গেটের গায়ে নতুন লাগানো বোর্ডে ‘কুকুর হইতে সাবধান’ লেখা দেখে বাড়ির মালিকের বন্ধু চেপে ধরে, ‘তোমার বাড়িতে তো কুকুর ছিল না, কিনলে নাকি?’ মালিক বললেন, ‘পাড়ার কয়েকটা বিড়াল খুব উৎপাত করছে। বোর্ডটা লাগিয়েছি বিড়ালদের ভয় দেখাতে। কুকুর আছে জানলে বিড়ালগুলো বাড়িতে ঢোকার সাহস পাবে না।’

আমাদের দেশের গাড়ির ড্রাইভারদের অবস্থা এই বিড়ালগুলোর মতো। রাস্তার সাইনপোস্টে কত নির্দেশই তো লেখা থাকে! ড্রাইভাররা কি আর সেসব পড়তে পারে? তারা যদি রাস্তার সেসব অমৃত বচন পড়ত কিংবা মেনে চলত, তাহলে প্রতিবছর ঈদের আগে যে তিন কোটির বেশি মানুষ ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যায় কিংবা ঢাকা আসে, তারা অনেকেই সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারত না। কারণ পথে পথে অতিরিক্ত গতিতে গাড়ি না চালানো, ওভারটেকিং না করা, লেনে শৃঙ্খলা না ভাঙা, অতিরিক্ত যাত্রী পরিবহন না করা, ফিটনেসবিহীন গাড়ি রাস্তায় না নামানো ইত্যাদি নির্দেশ পড়ে ও মেনে সময়মতো গন্তব্যে পৌঁছানো যায়! তাই ক্ষেত্রবিশেষ মহাসড়কের কোনো অংশে যানজট দেখা গেলে ট্রাফিক আইনের তোয়াক্কা না করে, ভয়াবহ ঝুঁকি নিয়ে উল্টোপথে গাড়ি চালিয়েও বাড়ি ফেরা মানুষকে গন্তব্যে পৌঁছে দেয় বৈধ-অবৈধ গাড়িগুলো। অথচ ফিটনেসবিহীন গাড়ির তো রাস্তায় নামারই কথা নয়।

বিআরটিএ সূত্রে জানা যায়, দেশে প্রায় ৮৬ হাজার যানবাহনের মধ্যে ৩৪ শতাংশের বয়স ২০ বছরের ওপরে। অর্থাৎ চলাচলের অনুপযুক্ত। সুতরাং আইন পরিপালন করে এই ২৯ হাজার লক্কড়ঝক্কড় গাড়ি যদি রাস্তায় না নামত, তাহলে এই বিপুলসংখ্যক ঘরমুখো যাত্রী বহনের কাজটি কীভাবে সম্ভব হতো, কেউ জানে না। তাই ভাঙাচোরা, ছাল-বাকল ওঠা এসব বাহনের গায়ে রং চড়িয়ে রাস্তায় নামানো হলেও কর্তৃপক্ষ না দেখার ভান করে। কারণ মাত্র সপ্তাহখানেকের জন্য এই বিশাল চাহিদার চাপ সামলানো মুখের কথা না। আবার কেবল ঈদ মৌসুমের চাহিদা সামাল দেওয়ার জন্য বাড়তি যানবাহন মজুত করে রাখাও অর্থনৈতিক ও বাণিজ্যিক বিবেচনায় গ্রহণযোগ্য নয়। ফলে ঈদযাত্রার এই ভবিতব্য আমাদের মেনে নিতেই হয়। ঈদে গমনাগমন করা তিন কোটি মানুষের হিসাব বের করার সহজ উপায় হচ্ছে মোবাইল ফোনের অবস্থান বোঝা। যেমন মোবাইল ফোন কোম্পানির তথ্যমতে, ২০২৫ সালের ঈদের ছুটির সাত দিনে ঢাকা ছেড়েছিলেন এক কোটি সাত লাখ মানুষ। বিপরীতে ঢাকায় এসেছেন ৪৪ লাখ। এর সঙ্গে মোবাইল ফোন ব্যবহার করেন না, পরিবারের এমন সদস্য যদি গড়ে একজনও হয়, তাহলে মোট সংখ্যা তিন কোটির ওপর। এর মধ্যে ৭৫ শতাংশ মানুষ ভ্রমণ করে সড়কপথে, ১৭ শতাংশ নৌপথে ও ৮ শতাংশ রেলপথে।

প্রায় এক সপ্তাহের মধ্যে বিশাল জনগোষ্ঠীর দেশের বিভিন্ন প্রান্তে গমনাগমনের কারণে ঈদ মৌসুমে কেবল পরিবহন খাতে কী বিশাল কর্মচাঞ্চল্য ও আর্থিক লেনদেন হয়, সেটা অনুমান করতে অসুবিধা হয় না। দেশের জিডিপিতে পরিবহন খাতের ভূমিকা ১১ শতাংশের মতো। এই ভূমিকা কেবল পরিবহন খাতেই সীমাবদ্ধ থাকে না। এটি সেবা খাতে যে ভূমিকা রাখে, তার অবদানও জিডিপির অর্ধেকের বেশি। ফি বছর মানুষের ঈদযাত্রার ধরন যেমন একই, মিডিয়া রিপোর্টিংয়েরও রয়েছে নির্দিষ্ট প্যাটার্ন। মানুষের টিকিট পাওয়ার আনন্দ, না পাওয়ার বেদনা, পুরোনো বাসের গায়ে রং লাগিয়ে রাস্তায় নামানোর প্রস্তুতি, বেশি দামে টিকিট কেনার অভিযোগ, ট্রেনের ছাদে পিঁপড়ের মতো মানুষের মরিয়া যাত্রা, যমুনা ও পদ্মা সেতুর টোল আয়ের রেকর্ড এবং বিভিন্ন জায়গায় অনিবার্য দুর্ঘটনায় প্রাণহানি। প্যাটার্নটি এমনই পরিচিত এবং প্রতিবছরের পুনরাবৃত্তি যে সংবাদপত্রের রিপোর্টাররা চাইলে শুধু দিন-তারিখ আর সংখ্যা বদলে আগের বছরেরটাই চালিয়ে দিতে পারেন। এমনকি ইলেকট্রনিক মিডিয়ায় কমলাপুর, সদরঘাট, গাবতলীসহ বিভিন্ন বাস টার্মিনালে লাইভ রিপোর্টের দৃশ্যও প্রতিবছর প্রায় অভিন্ন।

এগুলো ঈদযাত্রার দৃশ্যমান প্রভাব হলেও অর্থনীতিতে পড়ে অদৃশ্য প্রভাব। প্রায় তিন কোটি মানুষের ঈদযাত্রার ফলে যাত্রী পরিবহন খাতে ঘটে হাজার কোটি টাকার লেনদেন। এ সময় বিমান, বাস, ট্রেন, লঞ্চ, মাইক্রোবাস, প্রাইভেটকার, মোটরসাইকেল এমনকি ট্রাকে করেও মানুষ পৌঁছাতে চায় আপন গন্তব্যে। এই বিপুলসংখ্যক মানুষের প্রতিজনের পেছনে পরিবহন ভাড়া বাবদ যদি গড়ে এক হাজার টাকা করেও খরচ হয়, তাহলে এই খাতে হাতবদল হয় তিন হাজার কোটি টাকা, যা বেগবান করে অর্থনীতিকে। পরিবহন ভাড়ার সঙ্গে যুক্ত হয় খাবার এবং অন্যান্য সেবা।

ঈদ উপলক্ষে রাজধানী এবং অন্যান্য নগরী থেকে মানুষের মূল গন্তব্য থাকে গ্রামের বাড়ি। একটা বিশাল জনগোষ্ঠীর বাড়িমুখী যাত্রার কারণে গ্রাম ও উপজেলা পর্যায়ে সৃষ্টি হয় বাড়তি অর্থনৈতিক কর্মকাণ্ড। আপন মানুষের সঙ্গে ঈদ উদযাপনের জন্য মানুষ গ্রামমুখী হলেও অনেকেই ঈদের ছুটির অবকাশে ছুটে যান ভ্রমণে, যা বোঝা যায় দেশের বিভিন্ন পর্যটনকেন্দ্রের আবাসিক হোটেলগুলোতে উপচে পড়া অতিথির সংখ্যা দিয়ে।

ঈদের পরিবহন বাণিজ্যের সঙ্গে আরও একটি খাতে যে রমরমা অবস্থা চলে, সেটি হচ্ছে চাঁদাবাজি। সরকার পরিবর্তনের সঙ্গে এই তৎপরতার সংজ্ঞার পরিবর্তন ঘটলেও পরিবর্তন ঘটে না চাঁদাবাজির ধরনে। এ খাতে কী পরিমাণ অর্থের লেনদেন হয়, তার নির্ভরযোগ্য পরিসংখ্যান পাওয়া যায় না। তবে একটি গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী কেবল রাজধানী ঢাকার পরিবহনে প্রতিদিন চাঁদাবাজি হয় দুই কোটি টাকার ওপর। অন্যদিকে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের গবেষণায় পাওয়া গেছে, কেবল ব্যক্তিমালিকানাধীন বাস ও মিনিবাস থেকে বছরে এক হাজার কোটি টাকার বেশি চাঁদাবাজি হয়। এর সঙ্গে ট্রাক থেকে তোলা চাঁদা যুক্ত করলে এই অঙ্ক কোথায় গিয়ে দাঁড়াবে, সেটা সহজেই অনুমেয়। ঈদযাত্রায় বাড়তি ভাড়া আদায় এবং চাঁদাবাজির কারণেও যে বিধিবহির্ভূত এক ধরনের লেনদেন সংঘটিত হয়, নেতিবাচক হলেও অর্থনীতিতে তার অবদান অস্বীকার করা যায় না।

নেতিবাচক এবং অনাকাঙ্ক্ষিত হলেও ঈদের অর্থনীতিতে আরও একটা বাড়তি অনুষঙ্গ যুক্ত সড়ক দুর্ঘটনার। বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির হিসাব অনুযায়ী, ২০২৪-এর ঈদুল ফিতরে ৩৯৯টি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছিলেন ৪০৭ জন, আহতের সংখ্যা ছিল প্রায় এক হাজার ৪০০। পরের বছর ঈদের আগে ও পরের ১৫ দিনে ৩১৫টি সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল ৩২২ এবং আহত ৮২৬ জন। বিগত এক দশকের পরিসংখ্যান অনুযায়ী শুধু ঈদুল ফিতরেই দুই হাজার ৩৭৭টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুই হাজার ৭১৪ জন এবং আহত সাত হাজার ৪২০ যাত্রী। শোকাবহ এসব দুর্ঘটনায় সম্পদ ধ্বংসের পাশাপাশি জিডিপির হিসাবে চিকিৎসাসেবা ও ওষুধ শিল্পের অবদানও চলে আসে।

প্রারম্ভিক গল্পটিতে কুকুর বিষয়ে সাবধান বাণীর প্রতি বিড়ালের প্রত্যাশিত আচরণের সঙ্গে তুলনা করা যায় আমাদের সড়ক নির্দেশাবলির প্রতি চালকদের মনোযোগ আকর্ষণের চেষ্টার ব্যর্থতাকে। ফলে বেপরোয়া গাড়ি চালানোর প্রবণতায় ঈদযাত্রায় ঘটে অনাকাঙ্ক্ষিত সড়ক দুর্ঘটনা। এভাবেই ওপরে বর্ণিত বহুমুখী কর্মকাণ্ডের ফলে ঈদ উৎসব ঘিরে আন্তঃজেলা পরিবহন খাতে বেগবান হয় অর্থের বিনিময় চক্র, যা জিডিপিতে যুক্ত হয়ে অবদান রাখে সামষ্টিক অর্থনীতিতে।

ফারুক মঈনউদ্দীন: কথাসাহিত্যিক ও ব্যাংকার