বাংলাদেশের শহরগুলোর, বিশেষত রাজধানী ঢাকার যানজট, বর্তমানে এক অসহনীয় জাতীয় সংকটে রূপ নিয়েছে। বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ শহরগুলোর মধ্যে অন্যতম হওয়ায় এখানকার যানজট কেবল জীবনযাত্রার গতিই কমিয়ে দিচ্ছে না, এটি দেশের অর্থনীতিতে এক নীরব রক্তক্ষরণের সৃষ্টি করছে। সেন্টার ফর পলিসি ডায়ালগ (CPD) বা বিশ্বব্যাংকের মতো সংস্থাগুলোর রিপোর্ট অনুযায়ী, ঘণ্টার পর ঘণ্টা পথে আটকে থাকা লক্ষ লক্ষ মানুষের মূল্যবান সময়, বিপুল পরিমাণ জ্বালানি এবং কর্মঘণ্টা নষ্ট হচ্ছে প্রতিদিন। যার অর্থনৈতিক মূল্য বছরে হাজার হাজার কোটি টাকা, যা জাতীয় উৎপাদনশীলতাকে সরাসরি আঘাত করে। এই নীরব ঘাতক এখন কেবল পরিবহন সমস্যা নয়, এটি স্বাস্থ্য, অর্থনীতি এবং সামাজিক স্থিতিশীলতার জন্য এক মারাত্মক হুমকি।

তীব্র যানজটের পেছনে একক কোনো কারণ দায়ী নয়, বরং একাধিক কাঠামোগত দুর্বলতা ও অব্যবস্থাপনার ফল। প্রধান কারণ হিসেবে রয়েছে অপরিকল্পিত নগরায়ন ও দুর্বল ট্রাফিক ডিজাইন। যেখানে শহরগুলো দ্রুত প্রসারিত হলেও সে অনুযায়ী রাস্তার প্রশস্ততা বাড়েনি এবং প্রধান সড়কগুলো পর্যাপ্ত সংযোগ সড়ক (Link Roads) দ্বারা যুক্ত না হওয়ায় ট্রাফিক প্রবাহ ব্যাহত হয়। বিদ্যমান গুরুত্বপূর্ণ মোড়গুলো  (Intersections) এখনো পুরনো ধাঁচের ট্রাফিক সংকেত ও ডিজাইনে পরিচালিত হয়, যেখানে আধুনিক স্মার্ট ট্রাফিক ম্যানেজমেন্ট ব্যবস্থার চরম অভাব রয়েছে। পাশাপাশি, গণপরিবহনের সংকট ও ব্যক্তিগত গাড়ির সীমাহীন আধিক্য পরিস্থিতিকে আরও জটিল করেছে।

কারণ স্বল্পসংখ্যক ও মানহীন গণপরিবহনের কারণে সাধারণ মানুষ ব্যক্তিগত গাড়ি, মোটরসাইকেল বা রাইড-শেয়ারিংয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। একটি বাসের চেয়ে একটি ব্যক্তিগত গাড়ি রাস্তায় অনেক কম সংখ্যক মানুষ পরিবহন করে, কিন্তু রাস্তায় অনেক বেশি জায়গা দখল করে। ফলে ব্যক্তিগত গাড়ির সংখ্যা জ্যামিতিক হারে বাড়ায় তীব্র হচ্ছে যানজট। যানজটের আরেকটি অন্যতম কারণ হলো ফুটপাত দখল ও অবৈধ পার্কিং, যেখানে নগরের অধিকাংশ ফুটপাত হকার, অবৈধ স্থাপনা বা নির্মাণ সামগ্রী দ্বারা দখল হয়ে থাকে। ফলে পথচারীরা বাধ্য হয়ে মূল সড়কে নেমে আসে, যা যান চলাচলে বাধা সৃষ্টি করে। একইসঙ্গে বাণিজ্যিক এলাকাগুলোতে বা আবাসিক এলাকায় যত্রতত্র অবৈধ পার্কিংয়ের কারণে রাস্তার একটি বড় অংশ স্থায়ীভাবে যানজটের কেন্দ্র হয়ে ওঠে।

উপরন্তু, ট্রাফিক আইন অমান্য ও অব্যবস্থাপনা এই সংকটকে আরও উসকে দিচ্ছে, যেখানে অনেক চালকই ভুল দিক দিয়ে গাড়ি চালানো, যেখানে সেখানে যাত্রী ওঠানামা করানো এবং সিগন্যাল না মানার মতো কাজ করে এবং ট্রাফিক পুলিশের অপর্যাপ্ততা পুরোনো ট্রাফিক ব্যবস্থাপনার কারণে যানজট নিরসনের প্রক্রিয়া ধীর হয়ে যায়। \r\nঅর্থনৈতিক ক্ষতির পাশাপাশি, যানজট মানুষের জনস্বাস্থ্য ও সামাজিক জীবনেও নেতিবাচক প্রভাব ফেলছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকার কারণে মানুষ তীব্র মানসিক চাপ, বিরক্তি এবং হতাশার শিকার হয়। যার ফলে উচ্চ রক্তচাপ, হার্ট অ্যাটাক এবং অন্যান্য মানসিক সমস্যার ঝুঁকি বাড়ে। যানজটে থেমে থাকা গাড়ির ধোঁয়া নিঃশ্বাসের মাধ্যমে শরীরে প্রবেশ করে শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদি রোগ এবং ফুসফুসের সংক্রমণ বাড়াচ্ছে।

অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস বা পুলিশ ভ্যানের মতো জরুরি পরিষেবাগুলো সময়মতো গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হওয়ায় জীবন-মৃত্যুর পার্থক্য গড়ে দিতে পারে। \r\nএই গভীর সংকট নিরসনে দ্রুত, সমন্বিত ও টেকসই সমাধান গ্রহণ করা অপরিহার্য; যার মধ্যে অন্যতম হলো ব্যক্তিগত গাড়ির ব্যবহার নিরুৎসাহিত করে আধুনিক, আরামদায়ক ও নিরাপদ গণপরিবহন ব্যবস্থাকে অগ্রাধিকার দেওয়া এবং দ্রুতগতির বাস র‌্যাপিড ট্রানজিট (BRT) রুট ও মেট্রোরেলের মতো মেগা প্রকল্পগুলোকে দ্রুত শেষ করে কার্যকর করা। এছাড়া, পুরনো ট্রাফিক সংকেত ব্যবস্থা বাতিল করে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) নির্ভর ‘স্মার্ট ট্রাফিক কন্ট্রোল সিস্টেম’ চালু করতে হবে, যা রিয়েল-টাইম তথ্যের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে সিগন্যালের সময় নিয়ন্ত্রণ করবে। ফুটপাতগুলোকে অবৈধ দখলদারমুক্ত করে পথচারীবান্ধব করা এবং বহুতল পার্কিং লট নির্মাণ করে কঠোরভাবে ‘নো-পার্কিং’ আইন প্রয়োগ করাও জরুরি। পাশাপাশি, স্কুল-কলেজ এবং সরকারি-বেসরকারি অফিসগুলোর শুরুর ও শেষের সময় বিভিন্ন ধাপে ভাগ করে নমনীয় কর্মঘণ্টা (Flexible Working Hours) নিশ্চিত করতে হবে। জলপথ ও রেলপথের নেটওয়ার্ককে যাত্রী ও পণ্য পরিবহনের জন্য আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, যাতে রাস্তার ওপর চাপ কমে। সর্বোপরি, প্রশাসনিক, বাণিজ্যিক এবং শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে প্রধান শহর থেকে বিকেন্দ্রীকরণ করে ঢাকার ওপর জন ও গাড়ির চাপ কমানো গেলে তবেই এই তীব্র যানজট থেকে মুক্তি পাওয়া সম্ভব।