেটে এবার আবহাওয়া ভালো থাকায় ফলন হয়েছে। পোকামাকড়ের আক্রমণও ছিল খুবই কম। কৃষকরা প্রয়োজনীয় সার ও বীজ পাওয়ায় চাষাবাদে তাদের কোনো বেগ পেতে হয়নি।

সবকিছু ঠিকঠাক থাকলে আমনের বাম্পার ফলন হবে বলে তিনি জানান।\r\nআবার সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায়, টানা বর্ষণের ফলে ধামাইনগর, সোনাখাড়া, চান্দাইকোনা, ধানগড়া, পাঙ্গাসী, ব্রহ্মগাছা, নলকা, ঘুড়কা ও ধুবিল ইউনিয়নের কৃষিজমি ব্যাপকভাবে জলাবদ্ধ হয়ে পড়েছে। অনেক এলাকার ধানগাছ পুরোপুরি পানির নিচে তলিয়ে গেছে। ফলে ধান গাছের গোড়ায় পচন শুরু হওয়ার উপক্রম হয়েছে। অর্ধপাকা ধান কাটার প্রস্তুতি নেওয়ার মুহূর্তে হঠাৎ এই বৃষ্টিতে সব মাঠ পানির নিচে চলে যাওয়ায় সময়মতো ফসল ঘরে তোলা নিয়ে কৃষকরা চরম দুশ্চিন্তায় পড়েছেন। পাঙ্গাসী গ্রামের কৃষক আশরাফুল ইসলাম বলেন, ধান পেকে গেছে, এখন কাটার সময়। কিন্তু মাঠে পানি জমে গেছে। ধান কাটা তো দূরের কথা, মাঠে ঢোকাই যাচ্ছে না। একই এলাকার কৃষক মো.

আবদুল করিম বলেন, বৃষ্টি আর জোয়ারে ফসল ডুবে গেছে। কয়েকদিনের মধ্যে পানি না নামলে ধানগাছ পচে যাবে, আমাদের পুরো বছরের পরিশ্রম শেষ। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলমান মৌসুমি বৃষ্টিতে প্রতিটি ইউনিয়নে রোপা আমন ফসলের ক্ষতির ঝুঁকি রয়েছে। তবে ক্ষতির সঠিক পরিমাণ পানি নেমে গেলে বোঝা যাবে। কৃষি কর্মকর্তাদের মতে, পানির নিচে থাকা ধানগাছ বেশিদিন টিকে থাকতে পারবে না। উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, এই সময়ে বৃষ্টি আমনের জন্য ক্ষতিকর। আমরা মাঠপর্যায়ে নজর রাখছি। পানি দ্রুত সরে গেলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব হবে।

স্থানীয় কৃষকরা দ্রুত পানি নিষ্কাষণের উদ্যোগ এবং ক্ষতিগ্রস্তদের জন্য সরকারি সহায়তার দাবি জানিয়েছেন, যেন মৌসুমি এই বৃষ্টিতে তাদের বছরের পরিশ্রম পুরোপুরি নষ্ট না হয়।\r\nউত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে ভারী ও হালকা বৃষ্টিপাতের কারণে রোপা আমন ধান ও শীতকালীন আগাম সবজির ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে। কৃষকদের কেউ কেউ বলছেন, তাদের রোপণ করা আমন ধান ক্ষেতে নুইয়ে পড়েছে। তবে কৃষি সংশ্লিষ্ট মাঠপর্যায়ের কর্মকর্তারা বলছেন, যে পরিমাণ বৃষ্টি হয়েছে, তাতে ফসলের ব্যাপক ক্ষতি হওয়ার আশঙ্কা নেই। বৃষ্টি আরও কয়েকদিন স্থায়ী হলে ক্ষতির পরিমাণ বৃদ্ধি পেতে পারে। কয়েকদিনের টানা বৃষ্টিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় রোপা-আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে।

অবিরাম বৃষ্টি ও দমকা বাতাসে উপজেলার বিভিন্ন এলাকার মাঠে পানি জমে ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে উপজেলার হাজারো কৃষক ফসল ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন। উপজেলা কৃষি অফিস সূত্র জানায়, চলতি মৌসুমে রায়গঞ্জ উপজেলায় মোট ১৯ হাজার ১৩০ হেক্টর জমিতে রোপা-আমন ধানের চাষ হয়েছে। এসব জমি থেকে প্রায় সাড়ে ৮০ হাজার মেট্রিক টন ধান উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়। উপজেলার নলকা ইউনিয়নের দাদপুর গ্রামের কৃষক আবুল কালাম, রজব আলী, সোবাহান ও আশরাফ আলী জানান, রোপা-আমন ধান এখন ফুল থেকে থোর আসতে শুরু হয়েছে। এমন সময় ভারী বৃষ্টি ও দমকা বাতাসে ধান মাটিতে লুটিয়ে পড়ে। অনেক জমিতে ধান পুরোপুরি পানির নিচে চলে গেছে। এই তলিয়ে যাওয়া ধান ঘরে তোলা তো দূরের কথা, খড়ও পাওয়া যাবে না।

রায়গঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মমিনুল ইসলাম বলেন, বৃষ্টির কারণে উপজেলার ১২০ হেক্টর জমিতে রোপা-আমন ধানের এবং ছয় হেক্টর জমিতে আবাদ করা সবজির ক্ষতি হয়েছে। এখন আমরা প্রণোদনা দিচ্ছি, সরকারের পক্ষ থেকে যদি পুনর্বাসন আসে তখন কৃষকদের তা দিব। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, এ উপজেলায় আমন ধান চাষ হয়েছে এক লাখ এক হাজার হেক্টর জমিতে। আগাম শীতকালীন সবজি চাষ হয়েছে ১৫০ হেক্টর জমিতে। আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে দুই হাজার হেক্টর জমিতে। পোরশার (নওগাঁ) এক সাংবাদিক জানান, নওগাঁর পোরশায় কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার ১০৫ হেক্টর জমির আমন ধানের গাছ জমির ওপর নুয়ে পড়েছে। বিশেষ করে নিচু জমির পানি তাড়াতাড়ি না সরলে ধানের ব্যাপক ক্ষতি হওয়ার শঙ্কা করছেন কৃষকেরা।

তেঁতুলিয়া ইউনিয়নের বারিন্দা গ্রামের কৃষক হুমায়ন কবির জানান, তাদের দুই বিঘা জমির ধান মাটিতে নুয়ে পড়েছে। ১৫ থেকে ২০ দিন পর এই ধান কাটার কথা ছিল। এই নুয়ে পড়া ধানের ভালো ফলন পাওয়া যায় না। উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মামুনুর রশিদ জানান, এ উপজেলায় চলতি মৌসুমে ১৩ হাজার ৩০০ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। এর মধ্যে ১০৫ হেক্টর জমির ধান নুয়ে পড়েছে। এ সময়টা একটু সংবেদনশীল। তবে বৃষ্টির পানি সরে গেলে এ নুয়ে পড়ার কারণে জমির ধানে ক্ষতির তেমন আশঙ্কা নেই। এ ছাড়াও বৃষ্টিতে উপজেলার তিন হেক্টর জমির শীতকালীন আগাম আলু ও শাক-সবজির ক্ষেতে পানি জমে রয়েছে। এখনো ক্ষতির আশঙ্কা নেই। তবে আরো দুই-একদিন বৃষ্টি হলে মুলাজাতীয় সবজি নষ্ট হয়ে যেতে পারে। রোপণ করা আগাম জাতের আলুও পচে যাওয়ার আশঙ্কা রয়েছে।

নাটোরের নলডাঙ্গা উপজেলায় গতরাতের হঠাৎ বৃষ্টি ও ঝড়ে আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। বেশিরভাগ জমির ধান পানিতে ভাসছে। এতে কৃষকেরা ব্যাপক ক্ষতির মধ্যে পড়বেন বলে ধারণা করছেন তারা। উপজেলার বিভিন্ন এলাকায় দেখা যায়, অনেক পাকা ও আধাপাকা আমন ধান পানিতে ভাসছে। অনেকে লাইলা পিঁয়াজ রোপণ করেছিলেন। সেসব জমিতে পানি জমে গেছে। এতে বেশিরভাগ বীজই নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। এ ছাড়া যেসব জমি বীজ বপনের উপযোগী করে রাখা হয়েছে, সেসব জমিতে বীজ রোপণ করতে আরও কিছুটা দেরি হবে। বগুড়ার আদমদীঘি উপজেলায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় উঠতি আমন ধানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রবল ঝড়-বৃষ্টিতে উপজেলার অনেক জমির ধানগাছ মাটিতে পড়ে গেছে, আধা-পাকা ধানের শীষ পানিতে তলিয়ে গেছে।

দু -এক দিনের মধ্যে পানি না শুকালে পানিতে ডুবে থাকা ধান পচে নষ্ট হবে বলে আশঙ্কা করছেন কৃষকরা। এতে এ বছর আমন উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হওয়ার শঙ্কা দেখা দিয়েছে। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে আদমদীঘিতে ১২ হাজার ৫০ হেক্টর জমিতে আমন চাষ হয়েছে। কৃষকরা আশা করেছিলেন এবার লক্ষ্যমাত্রার চেয়েও বেশি উৎপাদন হবে। কিন্তু ঘূর্ণিঝড় মন্থার কারণে গত কয়েক দিনের বৈরী আবহাওয়ায় বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় ধানখেত পানিতে তলিয়ে যায় এবং খেতের অনেক গাছ মাটিতে লুটিয়ে পড়ে। এতে কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। উপজেলার কেশরতা, ছাতিয়ান গ্রাম, চাঁপাপুর, আদমদীঘি ও সান্তাহার এলাকার বিস্তীর্ণ জমির ধানখেত এখন পানিতে তলিয়ে আছে।

কৃষি অফিস সূত্র জানায়, এ উপজেলায় কৃষকরা আগাম জাতের বীনা-১৭, স্বর্ণা-৫ ও স্বর্ণা-৫১ জাতের ধান রোপণ করেছেন। গত সপ্তাহে মুষলধারে বৃষ্টি ও ঝড়ো হাওয়ায় মাঠের ধানগাছ ভেঙে পড়ে জলাবদ্ধতার সৃষ্টি হয়। দুই দিনের টানা ভারী বর্ষণে দিনাজপুরের খানসামায় পানিতে ডুবে আছে কৃষকদের রোপা আমন ধান। ছাতিয়ানগড় গ্রামের কৃষক গৌরাঙ্গ বলেন, আমন ধানের জমিতে যে পরিমাণ পানি ঢুকে আছে তাতে দ্রুত নিষ্কাষণ না হলে কৃষকরা চরম ক্ষয়ক্ষতির মুখে পড়বে। যে দিকেই চোখ যায় সে দিকেই থইথই করছে পানি। উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন আক্তার বলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মাঠপর্যায়ের কর্মকর্তারা সার্বক্ষণিক মাঠে কৃষকের পাশে থেকে প্রয়োজনীয় পরামর্শ দিয়েচ্ছেন। তারা বলছেন, ধান গাছ তুলে গোছা করে বেঁধে দিতে হবে। এর পর জমির পানি বের করে দিতে হবে।

আবহাওয়া ভালো হলে বিপিএইচ ও পচানি ওষুধ স্প্রে করতে হবে।\r\nএই ধরনের পরিস্থিতিতে কৃষকের হাসি ও শঙ্কা দুটিই দেখা যাচ্ছে । এখন প্রকৃতি যদি সহায়ক হয় তবে কৃষক তার আমন ফসল ঘরে নিতে পারবে। শুরু হবে হেমন্তের নবান্ন উৎসব যা হলো ধান দিয়ে প্রচলিত অনুষ্ঠানগুলোর একটি। এই উৎসব হলো নতুন আমন ধান কাটার পর সেই ধান থেকে প্রস্তুত চালের প্রথম রান্না উপলক্ষে আয়োজিত উৎসব। নবান্ন শব্দটির সঙ্গে নতুন ধান ওঠার সম্পর্ক রয়েছে। কিষান-কিষানিদের সব হাসি-কান্নার অবসান ঘটিয়ে অগ্রহায়ণের নতুন আমন ধান ঘরে উঠানোর কাজের মাঝে খুঁজে পায় অপার আনন্দ। গ্রাম বাংলায় নতুন এক আবহের সৃষ্টি হয়। নবান্ন উৎসব যেন সব দুঃখ-কষ্ট ভুলিয়ে দেয়। প্রাচীনকাল থেকেই ধর্মবর্ণনির্বিশেষে নবান্নকে কেন্দ্র করে বাঙালি জাতি উৎসবে মেতে ওঠে। একে অন্যের মধ্যে তৈরি হয় সামাজিক সুসম্পর্ক, সম্প্রীতি আর ভালোবাসা। এ উৎসবকে ঘিরে সনাতনী সম্প্রদায়ের আছে নানা রকম লৌকিক পার্বণ বিধি। কার্তিক মাসের শুরুতেই কৃষকের ঘরে ঘরে নতুন ধানে পূর্ণ হতে থাকে। কৃষক-কৃষাণিরা ব্যস্ত হয়ে ওঠে সেই ধান কাটা, শুকানো, মাড়াই এবং এরপর সেই ধান ঢেঁকিতে গুঁড়া করে বহুবিধ পিঠা-পায়েস ইত্যাদি তৈরিতে। এটা যে ঋতুতে হয় সেটি হেমন্ত। প্রকৃতির রোষানলে ষড়ঋতুর যে দুই ঋতু এখন প্রায় হারিয়ে যেতে বসেছে তার একটি হলো হেমন্ত। বাংলার প্রতিটি ঋতুর রয়েছে ভিন্ন ভিন্ন বৈশিষ্ট্য। ভিন্ন ভিন্ন রূপ। সব মিলিয়েই এই বাংলা যাকে বলা হয় ধানের দেশ, প্রাণের দেশ।\r\nলেখক : সাবেক অধ্যাপক ও গবেষক