সমসাময়িক সময়ে দেশের সড়কগুলো শিশুদের জন্য নিরাপদ নয়, বরং ঝুঁকিপূর্ণ ও ভয়ঙ্কর জায়গা হয়ে উঠেছে। প্রতিদিনই শিশুদের সঙ্গে সংশ্লিষ্ট সড়ক দুর্ঘটনার খবর আসে, যেখানে অনেক শিশু আহত বা প্রাণ হারাচ্ছেন। গত এক বছরে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ৭ হাজার ৩৫৯ জন, যার প্রায় ১৪ শতাংশ শিশু। এই সংখ্যা কেবল হিসাব নয়; এর পেছনে রয়েছে অসংখ্য ভাঙা পরিবার, থেমে যাওয়া পড়াশোনা এবং হারিয়ে যাওয়া শিশুর স্বপ্ন। শহর থেকে গ্রাম সব জায়গায় শিশুরা পথচারী, সাইকেল বা রিকশা ব্যবহার করে যাত্রা করার সময় আতঙ্কের মধ্যে থাকে। দুর্ঘটনার মূল কারণ হলো চালকদের দায়িত্বহীন চালনাপ্রবণতা এবং ট্রাফিক আইন অমান্য। অতিরিক্ত গতি, অনিয়ন্ত্রিত ওভারটেকিং, সিগন্যাল অমান্য এবং উল্টো পথে চলাচল এখন শিশুদের জন্যও নিত্যদিনের ঝুঁকি।
বিশেষ করে ব্যাটারিচালিত রিকশা, মোটরবাইক, ট্রাক ও বাস-মিনিবাসের ঝুঁকিপূর্ণ চলাচল শিশুর নিরাপত্তাকে আরও হুমকির মধ্যে ফেলে। এর সঙ্গে যুক্ত হয়েছে ফিটনেসবিহীন যানবাহন, যা নিয়মিত পরীক্ষা ছাড়াই সড়কে চলছে। অনেক চালকেরই নেই বৈধ লাইসেন্স বা প্রয়োজনীয় প্রশিক্ষণ, ফলে তারা সড়কের নিয়ম-কানুন ও ঝুঁকিপূর্ণ পরিস্থিতি ঠিকভাবে বুঝতে পারে না। দুর্ঘটনার পর জরুরি চিকিৎসা ও প্রাথমিক সেবা অনেক ক্ষেত্রে শিশুর জন্য যথাযথভাবে পাওয়া যায় না, যার ফলে বাঁচানো সম্ভব প্রাণও ঝরে যায়। শুধু চালকদের অসচেতনতা নয়; অপর্যাপ্ত ও অদক্ষ ব্যবস্থাপনা, পর্যাপ্ত নজরদারির অভাব এবং আইন প্রয়োগে শৈথিল্যও সমস্যার মূল। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে হলে সড়ক আইনের কঠোর ও নিরপেক্ষ প্রয়োগ, চালক প্রশিক্ষণ ও লাইসেন্স প্রদানের স্বচ্ছ প্রক্রিয়া, ফিটনেসবিহীন যানবাহন সরানো এবং দুর্ঘটনাপ্রবণ এলাকায় বিশেষ নজরদারি জরুরি। একইসঙ্গে শিশুদের জন্য নিরাপদ ফুটপাত, স্কুলের চারপাশে স্পিড নিয়ন্ত্রণ এবং জেব্রা ক্রসিং নিশ্চিত করতে হবে। তবে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়। শিশুরা সড়ক ব্যবহারকারীর অংশ হিসেবে সচেতন হতে শিখলেও, নিয়ম মেনে চলা, দায়িত্বশীল আচরণ এবং সচেতনতা গড়ে তুললেই শিশুরা নিরাপদ থাকতে পারবে এবং সড়কে মৃত্যুমিছিল কমানো সম্ভব।\r\nইডেন মহিলা কলেজ, ঢাকা থেকে
