রমজান মাস সংযম, সহমর্মিতা ও আত্মশুদ্ধির মাস। অথচ বাংলাদেশের বাস্তবতায় প্রতি বছর রমজান এলেই নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ার চিত্র দেখা যায়। ইফতার সামগ্রী থেকে শুরু করে চাল, ডাল, তেল, মাছ, মাংসসহ প্রায় সব খাদ্যপণ্যের মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনে বাড়তি চাপ সৃষ্টি করে। বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো এই সময় সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হয়। রমজানে মানুষ স্বাভাবিকভাবেই পরিবারের জন্য একটু ভালো খাবারের ব্যবস্থা করতে চায়। সারাদিন রোজা রাখার পর ইফতার ও সেহরিতে পুষ্টিকর খাবারের প্রয়োজন হয়। কিন্তু দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে অনেক পরিবার ইচ্ছা থাকলেও প্রয়োজনীয় খাবার কিনতে পারে না। অনেকের কাছে মাছ বা মাংস এখন বিলাসিতায় পরিণত হয়েছে।
ফলে পুষ্টিকর খাবারের পরিবর্তে সীমিত সামর্থ্যরে মধ্যেই দিন পার করতে হয়, যা রোজাদারদের জন্য কষ্টকর বাস্তবতা হয়ে দাঁড়ায়। এর সঙ্গে যুক্ত হয় আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। রমজানের পরপরই আসে ঈদুল ফিতর, যা মুসলমানদের সবচেয়ে বড় আনন্দের উৎসব। পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কেনা, শিশুদের সালামি দেওয়া এবং আত্মীয়স্বজনদের উপহার দেওয়ার জন্য অনেকেই আগে থেকেই কিছু টাকা জমিয়ে রাখেন। ফলে মাসজুড়ে অনেক পরিবার খরচ কমাতে বাধ্য হয় এবং ভালো খাবার খাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও তা থেকে বিরত থাকে। একদিকে দ্রব্যমূল্যের চাপ, অন্যদিকে ঈদের প্রস্তুতি, এই দুইয়ের মাঝে সাধারণ মানুষের জীবন আরও সংকুচিত হয়ে পড়ে। বিশ্বের অনেক মুসলিম দেশে রমজান উপলক্ষে খাদ্যপণ্যের দাম কমানো বা বিশেষ ছাড় দেওয়ার ব্যবস্থা করা হয়, যাতে মানুষ স্বস্তিতে সঙ্গে ইবাদত করতে পারে। কিন্তু বাংলাদেশের প্রেক্ষাপট ভিন্ন, অসাধু ব্যবসায়ীদের অতিরিক্ত মুনাফার আয়ের প্রবণতা বেড়ে যায়। পবিত্র মাসকে কেন্দ্র করে কৃত্রিম সংকট তৈরি ও অযৌক্তিক মূল্য বৃদ্ধি করে। যদিও সরকার বাজার নিয়ন্ত্রণে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করে, তবুও কার্যকর তদারকি ও কঠোর ব্যবস্থা না থাকায় কাক্সিক্ষত ফল অনেক সময় পাওয়া যায় না। ব্যবসায়ীদের লাভের পাশাপাশি মানবিকতাও ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ হওয়া উচিত। তাই পণ্যের ন্যায্য মূল্য গ্রহণ করা এবং মানুষের কষ্টের বিষয়টি বিবেচনায় রাখা ব্যবসায়ীদের নৈতিক দায়িত্ব। ব্যবসায়ীরা যদি একটু মানবিক হন, তাহলে সমাজের সব শ্রেণির মানুষ স্বস্তির সঙ্গে রোজা পালন করতে পারবে এবং ঈদের আনন্দ সবার ঘরে পৌঁছাবে।\r\nপূর্ব রামপুরা, ঢাকা থেকে
