দেশের বৃহৎ ইউরিয়া প্লান্ট যমুনা সার কারখানা বন্ধ রয়েছে ২২ মাস ধরে। মূলত গ্যাস সংকটের কারণে বন্ধ রয়েছে এর উৎপাদন। এর ফলে সেখানে কর্মরত প্রায় তিন হাজার শ্রমিক-কর্মচারী বেকার হয়ে পড়েছেন। মানবেতর জীবন যাপন করছেন তারা পরিবার-পরিজন নিয়ে। বন্ধ হওয়ার পর থেকে সংশ্লিষ্ট কারখানার বেকার শ্রমিক-কর্মচারীসহ এলাকাবাসী বিভিন্ন সময়ে কারখানা চালুর দাবিতে আন্দোলন-সংগ্রাম করছেন। সর্বশেষ গত ১৬ নভেম্বর গ্যাস সংযোগ দিয়ে দ্রুত চালুর দাবিতে কারখানার অভ্যন্তরে মানবন্ধন, বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেন শ্রমিক-কর্মচারীরা। এ সময়ে কারখানার ব্যবস্থাপনা পরিচালকসহ বিভিন্ন বিভাগের কর্মরত কর্মকর্তারা ন্যায্য দাবির বিষয়ে একাত্মতা প্রকাশ করেন।

\r\nএদিকে যমুনা সার কারখানা বন্ধ থাকায় জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, সিরাজগঞ্জ এবং উত্তরাঞ্চলের দুই বিভাগের ১৬টি জেলাসহ প্রায় ২১ জেলার কৃষক সমাজ বিপাকে পড়েছেন সারের অভাবে। সারের মান ভালো বিধায় দেশের প্রায় সর্বত্র যমুনা সারের চাহিদা বেশি। উল্লেখ্য, দেশে গ্যাস সংকটের কারণে ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানায় উৎপাদন অব্যাহত রাখার স্বার্থে বাংলাদেশ রসায়ন শিল্প সংস্থার সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে গত বছরের ১৫ জানুয়ারি থেকে যমুনা সার কারখানায় গ্যাসের চাপ কমিয়ে দেয় তিতাস গ্যাস কোম্পানি। এরপর থেকে বন্ধ রয়েছে সার কারখানাটি। সর্বশেষ গত ১৫ নভেম্বর থেকে গ্যাস সরবরাহের কথা থাকলেও তা হয়নি। অন্যদিকে দীর্ঘদিন থেকে কারখানা বন্ধ থাকায় প্রতি মাসে রক্ষণাবেক্ষণ খাতে ব্যয় হচ্ছে ১৫ কোটি টাকা।

নষ্ট হচ্ছে মূল্যবান যন্ত্রপাতি ও যন্ত্রাংশ। সেই হিসাবে ২২ মাসে ক্ষতি হয়েছে ৩ হাজার ৩৪৪ কোটি টাকা। বর্তমানে সারকারখানটির উৎপাদন ক্ষমতা বছরে প্রায় ৪২ হাজার টন। এটি বন্ধ থাকায় দেশে দেখা দিয়েছে ইউরিয়া সারের সংকট। ইতোমধ্যে ইউরিয়াসহ সব ধরনের সার আমদানি করে মেটাতে হচ্ছে অভ্যন্তরীণ চাহিদা। অপচয় হচ্ছে মূল্যবান বৈদেশিক মুদ্রা। সে অবস্থায় যত দ্রুত সম্ভব যমুনা সার কারখানায় গ্যাস সরবরাহ নিরবচ্ছিন্ন রেখে ইউরিয়া সার উৎপাদন শুরু করা যায় দেশের জন্য ততই মঙ্গল। \r\nচলতি বোরো ও রবিশস্যের মৌসুমে সারের চাহিদা ছিল ৫৭ লাখ ৪৫ হাজার টন। এর মধ্যে প্রায় ৮০ শতাংশ সার সরকারিভাবে আমদানি করা হচ্ছে। বাকি ২০ শতাংশ সার সরবরাহ করছে দেশীয় কারখানা। সেই হিসাবে সারের সংকট থাকার কথা নয়। তবে বর্তমানে সারের বাজারে তেমন কোনো সুসংবাদ নেই বললেই চলে। ইতোমধ্যে বাজারে প্রায় সব রকম সারের দাম বেড়েছে, কোনো কোনোটি প্রায় দ্বিগুণ। অনেক ক্ষেত্রে ডিলারের কাছে পর্যাপ্ত সারও পাওয়া যায় না বলে কৃষকের অভিযোগ রয়েছে। কৃষকের ভাষ্য, ডিলারদের দোকানে সারের সরকারি মূল্য তালিকা টাঙানো থাকলেও কোথাও এ দামে সার পাওয়া যায় না। অবিলম্বে গ্যাস সংযোগ দিয়ে যমুনা সার কারখানা চালু করা সময়ের অনিবার্য দাবি।