সম্প্রতি হাইকোর্টের এক রায় নিয়ে জনমনে ব্যাপক বিভ্রান্তি সৃষ্টি করেছে। সম্প্রতি সামাজিক মাধ্যমে এই খবরটি অনেক বেশি চাউর হয়েছে। ইতোমধ্যে খবরের শিরোনাম আমরা কমবেশি সকলেই জানি। দ্বিতীয় বিয়ে করতে লাগবে না স্ত্রীর অনুমতি অর্থাৎ যারা দ্বিতীয় বিয়ে করতে চায় বা সঙ্গত কারণেই দ্বিতীয় বিয়ে করা প্রয়োজন, তারা আগেও কি প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার প্রয়োজন মনে করতেন? নাকি প্রথম স্ত্রীর অনুমতি দিলে দ্বিতীয় বিয়ে থেকে নিজেকে নিয়ন্ত্রণ করছেন? প্রথম স্ত্রীর অনুমতি লাগবে কিনা সেটার চেয়ে বড় বিষয় হলো- পুরুষদের জন্য কোনো কারণ ছাড়াই দ্বিতীয় বিয়ের করা কি খুবই জরুরি?
পক্ষান্তরে, সময়, পরিস্থিতির বিবেচনায় ও প্রয়োজনের তাগিদে কোনো স্ত্রীর যদি দ্বিতীয় বিয়ে করার প্রয়োজন পড়ে সেই নারী কি প্রথম স্বামীর যিনি জীবিত আছেন ও তার সংসার চলাকালীন অবস্থায় অন্য পুরুষের অনুমতি নেওয়ার বিধান রয়েছে? নাকি তা সমাজে এমনকি কোনো আইনে তার উল্লেখিত বিধান রয়েছে? নিশ্চয়ই পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থায় সর্বদাই এর উত্তর আসবে না ! মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারায় বহুবিবাহ ও প্রক্রিয়া সম্পর্কে বলা আছে। বিধান অনুযায়ী, কোনো ব্যক্তির বিয়ে বহাল থাকা অবস্থায় আরবিট্রেশন কাউন্সিলের (সালিশ পরিষদ) লিখিত পূর্বানুমতি ছাড়া আবার বিয়ে করতে পারবেন না বা এমন অনুমতি ছাড়া অনুষ্ঠিত কোনো বিয়ে ১৯৭৪ সালের মুসলিম বিবাহ ও তালাক (রেজিস্ট্রিকরণ) আইনের অধীনে রেজিস্ট্রি হবে না।
\r\nপ্রথম আলোর প্রকাশিত সংবাদের মাধ্যমে আমরা জানতে পারি ৬ ধারার বৈধতা চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের আইনজীবী ইশরাত হাসান গত ২০২১ সালের ডিসেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন। আবেদনকারীর ভাষ্য, একজন পুরুষের একাধিক স্ত্রী রাখার স্বীকৃতি মুসলিম পারিবারিক আইনে দেওয়া হয়েছে। তবে তাদের প্রতি ন্যায়বিচার ও সম-অধিকার নিশ্চিত না করেই আইনে বহুবিবাহের অনুমতির বিধান রাখা হয়েছে। বিয়ে বলবৎ অবস্থায় সালিশ কাউন্সিলের (আরবিট্রেশন কাউন্সিলের) অনুমতি নিয়ে একাধিক বিয়ে করা যায়। তবে স্ত্রীর ভরণপোষণসহ অন্য প্রমাণাদি যাচাই ও খোরপোশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা সালিশি কাউন্সিলের নেই।
এতে নারীর সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন হয়।\r\nমুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারা অনুযায়ী নারীর অধিকার, সম্মান ও সুরক্ষার বিষয়টি অতীব গুরুত্বের সঙ্গে দেখা হয়েছে। ইসলামে নারী-পুরুষের উভয়ের সমান গুরুত্ব থাকলেও পুরুষতান্ত্রিত সমাজ ব্যবস্থায় নারীদেরকে দমিয়ে রাখার জন্য সৃষ্টির আদিকাল থেকেই এক শ্রেণির স্বার্থান্বেষীমহলের একটা অপচেষ্টা চলেই আসছে, যা বহাল তবিয়তে চলছে এখনো। \r\n১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ ধারা বহুবিবাহের অনুমতি প্রক্রিয়ায় দেশের নারী নাগরিকদের কোনো মৌলিক অধিকারকে কোনোভাবেই লঙ্ঘন করে না।
\r\n১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ (২) ১ উপধারা অনুযায়ী, অনুমতির ও দরখাস্ত নির্ধারিত ফিসসহ চেয়ারম্যানের নিকট নির্দিষ্ট দপ্তরে দাখিল করতে হবে ও তাতে প্রস্তাবিত বিয়ের কারণগুলো এবং এই বিবাহের বিষয়ে বর্তমান স্ত্রী অথবা স্ত্রীদের সম্মতি নেওয়া হয়েছে কি না, তা উল্লেখ থাকবে। \r\nআবার ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইন অধ্যাদেশের ৬ (৩)২ উপধারা অনুযায়ী, দরখাস্ত গ্রহণ করার পর চেয়ারম্যান আবেদনকারীকে ও বর্তমান স্ত্রী অথবা স্ত্রীদের প্রত্যেককে একজন করে প্রতিনিধি মনোনীত করতে বলবেন।
ওইরূপ গঠিত সালিশ কাউন্সিল প্রস্তাবিত বিয়ে প্রয়োজনীয় ও ন্যায়সঙ্গত বলে মনে করলে যুক্তিযুক্ত বলে মনে হতে পারে এমন সব শর্ত থাকলে প্রার্থিতার আবেদন মঞ্জুর করতে পারেন।\r\n(৪) উপধারা অনুযায়ী, দরখাস্তের বিষয় নিষ্পত্তি করার জন্য সালিশি কাউন্সিল নিষ্পত্তির কারণাদি লিপিবদ্ধ করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে যে কোনো পক্ষ নির্দিষ্ট ফি দিয়ে নির্দিষ্ট দপ্তরে সংশ্লিষ্ট সহকারী জজের কাছে পুনর্বিবেচনা চেয়ে দরখাস্ত দাখিল করতে পারে; তার সিদ্ধান্ত চূড়ান্ত হবে ও কোনো আদালতে এ বিষয়ে প্রশ্ন উত্থাপন করা যাবে না।\r\nএমনকি যদি কোনো ব্যক্তি সালিশি কাউন্সিলের অনুমতি ছাড়া আরেকটি বিয়ে করে, সে ক্ষেত্রে কী হবে তা আইনের ৬ (৫) উপধারায় বলা হয়েছে।
৫ (ক) অনুসারে, বর্তমান স্ত্রী বা স্ত্রীদের তলবি ও স্থগিত দেনমোহরের সম্পূর্ণ টাকা তৎক্ষণাৎ পরিশোধ করতে হবে। এই টাকা ওইরূপ পরিশোধ না করা হলে বকেয়া ভূমি রাজস্বরূপে আদায়যোগ্য হবে; এবং ৫ (খ) অনুসারে, অভিযোগে অপরাধী সাব্যস্ত হলে এক বছর পর্যন্ত বিনাশ্রম কারাদণ্ড অথবা জরিমানা (দশ হাজার টাকা পর্যন্ত) বা উভয় প্রকার দণ্ডে দণ্ডিত হবে।\r\nপক্ষান্তরে, ১৮৬০ সালের দণ্ডবিধির ৪৯৪ ধারা অনুসারে আরেকটি বিয়ে করার অপরাধ প্রমাণ হলে স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে সাত বছরের কারাদণ্ডের বিধান ছিল। পরবর্তী সময়ে ১৯৬১ সালে মুসলিম পারিবারিক অধ্যাদেশ হয়। অধ্যাদেশে আরবিট্রেশন কাউন্সিলের অনুমতি ছাড়া যদি স্বামী দ্বিতীয় বিয়ে করেন, তাহলে তার এক বছর পর্যন্ত সাজা এবং দশ হাজার টাকা পর্যন্ত জরিমানা হতে পারে।
কীভাবে অনুমতি নেবে, তাও আইনে বলা আছে। নির্ধারিত ফরম থাকবে, ফি থাকবে এগুলো দিয়ে তিনি অনুমতি চাইবেন। \r\nতবে স্ত্রীদের সম-অধিকার কীভাবে নিশ্চিত হবে, সে বিষয়ে তার সুস্পষ্ট কোনো নীতিমালা নেই। উপরন্তু একজন ব্যক্তি একাধিক বিয়ের জন্য শারীরিক, মানসিক ও অর্থনৈতিকভাবে সক্ষম কি না, তা যাচাইয়ের সক্ষমতাও কাউন্সিলের নেই।\r\nবস্তুত, ১৯৬১ সালের মুসলিম পারিবারিক আইনের ব্যখ্যা অনুযায়ী দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি লাগবে না। অর্থাৎ আইনের কোথাও প্রথম স্ত্রীর অনুমতির বিষয়টি বাধ্যতামূলক আগে থেকেই ছিল না। আগে থেকেই ছিল, আরবিট্রেশন কাউন্সিল। স্বামীর দ্বিতীয় বিয়ে করার ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার বিষয়টি যে নতুন- এমনটি নয়!
তবে বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সংশ্লিষ্ট বিষয়ে পোস্ট করানো যেন পুরুষতান্ত্রিক সমাজে পুরুষদেরকে নানাভাবে বিভ্রান্ত করছে। এমনকি দ্বিতীয় বিবাহ করার ক্ষেত্রে উৎসাহিতও করছে বটে! \r\nঅনেক চড়াই উৎরাই পেরিয়ে বাংলাদেশ স্বাধীন হবার পঞ্চান্ন বছর পরে শিক্ষা-স্বাস্থ্য-অর্থনীতিতে ও নারীর ক্ষমতায়নে ব্যাপক উন্নয়ন সাধিত হয়েছে যেখানে নারীর অনন্য ভূমিকা রয়েছে। পক্ষান্তরে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রেও যুগান্তকারী পরিবর্তন চোখে পড়ার মতো। উন্নয়ন কর্মে জেন্ডার ও নারীর সক্রিয় অংশগ্রহণ- বাংলাদেশের ইতিহাসে একটি যুগান্তকারী মাইল ফলক। এক্ষেত্রে সমতায়নের খাতিরে নারীর অনুমতি কিংবা নারীকে সম্মান করা কোনো অন্যায়ের বিষয় নয়। বরং নারীর প্রতি শ্রদ্ধাশীল হওয়া মানে বাঙালি জাতিকে শ্রদ্ধা জানানোর নামান্তর।
সুতরাং আইনে কি আছে, সেদিকে না তাকিয়ে বরং নারীর প্রতি পূর্ণ শ্রদ্ধা প্রদর্শন করা মানে নিজ সন্তানদের প্রতি সত্যিকারের ভালোবাসা প্রদর্শন করার শামিল। পক্ষান্তরে, একজন নারী যদি তার প্রথম স্বামী থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করতে চায় দুই পুরুষের সঙ্গে সংসার চালিয়ে যাবার পরিকল্পনা করে, সেটি কতটা কষ্টকর, কতটা অমানবিক, তা কেবল একজন পুরুষ অনুমান করলেই বুঝতে পারে। আইন প্রণয়নের ৬৫ বছর পরে অর্থাৎ ২০২৬ সালের ক্ষেত্রেও কি এই আইন অমান্য করলে কি শাস্তি প্রদানের বিধান কি সমান ভাবে প্রযোজ্য হওয়া উচিত ? ৬৫ বছর আগের দশ হাজার টাকা বর্তমানকালে কখনোই সমমান হতে পারে না ! এতে করে বিনা কারণে পুরুষেরা কি দ্বিতীয় বিয়ে করবার জন্য উদ্বুদ্ধ হবে না ? সার্বিক বিশ্লেষণে আইনের পূর্ণ ব্যাখ্যা না জেনে কেবল খবরের শিরোনাম পড়েই কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে অহেতুক প্রচারণা একদিকে জাতিকে কেবল ধ্বংসের দিকেই টেলে দেয় না বরং আগামী প্রজন্মের কাজে লজ্জিত করে চিরতরে। বিভ্রান্তমূলক শিরোনাম কী তবে পুরুষদেরকে একাধিক বিয়েতে উদ্বুদ্ধ করছে? তাই আসুন সচেতন ও সংবেদনশীল হই সর্বাগ্রে!\r\nলেখক : উন্নয়নকর্মী
