প্রধানমন্ত্রী তারেক রহমান সম্প্রতি কয়েকটি হাসপাতালসহ রাজধানীর বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন। তাঁর পরিদর্শনের পর কেউ কেউ সংবাদ করেছে, প্রধানমন্ত্রীর পরিদর্শনে পাল্টে গেল হাসপাতালের চিত্র। প্রশ্ন হলো– এই পরিবর্তন কতটা টেকসই হবে?

বলার অপেক্ষা রাখে না, প্রধানমন্ত্রীর হাসপাতাল ও বিভিন্ন জায়গা পরিদর্শন ইতিবাচক। তিনি যেভাবে মানুষের কাছাকাছি যাচ্ছেন, পরিস্থিতি সম্পর্কে ধারণা নিচ্ছেন, তার প্রভাব নিশ্চয়ই আছে। তবে এটি সামগ্রিক পরিকল্পনার অংশ হলেই কেবল স্থায়ী পরিবর্তন আসবে। স্বাস্থ্য খাতে কী করবে বিএনপি, তাদের নির্বাচনী ইশতেহারে আগেই বলে দিয়েছে। সেভাবে পরিবর্তনের পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রী কাজ করতে পারেন। সাম্প্রতিক জনস্বাস্থ্য সংকট যে ডেঙ্গু, সে জন্য পরিচ্ছন্নতা অভিযানের ওপরেও প্রধানমন্ত্রী জোর দিয়েছেন।

প্রধানমন্ত্রী যখন কোথাও যান, কেবল একটা বিষয় নিয়ে গেলেই হবে না। এতে তাঁর পরিশ্রম এবং সময়ের সর্বোচ্চ ব্যবহার হয় না। সে জন্য পুরো স্বাস্থ্য সংস্কারের বিষয়গুলো নিয়ে যারা দায়িত্বপ্রাপ্ত আছেন, তারা কতটুকু এগিয়েছেন, সে বিষয়ও দেখা দরকার।

হাসপাতাল তো স্বাস্থ্য ব্যবস্থারই অংশ। প্রধানমন্ত্রী যখন হাসপাতালে যান, ওই এলাকার সিভিল সার্জন এবং স্বাস্থ্য খাতের অন্য দায়িত্বপ্রাপ্তরাও আসেন। তাদের সঙ্গে তিনি হাসপাতালের বাইরেও স্বাস্থ্য খাত নিয়ে কথা বলতে পারেন। একটা চেকলিস্ট নিয়ে যদি তিনি যান– এসব বিষয়ে তিনি কথা বলবেন, তাহলে কিন্তু ওইসব বিষয়ের প্রস্তুতি সম্পন্ন হবে। তবে এসব পরিদর্শনে দায়িত্বশীলদের সহযোগী মনোভাব থাকা দরকার। ডাক্তাররাই রোগীদের সেবা দিচ্ছেন। তাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার দারকার নেই। কাউকে বরখাস্ত করলেও সেটা যেভাবে মিডিয়া হাইলাইট করে, তাতে অন্য ভালো কাজগুলো ঢাকা পড়ে যায়।

অনেক জায়গায় বহু সরকারি কর্মকর্তা-কর্মচারী আছেন, তারা ভুল করতে পারেন। কিন্তু তাদের মিডিয়ার সামনে বা জনসমক্ষে হেয় প্রতিপন্ন করলে কিন্তু সমস্যার সমাধান হবে না। প্রধানমন্ত্রীকে এ বিষয়ে নজর রাখতে হবে, অনাবশ্যকভাবে কোনো কমিউনিটিকে যেন ব্লেম করা না হয়। স্বাস্থ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী যাচ্ছেন, সবাই যেন ভয়ে তটস্থ থাকেন–এটা যেন সাধারণ প্রবণতা না হয়। প্রধানমন্ত্রী যাচ্ছেন, সবাই যেন উৎসাহিত হন– হ্যাঁ, তাদের আমরা সামনে পাব, কাছে পাব। অথবা আমরা যে কাজগুলো করছি, তিনি নিজের চোখে দেখে প্রশংসা করবেন।

আমাদের স্বাস্থ্য খাত কিংবা হাসপাতালের সমস্যার অভাব নেই। চিকিৎসকের সমস্যা, নার্স সংকট, শয্যা সংকট, যন্ত্রপাতির অভাব, অব্যবস্থাপনা– এসব সমাধানে হাত দিতে গেলে পরিকল্পনা করতে হবে। পরিকল্পনার প্রথম ধাপ হতে হবে প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার আধুনিকায়ন। হাসপাতালের বাইরে যেতে হবে। হাসপাতালে সমস্যা আছে, সেটার সমাধান করতে হবে। কিন্তু এত রোগী যে হাসপাতালে আসছে, তাদের ৯০ শতাংশের চিকিৎসার ব্যবস্থা করতে হবে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে।

সবচেয়ে জটিল রোগীরা যাবে মেডিকেল কলেজ হাসপাতালে। মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ে চার গুণ হবে সেকেন্ডারি হাসপাতালে অর্থাৎ জেলা হাসপাতালে। তার থেকেও বেশি ব্যবস্থা থাকবে উপজেলা হাসপাতালে (স্বাস্থ্য কমপ্লেক্স)। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অন্তর্ভুক্ত ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিক। সেখান থেকেই রোগীর চিকিৎসা শুরু হবে। সবচেয়ে বেশি রোগী থাকবে আমাদের কমিউনিটি ক্লিনিক এবং ইউনিয়ন সাব-সেন্টারে। তার চেয়ে একটু কম রোগী আসবে উপজেলা হাসপাতাল ও জেলা হাসপাতালে। একেবারে কম রোগী যাবে মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু আমরা উল্টোভাবে সবকিছু চাপিয়ে দিতে চাচ্ছি মেডিকেল কলেজ হাসপাতালে। সরকারের লোকরা তাই, পাবলিকও তাই। ওই কমিউনিটি ক্লিনিকে নিয়মিত মানুষ সেবা পাচ্ছে কিনা; তার কোনো সমস্যা আছে কিনা; সহযোগিতা লাগবে কিনা; ডাক্তার আছেন কিনা– সেগুলো সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখা দরকার।

প্রাসঙ্গিকভাবে বলি, প্রধানমন্ত্রীর মাতা দেশনেত্রী খালেদা জিয়ার মৃত্যুর পর আমরা কয়েকজন রাজনৈতিক সহকর্মী তাঁকে শোক জ্ঞাপন করতে গিয়েছিলাম। তখনও তিনি তাঁর স্বাস্থ্য পরিকল্পনা নিয়ে বলেছেন, আমাদের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের ওপর জোর দিতে হবে। কারণ বড় বড় হাসপাতাল তৈরি করতেই সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। আমি যদি প্রাথমিক স্বাস্থ্য ব্যবস্থার দিকে যাই, এটা করতে এক বছরের বেশি সময় লাগবে না। তাহলে এটা একটা দৃশ্যমান পরিবর্তন হবে। তিনি তো ইংল্যান্ডে ছিলেন; সেখানকার বাস্তবতা জানেন। তিনি ই-হেলথ কার্ডের কথাও বললেন। ই-হেলথ কার্ডও হতে পারে প্রাথমিক স্বাস্থ্যসেবা প্রদানের ভিত্তি। তবে এখন তারা কী করছে, নিয়মিত বুলেটিন দেওয়া উচিত।

স্বাস্থ্য খাত দেখভাল করা এবং এ বিষয়ে প্রধানমন্ত্রীকে পরামর্শ দেওয়ার জন্য একটা স্বাধীন স্বাস্থ্য কমিশন দরকার, যার প্রধান হবেন প্রধানমন্ত্রী। স্বাস্থ্য কমিশনে স্বাধীন লোকরাও থাকবেন, সরকারি কর্মকর্তারাও থাকবেন। আরেকটা থাকবে এক্সিকিউট কাউন্সিল– স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে। সেখানে সচিব থাকবেন সদস্য সচিব। এটা কিন্তু ২০১১ সালের স্বাস্থ্যনীতিতেই বলা হয়েছিল, যেটা ওই সরকার কিছু করেনি, এর পরের সরকারও করেনি।

যা হোক, প্রধানমন্ত্রী হাসপাতাল পরিদর্শনের সঙ্গে সঙ্গে নির্বাচনী ইশতেহারের সঙ্গে মিলিয়ে স্বাস্থ্য খাতের পরিকল্পনা দেখতে পারেন। কমিউনিটি ক্লিনিকগুলোর বিষয়েও তিনি দায়িত্বপ্রাপ্তদের কাছ থেকে খোঁজ নিতে পারেন ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র কেমন চলছে; কমিউনিটি ক্লিনিকগুলোর অবস্থা কী ইত্যাদি।

আরেকটা বিষয় বলা দরকার। হাসপাতালগুলোকে স্বায়ত্তশাসন দেওয়া দরকার। কী কী কিনতে হবে, তা কেনার স্বাধীনতা তাদের হাতে থাকা দরকার। কিছুদিন আগে স্বাস্থ্যমন্ত্রী ক্যান্সার হাসপাতাল সম্পর্কে বলছিলেন। হাসপাতালগুলোয় ইঞ্জিনিয়ার হোক; যন্ত্রপাতি হোক সব কিছুর জন্যই তাঁকে মন্ত্রণালয়ের দ্বারস্থ হতে হয়। স্বাস্থ্য মন্ত্রণালয়কে লিখবে হাসপাতাল কর্তৃপক্ষ। তারপর স্বাস্থ্য মন্ত্রণালয় লিখবে অর্থ মন্ত্রণালয়কে। এভাবে সময় চলে যায়। তার চেয়ে হাসপাতালগুলোর কিছু স্বাধীনতা থাকলে আমলাতান্ত্রিক জটিলতায় তাদের পড়তে হবে না। মানুষের স্বাস্থ্য নিশ্চিতে স্বাস্থ্য খাতে পরিবর্তন জরুরি। প্রধানমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে সেখানে সাময়িক পরিবর্তন আসতে পারে। কিন্তু আমাদের টেকসই পরিবর্তন চাই। আমাদের দায়িত্বশীলদের পরিদর্শন ও তদারকিগুলো যেন বসিং না হয়ে ‘সাপোর্টিভ সুপারভিশন’ হয়, সেদিকে লক্ষ্য রাখতে হবে। ডাক্তার শ্রেণিকে আস্থায় রেখেই স্বাস্থ্যব্যবস্থা পরিবর্তনের চিন্তা করতে হবে।

ডা. মুশতাক হোসেন: রোগতত্ত্ববিদ; সাবেক প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)