প্রাবন্ধিক ও শিক্ষাবিদ বেগম আকতার কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক অধ্যাপক ও কলা অনুষদের সাবেক ডিন। বর্তমানে বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবে শিক্ষকতা করেন। প্রবন্ধ ও গবেষণায় তিনি ২০২০ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার অর্জন করেছেন। তাঁর রচিত ও সম্পাদিত গ্রন্থের মধ্যে রয়েছে বিষ্ণু দে-র কবিস্বভাব ও কাব্যরূপ, মহাবিদ্রোহের আখ্যানতত্ত্ব ও কথাশিল্প, বিশ্বযুদ্ধ জীবন ও কথাশিল্প, বিশ শতকের প্রতীচ্য সাহিত্য ও সমালোচনাতত্ত্ব। সমকালের পক্ষে তাঁর সাক্ষাৎকার নিয়েছেন সহকারী সম্পাদক সাদিয়া মাহ্জাবীন ইমাম ।

সমকাল: জুলাই গণঅভ্যুত্থানের পর সবচেয়ে বেশি হামলা হয়েছে মুক্তিযুদ্ধের স্মারক ও ভাস্কর্যগুলোতে। মুক্তিযুদ্ধের প্রসঙ্গও আগের মতো উচ্চারিত হচ্ছে না। এমন পরিস্থিতি কেন হলো?

বেগম আকতার কামাল : ইতিহাসকে সচেতনভাবে ধারণ করার জন্য যে শিক্ষা, পরিকল্পনা এবং জাতিগতভাবে উদ্যোগ নেওয়ার দরকার ছিল তা আমরা নিতে পারিনি। অভিন্ন একটি কাঠামোর মধ্যে আনা প্রয়োজন ছিল মুক্তিযুদ্ধের ইতিহাসকে। দ্বিতীয় কারণ, যারা মুক্তিযুদ্ধের সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন তারা প্রায় দ্বিধাবিভক্ত। তারা নিজেদের কৃতিত্ব জাহিরের চেষ্টা বেশি করেছেন, যেটা ক্ষতি করেছে। সারাদেশে মুক্তিযুদ্ধের ভাস্কর্যগুলো ভাঙার পেছনে ধর্মান্ধ কিছু মানুষের আক্রোশ কাজ করেছে বলে মনে করি। যদিও ইরাক-ইরানসহ অন্যান্য মুসলিম দেশেও ভাস্কর্য আছে। কিন্তু সভ্যতার ইতিহাস তারা জানে না। তাদের ধর্মীয় বোধ গড়ে উঠেছে হুজুরদের ওয়াজের ওপর নির্ভর করে। সত্যিকারের আলেম যারা তাদের সঙ্গে জনগণের সম্পর্কটা গড়ে উঠছে না।

সমকাল : বুদ্ধিবৃত্তিক সংকট কোথায় ছিল?

বেগম আকতার কামাল: শিক্ষাব্যবস্থাতেই প্রথম দুর্বলতা। মাদ্রাসা, বাংলা, ইংরেজি– এই তিন ধরনের শিক্ষাব্যবস্থায় তিন ধরনের জ্ঞান, মানসিকতা ও সংস্কৃতি তৈরি হচ্ছে। এই ভিন্ন মানসিকতা নিয়ে তারা সবাই আসছে বিশ্ববিদ্যালয়ে। তাদের এক পতাকাতলে আনতে বিশ্ববিদ্যালয়ে একটা ‘ভ্যানগার্ড’ থাকা প্রয়োজন ছিল। যে যেখান থেকেই যে বিশ্বাস নিয়ে আসুক; যখন সে বিশ্ববিদ্যালয় জীবনে প্রবেশ করবে তখন দেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ বিষয়ে সব শিক্ষার্থীকে এক ইতিহাস চেতনা ও বিশ্বাসে অন্তর্ভুক্তির চেষ্টা করা দরকার ছিল। বিশ্ববিদ্যালয় জীবনে কেউ কুড়িগ্রাম থেকে আসে, কেউ আসে পার্বত্যাঞ্চল থেকে। তাদের প্রত্যেকের ভিন্ন ভিন্ন বোধ থাকে। যদি তার সেই দেখা ও বোঝাকে আমরা পরিশ্রুত না করতে পারি তাহলে তারা বিভ্রান্তির শিকার হয়। এখন আমরা এরই ফলাফল লক্ষ্য করছি। আরেকটি বিষয়, আমরা জাতি হয়ে ওঠার চেষ্টা করছি সেই ১৯৪৭ সাল থেকে। কিন্তু ইতিহাস ভালোভাবে পাঠ করিনি। ইতিহাসের একটা অচেতন শক্তি রয়েছে, যেটা আমরা ধরতে পারছি না। এই বৃহৎ জনগোষ্ঠীকে অচেতন অবস্থা থেকে সচেতন করতে যে ধরনের কার্যক্রম রাষ্ট্রীয় সংঘ এবং সাংস্কৃতিক ভূমিকার দরকার ছিল সেই ভূমিকা আমরা পালন করতে পারিনি। অর্থনৈতিক সংকট, রাষ্ট্রীয় নানা ধরনের ক্ষমতার আধিপত্য, একনায়কতন্ত্র এসেছে এ দেশে। দরিদ্রতা আরেকটি কারণ। এভাবে জাতি হিসেবে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি। দারিদ্র্য মানুষকে হীনম্মন্য করে তোলে। সে মাথা উঁচু করে আত্মসম্মানের সঙ্গে টিকে থাকতে পারে না। অর্থনৈতিক দিক থেকেও আমরা বিদেশি সাহায্যনির্ভর। খেয়াল করবেন, ব্যক্তিগতভাবেও আমাদের মানসিকতা আত্মশক্তিতে নির্ভরশীল নয়।

সমকাল: বিপুলসংখ্যক মানুষের কণ্ঠস্বর কি দীর্ঘদিন ধরে অস্বীকার করা হয়েছে?

বেগম আকতার কামাল : বারবার অর্থনীতির দিকেই যেতে হয়। অল্প আয়ের মানুষ হঠাৎ চাকচিক্যময় ঢাকা শহরের উন্নতি, বিভিন্ন প্রকল্প দেখে নিজেদের খুঁজে পায় অবদমিত, বঞ্চিত হিসেবে। তারা মনে করেছে, তারা যেন এই রাষ্ট্রের অংশী না। এই রাষ্ট্র কীসের ভিত্তিতে হয়েছে? মুক্তিযুদ্ধের ভিত্তিতে। কিন্তু অনেকে মুক্তিযুদ্ধকে শুধু একটা স্মৃতি হিসেবে গ্রহণ করে। এভাবে তারা বিচ্ছিন্নতা অনুভব করে। তখন দেশের বিভিন্ন স্মারক তাদের কাছে স্মারক না হয়ে বরং নিজেদের বঞ্চিত করা হয়েছে– এমন বোধের প্রতীক হয়ে যায় এবং সেই প্রতীকের মধ্যে তারা ক্ষমতার ঔদ্ধত্য দেখে। তারা তখন সেই প্রতীকে হামলা চালায়। এই বিচ্ছিন্নতার কারণ হলো সেই অচেতন ইতিহাসের বিস্ফোরণ। পুঁজিবাদের সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের এই বিচ্ছিন্নতা। দেখুন, এরই মধ্যে পৃথিবী কিন্তু জাতীয়তাবাদ থেকে অনেকখানি সরে এসেছে। দেশে দেশে জাতীয়তাবাদ এখন পদদলিত। পুঁজিবাদ যখনই দেখছে জাতীয়তাবাদ তার বিকাশের অন্তরায়, তখনই তারা জাতীয়তাবাদকে পর্যুদস্ত করতে শুরু করে। যে দেশেই জাতীয়তাবাদ মাথাচাড়া দিচ্ছে সেখানেই পুঁজিবাদ আক্রমণ করছে।

সমকাল : শুরুতে ভ্যানগার্ডের কথা বলছিলেন। একটা ধারায় কি আনা আদৌ সম্ভব?

বেগম আকতার কামাল : কেন সম্ভব না? বিশ্ববিদ্যালয়গুলোকে কেন বিচ্ছিন্ন করা হচ্ছে? যেমন আরবি বিশ্ববিদ্যালয় বলা হচ্ছে। আরবি একটা ভাষা। বিশ্ববিদ্যালয় কি কখনও ভাষা দিয়ে হয়? তাহলে কি বাংলা বিশ্ববিদ্যালয় বা ইংরেজি বিশ্বিবদ্যালয় বলব? বিশ্ববিদ্যালয় হচ্ছে শিক্ষার্থীদের জন্য এমন একটি পর্ব যেখানে তারা নিজেকে উপস্থাপনের চেয়ে বেশি দেশ, রাষ্ট্রের প্রয়োজন নিয়ে ভাবার মতো মানসিক স্তরে উপনীত হওয়ার স্তর। এই সময় তার যে চেতনার বিকাশ হয় তা গুরুত্বপূর্ণ। সে সমাজের জ্ঞান উৎপাদক বর্গে পরিণত হয়। তাই বিভিন্ন মাধ্যম থেকে এলেও বিশ্ববিদ্যালয়ে প্রবেশের সময় এক চেতনা তৈরি করার প্রয়াস থাকা প্রয়োজন ছিল শিক্ষাব্যবস্থায়। এ ছাড়া প্রাথমিক পর্যায়ের শিক্ষাব্যবস্থায় যদি কমিউনিটিভিত্তিক স্কুল কাঠামোতে নিজেদের ইতিহাস, ঐতিহ্যচর্চা রক্ষাকে গুরুত্বপূর্ণ বিবেচনা করে পাঠ দেওয়া যায় সেখান থেকেও তৈরি হতে পারে ঐকমত্য।

সমকাল : বিশ্বের বিভিন্ন দেশ নিজেদের গুরুত্বপূর্ণ ইতিহাসকে যেভাবে সংরক্ষণ করে, আমরা তা পারি না কেন?

বেগম আকতার কামাল: এটা হচ্ছে জাতিগত এবং রাষ্ট্রীয় সংকট। আমরা বিভক্ত জাতি। আমাদের গোষ্ঠীগুলোর মধ্যে সমন্বয় ঘটছে না। কিন্তু আমি মনে করি, দ্বন্দ্বগুলো রেখে দিয়ে সমন্বয় করা যায় না। দেখা যাচ্ছে, কোনো কোনো বিশেষ ক্ষেত্রে আমরা সমন্বিত হচ্ছি, তবে তা আদর্শগতভাবে নয়। আমরা আত্মপরিচয়ের সংকটেরই সমাধান করিনি। বাঙালি, না বাংলাদেশি– এই পরিচয় নির্ধারণ নিয়ে আমাদের অনেক সংশয়। এত কিছুর মধ্যে জাতিকে নিক্ষেপ করা হলে তারা সংকটের মধ্যেই আবর্তিত হতে থাকবে। সব ধারার, সব মতাদর্শের মানুষের মধ্যে ডিবেট ও আলাপ হতে হবে। এটা কোনো রাজনৈতিক ব্যানারে সম্ভব নয়। মুক্তবুদ্ধির চর্চা হতে হবে অরাজনৈতিক অবস্থান থেকে। অবদমন বেশি হয়েছে আমাদের দেশে। আমি নিজেকে উৎকৃষ্ট প্রমাণ করতে অন্যকে বারবার নিকৃষ্ট প্রমাণের চেষ্টা করি। এর মধ্য দিয়ে মধ্যবিত্তীয় আমাদের যে একটা মানসিকতা আছে– আমি সবকিছু জানি, আমি সব বুঝি; এই দম্ভের আচরণ প্রকট হয়েছে। এতে একজন কম লেখাপড়া জানা মানুষের জ্ঞানও যে মূল্যবান বা তার প্রয়োগিক দক্ষতা গুরুত্বপূর্ণ, সেটা অস্বীকার করা হয়েছে। অথচ দেখুন, তাকে শুধু স্বীকার নয়, আমার সঙ্গে অন্তর্ভুক্ত করার সব সুযোগ আমাদের হাতেই রয়েছে। যেমন এমন কিছু উৎসব, দিবস, যা সবার জন্য।

সমকাল: মুক্তিযুদ্ধকে সবাই সমর্থন করেনি। তাহলে ঐকমত্যে আসবে কীভাবে?

বেগম আকতার কামাল : রাজনীতিবিদরা রাজনীতিকে ব্যবসা হিসেবে গ্রহণ করেছেন। দেশের পতাকা সমুন্নত রাখতে তারা কি সত্যি উদগ্রীব? তারা কেন ঐকমত্যে আসার চেষ্টা করবেন? অথচ দেখুন, পাকিস্তান আমলেও রাজনীতিতে আসতেন মধ্যবিত্ত শ্রেণির মানুষ। তারা পথেঘাটে সংগ্রাম ও সাংস্কৃতিক আন্দোলন করেছেন। তারা রাজনীতি ও সংস্কৃতির চর্চাকে আলাদা করেননি। তখন সংস্কৃতির কোলেই আন্দোলন গড়ে উঠেছিল। এখন সংস্কৃতি যেন রাজনীতি থেকে বিচ্ছিন্ন। এ দেশের মানুষের একাংশ মুক্তিযুদ্ধ সমর্থন করেনি– এটা সত্যি। বামপন্থিদের মধ্যেও কেউ কেউ করেনি। এই যে বিভক্তি, তা সব জাতির ইতিহাসেই কমবেশি থাকে। ভারত, ইরাক, ইরান; সব জায়গায় আছে। কিন্তু তারা শক্তিশালী রাজনৈতিক পতাকাতলে ছিল। ফলে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তারা যখন এক হয় তখন অনেক বিভেদ নিয়েও জাতীয়তাবাদের ক্ষেত্রে এক হতে পারে, যেটা আমাদের দেশে ঘটছে না। পুঁজিবাদ মানুষকে বিচ্ছিন্ন করে দিয়েছে। বিজ্ঞাপনে দেখবেন, মায়ের বিকল্প হিসেবে একটা সাবানের ওপর সন্তানকে বেশি নির্ভরশীল হতে শেখাচ্ছে। এই যে মাতৃত্ব থেকে শিশুমনের নির্ভরশীলতা সরে গেল– এটা বিচ্ছিন্নতা। এই বিচ্ছিন্নতা আমাদের জাতিগতভাবে ঐক্যবদ্ধ চেতনার মন তৈরিতে বড় প্রতিবন্ধকতা। মুক্তিযুদ্ধের সময় পুঁজিবাদের যতটা প্রভাব ছিল, তার চেয়ে অনেক বেশি ছিল শত্রুর বিরুদ্ধে লড়াই করার চেতনায় মানুষের এক হওয়ার আকাঙ্ক্ষা। এখন সেই মানসিক সংযোগটাই নেই। ফলে ঐক্যবদ্ধ হতে পারছে না মানুষ।

সমকাল: মুক্তিযুদ্ধ শুধু কোনো একটি দলের একার অর্জন– এমন প্রমাণ করতে চেয়ে অনেকের অবদান অস্বীকার করা হয়েছে। এতে কি সাধারণ মানুষ মুক্তিযুদ্ধ থেকে আরও বিচ্ছিন্ন হয়েছে?

বেগম আকতার কামাল: মানুষ স্বাধীনতা চেয়েছিল রাষ্ট্রের অংশী হতে। যেটা পাকিস্তান আমলে ছিল না। একাত্তরে যখন দেশ স্বাধীন হলো তখন প্রত্যেক মানুষ নিজেকে অংশী ভাববে, এমনই তো হওয়ার কথা ছিল, তাই না? সেটা কি তারা হতে পেরেছিল? ‘আমরাই সব’– এমন প্রচারণায় সত্যি ক্ষুব্ধ হয়েছে জাতি। মুক্তিযুদ্ধ করে ফিরে আসা অনেক মুক্তিযোদ্ধাকে পরিচয় আত্মগোপন করতে হয়েছে কেন– খুঁজে দেখবেন। মুক্তিযুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা অনেককেই আর সামনে আনা হয়নি। পাঠ্যপুস্তকেও সেভাবে উপস্থাপন করা যায়নি। জুলাই গণঅভ্যুত্থানের পর আমার অনেক শিক্ষার্থী বলেছে, তাদের জানা ইতিহাসের অনেক কিছুই এখন তাদের মিথ্যা মনে হচ্ছে। এটা তো সত্যি, একজনকেই বেশি হাইলাইট করতে আরও অনেককে মুক্তিযুদ্ধ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এখানে মূলধারার লেখকদের দায়কেও অস্বীকার করা যাবে না। মুক্তিযুদ্ধ যে জনযুদ্ধ ছিল– সেটা অনেকেই প্রতিষ্ঠিত করতে পারেননি।

সমকাল : ভবিষ্যৎ বাংলাদেশে মুক্তিযুদ্ধের ইতিহাস পাঠকে কীভাবে গুরুত্বপূর্ণ করা যায়?

বেগম আকতার কামাল: মুক্তিযুদ্ধ নিয়ে অতিকথন, একপক্ষীয় উপস্থাপন হয়েছে। এসব বিষয় সম্পূর্ণ বন্ধ করতে হবে। বরং আমাদের যে অনেক বিশেষ দিবস আছে যেমন একুশে ফেব্রুয়ারি, ছয় দফা, ঊনসত্তরের গণঅভ্যুত্থান– এসব তারিখকে আমাদের পরবর্তী প্রজন্মের কাছে তুলে দিয়ে বোঝাতে হবে– এটাই তোমার ইতিহাস; তোমাকে রক্ষা করতে হবে। আমাদের শিক্ষামূলক বইগুলোকে নতুনভাবে লিখতে হবে। এই ভূখণ্ডের পাঁচ হাজার বছরের সভ্যতার ইতিহাস আছে। সেসব বাদ দিয়ে শুধু ’৪৭ থেকে শুরু করলে হবে না। কোনরূপে অতীতে ছিলাম, কোনরূপে বিবর্তিত হয়ে বর্তমানে এসেছি, সেটা বোঝাতে হবে প্রজন্মকে। পরিকল্পনা থাকলে, সংগঠন তৈরি সম্ভব হলে এবং শিক্ষাব্যবস্থাকে এর অন্তর্ভুক্ত করতে পারলে মুক্তিযুদ্ধ তখন আবার সবার হবে। এ জন্য মুক্তিযুদ্ধ নিয়ে স্বচ্ছ একটি যথাযথ ইতিহাস প্রণয়ন করাই হবে প্রধান দায়িত্ব। একটি জাতির ইতিহাস না থাকলে সে জাতি এই চতুর্থ শিল্পবিপ্লবের যুগে কীভাবে নিজেকে উপস্থাপন করবে?

সমকাল: আপনাকে অনেক ধন্যবাদ।

বেগম আকতার কামাল : আপনাকেও ধন্যবাদ। সমকালের জন্য শুভকামনা।