দক্ষিণ এশিয়ার কয়েকটা দেশ এত পানিসম্পদের মালিক হয়েও তীব্র পানি সংকটের মুখে আজ। বিভিন্ন গবেষণায় দেখা যায় যে ভারতের ৩২টি শহরের মধ্যে ২২টি প্রতিদিন পানির ঘাটতির মুখোমুখি হয়। দক্ষিণ এশিয়ার প্রধান রাজধানী শহরগুলো—ঢাকা, দিল্লি, ইসলামাবাদ, কাবুল ও কাঠমান্ডু—ভূগর্ভস্থ পানি সংকটে ভুগছে, কারণ পানির স্তর উদ্বেগজনক হারে নেমে যাচ্ছে। নেপালের রাজধানী কাঠমান্ডুতে অনেক স্থানীয় বাসিন্দা নগরীর প্রাচীন পাথরের জলাশয় থেকে পানীয় জল পাওয়ার জন্য কয়েক ঘণ্টার জন্য সারিবদ্ধ অপেক্ষা করতে অভ্যস্ত হয়ে পড়েছেন। পাকিস্তানের করাচিতে বিদ্যুৎ ও পানি সংকট অশান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। শুকনো মৌসুমে ঢাকা শহরের পানি সংকট একটা সাধারণ ব্যাপার। ইসলামাবাদে ২০১২ সালে ভূ-উপরিস্থ পানির স্তর থেকে ভূগর্ভস্থ পানির স্তর ছিল ৫ ফুট, যা ২০১৬ সালে নেমে আসে ৩০ ফুটে। ভারতের সুপ্রিম কোর্ট দিল্লির ভূগর্ভস্থ পানির অত্যধিক আহরণ এবং উদ্ভূত পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং কর্তৃপক্ষকে এ অবস্থা নিরসনে কর্মপরিকল্পনা উপস্থাপনা করতে বলেছেন। অন্যদিকে কাবুলে অতিরিক্ত পাম্পিংয়ের ফলে হাজার হাজার নলকূপ শুকিয়ে গেছে এবং পানির স্তর প্রতি বছর ১ দশমিক ৫ মিটার নিচে নেমে যাচ্ছে। ঢাকা, দিল্লি, ইসলামাবাদ, কাবুল কিংবা কাঠমান্ডু, দক্ষিণ এশিয়ার প্রতিটি রাজধানী শহরেই পানির স্তর নিচে নেমে যাওয়ার ঘটনা ঘটছে এবং একই সঙ্গে ভূগর্ভস্থ পানির ওপর চাপ বেড়েই চলছে।

ঢাকার অবস্থা দিন দিন ভয়াবহ রূপ নিচ্ছে। বাংলাদেশের রাজধানী এ শহরে জনসংখ্যা বেড়ে চলছে দ্রুত হারে এবং একই সঙ্গে বাড়ছে পানির চাহিদা। এ চাহিদা পূরণ করতে ভূগর্ভস্থ পানিকে ব্যবহার করা হচ্ছে যথেচ্ছভাবে। বর্তমানে ঢাকার ৭৮ শতাংশ পানি আহরণ করা হয় ভূগর্ভস্থ উৎস থেকে। ঢাকার ভূগর্ভস্থ পানির স্তর গড়ে মাঝে মাঝে এক মিটার বা কখনো ৩০-৪০ সেন্টিমিটার হারে ধীরে ধীরে হ্রাস পাচ্ছে। শহরটিতে অধিক জনসংখ্যার আবাসন চাহিদা মেটাতে নির্মাণ করা হচ্ছে বহুতল ভবন এবং টাওয়ার, আর সেগুলোয় ব্যবহার করা উচ্চ ক্ষমতাসম্পন্ন পাম্পগুলো ভূগর্ভস্থ পানি টেনে আনছে এবং পানির স্তরকে দ্রুত নিচে নামিয়ে দিচ্ছে। বর্তমানে এ শহরের অগভীর নলকূপে (৫০-৭০ ফুট) কোনো পানি পাওয়া যাচ্ছে না। তাই গভীর কূপ খনন করে পানি উত্তোলন করা হচ্ছে, যার গভীরতা ৬০০-৮০০ ফুট পর্যন্ত। একসময় ঢাকার পানির চাহিদার অনেকটা মেটানো হতো আশপাশের নদীর পানি পরিশোধন করে। এখন বুড়িগঙ্গা কিংবা শীতলক্ষ্যার পানি পরিশোধন অযোগ্য হয়ে পড়ছে। বিভিন্ন শিল্প-কারখানার অপরিশোধিত বর্জ্যে মারাত্মকভাবে দূষিত এসব নদীর পানি। ঢাকার সায়েদাবাদে অবস্থিত পানি পরিশোধনাগারটি এখন পানির উৎস সমস্যায় ভুগছে।

২০১৯ সালে বিশ্ব পানি দিবস উপলক্ষে প্রকাশিত জাতিসংঘের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বের ৭৮ কোটি ৩০ লাখ মানুষ নিরাপদ পানি থেকে বঞ্চিত। জলজ সম্পদের দুর্বল ব্যবস্থাপনা, খরা, অপরিমিত বৃষ্টিপাত এবং জলবায়ুর পরিবর্তন পানি সমস্যাকে আরো প্রকট করে তুলছে। অন্যদিকে ইউনিসেফের এক জরিপ বলছে, পাকিস্তানে ১ কোটি ৬০ লাখ মানুষ সুপেয় পানির অধিকার থেকে বঞ্চিত এবং বাংলাদেশে প্রায় ২ কোটি ৬০ লাখ মানুষ পানি সংকটের মধ্যে জীবনযাপন করে।

মূলত এশিয়ার দেশগুলোয় পানির সমস্যা প্রকট। এশিয়া মহাদেশে পৃথিবীর প্রায় অর্ধেক লোকের বাস, অথচ বছরে জনপ্রতি মিঠাপানির প্রাপ্যতা (৩ হাজার ৯২০ ঘনমিটার) অ্যান্টার্কটিকা বাদে বিশ্বের যেকোনো মহাদেশের তুলনায় কম। আমরা যদি পরিসংখ্যান দেখি তাহলে দেখা যায়, দক্ষিণ এশিয়ায় বিশ্বের প্রায় ২১ শতাংশ লোক বাস করে। এদের মাত্র পৃথিবীর ৮ শতাংশের ব্যবহারযোগ্য পানি ব্যবহারের সুযোগ আছে। ধারণা করা হয়, ১৯৫০ সাল থেকে পানির মাথাপিছু প্রাপ্যতা দিনদিন কমে ৮০ থেকে ৮ শতাংশে এসে পৌঁছেছে।

একদিকে যেমন পানির চাহিদা বাড়ছে, ঠিক তেমনি কমে যাচ্ছে ব্যবহারোপযোগী পানির উৎস। এর সঙ্গে যোগ হয়েছে পানি ব্যবহারে অব্যবস্থাপনা এবং নদীগুলোতে বাঁধ দিয়ে পানির গতিপথ রোধ। এ কারণে কোথাও কোথাও শুকিয়ে যাচ্ছে অনেক নদী, হারাচ্ছে তার ধারা। মূলত, ভূ-উপরিভাগের পানি দ্বারা পরিচালিত হয় ভূগর্ভস্থ পানির স্তর। নদী-নালা, খাল-বিলে পর্যাপ্ত পানি না থাকলে ভূগর্ভস্থ পানির স্তর নিচে নামতে থাকে। যখন নলকূপের মাধ্যমে ভূগর্ভস্থ পানি ওঠানোর মাত্রা বেড়ে যায় তখন এ স্তর আরো দ্রুত নিচে নামতে থাকে। দক্ষিণ এশিয়ার নদীগুলো দিন দিন যে হারে শুকিয়ে যাচ্ছে তাতে করে ভূ-উপরিস্থর সঙ্গে ভূগর্ভস্থ পানির সমস্যা আরো প্রকট হচ্ছে। চীন, ভারত কিংবা পাকিস্তানে যেমন প্রতিবেশী দেশের সঙ্গে পানি নিয়ে বিরোধ বিদ্যমান, তেমনি রয়েছে আন্তঃপ্রদেশ বিরোধ। নদীর পানির হিস্যা নিয়ে পাকিস্তান-ভারত, বাংলাদেশ-ভারত, চীন-ভারত দ্বন্দ্ব প্রায়ই চরম উৎকণ্ঠার জন্ম দিচ্ছে।

গঙ্গা, সিন্ধু, যমুনা ও ব্রহ্মপুত্রের মতো আন্তঃসীমান্ত নদীগুলো বহু শতাব্দী ধরে দক্ষিণ এশিয়ার ভূগোল, ইতিহাস এবং সংস্কৃতিকে প্রতিনিধিত্ব করে আসছে এবং এ অঞ্চলের অর্থনৈতিক প্রবৃদ্ধি, খাদ্য ও জ্বালানি-সুরক্ষা এবং টেকসই উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু নদীগুলোর পানির প্রাপ্যতা নিয়ে কোন্দল লেগেই আছে। ভারতের দিল্লি, হরিয়ানা, হিমাচল প্রদেশ, পাঞ্জাব ও রাজস্থানের অধিবাসীরা সুতলেজ ও যমুনা নদী এবং তার শাখা-প্রশাখার পানির ওপর নির্ভরশীল। পানির ভাগাভাগি নিয়ে এসব রাজ্যের মধ্যে লেগে আছে বিরোধ। সবাই চায় পানিকে নিজের কবলে রাখতে এবং এটি করতে গিয়ে নদীর গতি বিঘ্নিত হচ্ছে এবং কোনো কোনো ক্ষেত্রে হারিয়ে যাচ্ছে শাখা নদীগুলো। পানি নিয়ে বিরোধ চলছে ভারতের মধ্যপ্রদেশ ও বিহারের মধ্যে এবং এর সঙ্গে যোগ হয়েছে উত্তর প্রদেশের বেত্রা নদীর রাজঘাটে বাঁধ নির্মাণ বিতর্ক। ভারতের প্রতিবেশী দেশ পাকিস্তানের প্রদেশগুলোর মধ্যেও চলছে পানি নিয়ে কাড়াকাড়ি ও বিরোধ। পাকিস্তানের কালাবাগ বাঁধ যা পাঞ্জাবের জন্য কল্যাণকর হতে পারে, কিন্তু খাইবার পাখতুনখোয়া এবং সিন্ধু প্রদেশ মনে করে এ বাঁধ তাদের পানির অধিকার থেকে বঞ্চিত করবে। দক্ষিণ এশিয়ার দুটি বড় দেশ ভারত ও পাকিস্তান যখন পানি নিয়ে নিজ দেশের মধ্যেই এত বিরোধে জর্জড়িত সেখানে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে জমে থাকা বিরোধ মেটানো অনেক কঠিন বলে মনে হয়।

বাংলাদেশের সঙ্গে পানির হিস্যা নিয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের মনোমালিন্য প্রকট আকার ধারণ করে যখন ভারত ফারাক্কা বাঁধ দিয়ে গঙ্গার পানি একতরফাভাবে প্রত্যাহার শুরু করে। বাংলাদেশের জনগণ প্রতিবেশী দেশের এমন আচরণে হতাশ হয়, বাড়ে অবিশ্বাস এবং এর প্রতিবাদে তখন ফারাক্কা অভিমুখে লংমার্চ আয়োজিত হয়। বর্তমানে তিস্তা চুক্তি সম্পাদনের বিষয়ে বারবার পদক্ষেপের কথা এলেও বিষয়টিতে ভারতের আন্তরিকতার অভাব রয়েছে বলে মনে করে বাংলাদেশের জনগণ। উজানে অবস্থিত আফগানিস্তান ও নেপাল ভাটিতে ক্ষমতাধর দেশগুলোকে জলাধারের জন্য অবকাঠামো নির্মাণে অন্তরায় বলে মনে করে। পানি বিরোধে জড়ানো দেশগুলোর জনগণও একে অন্যের ওপর বিশ্বাস হারিয়ে ফেলে। তেমনটাই দেখা যায় পাকিস্তান ও আফগানিস্তানের ক্ষেত্রে। আফগানিস্তানের জনগণ মনে করে তাদের দেশে ‘পানিযুদ্ধ’ চলমান, অন্যদিকে পাকিস্তানের জনগণ চায় আফগানিস্তানের সঙ্গে পানি সমস্যার এখনই একটা সুরাহা।

এভাবে পানি নিয়ে শুধু কাড়াকাড়ি চলতে থাকলে এবং সমস্যা সমাধানে কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ না করলে সংকট আরো বাড়বে এবং দিন দিন হারিয়ে যাবে পানির উৎসগুলো। তাহলে করণীয় কী? যেহেতু পানির সমস্যাটা অন্তঃ ও আন্তঃরাষ্ট্রীয়, তাই সমাধান খুঁজতে হবে ভেতর এবং বাহির দুদিক থেকেই। এক্ষেত্রে রাষ্ট্রগুলোকে সমাধান কিংবা প্রতিরোধমূলক কূটনীতি জোরদার করতে হবে। এক রাষ্ট্র অন্য রাষ্ট্রকে জলাধার সৃষ্টির মাধ্যমে পানি সংরক্ষণে সহায়তা করতে পারে। অর্থনৈতিকভাবে সক্ষম রাষ্ট্র যদি সংক্ষুব্ধ রাষ্ট্রকে পানিসম্পদ ব্যবস্থাপনায় অবকাঠামোগত সহায়তা প্রদান করে, সেক্ষেত্রে যেমন পানির টেকসই ব্যবহার সম্ভব তেমনি সংঘাত কিংবা সহিংসতাও কমে যায়।

পাশাপাশি পানিকে রাষ্ট্রের সুরক্ষা নীতি পরিকল্পনায় অন্তর্ভুক্ত করা উচিত বলেও অনেক বিশেষজ্ঞ মনে করেন। সেক্ষেত্রে প্রতিরক্ষার সঙ্গে জড়িত সংস্থাগুলো জলাধার নির্মাণ ও সংরক্ষণে যেমন কাজ করতে পারে, তেমনি পানি নিয়ে সংঘাত বন্ধেও ভূমিকা রাখতে পারে। আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পানি নিয়ে আন্তঃসীমান্ত বিরোধ মেটানোর ক্ষেত্রে বিভিন্ন অঞ্চলে বিদ্যমান সংস্থা বা জোট কাজ করতে পারে। অন্যদিকে পানির টেকসই ব্যবস্থাপনা হতে পারে সংকট সমাধানের আরেকটি কার্যকর পদক্ষেপ। পানি ব্যবস্থাপনার জন্য প্রযুক্তিগত উন্নয়ন, অবকাঠামো তৈরি এবং এ-সম্পর্কিত গবেষণায় বরাদ্দ বাড়াতে হবে, যাতে সীমিত সম্পদের সঠিক ব্যবহারের মাধ্যমে সবার চাহিদা পূরণের পাশাপাশি পানির অপচয় রোধ এবং এর উৎসগুলোকে সংরক্ষণ করা যায়। এছাড়া পানির যথাযথ ব্যবহারের জন্য প্রয়োজন জাতীয় কিংবা আঞ্চলিক পরিসরে যথাযথ নীতিমালা ও কৌশল প্রণয়ন এবং এজন্য দরকার সংলাপ আয়োজন।

২০১২ সাল-পরবর্তী অত্যাসন্ন পানি সমস্যার প্রেক্ষাপটে যে জলবায়ু চুক্তি হয়, তা বাস্তবায়নের মাধ্যমেও পানি সংকটের কিছুটা সুরাহা সম্ভব। বিশ্ব উষ্ণায়নের নির্দোষ শিকার দক্ষিণ এশিয়া। বিশ্বব্যাপী তাপমাত্রা বাড়ার কারণেও দিন দিন বাড়ছে পানি সংকট। চুক্তি অনুযায়ী দেশগুলো যদি গ্রিনহাউজ গ্যাস নিঃসরণ হ্রাস করা শুরু করে তাহলে পানিকে ঘিরে চলমান ও আসন্ন বিপদ থেকে কিছুটা রেহাই পাওয়া যেতে পারে।

সমস্যা সমাধানের প্রেসক্রিপশন অনেকভাবেই হতে পারে, তবে সবচেয়ে বেশি দরকার সরকার ও জনগণের সদিচ্ছা। উজানে পানির উৎসে বসে থাকা রাষ্ট্রের তৃপ্তির ঢেঁকুর তোলার কোনো সুযোগ নেই যে সে খুব নিরাপদে আছে। পানির অভাবে পরিবেশ-প্রতিবেশে সাধিত ক্ষতির প্রভাব কোনো নির্দিষ্ট দেশ কিংবা অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না, এটি ছড়িয়ে পড়বে উজান ও ভাটির সর্বত্র।

ড. এএসএম সাইফুল্লাহ : অধ্যাপক, এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগ, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়