ধর্মনিরপেক্ষতা কোনো বিশ্বাসের অস্বীকার নয়; প্রতিটি বিশ্বাসের সুরক্ষা। এটা হলো সেই অঙ্গীকার, যেখানে রাষ্ট্র একটি বিশ্বাসকে অন্যটির চেয়ে বেশি গুরুত্ব দেবে না। কোনো নাগরিককেই তার বিশ্বাসের জন্য বা বিশ্বাস না করার জন্য দুর্ভোগ পোহাতে বা নিশ্চুপ থাকতে হবে না। এটি সেই সরল, পবিত্র বোঝাপড়া– সরকার কেবল একটি ধর্মের অনুসারীদের জন্য নয়; ধর্ম নির্বিশেষে সকল জনগণের সেবার জন্য নির্বাচিত।
মূল সত্তার দিক থেকে ধর্মনিরপেক্ষতা হলো ন্যায্যতা, বৈচিত্র্য ও শান্তির প্রতি ভালোবাসার প্রকাশ। এটিই একমাত্র ব্যবস্থা, যা বাংলাদেশের মতো বহুত্ববাদী ও প্রাণবন্ত ভূমিকে একত্র করতে পারে। এ দেশে শত শত বছর ধরে মসজিদ, মন্দির, গির্জা ও মঠ পাশাপাশি মাথা তুলে দাঁড়িয়ে আছে; এ দেশের নদীগুলো বহু ভাষা ও ঐতিহ্যের সুর বহন করে চলেছে। এই ঐতিহ্য ও ভাষা, বিভিন্ন ধর্মের সহাবস্থানের এই উদাহরণ পশ্চিমাদের কাছ থেকে ধার করা হয়নি। এটি আমাদের নিজস্ব মাটি থেকে জন্ম নিয়েছে। এই ধারণা থেকে তার বিশ্বাস নির্বিশেষে প্রত্যেক বাংলাদেশি এই ভূমির ওপর সমান দাবি রাখে।
দুর্ভাগ্যবশত কালের পরিক্রমায় ধর্মনিরপেক্ষতার এই ধারাকে লালন করা হয়নি; বরং তার অপব্যবহার বা বিকৃত করা হয়েছে। যে ধর্মনিরপেক্ষতার চর্চা ন্যায়বিচারের নীতি হিসেবে শুরু হয়েছিল, তা পরবর্তীকালে ক্ষমতার অস্ত্রে পরিণত হয়েছে। বাংলাদেশের রাজনৈতিক নেতৃত্ব নিজের প্রয়োজনে ধর্মনিরপেক্ষতার মনমতো ব্যাখ্যা তৈরি করেছে। বিশেষত শেখ হাসিনা ও আওয়ামী লীগের শাসনামলে ‘ধর্মনিরপেক্ষতা’ রাজনৈতিক নামফলক বা পলিটিক্যাল ব্র্যান্ডে পরিণত হয়েছিল। দেশীয় বা আন্তর্জাতিক বিভিন্ন মঞ্চে ব্যবহারের উপযোগী রাজনৈতিক স্লোগানে পরিণত করেছে। এটি ঐক্যের চেয়ে নিয়ন্ত্রণের প্রতীক হয়ে উঠেছিল। তারা মুখে ধর্মনিরপেক্ষতার কথা বললেও ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে বহাল রেখেছিল। এই অসংগতিই তাদের বাগাড়ম্বরের ভেতরের ফাঁপা দিকটি প্রকাশ করে।
যখন কোনো সরকার ভিন্নমত দমন করতে বা দুর্নীতিকে ন্যায্যতা দিতে ধর্মনিরপেক্ষতা শব্দটি ব্যবহার করে, তখন কার্যত খোদ ধারণাকেই বিষাক্ত করে তোলে। আমাদের দেশে ও বৃহত্তর অর্থে আমাদের সময়ে ঠিক এমনটাই ঘটেছে। জনগণ ধর্মনিরপেক্ষতাকে অভিজাততান্ত্রিক, অসৎ হিসেবে দেখতে শুরু করেছে, যা জনগণকে মুক্ত করার পরিবর্তে ক্ষমতাশালীদের শোষণের হাতিয়ার হয়ে উঠেছে। দুর্ভাগ্যজনক হলো, এই পরিস্থিতির জন্য ধর্মনিরপেক্ষতা নিজে দায়ী নয়। দায়ী এর অপব্যবহার– সেই সব রাজনীতিকের দ্বিচারিতা, যারা সহনশীলতার বুলি আওড়ায়, অথচ মন্দির, গির্জা এবং আদিবাসী পল্লিকে সহিংসতা থেকে রক্ষা করতে পারে না।
ধর্মনিরপেক্ষতার প্রকৃত ধারণা উঁচু গলায় চেঁচিয়ে নিজেকে জাহির করে না; বরং নীরবে ও ধারাবাহিকভাবে কাজ করে যায়। ধর্মনিরপেক্ষ ব্যবস্থা এটি নিশ্চিত করে– ধর্মবিশ্বাসের কারণে কোনো শিশুই যেন নিজ দেশে নিজেকে পরবাসী মনে করে বেড়ে না ওঠে। এটি খ্রিষ্টান শিক্ষক, হিন্দু কৃষক, বৌদ্ধ ভিক্ষু ও মুসলিম ছাত্রকে একই আইনের অধীনে, একই মর্যাদা দিয়ে সুরক্ষা দেয়। এটি প্রত্যেক ব্যক্তিকে উপাসনা করা, প্রশ্ন তোলা, ভালোবাসা এবং ভয়মুক্ত হয়ে বেঁচে থাকার সুযোগ দেয়।
যখন ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়, তখন তা জাতিকে বিভক্ত করে। বিশ্বাস তখন প্রপাগান্ডা ও প্রচারণায় আর ভক্তি নিয়ন্ত্রণে বদলে যায়। এটি সন্দেহ, ঘৃণা ও সহিংসতা উস্কে দেয়। কিন্তু যখন রাষ্ট্র আলাদাভাবে দাঁড়ায়– ধর্মের বিরুদ্ধে নয়, বরং এর ঊর্ধ্বে, তখন বিশ্বাস মানুষের হৃদয়ে স্বাভাবিকভাবেই, সুন্দরভাবে প্রস্ফুটিত হয়। এটাই ধর্মনিরপেক্ষতার পেছনের প্রজ্ঞা: এটি সেই উর্বর মাটি, যেখানে প্রতিটি বিশ্বাস প্রস্ফুটিত হতে পারে।
মনে রাখতে হবে, বাংলাদেশ ধর্মীয় রাষ্ট্র হিসেবে জন্ম নেয়নি। এটি মুক্তি, সমতা, ভাষা ও মর্যাদার জন্য আর্তনাদ থেকে জন্ম নিয়েছিল। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শহীদরা কোনো একটি ধর্মের শ্রেষ্ঠত্বের জন্য জীবন দেননি। তারা সব ধর্মের মানুষের স্বাধীনতার জন্য প্রাণ দিয়েছেন। ধর্মনিরপেক্ষতার সঙ্গে বিশ্বাসঘাতকতা মানে সেই রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা।
বর্তমানে আমরা একটি বিপজ্জনক ভুল বোঝাবুঝির মুখোমুখি। ‘ধর্মনিরপেক্ষ’ শব্দটিকে বিকৃত করে একটি নেতিবাচক শব্দে; দুর্নীতি ও ভণ্ডামির সঙ্গে যুক্ত করা হয়েছে। কিন্তু আমাদের এর আসল অর্থকে পুনরুদ্ধার করতে হবে– স্লোগান হিসেবে নয়, বরং সহাবস্থানের পবিত্র নীতি হিসেবে। ধর্মনিরপেক্ষ বাংলাদেশ কোনো বিশেষ ধর্মের বিরোধিতা করবে না; বরং সব ধর্মকে সম্মানিত করবে। এটা এই নিশ্চয়তা দেবে– কোনো ধর্মের দোহাই দিয়েই কেউ অন্য ধর্মাবলম্বীদের ভয় দেখাতে বা তাদের ওপর কর্তৃত্ব করতে পারবে না। এটি এক আকাশের নিচে প্রতিটি প্রার্থনা, প্রতিটি পথ, বিশ্বাসের প্রতিটি রঙকে সম্মানিত করবে।
বাংলাদেশে এই ভূমি কেবল সংখ্যাগুরু ধর্মের মানুষদের নয়। এটি তাদের সবার, যারা একে নিজেদের ঘর বলে মনে করে– সাঁওতাল, চাকমা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান, স্বাধীন চিন্তাবিদ, আরও অসংখ্য মানুষ, যারা এর নদী, এর বেদনা এবং এর সৌন্দর্যকে ভাগ করে নেয়।
ধর্মনিরপেক্ষ হওয়া মানে ধর্ম থেকে দূরে সরার বিষয় নয়। ঈশ্বরের অনুভব থেকে দূরে সরে যাওয়া নয়। ধর্মনিরপেক্ষ হওয়ার অর্থ ন্যায়বান হওয়া। আর সব ধর্মেই ন্যায়বিচারকে উত্তম উপাসনা হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।
একাত্তরে সব ধর্মের মানুষের অধিকার ও মর্যাদা রক্ষায় স্বাধীন হওয়া বাংলাদেশ শুধু তখনই সত্যিকারে স্বাধীন হবে, যখন প্রত্যেক নাগরিক ধর্ম নির্বিশেষে বলতে পারবে: এই দেশ আমার এবং আমি এখানে নিরাপদ। এটাই হলো সেই বাংলাদেশ, যা এখনও আমাদের সন্তানদের দিতে পারি।
আনুশেহ আনাদিল: সংগীতশিল্পী ও সমাজকর্মী
